মঙ্গলবার, ২২শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:১২ এম
রাজধানীর পুরান ঢাকার নাজিরা বাজারে একটি জুতার কারখানায় আগুন লাগার ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
সোমবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নাজিরা বাজারের হক বেকারির গলির একটি চারতলা ভবনের তৃতীয় তলায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার যুগান্তরকে জানান, রাত ১২টা ৩০ মিনিটে আগুন লাগার খবর পেয়ে ঘটনাস্থলে এসে তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে জানা গেছে, ভবনটির তৃতীয় তলায় একটি জুতার কারখানা ছিল।
তিনি আরও জানান, আগুনে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার, সেনাসদরে ব্রেন্ট ক্রিস্টেনসেনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল এই সৌজন্য সাক্ষাৎটি সম্পন্ন করে।
সাক্ষাৎকালে, তারা পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি বাংলাদেশ ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এবং প্রতিরক্ষা ও সামরিক সহযোগিতা বজায় রাখার বিষয়ে আলোচনা করেন।
সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, মার্কিন রাষ্ট্রদূত আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তায় বাংলাদেশের গুরুত্বপূর্ণ অবদানের কথা তুলে ধরেন। তিনি ইউনাইটেড স্টেটস আর্মি প্যাসিফিক (ইউএসএআরপিএসি) এর সঙ্গে ‘এক্সারসাইজ টাইগার লাইটনিং’ এ বাংলাদেশ স্পেশাল ফোর্সের সদস্যদের পেশাদারিত্ব, শৃঙ্খলা ও কর্মদক্ষতার প্রশংসা করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল রাজধানীতে প্রতিবাদী মোটরসাইকেল মিছিল করেছে, যা নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ, যুবলীগ ও আওয়ামী লীগের ‘পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের’ বিরুদ্ধে অনুষ্ঠিত হয়।
মিছিলটি সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টায় শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়। ছাত্রদল কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সালেহ মো. আদনান এর নেতৃত্বে এই মিছিল অনুষ্ঠিত হয়।
শাহবাগ জাতীয় জাদুঘরের সামনে থেকে শুরু হয়ে মিছিলটি মৎস্য ভবন মোড়, হাইকোর্ট, শিক্ষা ভবন, দোয়েল চত্বর, টিএসসি, ভিসি চত্বর, পলাশী, নীলক্ষেত, কাটাবন ও এলিফ্যান্ট রোড হয়ে পুনরায় শাহবাগে এসে শেষ হয়।
মিছিল শেষে শাহবাগে একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সেখানে সালেহ মো. আদনান বলেন, “সারা দেশে আওয়ামী লীগের সন্ত্রাসীরা নতুন করে নৈরাজ্য সৃষ্টির পাঁয়তারা করছে। বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ ও বিশৃঙ্খলা সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে।”
তিনি আরও বলেন, যেকোনো ধরনের নৈরাজ্যজনক তৎপরতা ছাত্রদলের নেতৃত্বে রাজপথে প্রতিহত করা হবে। একই সঙ্গে জুলাই অভ্যুত্থানে নিরীহ ছাত্র-জনতার ওপর চালানো হামলার সঙ্গে জড়িতদের দ্রুত বিচার ও কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানান তিনি।
ছাত্রদল নেতা সালেহ মো. আদনান আরও উল্লেখ করেন, “দেশের স্থিতিশীলতা নষ্ট করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে ছাত্রদলের নেতাকর্মীরা রাজপথে সক্রিয় থাকবে।”
মিছিলে ছাত্রদল কেন্দ্রীয় সংসদের নেতৃবৃন্দ ছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়, বিভিন্ন বেসরকারি বিশ্ববিদ্যালয়, ঢাকা কলেজ, তেজগাঁও কলেজ, তিতুমীর কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, সরকারি বাঙলা কলেজসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। এছাড়া ঢাকা মহানগর দক্ষিণ, উত্তর, পূর্ব ও পশ্চিম এবং বিভিন্ন কলেজ, থানা ও ওয়ার্ডের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও মিছিলে উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে প্রধানমন্ত্রী তারেক রহমানের নিউইয়র্ক যাত্রা নিয়ে শুভকামনা জানিয়েছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ে নিযুক্ত রাষ্ট্রদূত মুশফিকুল ফজল আনসারী।
সোমবার (২১ সেপ্টেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বলেন, স্ত্রীকে সঙ্গে নিয়ে জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কের উদ্দেশে রওনা হয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
মুশফিকুল ফজল আনসারী আশা প্রকাশ করেন, জাতিসংঘের মঞ্চে তারেক রহমানের বক্তব্য বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের দৃষ্টি আকর্ষণ করবে। অধিবেশনের সাইডলাইনে বিশ্বের গুরুত্বপূর্ণ নেতাদের সঙ্গে তার বৈঠক বাংলাদেশের স্বার্থ, মর্যাদা ও সম্ভাবনাকে আরও সুদৃঢ় করবে বলেও মন্তব্য করেন তিনি।
পোস্টে তিনি আরও বলেন, গত দেড় দশকে গণতন্ত্র পুনরুদ্ধারের দাবিতে বিএনপিসহ যুক্তরাষ্ট্রপ্রবাসী বাংলাদেশিরা নিউইয়র্কে বিভিন্ন কর্মসূচি পালন করেছেন। এবার তারা তারেক রহমানকে স্বাগত জানাতে উৎসবমুখর পরিবেশ তৈরি করবেন বলেও উল্লেখ করেন তিনি।
পোস্টের শেষাংশে মুশফিকুল ফজল আনসারী লেখেন, ব্যক্তিগত আশা-প্রত্যাশার ঊর্ধ্বে ‘সবার আগে বাংলাদেশ’।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালী সদর উপজেলায় অটোরিকশায় চার্জ দেওয়ার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. বোরহান উদ্দিন ওরফে রিপন (২৮) নামের এক চালকের মৃত্যু হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার নোয়াখালী ইউনিয়নের পূর্ব চর উরিয়া গ্রামের খলিল মিয়ার দরজার হোরন মিয়ার রিকশা গ্যারেজে এ ঘটনা ঘটে।
নিহত রিপন ওই গ্রামের মো. মিলনের ছেলে। তিনি পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
পুলিশ জানায়, সারাদিন অটোরিকশা চালানোর পর রাতে গ্যারেজে ফিরে রিপন নিজের অটোরিকশায় চার্জ দিচ্ছিলেন। এ সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুত্বর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
সোনাপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) কাউচারউজ্জামান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে। এ ঘটনায় অপমৃত্যু মামলা করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ