০৯:২৫ পি.এম
সিলেটের এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের বিরুদ্ধে যৌথ অভিযান পরিচালনা করেছে র্যাব ও জেলা প্রশাসন। এই অভিযানে চিকিৎসা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি ও প্রতারণার অভিযোগে চারজন দালালকে আটক করা হয় এবং ভ্রাম্যমাণ আদালত তাদের বিভিন্ন মেয়াদে বিনাশ্রম কারাদণ্ড দেয়।
বুধবার (১৭ জুন) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-৯ জানিয়েছে, জেলা প্রশাসন ও র্যাবের যৌথ উদ্যোগে মঙ্গলবার (১৬ জুন) রাতে হাসপাতাল প্রাঙ্গণে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।
এই অভিযানটি রাত ১০টা ১০ মিনিট থেকে ১০টা ২৫ মিনিট পর্যন্ত চলে। অভিযানের সময় সরকারি দায়িত্ব পালনে বাঁধা দেয়ার অপরাধ এবং রোগীদের প্রতারিত করার জন্য চারজনকে আটক করা হয়। পরবর্তীতে, যখন তারা নিজেদের অপরাধ স্বীকার করে, তখন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৬ ধারায় দণ্ড প্রদান করেন।
আরও পড়ুন: সাজেকে অস্থিরতার নেপথ্যে শুধুই আধিপত্যের লড়াই ও চাঁদাবাজি
দণ্ডপ্রাপ্তদের মধ্যে রয়েছেন তানভীর আহমেদ সুমন (৩০), সায়েম আহমেদ (৩৪), বকুল মিয়া (৫৬) ও সুমন আহমেদ (২৮)। তাদের মধ্যে তানভীর আহমেদ সুমন এবং সায়েম আহমেদকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়, অন্যদিকে বকুল মিয়া ও সুমন আহমেদকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
র্যাব-৯ জানিয়েছে, সম্প্রতি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে দালালচক্রের কার্যকলাপ বেড়ে যাওয়ায় সাধারণ রোগী ও তাদের স্বজনেরা মুখোমুখি হয়েছেন নানানভাবে হয়রানির। এ পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য এবং হাসপাতালের সেবার পরিবেশ স্বাভাবিক রাখার উদ্দেশ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
এ বিষয়ে র্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ একটি সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করে বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জনস্বার্থে এ ধরনের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত থাকতে হবে।
আরও পড়ুন: কুমিল্লায় লরির চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল যুবক ইয়াছিন মিয়া
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন