বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং
১১:৪৫ এম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মঙ্গলবার নতুন সরকারি ওয়েবসাইট ‘America.gov’ উদ্বোধন করেছেন। তিনি এটিকে একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে উল্লেখ করে বলেন, এর মাধ্যমে ‘পুরো মার্কিন সরকার আপনার হাতের মুঠোয়’ চলে আসবে।
এই ওয়েবসাইটের মাধ্যমে নাগরিকরা ফেডারেল সরকারের বিভিন্ন তথ্য ও সেবা সহজে লাভ করতে পারবেন। এএনআইয়ের প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানে ট্রাম্প বলেন, এটি কেবল একটি নতুন ওয়েবসাইট নয়, বরং এর মাধ্যমে সরকারের সঙ্গে নাগরিকদের যোগাযোগের প্রক্রিয়াও সহজ হবে। তিনি আরো বলেন, ‘আমরা আজ শুধু একটি নতুন ওয়েবসাইট চালু করছি না। এটি একটি বড় পরিবর্তনের উদ্যোগ। এর মাধ্যমে সরকারকে আরো সহজ ও নাগরিকবান্ধব করা হবে।
দীর্ঘদিন ধরে মানুষ একটি বিশাল সরকারি ব্যবস্থার মধ্যে নিজেকে ছোট মনে করেছে। কিন্তু ‘America.gov’-এর মাধ্যমে মার্কিন সরকারের বিভিন্ন তথ্য ও সেবা নাগরিকদের হাতের মুঠোয় চলে আসবে।’
এই ঘোষণার সঙ্গে একটি নির্বাহী আদেশও জারি করেছেন ট্রাম্প। এতে ফেডারেল সংস্থাগুলোকে নাগরিকদের জন্য তাদের বিভিন্ন কার্যক্রম নতুন ওয়েবসাইটে যুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
মার্কিন চিফ ডিজাইন অফিসার জো গেবিয়ার উপস্থিতিতে প্ল্যাটফর্মটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। নতুন এই সরকারি ওয়েবসাইটকে এমন একটি নিরাপদ ও সহজ ডিজিটাল প্ল্যাটফর্ম হিসেবে তৈরি করা হয়েছে, যেখানে আমেরিকানরা সহজ ভাষায় ফেডারেল সরকারের বিভিন্ন তথ্য ও সেবা পেতে সক্ষম হবেন। এতে আধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তিও ব্যবহার করা হবে।
আগে সরকারি বিভিন্ন তথ্য ও সেবা পেতে মানুষকে অনেকগুলো আলাদা ওয়েবসাইটে যেতে হতো। এখন ‘America.gov’-এর মাধ্যমে এক জায়গা থেকেই এসব তথ্য পাওয়া যাবে। দ্রুত সঠিক তথ্য দেওয়ার পাশাপাশি আগামী কয়েক মাসের মধ্যে পাসপোর্ট নবায়ন ও মেডিকেয়ারে নাম নিবন্ধনের মতো সেবাও এই প্ল্যাটফর্মে যুক্ত করা হবে।
এ জন্য প্রেসিডেন্ট ট্রাম্প একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন। এতে সরকারি সংস্থাগুলোকে তাদের গুরুত্বপূর্ণ জনসেবা এই সরকারি ওয়েবসাইটের সঙ্গে যুক্ত করতে বলা হয়েছে। যেসব সেবা বছরে এক লাখের বেশি মানুষ ব্যবহার করেন, সেগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। তবে জাতীয় নিরাপত্তার সঙ্গে সম্পর্কিত কিছু সেবা এবং ট্যাক্স জমা দেওয়ার কাজ এই ব্যবস্থার বাইরে থাকবে।
হোয়াইট হাউস বলেছে, এই উদ্যোগের উদ্দেশ্য হলো সরকারি কাজ সহজ করা এবং মানুষের সময় বাঁচানো। তাদের মতে, সরকারি কাগজপত্রের কাজে আমেরিকানদের প্রতিবছর প্রায় ১০ বিলিয়ন ঘণ্টা সময় ব্যয় হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : দেশের ১৫টি সরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যার নেফ্রোলজি ইউনিট ও ডায়ালাইসিস সেন্টারের জন্য রাজস্বখাতে অস্থায়ীভাবে ২২০টি পদ সৃজন করেছে সরকার।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের পার-৪ অধিশাখা থেকে ২৪ সেপ্টেম্বর এ সংক্রান্ত সরকারি মঞ্জুরি জারি করা হয়। প্রজ্ঞাপনে স্বাক্ষর করেন সিনিয়র সহকারী সচিব সজীব আহমেদ।
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, বছর বছর সংরক্ষণের ভিত্তিতে এসব পদ রাজস্বখাতে অস্থায়ীভাবে সৃজন করা হয়েছে। সৃজিত পদের মধ্যে সিনিয়র স্টাফ নার্স এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) অন্তর্ভুক্ত রয়েছে।
সিনিয়র স্টাফ নার্স পদ গ্রেড-১০-এ ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ গ্রেড-১৬-এ ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা বেতনক্রমে নির্ধারণ করা হয়েছে।
প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল, মিটফোর্ড, ঢাকায় সিনিয়র স্টাফ নার্স ২টি এবং মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) ২টি পদ সৃজন করা হয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালেও একই সংখ্যক পদ সৃজন করা হয়েছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতাল, কিশোরগঞ্জে সিনিয়র স্টাফ নার্স ১২টি এবং মেডিকেল টেকনিশিয়ান ২টি, কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে যথাক্রমে ১২টি ও ৬টি, গোপালগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি এবং সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি পদ সৃজন করা হয়েছে।
এ ছাড়া শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল, গাজীপুরে সিনিয়র স্টাফ নার্স ১২টি ও মেডিকেল টেকনিশিয়ান ৬টি, মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি, টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৬টি এবং সিরাজগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালে ১২টি ও ৩টি পদ সৃজন করা হয়েছে।
মুগদা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকার জন্যও সিনিয়র স্টাফ নার্স ও মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ সৃজন করা হয়েছে।
সিনিয়র স্টাফ নার্স পদে নিয়োগের যোগ্যতা সেবা পরিদপ্তর (কর্মচারী) নিয়োগ বিধিমালা, ২০১৬-এর সংশ্লিষ্ট তফসিল অনুযায়ী নির্ধারিত হবে।
আর মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে স্বীকৃত বোর্ড থেকে অন্যূন দ্বিতীয় বিভাগ বা সমমানের সিজিপিএতে এইচএসসি (বিজ্ঞান) পাস হতে হবে।
পাশাপাশি সংশ্লিষ্ট বিষয়ে যেকোনো হাসপাতালে প্রশিক্ষণ এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে ন্যূনতম তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, পদগুলো সৃজনের সরকারি আদেশ অর্থ বিভাগ কর্তৃক পৃষ্ঠাঙ্কন করার তারিখ থেকে সৃজিত বলে গণ্য হবে।
পদ সৃজনের প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর সংশ্লিষ্ট হাসপাতালের সাংগঠনিক কাঠামো জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে অনুমোদন করাতে হবে।
এ ছাড়া যেসব পদের নিয়োগবিধি নেই, সেসব পদের জন্য নিয়োগবিধি প্রণয়ন করতে হবে। বিদ্যমান টি.ও.অ্যান্ড.ইতে নতুন সৃজিত পদ অন্তর্ভুক্ত করে পদগুলো অস্থায়ী হিসেবে চিহ্নিত করতে হবে এবং হালনাগাদকৃত টি.ও.অ্যান্ড.ই-এর একটি কপি অর্থ বিভাগে পাঠাতে হবে।
প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের যাবতীয় বাজেট সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের কোড থেকে মেটানো হবে। পদ সৃজনের ক্ষেত্রে জনপ্রশাসন মন্ত্রণালয়, অর্থ বিভাগ ও মন্ত্রিপরিষদ বিভাগের আরোপিত সব শর্ত প্রযোজ্য হবে।
এ পদ সৃজনে জনপ্রশাসন মন্ত্রণালয় ও অর্থ বিভাগের সম্মতি এবং প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটির সুপারিশের ভিত্তিতে যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৪০ জন সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
এই তথ্যটি বুধবার (৩০ সেপ্টেম্বর) জানিয়ে দিয়েছেন ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন।
পুলিশের পক্ষ থেকে প্রাথমিকভাবে গ্রেপ্তারকৃতদের নাম ও পরিচয় প্রকাশ করা হয়নি।
উপ-পুলিশ কমিশনার মো. আকতার হোসেন আরও জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
এককভাবে টানা সাত দিন (১৬৮ ঘণ্টা) নাচের মাধ্যমে একটি অবিশ্বাস্য ইতিহাস গড়েছেন নাইজেরীয় নৃত্যশিল্পী বেঞ্জামিন ড্যানিয়েল। ৩৩ বছর বয়সী এই পেশাদার শিল্পী, যিনি ‘বেন ড্যান্সার’ নামে পরিচিত, নাইজেরিয়ার লাগোসের ফ্রিডম পার্কে শারীরিক ও মানসিকভাবে চরম ক্লান্তি অতিক্রম করে নির্ধারিত লক্ষ্য অর্জন করেন। বর্তমানে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস কর্তৃপক্ষ তার আবেদনের কাগজপত্র পর্যালোচনা করছে।
এই ড্যান্সাথন গত মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) থেকে শুরু হয় এবং বেঞ্জামিন ভোররাত ৩টায় তার নির্ধারিত ১৬৮ ঘণ্টার লক্ষ্য পূরণ করেন। তবে তিনি সেখানে থেমে যাননি, সমর্থকদের উল্লাসের মধ্যে আরো ৯ ঘণ্টা নাচ চালিয়ে যান। দীর্ঘ সময় ধরে নাচার ফলে শারীরিকভাবে অত্যন্ত ক্লান্ত হয়ে পড়ায় ড্যান্সাথন শেষ হওয়ার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি করা হয়। গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস নিশ্চিত করেছে যে তারা বেঞ্জামিনের আবেদনটি গ্রহণ করেছে। সার্বিক প্রমাণের বৈধতা যাচাই এবং চূড়ান্ত রিভিউ শেষে এই নতুন রেকর্ড আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে। বর্তমানে একক দীর্ঘতম নাচের বিশ্বরেকর্ডটি ভারতের কথক নৃত্যশিল্পী সৃষ্টি সুধীর জগতাপের দখলে (১২৭ ঘণ্টা)।
১৮ বছর ধরে নাচের সাথে যুক্ত বেঞ্জামিন এই ম্যারাথনে আফ্রোবিটস, ফুজি, জ্যাজ ও জুকের মতো বিভিন্ন ঘরানার পাশাপাশি নাইজেরিয়ার সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের ঐতিহ্যবাহী পোশাকও পরিবেশন করেন। লাগোসের ফ্রিডম পার্কে ভক্ত ও তরুণদের ভিড়ে এই আয়োজনটি শেষ পর্যন্ত একটি বর্ণিল উৎসবে রূপ নেয়, যা সোশ্যাল মিডিয়াতেও ভাইরাল হয়ে যায়। গিনেসের নিয়ম অনুযায়ী, প্রতি এক ঘণ্টা নাচের জন্য তিনি মাত্র পাঁচ মিনিটের বিশ্রাম এবং হালকা খাবার গ্রহণের অনুমতি পেতেন।
উল্লেখযোগ্য যে, সম্প্রতি নাইজেরিয়ায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়ার ব্যাপারে ব্যাপক উন্মাদনা দেখা যাচ্ছে। ২০২৩ সালে নাইজেরীয় শেফ হিল্ডা বাচির টানা ৯৩ ঘণ্টা রান্নার বিশ্ব রেকর্ডের পর দেশটিতে বিভিন্ন ক্ষেত্রে রেকর্ড গড়ার প্রবণতা বহুগুণ বেড়ে গেছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
টাঙ্গাইল সদর হাসপাতালের পেশেন্ট টলি হুইল চেয়ার ব্যবহার করে রোগীদের হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
একজন ভুক্তভোগী আপু জানান, তার অসুস্থ আম্মাকে হাসপাতালের পুরান ভবনের দো'তালায় উঠানোর জন্য পেশেন্ট টলি নেওয়ার সময় সেখানে দায়িত্বে ছিলেন দুইজন।
তিনি বলেন, পেশেন্টকে দো'তালায় বহন করার জন্য বকশিস হিসেবে ৫০ টাকা দেওয়ার পর মহিলা এবং সাদা শার্ট পরিহিত ব্যক্তি ১০০ টাকার নিচে গ্রহণ করতে অস্বীকৃতি জানান।
তিনি আরও বলেন, "এখন প্রশ্ন হচ্ছে, সদর হাসপাতালে তো কেউ বিয়ের দাওয়াত খেতে আসে না, যে যেভাবে খুশি বকশিস দেওয়া হবে।"
তিনি উল্লেখ করেন, সদর হাসপাতালে লোকেরা চিকিৎসা সেবা নিতে আসে রোগীদের নিয়ে।
এরা যখন দায়িত্বেই থাকবে,
তিনি বলেন, সৌজন্য বজায় রেখে রোগীর স্বজন যা দিবে, তাই নিতে হবে। অন্যথায় টলি ছেড়ে দিতে হবে। "এত টাকাই দিতে হবে, এটা কি বিয়ের গেইট পেয়েছে?"
তিনি জানেন না, এরা সদর হাসপাতালে নিয়োগপ্রাপ্ত আয়া বা ঝাড়ুদার কিনা। যদি আয়া বা ঝাড়ুদার হয়ে থাকেন, তবে নিশ্চয়ই তারা দৈনিক মাফিক একটি নির্দিষ্ট পরিমাণ টাকা হাসপাতাল কর্তৃক পায় বা বেতনও পেতে পারে।
কিন্তু পেশেন্ট টলি বা হুইল চেয়ার নিয়ে কেন এত তালবাহানা?
তিনি প্রশ্ন করেন, তাদের হাতে পুরোটা দায়িত্ব কে দিয়েছে?
হাসপাতাল কর্তৃপক্ষকে বিষয়টি দেখার জন্য তিনি আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ