১০:০৯ এম
রাজধানীর পল্টন এলাকার একটি আবাসিক হোটেলে অসুস্থ হয়ে রাজু মিয়া (৩২) নামে এক সৌদিপ্রবাসীর মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) রাতে অসুস্থ অবস্থায় রাজুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে রাত ১০টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন পল্টন থানার উপপরিদর্শক (এসআই) মো. রাকিবুল। তিনি জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে যায়। প্রাথমিকভাবে জানা গেছে, মৃত রাজু মিয়ার গ্রামের বাড়ি মৌলভীবাজারে। তিনি সৌদিপ্রবাসী হিসেবে পরিচিত। প্রায় দেড় মাস আগে ছুটিতে দেশে আসেন। দুই থেকে তিন দিন আগে তিনি পল্টনের একটি আবাসিক হোটেলে ওঠেন। সেখানে অসুস্থ হয়ে পড়লে সজিব নামে এক ব্যক্তি তাকে হাসপাতালে নিয়ে আসেন।
আরও পড়ুন: জমি বিরোধে ভাতিজার ঘুসিতে চাচার মৃত্যু, গ্রেফতার ৩
এসআই রাকিবুল আরো জানান, রাজু মিয়ার মুখ ও শরীরে অ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। তার শারীরিক অবস্থা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি অ্যালকোহল পান করেছিলেন।
ময়নাতদন্তের জন্য রাজু মিয়ার মরদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ ছাড়া তার গ্রামের বাড়ি মৌলভীবাজারে পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা হাসপাতালে এলে তাদের সঙ্গে কথা বলে আরো বিস্তারিত জানা যাবে বলে জানিয়েছেন পুলিশের ওই কর্মকর্তা।
এ ঘটনায় তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
আরও পড়ুন: তৃতীয় টার্মিনাল: জাপানের শর্তে উদ্বিগ্ন নয় সরকার, জানিয়েছেন বিমানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন