ঢাকা বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৯ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ০৪ই নভেম্বর, ২০২৬ইং ১৯ই কার্তিক, ১৪৩২বাং

চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২


চাঁপাইনবাবগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সংঘর্ষ, ককটেল ও রামদাসহ গ্রেপ্তার ২

চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে মারামারি ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৫। এ সময় তাদের হেফাজত থেকে তিনটি ককটেল ও একটি রামদা উদ্ধার করা হয়েছে।
সোমবার (২ নভেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে চাঁপাইনবাবগঞ্জ সদর থানাধীন পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের রেলস্টেশন বস্তি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলীনগর টেকনিক্যাল মোড় এলাকার মোঃ মাসুম আলী (৩০), পিতা মৃত সাদ আক্কাছ আলী নোমান এবং একই এলাকার মোঃ মেহেদী হাসান (২৮), পিতা মোঃ মেজর আলী। এসআরবি-৫, রাজশাহীর সিপিসি-১, চাঁপাইনবাবগঞ্জের অপারেশন দল নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারে, রেলস্টেশন বস্তি এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়েছে। পরে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ওই দুজনকে গ্রেপ্তার করা হয়। অভিযানকালে উপস্থিত সাক্ষীদের সামনে মাসুম আলীর দেখানো মতে একটি সাদা প্লাস্টিকের বালতির ভেতর থেকে কালো কসটেপে মোড়ানো তিনটি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া মেহেদী হাসানের ডান হাত থেকে কাঠের হাতলযুক্ত একটি রামদা উদ্ধার করে জব্দ করা হয়। এসআরবি সূত্রে জানা যায়, গ্রেপ্তারকৃত দুজন ও উদ্ধার করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর থানায় হস্তান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার, আশ্রয়ে রেখেছেন গোলাপ হোসেন

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৪ পি.এম


শিবগঞ্জে বালুর ভেতর লুঙ্গিতে মোড়ানো নবজাতক উদ্ধার, আশ্রয়ে রেখেছেন গোলাপ হোসেন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার জালমাছমারী মিয়াপাড়া গ্রামে মৃত ইয়াসিন হাজির বাগানে বালুর ভেতর লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় এক নবজাতক শিশুকে ফেলে রেখে যাওয়ার ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল আনুমানিক ৭টা ৩০ মিনিটের দিকে শিশুটিকে উদ্ধার করা হয়। এ সময় শিশুটি কান্নাকাটি করছিল।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে রাস্তার পাশে দুই শিশু খেলাধুলা করছিল। এ সময় তারা বালুর মধ্যে কিছু একটা দেখতে পায়। শিশু দুটির নাম মো. হামিদুল ইসলাম (৫), পিতা নাজিমুদ্দিন এবং মো. নাফিউল (৩), পিতা নয়ন।

পরে সকালে হাঁটতে বের হওয়া মো. ইব্রাহিম আলী ওই দুই শিশুর কাছ থেকে রাস্তার পাশে কিছু একটা পড়ে থাকার বিষয়টি জানতে পারেন। এরপর তিনি ঘটনাস্থলে গিয়ে বালু সরিয়ে লুঙ্গি দিয়ে মোড়ানো অবস্থায় একটি নবজাতক শিশুকে দেখতে পান।

বিষয়টি জানার পর তিনি রাস্তার পাশের বাড়ির বাসিন্দা মো. গোলাপ হোসেন (পিতা: মৃত সাহেবজান)-কে খবর দেন। পরে গোলাপ হোসেনসহ স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করেন।

কে বা কারা নবজাতক শিশুটিকে সেখানে ফেলে রেখে গেছে, তা এখনো জানা যায়নি। পরে শিশুটিকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। বর্তমানে শিশুটি সুস্থ রয়েছে এবং গোলাপ হোসেনের আশ্রয়ে রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাণ গেল IIUC শিক্ষার্থী মাইশার, মহাসড়ক ও রেললাইন অবরোধ

আন্তর্জাতিক ডেস্ক

প্রতিবেদক সাকিব চৌধুরী

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:০৬ পি.এম


সীতাকুণ্ডে লরির ধাক্কায় প্রাণ গেল IIUC শিক্ষার্থী মাইশার, মহাসড়ক ও রেললাইন অবরোধ

চট্টগ্রামের সীতাকুণ্ডে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা যাত্রীবাহী মিনিবাসে দ্রুতগতির লরির ধাক্কায় মাইশা (২১) নামে এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী নিহত হয়েছেন। এ ঘটনায় অপর এক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীসহ মিনিবাসের থাকা অন্তত ১০ জন যাত্রী আহত হয়েছেন। মর্মান্তিক এ দুর্ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ও রেললাইন অবরোধ করেন। এতে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয় এবং যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের প্রধান ফটক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মাইশা মীরসরাই উপজেলার খৈয়াছড়া ইউনিয়নের বড়তাকিয়া এলাকার বাসিন্দা। তিনি সাখাওয়াত হোসেন ও সালমা আক্তারের মেয়ে। মাইশা আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী ছিলেন।
বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোস্তফা মনির চৌধুরী জানান, দুর্ঘটনায় তাঁদের দুই শিক্ষার্থী আহত হন। দুজনই ইংরেজি বিভাগের শিক্ষার্থী। আহত অবস্থায় মাইশাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
প্রত্যক্ষদর্শীদের বরাতে হাইওয়ে পুলিশ জানায়, ঢাকামুখী একটি কনটেইনারবাহী লরি বিশ্ববিদ্যালয়ের গেট এলাকা অতিক্রম করার সময় সামনে থাকা একটি প্রাইভেট কার হঠাৎ উল্টো দিকে মোড় নেয়। এ সময় প্রাইভেট কারটিকে বাঁচাতে গিয়ে দ্রুতগতির লরিটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ঢাকামুখী ৮ নম্বর পরিবহনের একটি মিনিবাসকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে মিনি বাসটি মহাসড়কের ওপর উল্টে যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
রয়টার্সের জরিপ

মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩১ পি.এম


মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্পের জনপ্রিয়তা হ্রাস পাচ্ছে

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের প্রাক্কালে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জনপ্রিয়তা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। তার কাজের প্রতি জনসমর্থন বা ‘অ্যাপ্রুভাল রেটিং’ বর্তমানে রেকর্ড সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে।

সোমবার (২ নভেম্বর) প্রকাশিত রয়টার্সের একটি জরিপে এই তথ্য প্রকাশিত হয়েছে।

জরিপের ফলাফল অনুযায়ী, মাত্র ৩২ শতাংশ মার্কিন নাগরিক ট্রাম্পের প্রেসিডেন্ট হিসেবে কর্মকাণ্ডের প্রতি সমর্থন জানিয়েছেন। একই সঙ্গে রিপাবলিকান পার্টির প্রতি ভোটারদের অসন্তোষও প্রকাশ পেয়েছে। ডেমোক্রেটিক ও রিপাবলিকান প্রার্থীদের মধ্যে কাকে ভোট দেওয়ার বিষয়ে ৪৬ শতাংশ উত্তরদাতা ডেমোক্রেটদের পক্ষে মত দিয়েছেন, অপরদিকে রিপাবলিকানদের সমর্থন ৩৮ শতাংশ।

মধ্যবর্তী নির্বাচনে ট্রাম্পের নাম ব্যালটে না থাকলেও, নির্বাচনি প্রচারে তিনি সমর্থকদের উদ্দেশ্যে নিজের কথা মনে করিয়ে দিয়ে রিপাবলিকান প্রার্থীদের ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি সতর্ক করে বলেছেন, কংগ্রেসের নিয়ন্ত্রণ যদি রিপাবলিকানদের হাতছাড়া হয়, তাহলে ডেমোক্রেটরা তাকে তৃতীয়বারের মতো অভিশংসনের উদ্যোগ নিতে পারে।

বিভিন্ন জরিপের ফলাফল অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি ইরান ও যুক্তরাষ্ট্র-ইসরাইলের মধ্যে সংঘাত শুরু হওয়ার পর থেকে ট্রাম্পের জনপ্রিয়তা ধারাবাহিকভাবে কমতে শুরু করেছে। ওই সংঘাতের ফলে যুক্তরাষ্ট্রে পেট্রল ও ডিজেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে, যা সাধারণ মার্কিন নাগরিকদের মধ্যে মুদ্রাস্ফীতি ও অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে।

প্রতিনিধি পরিষদ ও সিনেটে রিপাবলিকান দলের সংখ্যাগরিষ্ঠতা বজায় রাখার লক্ষ্য নিয়ে ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের জন্য ট্রাম্প টানা এক মাস জোরালো প্রচার চালিয়েছেন। সোমবার বিকালে ওয়াশিংটন ডিসির ঐতিহাসিক ‘লিংকন মেমোরিয়াল রিফ্লেক্টিং পুল’-এ আয়োজিত সমাবেশের মাধ্যমে তার নির্বাচনি প্রচার শেষ হয়।

রাজধানীর সৌন্দর্যবর্ধন ও পুনর্নির্মাণ প্রকল্পের অংশ হিসেবে এই স্থানের সংস্কারে বিশেষ গুরুত্ব দিয়েছিলেন ট্রাম্প। তবে নির্ধারিত সময়ের কয়েক মাস পর প্রকল্পটির কাজ সম্পন্ন হয়। এ ছাড়া সংস্কারে ব্যয় হয়েছে মূল বাজেটের ১০ গুণেরও বেশি।

শেষ মুহূর্তের প্রচারেও নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়ার বিষয়ে ট্রাম্প পুরোপুরি আশাবাদী হতে পারেননি। সোমবার তিনি পরোক্ষভাবে স্বীকার করেন, তার দলের জন্য এবারের মধ্যবর্তী নির্বাচনে প্রত্যাশিত ফল পাওয়া কঠিন হতে পারে। তবে তিনি এ ধরনের পরিস্থিতিকে যুক্তরাষ্ট্রের রাজনৈতিক রীতি হিসেবে উল্লেখ করেন।

ট্রাম্প বলেন, ‘কোনো এক অজানা কারণে ক্ষমতাসীন প্রেসিডেন্ট সাধারণত মধ্যবর্তী নির্বাচনে জয়ী হতে পারেন না। তবে আমরা জয়ের জন্য সর্বাত্মক চেষ্টা করেছি।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি মানসুরা আলম

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ৩ই নভেম্বর, ২০২৬ ইং

০৯:৩৫ পি.এম


পূর্বধলায় ২৪ শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করলেন এমপি মানসুরা আলম

নেত্রকোণা, ৩ নভেম্বর, ২০২৬ : যুবসমাজ ও শিক্ষার্থীদের মাদক এবং অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখতে এবং খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতে পূর্বধলা উপজেলায় ২৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করেছেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মানসুরা আলম।

তিনি শিগগিরই তুরস্কে একটি সম্মেলনে অংশগ্রহণের উদ্দেশ্যে যাচ্ছেন, তাই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে তার পক্ষে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে ক্রীড়া সামগ্রীগুলো তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শফিকুল ইসলাম।

বিতরণকৃত ক্রীড়া সামগ্রীর মধ্যে রয়েছে ক্যারমবোর্ড, ফুটবল, ব্যাডমিন্টন, ভলিবল, ক্রিকেট সেট এবং স্কিপিং রোপসহ মোট ১৩ ধরনের সামগ্রী।

সংসদ সদস্যের পক্ষ থেকে জানানো হয়েছে, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষাপ্রতিষ্ঠানেই এই ক্রীড়া সামগ্রী বিতরণ করা হবে।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, "শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। খেলাধুলা শিক্ষার্থীদের মাদক ও অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখার পাশাপাশি পড়াশোনায় মনোযোগী ও শৃঙ্খলাবোধসম্পন্ন হতে সহায়তা করে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জি এম ফখরুল হাসান জানান, সংসদ সদস্য মানসুরা আলম তুরস্কে একটি সম্মেলনে যোগদানের জন্য শিগগিরই যাবেন, তাই আজকের অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি এবং এজন্য তিনি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছেন।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবু বক্কর ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক হলুদ, উপজেলা যুবদলের সাবেক সভাপতি দেলোয়ার আহমেদ দর্পন, যুবদলের সাবেক সাংস্কৃতিক সম্পাদক মো. আব্রাহাম লিংকন এবং হোগলা উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক হীরা মিয়া।

এ সময় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক এবং উপজেলা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৩শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%