শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ ইং
০৫:৫৯ পি.এম
খুলনায় ‘রোটারি হেলথ ফেয়ার সিজন-৪’ অনুষ্ঠিত হয়েছে, যার উদ্দেশ্য হলো সুবিধাবঞ্চিত ও প্রান্তিক জনগণের কাছে বিনামূল্যে মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া। এই দিনব্যাপী স্বাস্থ্য মেলায় পাঁচ শতাধিক মানুষ বিনামূল্যে চিকিৎসাসেবা, স্বাস্থ্য পরীক্ষা, ওষুধসহ বিভিন্ন সহায়তা গ্রহণ করেছেন।
শুক্রবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নগরীর ঢাকা ম্যাচ ফ্যাক্টরি স্কুল মাঠে এই স্বাস্থ্যমেলার আয়োজন করা হয়। উদ্বোধন করেন রোটারি পাবলিক ইমেজের রিপসা টিমের সিনিয়র কো-অর্ডিনেটর রোটারিয়ান লুবনা আফরোজ। পরে খুলনা সিটি করপোরেশনের (কেসিসি) প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু এবং খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান অ্যাডভোকেট শফিকুল আলম মনা আয়োজনের কার্যক্রম পরিদর্শন করেন।
আয়োজক সূত্রে জানা গেছে, ২০২১-২২ রোটারি বর্ষে প্রথমবারের মতো এই মানবিক উদ্যোগের সূচনা হয়। পরপর তিনটি সফল আয়োজনের পর এবার চতুর্থবারের মতো এই স্বাস্থ্যমেলার আয়োজন করা হলো। এটি রোটারি ক্লাব অব কসমোপলিটন খুলনার অন্যতম স্বাক্ষরধর্মী প্রকল্প হিসেবে পরিচালিত হয়ে আসছে।
এবারের আয়োজনে খুলনার ১৪টি, ঢাকার ৪টি, যশোরের ১টি এবং বাগেরহাটের ১টি ক্লাবসহ মোট ২০টি রোটারি ক্লাব সরাসরি অংশগ্রহণ করেছে।
স্বাস্থ্যমেলায় সাধারণ চিকিৎসাসেবার পাশাপাশি ডায়াবেটিস, শিশু ও নারীস্বাস্থ্য, অর্থোপেডিক, চক্ষু ও দন্ত চিকিৎসাসেবা প্রদান করা হয়। এছাড়া ইসিজিসহ বিভিন্ন প্রয়োজনীয় প্যাথলজিক্যাল পরীক্ষাও করা হয়। রোগীদের প্রয়োজন অনুযায়ী মেলায় স্থাপিত মিনি ফার্মেসি থেকে বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়। শারীরিকভাবে অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বিনামূল্যে হুইলচেয়ার ও চশমা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ক্যারিয়ারের শেষ পর্যায়ে এসে কি লিওনেল মেসি শৈশবের ক্লাব নিউয়েলস ওল্ড বয়েজে ফিরে আসছেন? তার জন্মশহর রোসারিওর ক্লাবটি তাকে নিজেদের দলে ফিরিয়ে আনার জন্য জোর প্রচেষ্টা চালাচ্ছে।
যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগিয়ে চলে, তবে ২০২৭ সালের জানুয়ারিতেই মেসিকে দলে পাওয়ার আশা করছে তারা। তবে ইন্টার মিয়ামির সঙ্গে তার বর্তমান চুক্তির কারণে এই প্রত্যাবর্তন নিয়ে কিছু অনিশ্চয়তা রয়ে গেছে।
আর্জেন্টাইন সাংবাদিক গনসালো কালভিজিওনির উদ্ধৃতি দিয়ে গোল ডটকমে প্রকাশিত খবর অনুযায়ী, মেসি নিউয়েলস ওল্ড বয়েজে ফেরার সম্ভাবনার এতটা কাছে আগে কখনো ছিলেন না। ক্লাব কর্তৃপক্ষের বিশ্বাস, ২০২৭ সালের জানুয়ারিতে আটবারের ব্যালন ডি’অরজয়ী এই তারকাকে ফিরিয়ে আনা সম্ভব হতে পারে।
শৈশবে নিউয়েলস ওল্ড বয়েজের বয়সভিত্তিক দলে ফুটবল শুরু করেছিলেন মেসি। ২০০০ সালের গ্রীষ্মে মাত্র ১৩ বছর বয়সে পরিবারের সঙ্গে আর্জেন্টিনা ছেড়ে স্পেনে চলে যান তিনি। এরপর বার্সেলোনার একাডেমি লা মাসিয়ায় যোগ দেন এবং সেখান থেকেই ধীরে ধীরে বিশ্ব ফুটবলের অন্যতম সেরা তারকায় পরিণত হন আর্জেন্টাইন অধিনায়ক।
তবে পেশাদার ক্যারিয়ারে নিউয়েলস ওল্ড বয়েজের মূল দলের হয়ে কখনো খেলেননি মেসি। তাই শৈশবের ক্লাবে তার সম্ভাব্য প্রত্যাবর্তন নিয়ে আর্জেন্টিনার ফুটবলপ্রেমীদের মধ্যে নতুন করে আগ্রহ সৃষ্টি হয়েছে।
তবে এই স্বপ্ন বাস্তবায়নে সবচেয়ে বড় বাধা হতে পারে মেসির বর্তমান চুক্তি। তিনি যুক্তরাষ্ট্রের ক্লাব ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ সালের ডিসেম্বর পর্যন্ত চুক্তিবদ্ধ রয়েছেন। তাই নির্ধারিত সময়ের আগে ক্লাব ছাড়ার বিষয়ে মেসি কী সিদ্ধান্ত নেন, সেটিই এখন গুরুত্বপূর্ণ।
এ বিষয়ে মেসি কিংবা তার বর্তমান ক্লাবের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। ফলে ২০২৭ সালের জানুয়ারিতে শৈশবের ঠিকানায় তার ফেরা বাস্তবে রূপ নেয় কি না, তা জানতে ফুটবলভক্তদের অপেক্ষা করতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) দেশের সব বিমানবন্দরে উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ঝুঁকি কমানোর জন্য ব্যাপক উদ্যোগ গ্রহণ করেছে। এ লক্ষ্যে আধুনিক পাখি তাড়ানোর সরঞ্জাম সংগ্রহ, প্রয়োজনীয় জনবল নিয়োগ এবং বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা ব্যবস্থা জোরদার করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
সংস্থাটি আগামী দুই থেকে তিন বছরের মধ্যে দেশের সব চালু বিমানবন্দরে পর্যাপ্ত পাখি নিয়ন্ত্রণের সরঞ্জাম, প্রশিক্ষিত জনবল এবং কার্যকর নজরদারি ব্যবস্থা গড়ে তুলতে চায়। এর মাধ্যমে উড়োজাহাজ চলাচলের নিরাপত্তা বৃদ্ধি এবং বিমান চলাচলের ঝুঁকি কমানো সম্ভব হবে।
বেবিচক-এর সদস্য (এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট) এয়ার কমোডর মো. নূর-ই-আলম জানান, বিদ্যমান সরঞ্জাম ও জনবল সংকট দূর করার পাশাপাশি পাখিজনিত ঝুঁকি মোকাবিলায় একটি টেকসই ব্যবস্থাপনা কাঠামো গড়ে তোলার জন্য সমন্বিত পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে।
তিনি আরও জানান, দেশের আটটি বিমানবন্দরে পাখি তাড়ানোর বন্দুকের প্রয়োজনীয়তা যাচাই করে মোট ২৬টি বন্দুকের চাহিদা নির্ধারণ করা হয়েছে।
এই হিসাব অনুযায়ী, ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ছয়টি বন্দুক প্রয়োজন। চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর এবং কক্সবাজার বিমানবন্দরে প্রয়োজন চারটি করে। রাজশাহী, সৈয়দপুর, যশোর ও বরিশাল বিমানবন্দরে প্রয়োজন দুটি করে বন্দুক।
বর্তমানে বেবিচক-এর কাছে ১১টি পাখি তাড়ানোর বন্দুক রয়েছে, যার মধ্যে মাত্র দুটি সচল। সিলেট ও বরিশাল বিমানবন্দরে একটি করে বন্দুক ব্যবহারযোগ্য অবস্থায় রয়েছে।
বন্দুকগুলোর লাইসেন্স নবায়ন এবং পরবর্তী সময়ে নতুন সরঞ্জাম সংগ্রহের প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করেছে কর্তৃপক্ষ।
নূর-ই-আলম বলেন, সচল সরঞ্জামের পর্যাপ্ততা নিশ্চিত করা গেলে বিমানবন্দরের রানওয়ে ও উড়োজাহাজ চলাচলের এলাকায় পাখি তাড়ানো সহজ হবে। বিশেষ করে উড়োজাহাজের উড্ডয়ন ও অবতরণের গুরুত্বপূর্ণ সময়ে এ ব্যবস্থা কার্যকর ভূমিকা রাখবে।
সরঞ্জাম সংগ্রহের পাশাপাশি পাখি নিয়ন্ত্রণ কার্যক্রমে জনবল বাড়ানোর প্রস্তুতিও নিচ্ছে বেবিচক। নিয়মিত নজরদারি ও প্রতিরোধমূলক কার্যক্রম কার্যকর রাখতে এ উদ্যোগ নেওয়া হচ্ছে।
কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, দেশের বিমানবন্দরগুলোতে পাখি তাড়ানোর জন্য মোট ৬৪ জন কর্মী প্রয়োজন। বর্তমানে এ কাজে অনুমোদিত পদ রয়েছে ১০টি, যার মধ্যে কর্মরত আছেন মাত্র চারজন।
নূর-ই-আলম বলেন, বিদ্যমান ও ভবিষ্যৎ জনবলের চাহিদা পূরণে বেবিচক-এর জনবল কাঠামো (টিওঅ্যান্ডই) পর্যালোচনা করা হচ্ছে।
প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও কক্সবাজার বিমানবন্দরে ১১ জন করে পাখি তাড়ানোর কর্মী প্রয়োজন হবে। অন্যদিকে রাজশাহী, সৈয়দপুর, যশোর ও বরিশাল বিমানবন্দরে প্রয়োজন হবে পাঁচজন করে।
এর ফলে বিশেষ করে প্রধান আন্তর্জাতিক বিমানবন্দরগুলোতে দিন-রাত পাখি নিয়ন্ত্রণ কার্যক্রম পরিচালনা করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
এদিকে ঢাকা, চট্টগ্রাম ও যশোর বিমানবন্দরে সূর্যোদয় থেকে সূর্যাস্ত পর্যন্ত পাখি নিয়ন্ত্রণে সহায়তা দিচ্ছে বাংলাদেশ বিমানবাহিনী।
বেবিচক নিজস্ব সরঞ্জাম ও জনবল বাড়ানোর উদ্যোগ নেওয়ার পাশাপাশি বিমানবাহিনীর এ সহায়তায় বর্তমানে প্রতিরোধমূলক কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
দীর্ঘমেয়াদি বিমান চলাচল নিরাপত্তা কর্মসূচির অংশ হিসেবে দেশের বিভিন্ন বিমানবন্দরে পর্যায়ক্রমে আধুনিক পাখি নিয়ন্ত্রণ ও নজরদারি ব্যবস্থা (বিসিএমএস) চালুর পরিকল্পনা রয়েছে বেবিচক-এর।
নূর-ই-আলম বলেন, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইতোমধ্যে এ ধরনের একটি কার্যকর ব্যবস্থা রয়েছে। অন্যান্য বিমানবন্দরে একই ধরনের ব্যবস্থা চালুর ক্ষেত্রে এটিকে নমুনা হিসেবে কাজে লাগানো হবে।
নজরদারি ব্যবস্থার পাশাপাশি প্রশিক্ষিত জনবল ও পাখি তাড়ানোর সরঞ্জাম যুক্ত হলে বিমানবন্দরের পরিচালন এলাকায় পাখিজনিত ঝুঁকি শনাক্ত ও মোকাবিলা আরও কার্যকর হবে বলে আশা করা হচ্ছে।
এ ছাড়া পাখি নিয়ন্ত্রণের সরঞ্জামের রক্ষণাবেক্ষণ, লাইসেন্স এবং সেগুলোর নিয়মিত ব্যবহার নিশ্চিত করতেও বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে কর্তৃপক্ষ। পাখি তাড়ানোর আগ্নেয়াস্ত্রের লাইসেন্স নিয়ে প্রশাসনিক জটিলতা দূর করতেও উদ্যোগ নিয়েছে বেবিচক।
আগে নির্দিষ্ট কর্মকর্তার নামে এসব অস্ত্রের লাইসেন্স দেওয়া হতো। ফলে সংশ্লিষ্ট কর্মকর্তা বদলি বা অবসরে গেলে লাইসেন্স নিয়ে জটিলতা তৈরি হতো। সম্প্রতি বিধিগত ছাড়ের মাধ্যমে ব্যক্তির পরিবর্তে নির্দিষ্ট পদ বা দপ্তরের নামে লাইসেন্স দেওয়ার সুযোগ তৈরি করা হয়েছে। এতে পাখি নিয়ন্ত্রণের সরঞ্জামের লাইসেন্স নবায়ন, নতুন সরঞ্জাম সংগ্রহ এবং সেগুলোর ব্যবহার অব্যাহত রাখা সহজ হবে বলে আশা করা হচ্ছে।
শুধু সরঞ্জাম ও জনবল বাড়িয়ে পাখির আঘাতের ঝুঁকি পুরোপুরি দূর করা সম্ভব নয়- এ বিষয়টি বিবেচনায় নিয়ে বিমানবন্দরগুলোর আশপাশের পরিবেশ উন্নয়নেও জোর দিয়েছে বেবিচক।
বিমানবন্দর এলাকায় উড়োজাহাজ চলাচলের স্থানের আশপাশে পাখির আনাগোনা কমাতে অতিরিক্ত গাছপালা ও ঝোপঝাড় পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। এ ছাড়া আবর্জনা ফেলা ও মজুতের স্থানগুলো সরিয়ে নিতে সংশ্লিষ্ট সিটি করপোরেশনগুলোর সহযোগিতা চেয়েছে কর্তৃপক্ষ। বিশেষ করে যেসব স্থানে খাবারের উচ্ছিষ্ট জমে পাখির সমাগম ঘটে, সেগুলো অপসারণে গুরুত্ব দেওয়া হচ্ছে।
নূর-ই-আলম বলেন, বিমানবন্দরের সীমানার বাইরেও বন্যপ্রাণীজনিত ঝুঁকি রয়েছে। এসব ঝুঁকি মোকাবিলায় বিমানবন্দর কর্তৃপক্ষ, স্থানীয় সরকার প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট অন্যান্য পক্ষের মধ্যে সমন্বয় জরুরি।
এর আগে একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের পরিচালিত গবেষণায় ঢাকায় ১১৫ থেকে ১২০ প্রজাতির পাখির সন্ধান পাওয়া যায়। এর মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ও এর আশপাশে ছিল ৬৬ থেকে ৬৭ প্রজাতির পাখি।
বিমানবন্দরের ১০ কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে ১২৯টি স্থানে পরিচালিত ওই গবেষণায় ৩ হাজার ৮৮৬টি হোটেল ও রেস্তোরাঁ, ৭৫৩টি তাজা শাকসবজি ও কৃষিপণ্যের বাজার, ৬৬৩টি কসাইখানা এবং ১ হাজার ৩৩৫টি বর্জ্য ফেলার কেন্দ্রের সন্ধান পাওয়া যায়।
গবেষণার এসব তথ্য উড়োজাহাজ চলাচলের এলাকার আশপাশে পাখির উপস্থিতি কমাতে সমন্বিত পরিবেশ ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা তুলে ধরেছে।
পাখির আঘাত ও বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনায় সম্প্রতি একটি জাতীয় কমিটি গঠন করা হয়েছে। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রাশিদুজ্জামান মিল্লাতের নেতৃত্বে এ কমিটি কাজ করবে।
নূর-ই-আলম জানান, আগামী নভেম্বর ২০২৬-এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
বিমানবন্দরগুলোতে বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনা উন্নত করা, বিভিন্ন সংস্থার মধ্যে সমন্বয় বাড়ানো এবং কার্যকর প্রতিরোধমূলক ব্যবস্থা বাস্তবায়নে এ কমিটি প্রয়োজনীয় দিকনির্দেশনা দেবে বলে আশা করা হচ্ছে।
দেশব্যাপী সরঞ্জাম সংগ্রহ, জনবল নিয়োগ ও বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনার জন্য মোট ব্যয় এখনো নির্ধারণ করা হয়নি। তবে প্রয়োজনীয় প্রশাসনিক ও পরিচালনাগত প্রস্তুতি শুরু করেছে বেবিচক।
বেবিচক-এর সর্বশেষ বিমানবন্দরভিত্তিক পরিসংখ্যান অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত দেশের বিমানবন্দরগুলোতে উড়োজাহাজের সঙ্গে পাখির সংঘর্ষের ২১২টি ঘটনা ঘটেছে। ২০২৫ সালের পুরো বছরে এ ধরনের ঘটনা ঘটেছিল ২৩৯টি।
চলতি বছরের প্রথম ১০ মাসে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পাখির আঘাতের ঘটনা ঘটেছে ১৬৮টি। ২০২৫ সালের পুরো বছরে এ সংখ্যা ছিল ১৫৭টি। চট্টগ্রাম বিমানবন্দরে চলতি বছর ১২টি ঘটনা ঘটেছে। গত বছর এ সংখ্যা ছিল ৪০টি। সিলেটে চলতি বছর আটটি এবং গত বছর ১৩টি ঘটনা ঘটে।
কক্সবাজারে চলতি বছর একটি ঘটনা ঘটেছে। গত বছর ঘটেছিল দুটি। রাজশাহীতে উভয় সময়েই ১০টি করে ঘটনা ঘটেছে। সৈয়দপুরে চলতি বছর ১৩টি ঘটনা ঘটেছে, যা ২০২৫ সালে ছিল ১৭টি। যশোর ও বরিশাল বিমানবন্দরে উভয় সময়েই পাখির আঘাতের কোনো ঘটনা ঘটেনি।
উড়োজাহাজের ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হওয়া, ফ্লাইটের সময়সূচি ব্যাহত হওয়া এবং কখনো কখনো জরুরি অবতরণের মতো পরিস্থিতি তৈরি করতে পারে পাখির সঙ্গে সংঘর্ষ। তাই বিমান চলাচলের নিরাপত্তায় বন্যপ্রাণীজনিত ঝুঁকি ব্যবস্থাপনাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয়।
সামনে শীত মৌসুম। এ সময় পাখির চলাচল বেড়ে যাওয়ার আশঙ্কা থাকায় ঝুঁকি কমাতে প্রতিরোধমূলক ব্যবস্থাকে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বলিউড অভিনেতা পরেশ রাওয়াল চার দশকের অভিনয়জীবনে ২৫০টিরও বেশি সিনেমায় কাজ করেছেন। তবে তিনি নিজের অভিনীত সব সিনেমা নিয়ে সন্তুষ্ট নন। তার মতে, এর মধ্যে মাত্র ১১টি সিনেমা ভালো হয়েছে। সম্প্রতি একটি অনুষ্ঠানে নিজের ক্যারিয়ারের সেরা কাজগুলো নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ তথ্য জানান।
সম্প্রতি জাগরণ ফিল্ম ফেস্টিভ্যালে পরেশ উপস্থিত ছিলেন তার অভিনীত সিনেমা ‘পাস্ট টেন্স’-এর প্রদর্শনীতে। সেখানে তার সঙ্গে ছিলেন ছেলে আদিত্য রাওয়াল, অনন্ত মহাদেবন, তন্নিষ্ঠা চ্যাটার্জি ও শরিব হাশমি। প্রদর্শনী শেষে দর্শকদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে নিজের দীর্ঘ অভিনয়জীবনের নানা অভিজ্ঞতা তুলে ধরেন তিনি।
২৫০টির বেশি সিনেমায় অভিনয় করার পর কখনো সেগুলোর হিসাব রেখেছেন কি না, এমন প্রশ্নের জবাবে পরেশ বলেন, ‘না। ভালো সিনেমাগুলোর সংখ্যা আমার জানা আছে।’ তিনি জানান, নিজের অভিনীত সিনেমার মধ্যে মাত্র ১১টিকে ভালো মনে করেন। এ সময় আদিত্য জানান, তারা দুজন মিলে সিনেমাগুলোর হিসাব করেছেন।
নিজের পছন্দের সিনেমার কথা বলতে গিয়ে ১৯৯৩ সালের ‘সর্দার’-এর কথা উল্লেখ করেন পরেশ। ছবিটিতে সর্দার বল্লভভাই প্যাটেলের চরিত্রে অভিনয় করেছিলেন তিনি। এ চরিত্রের জন্য অনেক পরিশ্রম করেছিলেন বলেও জানান অভিনেতা। ছবিটি তার হৃদয়ের খুব কাছের বলেও উল্লেখ করেন।
এ ছাড়া ‘তামান্না’ (১৯৯৭), ‘ওয়ে লাকি! লাকি ওয়ে’ (২০০৮), ‘মুম্বাই মেরি জান’ (২০০৮), ‘দ্য স্টোরিটেলার’ (২০২৫), ‘হেরা ফেরি’ (২০০০) ও ‘ডাকাত’ (১৯৮৭) সিনেমার কথা বলেন তিনি। তবে ১১টি সিনেমার পুরো তালিকা অনুষ্ঠানে তুলে ধরেননি পরেশ।
খলনায়ক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা নিয়েও কথা বলেন তিনি। নিজের পছন্দের খলনায়ক চরিত্র হিসেবে বেছে নেন ‘ডাকাত’ সিনেমার চরিত্রটিকে। তার মতে, খলনায়ককে এমনভাবে উপস্থাপন করা উচিত, যেন তাকে বাস্তব জীবনের পরিচিত কোনো মানুষ মনে হয়। কৃত্রিম সাজসজ্জা দিয়ে খলনায়ক তৈরি করার প্রবণতা তার পছন্দ নয়।
অনুষ্ঠানের একপর্যায়ে দর্শকেরা ‘হেরা ফেরি’ সিনেমার জনপ্রিয় চরিত্র বাবুরাও গণপতরাও আপ্তের একটি সংলাপ শোনানোর অনুরোধ করেন। মজার ছলে পরেশ বলেন, ‘না, না। এর জন্য টিকিট কাটতে হবে।’
এদিকে ‘হেরা ফেরি ৩’ থেকে পরেশের সরে দাঁড়ানো নিয়েও আলোচনা চলছে। তার সিদ্ধান্তের পর ছবিটির প্রযোজক ও অভিনেতা অক্ষয় কুমার ক্ষতিপূরণ চেয়ে আইনি নোটিশ পাঠিয়েছিলেন বলে জানা যায়। পরে পরেশ জানান, অক্ষয়ের সঙ্গে ব্যক্তিগত কোনো বিরোধ নয়, বরং চুক্তিসংক্রান্ত বিষয়েই তার সিদ্ধান্তের কারণ। ২০২৬ সালের জুলাইয়ে আইনি নোটিশকে ‘আবেগের প্রতিক্রিয়া’ বলেও উল্লেখ করেন তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত সাড়ে ৮টায় মহানগরীর বোয়ালিয়া মডেল থানাধীন এস আর পার্সেল সার্ভিসেস লিমিটেড এলাকায় অভিযান পরিচালনা করে ২৮কেজি গাঁজা সহ প্রিভেল ইসলামকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
গ্রেফতার প্রিভেল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার রসুনচক গ্রামের মোঃ নাজমুল হকের ছেলে।
শুক্রবার সকালে এসআরবি-৫, রাজশাহী সদর দপ্তর থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
এসআরবি জানায়, গ্রেফতার মাদক কারবারির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
শুক্রবার সকালে তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে পুলিশ।#
তালাশ বিডি/মিডিয়া লিঃ