ঢাকা শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ইং ০৫ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল


নোয়াখালীতে ৮ ইউনিয়ন পরিষদে তালা দিল যুবদল–ছাত্রদল

নোয়াখালীর চাটখিল উপজেলায় নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে আটটিতে তালা দিয়েছেন স্থানীয় যুবদল ও ছাত্রদলের নেতাকর্মীরা।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টার মধ্যে পর্যায়ক্রমে এসব ইউনিয়ন পরিষদ কার্যালয়ে তালা দেওয়া হয়। এ সময় সেবা নিতে আসা সাধারণ মানুষ ও কর্মচারীদের বের করে দেওয়ার অভিযোগ উঠেছে।

উপজেলার নয়টি ইউনিয়ন পরিষদের মধ্যে শাহাপুর ছাড়া বাকি আটটিতে তালা দেওয়া হয়। ইউনিয়ন পরিষদগুলো হলো—রামনারায়ণপুর, পরকোট, বদলকোট, মোহাম্মদপুর, পাঁচগাঁও, হাটপুকুরিয়া-ঘাটলাবাগ, নোয়াখলা ও খিলপাড়া।

সংশ্লিষ্ট চেয়ারম্যানদের ভাষ্য অনুযায়ী, আওয়ামী লীগ-সমর্থিত চেয়ারম্যানদের ওপর রাজনৈতিক ক্ষোভ থেকে এ ঘটনা ঘটেছে। কয়েকটি পরিষদে নেতা-কর্মীরা ‘ওপরের নির্দেশ’ আছে বলে তালা দিয়েছেন বলেও অভিযোগ করেন তারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, বেলা ১১টার দিকে পাঁচগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও কার্যক্রম নিষিদ্ধ চাটখিল থানা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মাহমুদ হোসেনের বাড়ির সামনে একদল নেতা-কর্মী অবস্থান নিয়ে উসকানিমূলক স্লোগান দেন। পরে বেলা সাড়ে ১১টার দিকে তারা ইউনিয়ন পরিষদে ঢুকে তার কক্ষের চেয়ার-টেবিল ও আসবাব ভাঙচুর করেন। এ সময় প্রয়োজনীয় সরকারি কাগজপত্রও তছনছ করা হয়। পরে সেবা নিতে আসা লোকজন ও কর্মচারীদের বের করে দিয়ে চেয়ারম্যানের কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।

অন্যদিকে দুপুর ১২টার দিকে নোয়াখলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মানিকের কার্যালয়ে যান একদল নেতা-কর্মী। তারা ‘ওপরের নির্দেশ’ আছে জানিয়ে তাকে কার্যালয় বন্ধ করে চলে যেতে বলেন। তখন পরিষদে টিসিবির পণ্য বিতরণ ও জন্মনিবন্ধনের কার্যক্রম চলছিল। পরে চেয়ারম্যান নিজের কক্ষে তালা দিয়ে চলে যান। এরপর নেতা-কর্মীরা সেখানে আরেকটি তালা ঝুলিয়ে দেন এবং সচিবসহ অন্যদের বের করে দেন। এতে টিসিবির পণ্য বিতরণ কার্যক্রমও ব্যাহত হয়। পরে বৃষ্টির মধ্যে সড়কে দাঁড়িয়ে উপকারভোগীদের মধ্যে পণ্য বিতরণ করতে বাধ্য হন ডিলার।

এ বিষয়ে জানতে চাইলে চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক অ্যাডভোকেট আবু হানিফ বলেন, বিষয়টি আমি সন্ধ্যার দিকে শুনেছি। এ বিষয়ে খোঁজখবর নিচ্ছি। যারা বর্তমানে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন, তাদের বিরুদ্ধে বিভিন্নভাবে ফ্যাসিস্টদের অর্থায়নের অভিযোগ রয়েছে। ঘটনাটি নিয়ে জেলার নেতাদের সঙ্গে কথা বলব।

আটটি ইউনিয়ন পরিষদে তালা দেওয়ার বিষয়টি নিশ্চিত করে চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান বলেন, স্থানীয় কিছু নেতৃবৃন্দ এসব তালা দিয়েছেন। ইউনিয়ন পরিষদে যারা চেয়ারম্যান ছিল তাদের কিছু ঘটনার প্রেক্ষিতে ক্ষুদ্ধ হয়ে তারা এমনটি করেছে।  

ইউএনও আরও বলেন, আমরা তাদের বলেছি, আপনারা যা করেছেন, তা সরকারের পক্ষে যাচ্ছে না। তারা বলেছেন, বিষয়টি না বুঝে করেছেন। সিদ্ধান্ত হয়েছে, আগামী রোববার থেকে ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম আবার চালু হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধান বিচারপতির বক্তব্য বিকৃতভাবে প্রচার বন্ধের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ এম


প্রধান বিচারপতির বক্তব্য বিকৃতভাবে প্রচার বন্ধের আহ্বান অ্যাটর্নি জেনারেলের

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল প্রধান বিচারপতির বক্তব্য বিকৃত, অতিরঞ্জিত ও খণ্ডিতভাবে প্রচার করা সংবাদ প্রত্যাহারের জন্য আহ্বান জানিয়েছেন।

আজ তিনি এ-সংক্রান্ত একটি বিবৃতিতে জানান, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নেতৃত্বাধীন আপিল বিভাগে একটি মামলার শুনানি চলাকালে তার একটি কথিত উক্তিকে কেন্দ্র করে কয়েকটি গণমাধ্যমে আংশিক, খণ্ডিত, অতিরঞ্জিত ও বিকৃত তথ্য প্রকাশিত হয়েছে, যা আমাদের দৃষ্টিগোচর হয়েছে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম সংশ্লিষ্ট মামলার কার্যক্রম চলাকালে আদালতে উপস্থিত ছিলেন। তিনি গণমাধ্যমের উদ্দেশ্যে তার সুস্পষ্ট ব্যাখ্যা ও প্রেস বিজ্ঞপ্তি প্রদান করেছেন। বাংলাদেশ সুপ্রিম কোর্টের পক্ষ থেকেও আলাদা একটি প্রেস বিজ্ঞপ্তি জারি করা হয়েছে।

চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট মো. আমিনুল ইসলাম তার বক্তব্যে উল্লেখ করেন, ওই সময় তার সঙ্গে অ্যাটর্নি জেনারেলের কার্যালয়ের অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার অনীক আর হক উপস্থিত ছিলেন। তিনি স্পষ্টভাবে জানিয়েছেন যে, প্রধান বিচারপতি গণমাধ্যমে প্রচারিত কথিত বক্তব্যটি প্রদান করেননি। বরং তার বক্তব্যকে বিকৃত ও খণ্ডিতভাবে উপস্থাপন করা হয়েছে।

অ্যাটর্নি জেনারেল তার বিবৃতিতে আরও বলেন, আমি আশা করি চিফ প্রসিকিউটরের এই সুস্পষ্ট ব্যাখ্যার পর সংশ্লিষ্ট গণমাধ্যমগুলো ইতোমধ্যে প্রকাশিত সংবাদ প্রত্যাহার করে প্রকৃত তথ্য জনসমক্ষে তুলে ধরবে।

অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, আমাদের মনে রাখতে হবে বাংলাদেশের প্রধান বিচারপতি কেবল একজন ব্যক্তি নন; তিনি দেশের বিচার বিভাগের সর্বোচ্চ সাংবিধানিক প্রতিষ্ঠানের নেতৃত্বের প্রতীক। বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন এবং সাধারণ মানুষের বিচারপ্রাপ্তির ক্ষেত্রে সুপ্রিম কোর্ট ও প্রধান বিচারপতির প্রতিষ্ঠানগত মর্যাদা ও কর্তৃত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সুতরাং, প্রধান বিচারপতির কোনো বক্তব্যকে বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিতভাবে উপস্থাপন করা শুধু একজন সাংবিধানিক পদধারীর মর্যাদাকেই ক্ষুণ্ন করে না; বরং এর মাধ্যমে সুপ্রিম কোর্টের মতো একটি মহান সাংবিধানিক প্রতিষ্ঠানের কর্তৃত্ব ও কার্যকারিতা এবং বিচারব্যবস্থার প্রতি সাধারণ মানুষের আস্থাও ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা সৃষ্টি হয়।

অ্যাটর্নি জেনারেল আরও বলেন, একটি গুরুত্বপূর্ণ বিষয় বিবেচনায় রাখা প্রয়োজন যে বিচারপতিগণ বিচারিক দায়িত্ব পালনের ক্ষেত্রে তাদের নিরপেক্ষতা, সংযম ও প্রাতিষ্ঠানিক মর্যাদা বজায় রাখার স্বার্থে তাদের সম্পর্কে গণমাধ্যমে প্রকাশিত সংবাদ বা কোনো বক্তব্যের বিষয়ে সাধারণত নিজের অবস্থান ব্যাখ্যা করে গণমাধ্যমে বিবৃতি প্রদান করতে পারেন না। ফলে তাদের বক্তব্য সম্পর্কে কোনো ভুল, বিভ্রান্তি বা বিকৃত তথ্য প্রচারিত হলে তা সংশোধনের দায়িত্ব সংশ্লিষ্ট গণমাধ্যমের ওপর আরও বেশি বর্তায়। আমি সংশ্লিষ্ট সকল সংবাদমাধ্যম এবং সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের প্রতি বিনীত আহ্বান জানাচ্ছি, যারা প্রধান বিচারপতির বক্তব্য সম্পর্কে অসম্পূর্ণ, বিকৃত, খণ্ডিত কিংবা অতিরঞ্জিত তথ্য প্রচার করেছেন তারা যেন অবিলম্বে ওই সংবাদ প্রত্যাহার করেন এবং যথাযথ সংশোধনী প্রকাশের মাধ্যমে দায়িত্বশীল সাংবাদিকতা ও তথ্যের সত্যতা নিশ্চিত করেন। বিচার বিভাগের মর্যাদা রক্ষা এবং বিচারব্যবস্থার প্রতি জনগণের আস্থা অটুট রাখা আমাদের সকলের সম্মিলিত দায়িত্ব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হুথিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৭ এম


হুথিদের হামলায় রিয়াদের সবচেয়ে উঁচু ভবন ক্ষতিগ্রস্ত

সৌদি আরবের রাজধানী রিয়াদের আর্থিক জেলায় হুথিদের হামলার ফলে একটি সুউচ্চ ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। সৌদি কর্তৃপক্ষ নিশ্চিত করেছে যে, এই ঘটনার ফলে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রাজধানীতে বিকট বিস্ফোরণের আওয়াজ শোনা যাওয়ার কয়েক ঘণ্টা পর ভবনটির ক্ষতিগ্রস্ত হওয়ার খবর সামনে আসে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বিস্ফোরণের প্রভাবে রিয়াদের সবচেয়ে উঁচু ভবনটিও ক্ষতিগ্রস্ত হয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে (সাবেক টুইটার) প্রকাশিত এক বিবৃতিতে সৌদি আরবের বেসামরিক প্রতিরক্ষা কর্তৃপক্ষ জানিয়েছে, হামলার ফলে ভবনটির অবকাঠামোগত ক্ষয়ক্ষতি হয়েছে, তবে প্রাণহানির কোনো ঘটনা ঘটেনি।

যদিও কর্তৃপক্ষের বিবৃতিতে ক্ষতিগ্রস্ত ভবনটির নাম উল্লেখ করা হয়নি, তবে প্রকাশিত একটি ছবিতে রিয়াদের সবচেয়ে উঁচু ভবন হিসেবে পরিচিত পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের (পিআইএফ) সদর দপ্তর রয়েছে বলে মনে করা হচ্ছে।

সূত্র: দ্য টাইমস অব ইসরাইল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ এম


বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩৪.৩৮ বিলিয়ন ডলার

ঢাকা, ১৯ নভেম্বর, ২০২৬ : বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ বর্তমানে ৩৪.৩৮ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

তবে, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)-এর ব্যালেন্স অব পেমেন্টস অ্যান্ড ইন্টারন্যাশনাল ইনভেস্টমেন্ট পজিশন ম্যানুয়াল (বিপিএম-৬) পদ্ধতি অনুযায়ী, বাংলাদেশের নিট রিজার্ভ বর্তমানে ২৯.৫৭ বিলিয়ন মার্কিন ডলার।

আজ বাংলাদেশ ব্যাংক কর্তৃক প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য তুলে ধরা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাত ৩টায় রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, মা-বাবা ঘুমিয়ে ছিলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২০ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৮ এম


রাত ৩টায় রাফির বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা, মা-বাবা ঘুমিয়ে ছিলেন

জাতীয় ছাত্রশক্তির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফির গ্রামের বাড়িতে আগুন দেওয়ার চেষ্টা করেছে দুর্বৃত্তরা। বাড়ির বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এ সময় ঘরের ভেতরে ঘুমিয়ে ছিলেন তাঁর মা-বাবা। পাশের বাড়ির এক নারীর চিৎকারে বিষয়টি জানাজানি হলে প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পান রাফির মা-বাবা।

বুধবার (১৮ নভেম্বর) দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে নেত্রকোনার মোহনগঞ্জ উপজেলার জয়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

রাফির অভিযোগ, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তার গ্রামের বাড়িতে এ আগুন দেওয়ার চেষ্টা করেছে। বাড়িতে আগুন ছড়িয়ে দিয়ে মা-বাবাকে হত্যার উদ্দেশেই বিদ্যুতের মিটারের নিচে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।

রাফি জানান, ঘটনার সময় তার মা-বাবা ঘুমিয়ে ছিলেন। পাশের বাড়ির এক নারী আগুন দেখতে পেয়ে চিৎকার শুরু করেন। তার চিৎকারে পরিবারের সদস্যদের ঘুম ভাঙে। পরে আশপাশের লোকজন এগিয়ে এসে আগুন নিভিয়ে ফেলেন। তাদের দ্রুত পদক্ষেপে আগুন বাড়ির ভেতরে ছড়িয়ে পড়তে পারেনি।

বৃহস্পতিবার নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে রাফি ঘটনার বিবরণ তুলে ধরেন।

তিনি লেখেন, ‘রাত আনুমানিক ৩টায় আমার গ্রামের বাড়ি (নেত্রকোনায়) আওয়ামী সন্ত্রাসীরা আগুন দিয়েছিল। ঘরের কারেন্টের মিটারের ঠিক নিচে পেট্রল ঢেলে আগুন লাগিয়েছে। ভাগ্যক্রমে বাড়ির মানুষজন জেগে যাওয়ায় আল্লাহ আমার আব্বা-আম্মাকে বাঁচিয়েছেন।’

মোহনগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুল ইসলাম হারুন বলেন, রাত সাড়ে ৩টার দিকে কে বা কারা বাড়িটিতে আগুন দেওয়ার চেষ্টা করে। পরিবারের সদস্যদের চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে আসেন। এতে আগুন ছড়িয়ে পড়তে পারেনি। এ ঘটনায় তেমন কোনো ক্ষয়ক্ষতি হয়নি। ঘটনাস্থল থেকে আলামত উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্তের চেষ্টা চলছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৬ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%