১০:৩৭ এম
আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার ঐতিহাসিক অভিজ্ঞতা ও নীতিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো সামাজিক সাম্য, ন্যায়বিচার, ধর্মীয় সহাবস্থান, নাগরিকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মতো বিষয়গুলো, যা প্রাচীন ইসলামি নগরব্যবস্থায় বিশেষ গুরুত্ব পেয়েছিল। এসব নীতির সঠিক প্রয়োগ আধুনিক শহরগুলোকে আরো বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে তুলতে সক্ষম হতে পারে।
‘ইসলামিক সিভিলাইজেশনস ইনফ্লুয়েন্স অন মডার্ন সিটি প্ল্যানিং’ শীর্ষক একটি গবেষণায় এসব বিষয় তুলে ধরা হয়েছে। গবেষণাটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএইচআইবিএস ইন্টারন্যাশনাল অ্যাকশন কনফারেন্সের কার্যবিবরণীতে প্রকাশিত হয়েছে। গবেষক কাসিম হামাখুরশিদ হামামুরাদ ও নরমাল মাত জুসোহ ইসলামি সভ্যতার নগর পরিকল্পনা ও প্রশাসনিক কাঠামোর ঐতিহাসিক বিকাশ এবং আধুনিক শহর ব্যবস্থাপনায় এর প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেছেন।
গবেষণায় স্পেনের কর্ডোবা, ইরাকের বাগদাদ, তুরস্কের ইস্তাম্বুল, ইরানের ইসফাহান, ইরাকের এরবিল এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদাহরণ তুলে ধরা হয়েছে। এসব শহরের স্থাপত্য, অবকাঠামো, পানি ব্যবস্থাপনা, সামাজিক বিন্যাস ও প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ করে গবেষকেরা দেখিয়েছেন, ইসলামী সভ্যতার নগর পরিকল্পনায় সৌন্দর্য, কার্যকারিতা ও সামাজিক অন্তর্ভুক্তির সমন্বয় ঘটেছিল।
আরও পড়ুন: সৌদির সঙ্গে বাংলাদেশের চূড়ান্ত হজ চুক্তি আজ স্বাক্ষরিত হবে
ইসলামি নগরের মৌলিক কাঠামো হিসেবে প্রশাসন, মসজিদ ও বাজারের পারস্পরিক সম্পর্ক গুরুত্ব পেয়েছে। ইসলামি চিন্তাবিদ ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের নগর ধারণার আলোচনায় কাজি বা বিচারিক-প্রশাসনিক ব্যবস্থা, মসজিদ এবং বাজারকে শহরের কেন্দ্রীয় তিনটি উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।
মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মদিনা নগর গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের সমন্বিত কাঠামোর দৃষ্টান্ত দেখা যায়। মসজিদে নববী ছিল শিক্ষা, সামাজিক যোগাযোগ, ধর্মীয় কর্মকাণ্ড ও জনকল্যাণের কেন্দ্র। এর কাছাকাছি ছিল মহানবী (সা.)-এর বাসস্থান, বাজার ও আবাসিক এলাকা। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় বিষয়ে নেতৃত্বের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারত।
এ ছাড়া তৎকালীন নগর বিন্যাসে আলো-বাতাস চলাচল, ছায়া এবং খোলা জায়গার বিষয়টিও বিবেচনায় রাখা হতো বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। ঘরবাড়ি ও স্থাপনাগুলোর বিন্যাসে স্থানীয় আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্ব পেত।
প্রাথমিক ইসলামী খেলাফতগুলোর নগর উন্নয়নে আব্বাসীয়, উমাইয়া ও উসমানীয় শাসনামলের অবদান রয়েছে। আব্বাসীয় খলিফা আল-মনসুর ৭৬২ খ্রিষ্টাব্দে বাগদাদ প্রতিষ্ঠা করেন। শহরটির পরিকল্পনায় বৃত্তাকার বিন্যাস, কেন্দ্রীয় প্রাসাদ ও প্রশাসনিক স্থাপনা এবং সড়কব্যবস্থার সমন্বয় ছিল। শহরের কেন্দ্র থেকে বিভিন্ন দিকে সড়ক বিস্তৃত হয়েছিল। পানি সরবরাহের জন্য খাল ও উন্নত অবকাঠামোও গড়ে তোলা হয়। গবেষকদের মতে, বাগদাদের এসব পরিকল্পনা আধুনিক নগর অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও শিক্ষণীয়।
আরও পড়ুন: অর্জিত জ্ঞান যেন অহংকার না হয়ে বিনয় ও দায়িত্ববোধের মাধ্যম হয়: আল্লামা ইমাদ উদ্দীন চৌধুরী ফুলতলী
অন্যদিকে, স্পেনের কর্ডোবা উমাইয়া শাসনামলে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল। শহরটির উন্নত সড়ক, বাজার ও পানি সরবরাহব্যবস্থার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক সহাবস্থানের বিষয়টি গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে। সেখানে মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিরা পাশাপাশি বসবাস করত। কর্ডোবার বিখ্যাত গ্রেট মসজিদ বা লা মেসকিতা ছিল ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেরও কেন্দ্র।
ইস্তাম্বুলের ক্ষেত্রে উসমানীয় শাসকদের নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনার দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে। ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর শহরটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, গোসলখানা ও অন্যান্য জনসেবামূলক স্থাপনা গড়ে তোলা হয়। মসজিদকে কেন্দ্র করে আবাসিক এলাকাও বিকশিত হয়। শহরে পানির সরবরাহ নিশ্চিত করতে জলাধার, জলসেতু ও বিভিন্ন পানি পরিবহনব্যবস্থা তৈরি করা হয়েছিল।
সবুজ এলাকা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব
ইসলামি নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে সবুজ এলাকা, বাগান ও ফলের বাগান ছিল। তাদের মতে, এসব জায়গা শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি তাপমাত্রা কমানো, বায়ুর মান উন্নত করা এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করে।
আরও পড়ুন: যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম কংগ্রেস সদস্য কিথ মরিস এলিসন কোরআনে শপথ নিয়ে ইতিহাস গড়লেন
পানি ব্যবস্থাপনাও ছিল প্রাচীন ইসলামি নগরগুলোর গুরুত্বপূর্ণ দিক। জলাধার, ভূগর্ভস্থ পানির ট্যাংক, জলসেতু ও সেচব্যবস্থার মাধ্যমে পানির সরবরাহ নিশ্চিত করা হতো। বিশেষ করে শুষ্ক ও পানিসংকটপূর্ণ অঞ্চলের আধুনিক শহরগুলো এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে।
গবেষণায় স্থানীয়ভাবে পাওয়া নির্মাণসামগ্রী ব্যবহার এবং সম্পদের পরিকল্পিত ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্মাণকাজে পরিবেশের ওপর চাপ কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসের সুযোগ তৈরি হতে পারে।
সামাজিক সাম্য ও ধর্মীয় সহাবস্থান
ইসলামি নগর পরিকল্পনায় বিভিন্ন আর্থসামাজিক শ্রেণির মানুষের জন্য আবাসন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। বাজার, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা কাছাকাছি থাকায় নাগরিকদের মধ্যে সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ত।
আরও পড়ুন: মাজারে সিজদা ও শায়িত ব্যক্তির কাছে কিছু চাওয়া যাবে না: ছারছীনার পীর ছাহেব
ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সহনশীলতাও ছিল আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। কর্ডোবা ও ইস্তাম্বুলের উদাহরণ দিয়ে গবেষণায় বলা হয়েছে, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থান শহরকে বহুসাংস্কৃতিক বৈশিষ্ট্য দিয়েছে। আধুনিক নগর প্রশাসনেও ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।
ইরানের ইসফাহানের নগর পরিকল্পনায় নকশে জাহান চত্বরের উদাহরণ তুলে ধরা হয়েছে। বিশাল এই চত্বরের চারপাশে বাজার, প্রাসাদ ও মসজিদ গড়ে উঠেছে। ফলে জায়গাটি শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, বাণিজ্যিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেরও কেন্দ্র হয়ে উঠেছে। একইভাবে শহরটির ঐতিহাসিক সেতুগুলো যাতায়াতের পাশাপাশি মানুষের মিলন ও অবসর কাটানোর জায়গা হিসেবে ব্যবহৃত হতো।
গবেষণায় নগর পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতের ইসলামি নগরগুলোর প্রশাসনিক কাঠামো থেকে শিক্ষা নিয়ে আধুনিক শহরগুলোতে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া, সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের মতামত নেওয়া এবং সরকারি সেবার কার্যকারিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।
মালয়েশিয়ার কুয়ালালামপুরকে আধুনিক নগর ব্যবস্থাপনায় ইসলামি নীতির প্রয়োগের একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। শহরটিতে মসজিদ, মন্দির ও গির্জার পাশাপাশি অবস্থান ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কেএলসিসি পার্ক ও লেক গার্ডেনসের মতো সবুজ এলাকা পরিবেশবান্ধব নগরায়ণে ভূমিকা রাখছে।
আরও পড়ুন: সন্তানকে ভালো করতে চান? চাপ নয়, দরকার সঠিক অভিভাবকত্ব (পর্ব ৩)
মালয়েশিয়ার মসজিদ স্থাপত্যেও উসমানীয়সহ বিভিন্ন ইসলামি সভ্যতার প্রভাব রয়েছে। কুয়ালালামপুরের উইলায়াহ মসজিদে ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মসজিদের স্থাপত্যশৈলীর প্রভাব দেখা যায়। এ ছাড়া দেশটির জনসাধারণের জন্য বিভিন্ন ভবনে প্রার্থনার স্থান ও শৌচাগারের মতো প্রয়োজনীয় সুবিধা রাখার বিষয়টিও আলোচনায় এসেছে।
আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার ঐতিহাসিক অভিজ্ঞতা ও নীতিগুলো আরো কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন। এ জন্য নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও ধর্মীয় বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।
একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে ইসলামী নগর পরিকল্পনা ও প্রশাসনের বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন গবেষকেরা। এতে ভবিষ্যৎ প্রজন্মের নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা এ বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।
স্থানীয় সরকার, কমিউনিটি নেতা ও সাধারণ নাগরিকদের মধ্যে নিয়মিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন ও নগর উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তোলা সম্ভব।
আরও পড়ুন: রাজধানীর মন্দিরে শ্যামা পূজা ও দীপাবলি উদযাপন
অতীতের অভিজ্ঞতাকে বর্তমানের প্রয়োজনের সঙ্গে সমন্বয় করা গেলে এমন নগর গড়ে তোলা সম্ভব, যেখানে উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার ও সাংস্কৃতিক বৈচিত্র্য একসঙ্গে গুরুত্ব পাবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন