মোঃ ওসমান গনি শেরপুর জেলা প্রতিনিধি
০২:৫০ পি.এম
মাদক নির্মূলে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোকন চন্দ্র ঘোষ। তিনি বলেছেন, মাদক সেবন ও বিক্রির বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিলে তথ্যদাতার পরিচয় গোপন রেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেও পুলিশকে জানানো যাবে।
শুক্রবার (২০ নভেম্বর) রাত ৮টায় শেরপুর সদর উপজেলার ছনকান্দা মিয়াবাড়ি তিনরাস্তা মোড়ে মাদকবিরোধী আলোচনা সভা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ছনকান্দা যুব সমাজ ও এলাকাবাসী এ কর্মসূচির আয়োজন করে।
ওসি খোকন চন্দ্র ঘোষ বলেন, একজন মাদকসেবী কোনো এলাকায় মাদক সেবন শুরু করলে ধীরে ধীরে পুরো এলাকা মাদকের অভয়ারণ্যে পরিণত হতে পারে। দেরিতে হলেও মাদকের বিরুদ্ধে এলাকাবাসীর এ উদ্যোগকে তিনি স্বাগত জানান। কেউ মাদক সেবন বা বিক্রি করলে পুলিশকে খবর দেওয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, খবর পেলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
এ ছাড়া এলাকায় অপরিচিত কাউকে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখলে খোঁজখবর নিয়ে পুলিশকে অবহিত করার পরামর্শ দেন তিনি। মাদকের পাশাপাশি অনলাইন জুয়া, ইভ টিজিংসহ বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড থেকে বিরত থাকার আহ্বান জানান ওসি।
আলহাজ্ব দুলাল মিয়ার সভাপতিত্বে এবং মো. সৌরভের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ৭ নম্বর ভাতশালা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. কফিল উদ্দিন, বিট কর্মকর্তা এএসআই মো. এনামুল হক এবং ছনকান্দা মিয়াবাড়ি জামে মসজিদের ইমাম মোহাম্মদ জামাল উদ্দিন।
আয়োজক কমিটির পক্ষে বক্তব্য দেন মো. কামরুল ইসলাম, মো. বাজু মিয়া, আশিক আহমেদ, মো. আশরাফুল ইসলাম ও মো. নজরুল ইসলাম।
এ সময় উপস্থিত ছিলেন মো. জহুরুল ইসলাম, মো. বাবু, মো. মিনাল, মো. মুন্না, শেখ রাসেল, তহুর, রবিউল, ফেরদৌস, সোহেল, উজ্জ্বল, শরিফ ও রাশেদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সভায় বক্তারা মাদক প্রতিরোধে সামাজিক সচেতনতা বৃদ্ধি এবং মাদকমুক্ত সমাজ গঠনে পরিবার, সমাজ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পিরোজপুরের জিয়ানগরে সুপারি ও কলা চুরির অভিযোগে কোমড়ে লোহার শিকল বেধে রাস্তায় ঘুরানো হতদরিদ্র বৃদ্ধ রুহুল আমিনকে আর্থিক সহায়তা প্রদান করেছে জেলা প্রশাসন। জানা যায়, শনিবার পিরোজপুর জেলা প্রশাসকের নির্দেশে জিয়ানগর উপজেলার ইউএনওর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম বৃদ্ধ রুহুল আমিনের হাতে নগদ ১০ হাজার টাকা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন ০৪ নং ইন্দুরকানী সদর ইউনিয়নের চেয়ারম্যান মাসুদ করিম তালুকদার ইমন, ইউপি সদস্য মোঃ মজনু হোসেন রনি।
উল্লেখ্য, গত সোমবার সকালে কালাইয়া গ্রামের রুহুল আমিন হাওলাদার পার্শ^বর্তী আব্দুল হালিম হাওলাদারের কয়েক ছড়ি সুপারী ও এক কাদি কলা চুরি করে। পরে স্থানীয়রা তাকে আটক করে সুপারী ছড়ি ও কলার কাদি তার গলায় ঝুলিয়ে এবং কোমড়ে সিকল বেধে রাস্তায় রাস্তায় জনতার মাঝে ঘুরায় ও নির্যাতন করে। আবার সেই দৃশ্য ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। পরে বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিন্দার ঝড় উঠলে এবং বিষয়টি গনমাধ্যমে প্রকাশ পেলে জেলা প্রশাসনের নজরে আসে।
এব্যাপারে জিয়ানগর উপজেলার ইউএনওর কার্যালয়ের প্রশাসনিক কর্মকর্তা মোঃ শাহ আলম জানান, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশক্রমে বৃদ্ধ রুহল আমিনকে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। এছাড়া ওই বৃদ্ধকে পুনঃর্বাসনের জন্য সব ধরণের সহযোগীতা করবেন বলে জেলা প্রশাসক মহোদয় আশ্বাস প্রদান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে পুলিশ নিষিদ্ধ ঘোষিত যুবলীগের দুই কর্মীকে গ্রেফতার করেছে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে দুটি তাজা ককটেল, যা তারা বিস্ফোরণের প্রস্তুতিকালে রেখেছিল বলে পুলিশের দাবি।
গ্রেফতারের সময় তাদের কাছ থেকে উদ্ধারকৃত ককটেল দুটি প্লাস্টিকের বস্তায় ঢাকা ছিল এবং লাল স্কচটেপে মোড়ানো অবস্থায় ছিল।
শুক্রবার (২০ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪৫ মিনিটে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ৯ নম্বর সড়কের শেষ মাথায় নদীর পাড়ের ওয়াকওয়ে-সংলগ্ন এলাকা থেকে তাদের আটক করা হয়।
গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. মেহেদী হাসান সোহেল (৩০) এবং মো. রনি, যিনি গ্যাস রনি নামে পরিচিত (২৮)।
মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হালিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই রাজু আহমেদ ও আমিরুজ্জামানের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। পরে গ্রেফতারকৃতদের দেখানো মতে ককটেল দুটি উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, মোহাম্মদপুরের ৩৩ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর রাজীবের নির্দেশে তার সহযোগী সুমন ও সাহিনের নেতৃত্বে গ্রেফতারকৃত দুজনসহ আরও কয়েকজন ককটেল বিস্ফোরণের প্রস্তুতি নিচ্ছিলেন। এ সময় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করার উদ্দেশ্যে দলটির রাজনৈতিক পুনর্বাসনের বয়ান তৈরির অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) তিন শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বক্তব্যের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে শাখা ছাত্রদল।
আজ শনিবার, জাবি ছাত্রদলের দপ্তর সম্পাদক আব্দুল্লাহ অন্তর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ প্রতিবাদ প্রকাশ করা হয়।
অভিযুক্ত তিন শিক্ষক হলেন— নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক রেজওয়ানা করিম স্নিগ্ধা, লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক জেবউননেছা এবং দর্শন বিভাগের অধ্যাপক নাসরিন সুলতানা।
বিজ্ঞপ্তিতে ছাত্রদল উল্লেখ করে, দীর্ঘ দুঃশাসনের পর ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতন ঘটে এবং জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল শেখ হাসিনাসহ কয়েকজনের বিরুদ্ধে শাস্তির ঘোষণা করে। এই প্রেক্ষাপটে, ওই তিন শিক্ষকসহ কয়েকজনের বক্তব্যে আওয়ামী লীগের অতীত অপরাধ আড়াল করার এবং তাদের পক্ষে জনমত তৈরির উদ্দেশ্য স্পষ্ট হচ্ছে।
সংগঠনটি জানায়, বর্তমানে দলটির কার্যক্রম আইনত নিষিদ্ধ থাকলেও নেতাকর্মীরা মানুষের জানমাল ও বিভিন্ন স্থাপনার ওপর অগ্নিসংযোগ ও নাশকতা চালাচ্ছে। ভুক্তভোগীদের ন্যায়বিচার ও অতীতের অপরাধের দায় স্বীকার না করে ওই শিক্ষকরা চতুরতার সঙ্গে সুস্পষ্ট অবস্থান এড়িয়ে যাচ্ছেন এবং মতপ্রকাশের স্বাধীনতার নামে ইতিহাস বিকৃত করছেন বলে অভিযোগ করা হয়।
জাবি ছাত্রদল স্পষ্ট করে জানিয়েছে যে, জুলাইয়ের শহীদদের আত্মত্যাগ আড়াল করে কোনো দায়মুক্তির বয়ান তারা গ্রহণ করবে না। তারা এ বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদের পুনর্বাসনকেন্দ্র হতে দিতে রাজি নয়। বিজ্ঞপ্তিতে হুঁশিয়ারি দেওয়া হয়েছে যে, শিক্ষার্থীরা এ ধরনের অপচেষ্টা রুখে দেবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ