মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০৫:৪০ পি.এম
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মন্তব্য করেছেন, রাজশাহী শহরের কেন্দ্রে অবস্থিত রামেক ছিল স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় একটি নিরাপদ ‘ক্যান্টনমেন্ট’। তিনি এই কথা বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায়, যা অনুষ্ঠিত হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) অডিটোরিয়ামে, জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে।
আশির দশকে এরশাদ বিরোধী আন্দোলনের স্মৃতিচারণ করতে গিয়ে রিজভী জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্বৈরাচারবিরোধী আন্দোলনের সময় তিনি গুরুতরভাবে গুলিবিদ্ধ হন। একই ঘটনায় তাঁর রাজনৈতিক সতীর্থ জাসদ নেতা সাজান সিরাজ ঘটনাস্থলেই প্রাণ হারান। গুলিবিদ্ধ অবস্থায় রুহুল কবির রিজভীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
তিনি উল্লেখ করেন, রাজশাহী মেডিকেল কলেজের তৎকালীন জ্যেষ্ঠ চিকিৎসক ও শিক্ষকদের নিবেদিত প্রচেষ্টার কারণে তিনি নতুন জীবন ফিরে পান। বিশেষ করে তিনি তৎকালীন প্রখ্যাত চিকিৎসক ডা. কায়সার রহমান চৌধুরী, ডা. গোলাম মাওলা চৌধুরী এবং ডা. সানার সাহেবের প্রতি গভীর শ্রদ্ধা জানান। তাছাড়া, তৎকালীন ইন্টার্ন চিকিৎসক লিটন ভাই, সাজ্জাদ ভাই ও সাহাব ভাইয়ের মতো চিকিৎসকদের সেবা ও সাহচর্য তাঁকে সুস্থ করে তোলে। চিকিৎসা প্রদানকারী শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি জানান, আজও তিনি সুযোগ পেলে তাঁদের পা ধরে সালাম করেন।
রিজভী আরও বলেন, রাজশাহী মেডিকেল কলেজ কেবল চিকিৎসার কেন্দ্র ছিল না, বরং এটি ছিল তৎকালীন রাজশাহী অঞ্চলের রাজনৈতিক আন্দোলনের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্রস্থল। শহরের কেন্দ্রে অবস্থিত হওয়ার কারণে আন্দোলনের সময় রাজনৈতিক নেতাকর্মীরা এই হাসপাতাল ও কলেজ প্রাঙ্গণকে নিরাপদ আশ্রয় বা ‘ক্যান্টনমেন্ট’ হিসেবে ব্যবহার করতেন।
আহত হওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের দুই নম্বর ওয়ার্ডে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার কথা স্মরণ করে তিনি জানান, নানা শারীরিক জটিলতার কারণে পরবর্তীতে তাঁকে বারবার এই হাসপাতালে রোগী হিসেবে আসতে হয়েছে। আবার ছাত্রনেতা হিসেবে আন্দোলন-সংগ্রামের সাংগঠনিক দায়িত্ব পালনের জন্য এই ক্যাম্পাসই ছিল তাঁর মূল ভিত্তি।
তিনি জাতীয়তাবাদী ছাত্রদলের প্রাথমিক দিনগুলোর ত্যাগ ও শহীদদের অবদান স্মরণ করে বলেন, কৃষি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযোদ্ধা খালিদ ভাই ছাত্রদলের প্রথম শহীদ ছিলেন। রাজশাহী মেডিকেল কলেজ থেকেই উঠে এসেছিলেন ডা. বাইরুল হাসান পিকু (পিংকু), যিনি ১৯৮০ সালে শহীদ হন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের দ্বিতীয় শহীদের মর্যাদা লাভ করেন। তাঁদের এই আত্মত্যাগ বহুদলীয় গণতন্ত্র রক্ষার আন্দোলনে ছাত্রদলকে সুদৃঢ় ভিত্তি প্রদান করেছিল বলে তিনি ব্যক্ত করেন।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, রাজশাহী মেডিকেল কলেজ শাখার সভাপতি আমরি মীমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি তৌহিদুর রহমান আউয়াল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন-অর-রশীদ, রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক ও রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদক মোঃ মাহফুজুর রহমান রিটন এবং রাজশাহী জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির উপদেষ্টা পরিষদের সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মোঃ এরশাদ আলী (ঈশা)।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক মোঃ রিপন আলীর সঞ্চালনায় সভায় চিকিৎসক নেতৃবৃন্দের মধ্যে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ড্যাবের উপদেষ্টা ও রাজশাহী জেলা ড্যাবের সভাপতি ডা. ওয়াসিম হোসেন, রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ড্যাবের সহ-সভাপতি ডা. মোফাখখারুল ইসলাম এবং রাজশাহী মেডিকেল কলেজ শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও রাজশাহী জেলা ড্যাবের সাধারণ সম্পাদক ডা. মনোয়ার তারিক সাবু।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশের অভ্যন্তরে অস্ত্রসহ প্রবেশের অভিযোগে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের গোয়াইনঘাট সীমান্ত দিয়ে।
মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার বিছনাকান্দি সীমান্তের শূন্যরেখা অতিক্রম করে বাংলাদেশের প্রায় ২০০ গজ ভেতরে প্রবেশ করার পর তাকে আটক করা হয়। আটকের পর ওই বিএসএফ সদস্যকে বিছনাকান্দি বিওপিতে নিয়ে যাওয়া হয়েছে।
৪৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বিছনাকান্দি সীমান্তে বাংলাদেশে প্রবেশের পর অস্ত্রসহ ওই বিএসএফ সদস্যকে আটক করা হয়। বর্তমানে তাকে বিছনাকান্দি বিওপিতে রাখা হয়েছে।
লেফটেন্যান্ট কর্নেল নুর উদ্দিন আহমেদ আরও উল্লেখ করেন, এ ঘটনায় দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পতাকা বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকের মাধ্যমে আটক বিএসএফ সদস্যের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কাতার চলমান সংঘাত নিরসনে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে মধ্যস্থতার প্রচেষ্টা অব্যাহত রেখেছে। এর অংশ হিসেবে দোহা আজ ইরানি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে।
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরার প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বৈঠকে চলমান প্রস্তাবগুলো নিয়ে মতবিনিময় এবং দুই পক্ষের অবস্থানের মধ্যে দূরত্ব কমানোর বিষয়টি আলোচনায় আসবে।
কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাজেদ আল-আনসারি এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, "মধ্যস্থতার প্রচেষ্টা এবং বর্তমান প্রস্তাবগুলো নিয়ে মতবিনিময়ের অংশ হিসেবে আজ ইরানি পক্ষের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হবে।"
বৈঠকের মূল লক্ষ্য হচ্ছে যুক্তরাষ্ট্র ও ইরানের অবস্থানের মধ্যে ব্যবধান কমিয়ে আনা। একই সঙ্গে আল-আনসারি দুই দেশকে উত্তেজনা বৃদ্ধি এড়িয়ে চলার জন্য আহ্বান জানিয়েছেন।
তিনি বলেন, "যুক্তরাষ্ট্র ও ইরান—উভয় পক্ষেরই যেকোনো ধরনের উত্তেজনা বৃদ্ধি থেকে বিরত থাকা উচিত।" কাতার সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বলেও তিনি উল্লেখ করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর ২০২৬ : হাতের হাড় ভেঙে যাওয়ার কারণে ভারতের বিপক্ষে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজ থেকে বাদ পড়েছেন নিউজিল্যান্ডের অলরাউন্ডার ও সীমিত ওভারের অধিনায়ক মিচেল স্যান্টনার।
রোববার ভারতের বিরুদ্ধে পঞ্চম ওয়ানডেতে ব্যাটিং করার সময় তিনি আঘাত পান। স্ক্যান পরীক্ষায় তার ডান হাতের হাড়ে চিড় ধরা পড়েছে।
নিউজিল্যান্ড-ভারতের দুই ম্যাচের টেস্ট সিরিজটি বৃহস্পতিবার ওয়েলিংটনে শুরু হবে। সিরিজটি ২৭ নভেম্বর ক্রাইস্টচার্চে শেষ হবে।
এ কারণে অস্ট্রেলিয়ার বিপক্ষে পরবর্তী চার ম্যাচের টেস্ট সিরিজেও স্যান্টনারের অংশগ্রহণ অনিশ্চিত হয়ে পড়েছে।
ভারত সিরিজ শেষ হওয়ার আট দিন পর, আগামী ৯ ডিসেম্বর পার্থে শুরু হবে ওই সিরিজ।
নিউজিল্যান্ড ক্রিকেট এক বিবৃতিতে জানায়, ‘স্ক্যান পরীক্ষায় স্যান্টনারের ডান হাতের হাড় ভেঙে যাওয়ার বিষয়টি নিশ্চিত হয়েছে।’
বিবৃতিতে আরও বলা হয়, ‘কবে নাগাদ তিনি আবার খেলায় ফিরতে পারবেন, তা নিয়ে দ্রুতই জানা যাবে। অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে তার অংশগ্রহণের বিষয়ে যথাসময়ে হালনাগাদ তথ্য জানানো হবে।’
স্যান্টনারের পরিবর্তে নিউজিল্যান্ডের ১৪ সদস্যের টেস্ট দলে স্থান পেয়েছেন স্পিন বোলিং অলরাউন্ডার ডিন ফক্সক্রফট। মে মাসে আয়ারল্যান্ডের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়েছিল।
নিউজিল্যান্ডের পেসার-সহায়ক উইকেটে সাধারণত স্পিনাররা খুব বেশি ভূমিকা রাখতে পারেন না। তাই অধিনায়ক টম ল্যাথাম চার পেসারের আক্রমণকে সহায়তা করার জন্য খন্ডকালীন স্পিনার গ্লেন ফিলিপস ও রাচিন রবীন্দ্রর ওপর নির্ভর করতে পারেন।
২০২৪ সালে ভারতের মাটিতে ঐতিহাসিক ৩-০ ব্যবধানে টেস্ট সিরিজ জয়ের পর, এই প্রথম লাল বলের ক্রিকেটে মুখোমুখি হচ্ছে দুই দল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কিশোরগঞ্জ-৩ আসনের বিএনপির সংসদ সদস্য ও সাবেক শিক্ষামন্ত্রী মুহাম্মদ ওসমান ফারুক শারীরিক অসুস্থতার কারণে পদত্যাগ করেছেন। তার পদত্যাগের ফলে আসনটি শূন্য ঘোষণা করেছেন জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
মঙ্গলবার (১৭ নভেম্বর) বিকালে জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের বৈঠক শুরু হওয়ার পরপরই স্পিকার এ ঘোষণা দেন।
এ সময় স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদের নির্বাচনী এলাকা ১৬৪, কিশোরগঞ্জ-৩ আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য ড. র. মোহাম্মদ ওসমান ফারুক গত ১৪ নভেম্বর থেকে কার্যকর হওয়ার তারিখ নির্ধারণ করে পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তিনি এ বিষয়ে স্পিকার বরাবর স্বাক্ষরযুক্ত পদত্যাগপত্র পাঠিয়েছেন।
স্পিকার হাফিজ বলেন, আমি ১৫ই নভেম্বর ২০২৬ তারিখে পদত্যাগপত্রটি পেয়েছি। পদত্যাগপত্রটি বিধিসম্মত হওয়ায় আমি তা গ্রহণ করেছি।
সংবিধানের বিধান তুলে ধরে তিনি বলেন, এমতাবস্থায়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সংবিধানের ৬৭ (২) অনুচ্ছেদ অনুযায়ী ১৫ই নভেম্বর ২০২৬ তারিখ পূর্বাহ্ণ থেকে ১৬৪ কিশোরগঞ্জ-৩ আসনটি শূন্য হয়েছে।
জাতীয় সংসদের কার্যপ্রণালী বিধির ১৭৮ বিধির (৩) উপবিধি অনুযায়ী আসনটি শূন্য হওয়ার বিষয়টি সংসদকে জানানো হয়েছে বলেও ঘোষণা দেন স্পিকার।
সংবিধানের ৬৭ অনুচ্ছেদের ২ দফা অনুযায়ী, কোনো সংসদ সদস্য স্পিকারের কাছে স্বাক্ষরযুক্ত পত্র দিয়ে পদত্যাগ করতে পারেন। স্পিকার ওই পত্র পাওয়ার সময় থেকেই সংশ্লিষ্ট সংসদ সদস্যের আসন শূন্য হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ