ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির বিস্ফোরক প্রচারণা সামনে এল


টিকটকে ভিডিওর আড়ালে পর্নোগ্রাফির বিস্ফোরক প্রচারণা সামনে এল

টিকটকের সাধারণ লাইফস্টাইল ভিডিওর আড়ালে পর্নোগ্রাফি এবং ‘অনলিফ্যানস’-এর প্রচারণার অভিযোগ উঠেছে। কেনাকাটা, রান্নাবান্না, রূপচর্চা অথবা পোষা প্রাণীর যত্নের ভিডিওর মাধ্যমে তরুণী ও কিশোরীদের প্রাপ্তবয়স্কদের কনটেন্ট তৈরিতে আকৃষ্ট করার দাবি করেছেন গবেষকেরা।

যুক্তরাজ্যভিত্তিক ‘কেয়ার টু এন্ড অল সেক্সুয়াল এক্সপ্লয়টেশন’ (সিজ) এবং অস্ট্রেলিয়াভিত্তিক ‘কালেকটিভ শাউট’-এর গবেষণা প্রতিবেদনে এসব তথ্য প্রকাশিত হয়েছে। খবর দ্য গার্ডিয়ানের .

গবেষকেরা এক বছরেরও বেশি সময় ধরে টিকটকে জনপ্রিয় কিছু তরুণী ‘অনলিফ্যানস’ কনটেন্ট নির্মাতার অ-স্পষ্ট যৌন কনটেন্ট বিশ্লেষণ করেছেন। পাশাপাশি, প্ল্যাটফর্মটির অ্যালগরিদমের মাধ্যমে ব্যবহারকারীদের সামনে আসা ভিডিওগুলোও তারা পর্যবেক্ষণ করেছেন।

আরও পড়ুন: ঋতু পরিবর্তনে সর্দি-কাশির সমস্যা বাড়ে, নিয়ন্ত্রণে যা করবেন

গবেষণায় দেখা গেছে, সরাসরি ‘অনলিফ্যানস’-এর নাম বা লিংক উল্লেখ না করেও বিভিন্ন ইঙ্গিত, ইমোজি, সাংকেতিক শব্দ ও অঙ্গভঙ্গির মাধ্যমে অন্য প্ল্যাটফর্মে প্রাপ্তবয়স্কদের কনটেন্ট বিক্রির প্রচারণা চালানো হচ্ছে। টিকটকে সরাসরি এ ধরনের প্রচারণা ও যৌন কনটেন্ট আদান-প্রদানের আমন্ত্রণ নিষিদ্ধ হওয়ায় নির্মাতারা বিকল্প কৌশল ব্যবহার করছেন।

এ ক্ষেত্রে ‘পর্ন’-এর পরিবর্তে ‘কর্ন’ শব্দ ব্যবহার কিংবা ভুট্টা ও তারকা ইমোজির মাধ্যমে পরোক্ষভাবে পর্নোগ্রাফির ইঙ্গিত দেওয়ার কৌশল দেখা গেছে। এমনকি ‘গেট রেডি উইথ মি’ ধরনের সাধারণ ভিডিওতে চুল ও মেকআপ করার রুটিনের পাশাপাশি অন্য প্ল্যাটফর্মের প্রাপ্তবয়স্কদের কনটেন্টের প্রতি দর্শকদের আগ্রহ তৈরির চেষ্টা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, এসব ভিডিওতে ‘অনলিফ্যানস’ থেকে বিপুল অর্থ উপার্জন, স্বাধীনতা, আনন্দ ও বন্ধুত্বের হাতছানিকে বিশেষভাবে তুলে ধরা হয়। নগদ অর্থ, বিলাসবহুল বাড়ি, ব্যক্তিগত বিমান ও দামি গাড়ির ছবি দেখিয়ে তরুণীদের আকৃষ্ট করার চেষ্টা করা হচ্ছে।

একটি ভিডিওর শিরোনামে উল্লেখ করা হয়েছে, ‘২৩ বছর বয়সে আড়াই লাখ পুরুষের কাছ থেকে আয় করে এসব কিছুর মালিক হওয়ার অনুভূতি।’ আবার কিছু ভিডিওতে দারিদ্র্য ও বেকারত্ব থেকে মুক্তির উপায় হিসেবেও প্ল্যাটফর্মটিকে উপস্থাপন করা হয়েছে।

আরও পড়ুন: আজ পালিত হচ্ছে ‘ঝামেলার শেষ নেই’ দিবস

তবে আয়ের বাস্তব চিত্র ভিন্ন। প্রতিবেদনে বলা হয়েছে, ‘অনলিফ্যানস’-এর শীর্ষ পাঁচ হাজার কনটেন্ট নির্মাতার প্রত্যেকের আয় এক মিলিয়ন ডলারের বেশি হলেও, প্ল্যাটফর্মটির প্রায় ৫০ লাখ নিবন্ধিত নির্মাতার গড় বার্ষিক আয় আনুমানিক এক হাজার ডলার।

টিকটকের ভূমিকা নিয়ে কড়া সমালোচনা করেছেন কালেকটিভ শাউটের মেলিন্ডা ট্যাঙ্কার্ড রেইস্ট। তার বক্তব্য, টিকটক ‘শিল্পকারখানার মতো বিশাল পরিসরে মেয়েদের যৌন শিল্পে ঠেলে দেওয়া ডিজিটাল দালাল’। তরুণী ও কিশোরীদের এমন শোষণমূলক শিল্প থেকে সুরক্ষা দেওয়ার প্রয়োজনীয়তার কথাও তিনি তুলে ধরেছেন।

গবেষণায় যুক্তরাষ্ট্রের মিয়ামিতে অবস্থিত ‘বপ হাউস’-এর বিষয়টিও উঠে এসেছে। এটি একটি বিলাসবহুল পর্নোগ্রাফি প্রযোজনা কেন্দ্র, যেখানে পর্যায়ক্রমে বিভিন্ন নারী অবস্থান করেন এবং ‘অনলিফ্যানস’-এর জন্য যৌন কনটেন্ট তৈরি করেন।

গবেষকদের মতে, টিকটকসহ অন্যান্য সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী তৈরি করা ‘অনলিফ্যানস’ নির্মাতাদের ব্যবসার গুরুত্বপূর্ণ অংশ। তাই সরাসরি যৌন কনটেন্ট প্রকাশ না করেও কীভাবে দর্শকদের অন্য প্ল্যাটফর্মে থাকা কনটেন্টের প্রতি আগ্রহী করা যায়, সে কৌশল ব্যবহার করছেন তারা।

আরও পড়ুন: আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার প্রভাব বিশ্লেষণ

তবে অভিযোগ অস্বীকার করে টিকটকের এক মুখপাত্র জানিয়েছেন, প্ল্যাটফর্মটিতে যৌন কনটেন্ট শেয়ার ও প্রদর্শন কঠোরভাবে নিষিদ্ধ। কমিউনিটি গাইডলাইন বাস্তবায়নে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়। পাশাপাশি কিশোর-কিশোরীদের কাছে বয়সের অনুপযোগী কনটেন্ট পৌঁছানো ঠেকাতেও ব্যবস্থা রয়েছে।

অন্যদিকে ‘অনলিফ্যানস’-এর এক মুখপাত্র দাবি করেছেন, প্ল্যাটফর্মটি কেবল ১৮ বছর বা তার বেশি বয়সীদের জন্য। অপ্রাপ্তবয়স্কদের প্রবেশ ঠেকাতে কঠোর নিবন্ধন ও পরিচয় যাচাইপ্রক্রিয়া অনুসরণ করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম, ডাক পেলেন মাহফিজুল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


চার বছর পর টেস্ট দলে ফিরলেন নাঈম, ডাক পেলেন মাহফিজুল

ঢাকা, ৯ নভেম্বর ২০২৬ : ওপেনার মোহাম্মদ নাঈম শেখ চার বছরের বিরতির পর বাংলাদেশ টেস্ট দলে ফিরেছেন। পাশাপাশি, তরুণ ওপেনার মাহফিজুল ইসলাম রবিন প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেয়েছেন। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে অনুষ্ঠিতব্য দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য আজ বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ১৬ সদস্যের দল ঘোষণা করেছে।

জাতীয় ক্রিকেট লিগে (এনসিএল) অসাধারণ ফর্মে থাকা মাহফিজুল এবার জাতীয় দলের তিন ফর্মেটের মধ্যে একটিতে ডাক পেলেন।

অন্যদিকে, ২০২২ সালে নিউজিল্যান্ডের বিপক্ষে একমাত্র টেস্ট খেলার পর আবারও লাল বলের দলে ফিরেছেন নাঈম।

দুর্দান্ত পারফরম্যান্সের কারণে এই দুই ওপেনার এনসিএলে দলে জায়গা পেয়েছেন। মাহফিজুল ১০ ইনিংসে ৭৪.৬৭ গড়ে তিনটি সেঞ্চুরিসহ ৬৭২ রান করে প্রতিযোগিতার সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। নাঈম সাত ইনিংসে তিনটি সেঞ্চুরিসহ ৬১২ রান করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে চলমান দ্বিতীয় টেস্টে ফিল্ডিং করার সময় ওপেনার সাদমান ইসলাম গোড়ালির ইনজুরিতে আক্রান্ত হয়েছেন। তাঁর চোটের কারণে অতিরিক্ত ওপেনিং বিকল্প দলে নেওয়ার প্রয়োজন দেখা দিয়েছে। বাংলাদেশের দলে এই সিরিজের জন্য বিশেষজ্ঞ কোনো বিকল্প ওপেনার ছিল না। দুই টেস্টেই ওপেনিং করেছেন তানজিদ হাসান ও সাদমান।

দ্বিতীয় টেস্টের দলে থাকা অমিত হাসান এবার জায়গা পাননি।

প্রধান নির্বাচক হাবিবুল বাশার জানিয়েছেন, দলে লিটন দাস ও জাকের আলী অনিকের মতো দুই উইকেটকিপার-ব্যাটার থাকায় নতুন করে আরেকজনকে নেওয়ার প্রয়োজন মনে করেননি তাঁরা। বরং টপ অর্ডার শক্তিশালী করার দিকে মনোযোগ দিয়েছেন নির্বাচকেরা।

অমিতের বিষয়ে বাশার মন্তব্য করেছেন, “দলে লিটন দাস ও জাকের আলী অনিকের মতো দুজন উইকেটকিপার-ব্যাটার থাকায় অতিরিক্ত কাউকে নেওয়ার প্রয়োজন নেই। তবে এর অর্থ এই নয় যে অমিতের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে। সে সব সময়ই নির্বাচকদের বিবেচনায় রয়েছে। যখনই তার প্রয়োজন হবে, আমরা তাকে ডাকব। এই মুহূর্তে আমাদের টপ অর্ডার শক্তিশালী করা প্রয়োজন। তাই আমরা সেটিই করেছি।”

দক্ষিণ আফ্রিকা সফরের জন্য বাংলাদেশ পাঁচ পেসারকে দলে রেখেছে। তাঁরা হলেন তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন ও খালেদ আহমেদ।

দলে বিশেষজ্ঞ স্পিনার হিসেবে রয়েছেন কেবল মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দুই টেস্টে খেলা অফ স্পিনার নাঈম হাসান এবার বাদ পড়েছেন।

সিরিজের প্রথম টেস্ট ১৫ নভেম্বর জোহানেসবার্গে শুরু হবে। দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ নভেম্বর সেঞ্চুরিয়ানে।

বাংলাদেশ দল : নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, নাঈম শেখ, মুমিনুল হক, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, সৈয়দ খালেদ আহমেদ ও মাহফিজুল ইসলাম রবিন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চীনের তাইউয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


চীনের তাইউয়ানে বহুতল ভবনে আগুন, নিহত ১৪

চীনের উত্তরাঞ্চলীয় শানসি প্রদেশের তাইউয়ান শহরে একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডের ফলে অন্তত ১৪ জন প্রাণ হারিয়েছে। এ ঘটনায় ২৫ জন আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাদের মধ্যে ৯ জনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সিনহুয়ার রিপোর্ট অনুযায়ী, রবিবার স্থানীয় সময় বিকেল ৪টা ৫৯ মিনিটে শহরের কেন্দ্রস্থলে অবস্থিত ওই ভবনে আগুন লাগে। প্রায় দুই ঘণ্টার প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

রাত ৮টা ৩০ মিনিটের দিকে উদ্ধার অভিযান শেষ হয়। এ সময় মোট ৩৮ জনকে হাসপাতালে পাঠানো হয়। ঘটনার দিন পাঁচজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছিল, কিন্তু সোমবার নিহতের সংখ্যা বেড়ে ১৪ জনে পৌঁছায়। এদিকে, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধানে তদন্ত শুরু করেছে কর্তৃপক্ষ।

হংকংয়ে কয়েকটি বহুতল ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ১৬৮ জন নিহত হওয়ার পর, গত বছরের নভেম্বরে চীনে উঁচু ভবনগুলোতে অগ্নিঝুঁকি কমাতে বিশেষ অভিযান শুরু করে কর্তৃপক্ষ। এর এক মাস পর দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের একটি আবাসিক ভবনে আগুন লেগে ১২ জনের মৃত্যু ঘটে। গত জুলাইয়ে পূর্ব চীনের একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডে অন্তত ২৮ জন প্রাণ হারায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

লাকি আলী আবারও বাংলাদেশে, ঢাকায় ও চট্টগ্রামে কনসার্ট

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০০ পি.এম


লাকি আলী আবারও বাংলাদেশে, ঢাকায় ও চট্টগ্রামে কনসার্ট

তিন বছর পর বাংলাদেশে আবারও আসছেন বলিউড ও ইন্ডি-পপ সংগীতের জনপ্রিয় শিল্পী লাকি আলী। ২০২৩ সালে ঢাকায় সংগীত পরিবেশন করে শ্রোতাদের মুগ্ধ করেছিলেন তিনি। এবার তিনি শুধু ঢাকা নয়, চট্টগ্রামেও মঞ্চ মাতাবেন নব্বইয়ের দশকের এই জনপ্রিয় গায়ক।

‘লাকি আলী বাংলাদেশ ট্যুর’ শীর্ষক এই আয়োজনটি করছে ইকিউব এন্টারটেইনমেন্ট। লজিস্টিক পার্টনার হিসেবে রয়েছে ঢাকা ব্রডকাস্ট। আয়োজকদের ঘোষণার ভিত্তিতে, আগামী ১২ নভেম্বর চট্টগ্রামের র‍্যাডিসন ব্লুতে এবং ১৩ নভেম্বর ঢাকার মাদানি এভিনিউয়ের শেফস টেবিল কোর্টসাইডে সংগীত পরিবেশন করবেন লাকি আলী।

ঢাকার কনসার্টের টিকিট বিক্রি ইতিমধ্যে শুরু হয়ে গেছে। সোমবার (৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে চট্টগ্রামের আয়োজনের বিস্তারিত। দুই শহরেই লাকি আলীর সঙ্গে মঞ্চে থাকবে বাংলাদেশের একাধিক ব্যান্ড। আয়োজকরা আজই ব্যান্ডগুলোর নাম প্রকাশ করার কথা জানিয়েছেন।

ইকিউবের ওয়েবসাইটে ঢাকার কনসার্টের টিকিট পাওয়া যাচ্ছে। তিন শ্রেণিতে নির্ধারণ করা হয়েছে টিকিটের মূল্য। জেনারেল শ্রেণির টিকিটের দাম ৪ হাজার, প্রিমিয়াম ৭ হাজার এবং ভিআইপি শ্রেণির টিকিটের মূল্য ১২ হাজার টাকা।

তবে সাম্প্রতিক সময়ে বিদেশি শিল্পীদের একাধিক কনসার্ট স্থগিত হওয়ায় লাকি আলীর এই সফর নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে কিছু সংশয় প্রকাশ করেছেন কেউ কেউ। বিষয়টি নিয়ে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, অনুমতির বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা হয়েছে। প্রয়োজনীয় সবুজসংকেত পাওয়ার পরই টিকিট বিক্রি শুরু করা হয়েছে। তাঁরা আশাবাদী যে প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা পাওয়া যাবে। দর্শকদের জন্য স্মরণীয় একটি সংগীতসন্ধ্যা উপহার দিতে সর্বোচ্চ প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন আয়োজকেরা।

নব্বইয়ের দশকে ইন্ডি-পপ ও বলিউডের মেলোডিনির্ভর গানে নিজস্ব পরিচিতি গড়ে তোলেন লাকি আলী। ১৯৯৬ সালে প্রকাশিত তার প্রথম একক অ্যালবাম 'সুনো'র 'ও সানাম' গানটি তাঁকে এনে দেয় ব্যাপক জনপ্রিয়তা।

প্লেব্যাক সংগীতেও রয়েছে তার অসংখ্য জনপ্রিয় গান। 'এক পাল কা জিনা', 'না তুম জানো না হাম', 'আ ভি জা', 'জানে ক্যায়া ঢুন্ডতা হ্যায়', 'আহিস্তা' ও 'সফরনামা'র মতো গান দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছেন তিনি। ২০১৫ সালের পর ধীরে ধীরে বলিউডের প্লেব্যাক থেকে সরে এসে স্বাধীন সংগীতচর্চায় মনোযোগ দেন এই শিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আশুলিয়ায় পারিবারিক বিরোধে স্বামীকে হত্যা, স্ত্রীর আদালতে স্বীকারোক্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:০১ পি.এম


আশুলিয়ায় পারিবারিক বিরোধে স্বামীকে হত্যা, স্ত্রীর আদালতে স্বীকারোক্তি

পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন-পিবিআই জানায়, প্রথম স্ত্রীকে অবহিত না করে দ্বিতীয় বিয়ে এবং সন্তানের ভরণপোষণের বিষয়টি নিয়ে বিরোধের ফলস্বরূপ আশুলিয়ায় স্বামীকে নৃশংসভাবে হত্যার ঘটনা ঘটেছে।

পিবিআই আরও জানায়, আশুলিয়ার একটি তালাবদ্ধ কক্ষ থেকে মো. হারুন নামের ৩৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় তার স্ত্রী রুনা আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।

৩ নভেম্বর, আশুলিয়ার একটি বাসার দ্বিতীয় তলার তালাবদ্ধ কক্ষ থেকে হারুনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতের বড় বোনের দায়ের করা হত্যা মামলার তদন্তের দায়িত্ব পিবিআই ঢাকা জেলা গ্রহণ করে।

তদন্তে জানা যায়, পারিবারিক বিরোধের কারণে ঘুমন্ত অবস্থায় হারুনের মাথা, মুখমণ্ডল ও শরীরের বিভিন্ন স্থানে শিল দিয়ে আঘাত করে স্ত্রী রুনা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু ঘটে। পরে মরদেহ ঘরে রেখেই তিনি বাইরে থেকে দরজা তালাবদ্ধ করে পালিয়ে যান।

গোয়েন্দা তথ্য ও প্রযুক্তির সাহায্যে অভিযুক্ত স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। আজ উত্তরা ১২ নং সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে পিবিআই আরও জানায়, এই হত্যাকাণ্ডে অন্য কেউ জড়িত ছিল কি না, সেটিও খতিয়ে দেখা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%