০৯:৪৯ এম
দেশের অধিকাংশ অঞ্চলে আবহাওয়া প্রধানত শুষ্ক থাকলেও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দিনের তাপমাত্রায় বড় ধরনের পরিবর্তন হওয়ার সম্ভাবনা নেই। তবে রাতের তাপমাত্রা কিছুটা কমতে পারে, এমনটি জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বুধবার (২১ অক্টোবর) সন্ধ্যা ৬টা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে এই তথ্য তুলে ধরা হয়েছে।
পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে, মৌসুমি স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে এবং এর একটি বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এছাড়া, ২৩ অক্টোবরের কাছাকাছি সময়ে দক্ষিণ-পূর্ব ও তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
আরও পড়ুন: ডাকাতিয়ায় সেতু না থাকায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ তাপমাত্রা সীতাকুণ্ডে ৩৪ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। একই সময়ে দেশের সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় ছিল ১৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
রাজধানী ঢাকায় গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস, আর সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ২৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সকালে ঢাকায় তাপমাত্রা ছিল প্রায় ২৪ ডিগ্রি সেলসিয়াস। আকাশ রোদোজ্জ্বল থাকলেও বাতাসের আর্দ্রতার কারণে গরমের অনুভূতি তুলনামূলক বেশি ছিল। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বেড়ে ৩৩ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি পৌঁছাতে পারে।
আগামী কয়েক দিন দেশের অধিকাংশ এলাকার আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। তবে এ সময় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এদিকে, দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। সমুদ্রবন্দরগুলোর জন্যও আপাতত কোনো সতর্কসংকেত নেই।
আরও পড়ুন: দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন