১০:১০ এম
রাজধানীর গুলশানে প্রধানমন্ত্রীর বাসভবন থেকে প্রায় এক কিলোমিটার দূরে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামে স্লোগান দেওয়ার অভিযোগে পুলিশ তিন যুবককে আটক করেছে। এ সময় আরও চার যুবক মোটরসাইকেল নিয়ে পালিয়ে যায়।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিনগত রাত আড়াইটার দিকে গুলশান-২ নম্বর চত্বরের কাছে ওয়েস্টিন হোটেলের সামনে এই ঘটনা ঘটে।
ঢাকা মহানগর পূর্ব ছাত্রদলের ১ নাম্বার যুগ্ম সাধারণ সম্পাদক আবদুর রহিম আটককৃত তিন যুবককে পুলিশে দেন।
আরও পড়ুন: পল্টনে আবাসিক হোটেলে সৌদিপ্রবাসী রাজু মিয়ার মৃত্যু
আটক হওয়া ব্যক্তিরা হলেন- মাদারীপুরের কালকিনি উপজেলার সাব্বির হোসেন (২৯), পুরান ঢাকার চকবাজারের ফারহান আহম্মেদ (২৪) এবং নাটোরের বড়াইগ্রাম উপজেলার সজিবুর রহমান (৩০)। সাব্বির মিরপুর-২ এবং সজিবুর মহাখালীর ওয়্যারলেস এলাকায় বসবাস করেন।
ছাত্রদল নেতা আবদুর রহিম জানিয়েছেন, রাতে গুলশান হয়ে বনশ্রীর বাসায় ফিরছিলেন তিনি। ওয়েস্টিন হোটেলের সামনে কিছু যুবককে শেখ হাসিনার নামে স্লোগান দিতে শুনে তিনি গাড়ি থামান। সেখানে চারটি মোটরসাইকেল রাখা ছিল। যুবকদের পরিচয় জানতে চাইলে তাদের চারজন দ্রুত মোটরসাইকেল নিয়ে চলে যান। তবে বাকি তিনজনকে আটকে রেখে তিনি পুলিশে খবর দেন।
তিনি আরও বলেন, খবর পেয়ে পুলিশ এসে আটক যুবকদের জিজ্ঞাসাবাদ করে। তখন তারা দাবি করেন, মদ্যপ অবস্থায় না বুঝে শেখ হাসিনার নামে স্লোগান দিয়েছেন। এ জন্য তারা দুঃখও প্রকাশ করেন। পরে পুলিশ তাদের থানায় নিয়ে যায়। তবে আটক যুবকদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কিছু জানানো হয়নি।
গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জায়েদ মো. নাজমুন নুর জানিয়েছেন, তিনজনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে নিয়মিত মামলা দেওয়া হবে।
আরও পড়ুন: অগ্নিসন্ত্রাস ও নাশকতার রাজনীতিকে ‘না’ বলুন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন