১২:৩৫ পি.এম
ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডের (ডেসকো) বারিধারা সার্কেলের নির্বাহী প্রকৌশলী (বিক্রয় ও বিতরণ) মোহাম্মাদ মনিরুল ইসলামের বিরুদ্ধে অনিয়ম, দুর্নীতি, গ্রাহক হয়রানি, ঘুষ গ্রহণ এবং অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে।
অভিযোগপত্রে বলা হয়েছে, ডেসকোতে কর্মজীবন শুরুর পর থেকেই মনিরুল ইসলাম বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির সঙ্গে জড়িয়ে পড়েন বলে অভিযোগ রয়েছে। বর্তমানে তিনি বারিধারা সার্কেলের নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের মধ্যে রয়েছে রাজনৈতিক প্রভাব ব্যবহার করে নিয়োগ ও বদলি বাণিজ্য, গ্রাহকদের হয়রানি এবং বিভিন্ন কাজে অবৈধ সুবিধা দেওয়ার বিনিময়ে অর্থ গ্রহণ।
অভিযোগে আরও দাবি করা হয়েছে, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ডেসকোর বিভিন্ন পর্যায়ে অনিয়ম, দুর্নীতি ও প্রভাবশালী সিন্ডিকেট গড়ে ওঠে। ওই সময়ের কয়েকজন প্রভাবশালী কর্মকর্তার সঙ্গে মনিরুল ইসলামের ঘনিষ্ঠতা ছিল বলেও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ এবং সাবেক সংসদ সদস্য ও প্রধানমন্ত্রীর সাবেক সহকারী একান্ত সচিব সাইফুজ্জামান শিখরের সঙ্গে তাঁর রাজনৈতিক যোগাযোগ ও প্রভাব বিস্তারের অভিযোগও তোলা হয়েছে।
এদিকে ডেসকোর সাবেক ব্যবস্থাপনা পরিচালক মো. কাউসার আমীর আলী ও সাবেক প্রধান প্রকৌশলী শামীম আহসান চৌধুরীর বিরুদ্ধে ২০২৬ সালের ফেব্রুয়ারিতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) মামলা করার বিষয়টিও অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে। অভিযোগ অনুযায়ী, সরকারি নির্দেশনা ও প্রয়োজনীয় অনুমোদন ছাড়াই আন্তর্জাতিক দরপত্র আহ্বান করে ডেটা সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়ায় রাষ্ট্রের আর্থিক ক্ষতির অভিযোগে তাঁদের বিরুদ্ধে মামলা করে দুদক।
আরও পড়ুন: মাধবপুরে ফ্যামিলি কার্ডের নামে টাকা আদায় ও স্বজন প্রীতির অভিযোগ
গ্রাহক হয়রানির অভিযোগের মধ্যে রয়েছে নতুন বিদ্যুৎ সংযোগ, মিটার পরিবর্তন, প্রিপেইড মিটারের ত্রুটি এবং অতিরিক্ত বিলসংক্রান্ত সমস্যা। অভিযোগকারীর দাবি, ঘুষ না দিলে গ্রাহকদের বিভিন্ন কাজে হয়রানি ও দীর্ঘসূত্রতার মুখে পড়তে হয়। এ ছাড়া ভুয়া বিল-ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগও তোলা হয়েছে।
মনিরুল ইসলামের বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগও আনা হয়েছে। অভিযোগপত্রে রাজধানীর তেজগাঁওয়ের তেজকুনিপাড়ায় একটি আবাসিক ফ্ল্যাট কেনা, ঢাকায় একাধিক ফ্ল্যাট ও প্লট এবং মাগুরা ও শ্রীপুর এলাকায় জমি কেনার কথা উল্লেখ করা হয়েছে। অভিযোগে আরও দাবি করা হয়েছে, সম্পদের একটি অংশ পরিবারের সদস্যদের নামে রাখা হয়েছে। তবে দুর্নীতি দমন কমিশন ( দুদক) তদন্ত করলেই সত্যতা বেরিয়ে আসবে বলে দাবি ভুক্তভোগীদের। এই বিষয়ে জানতে ডেসকোর বারিধারা সার্কেল এর বিক্রয় ও বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মনিরুল ইসলামের সঙ্গে ফোনে যোগাযোগ করা হলে এগুলা মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন বলে দাবি করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন