ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

নেছারাবাদে আওয়ামী লীগের ধর্মঘটে প্রভাব নেই, পুলিশের সতর্কতা


নেছারাবাদে আওয়ামী লীগের ধর্মঘটে প্রভাব নেই, পুলিশের সতর্কতা

পিরোজপুরের নেছারাবাদ থানা পুলিশ আওয়ামী লীগের ফেসবুকে ঘোষিত ১০ নভেম্বরের দেশব্যাপী সর্বাত্মক ধর্মঘটকে কেন্দ্র করে সতর্ক অবস্থানে রয়েছে। তবে উপজেলাটিতে ধর্মঘটের কোনো প্রভাব লক্ষ্য করা যায়নি। উপজেলা থেকে দূরপাল্লাসহ সব ধরনের যানবাহন স্বাভাবিকভাবে চলাচল করছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে উপজেলার গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। নাশকতার আশঙ্কায় সন্দেহভাজন ব্যক্তিদের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

এদিকে, পুলিশের অভিযানে আওয়ামী লীগ ও ছাত্রলীগের দুই নেতাকে পৃথক দুটি স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন দৈহারি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুদর্শন মন্ডল (৩০) এবং সমুদয়কাঠি ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মৃনাল আইচ।

আরও পড়ুন: বরিশালে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে ঝটিকা মিছিল, সন্ত্রাসবিরোধী আইনে মামলা

পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার (৯ নভেম্বর) দুপুরে দৈহারি ইউনিয়নের গণকপাড়া বাজার থেকে সুদর্শন মন্ডলকে গ্রেপ্তার করা হয়। পরে ওইদিন বিকেলে তাকে পিরোজপুর আদালতে পাঠানো হয়। একই দিন রাতে সমুদয়কাঠি ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড থেকে মৃনাল আইচকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, ধর্মঘটের বিরুদ্ধে কঠোর অবস্থান গ্রহণ করেছেন স্থানীয় বিএনপি ও যুবদলের নেতারা। ফেসবুকে ঘোষিত এই ধর্মঘটকে তারা হাস্যকর ও অবাস্তব বলে মন্তব্য করেছেন।

নেছারাবাদ উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. আব্দুল্লাহ আল বেরুনী সৈকত বলেন, "একটি নিষিদ্ধ সংগঠন এ দেশের হাজার হাজার ছাত্র জনতার ওপর নির্বিচারে গুলি চালিয়ে হত্যাকাণ্ড ঘটিয়েছে। হত্যাকাণ্ডের পর তারা দেশ ছেড়ে পালিয়েছে। দেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করেছে। এ দেশে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাই কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ধর্মঘট দেশবাসীর কাছে হাস্যরসের বিষয়। তারা কোনোভাবে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করলে রাজপথে তাদের কঠোর হাতে দমন করা হবে।"

নেছারাবাদ উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক ও যুবদল নেতা মো. আব্দুল্লাহ আল যুবায়ের বলেন, "কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগকে এ দেশের মানুষ বয়কট করেছে। হাজার হাজার ছাত্র-জনতাকে হত্যার পর এ দেশের মাটিতে তাদের রাজনীতি করার কোনো সুযোগ নেই। তাদের ধর্মঘট কেবল ফেসবুকেই সীমাবদ্ধ থাকবে। আমরা রাজপথে আছি। কোনোভাবেই তাদের মাঠে নামার সুযোগ দেওয়া হবে না।"

আরও পড়ুন: কোটচাঁদপুরে সন্ত্রাসবিরোধী মামলায় আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

নেছারাবাদ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মেহেদী হাসান বলেন, "কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের ফেসবুকে ঘোষিত ধর্মঘটকে কেন্দ্র করে পুলিশ সর্বাত্মক সতর্ক অবস্থানে রয়েছে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলায় পুলিশ প্রস্তুত রয়েছে। দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে এমন ব্যক্তিদের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ অভিযানের ধারাবাহিকতায় রাজনৈতিক মামলায় মোট দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজনীতিতে আসার অনুপ্রেরণা বিল ক্লিনটনের পরামর্শ: আল-সাইয়েদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


রাজনীতিতে আসার অনুপ্রেরণা বিল ক্লিনটনের পরামর্শ: আল-সাইয়েদ

যুক্তরাষ্ট্রের প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত আবদুল আল-সাইয়েদের রাজনৈতিক জীবনের পেছনে একটি স্মরণীয় ঘটনা রয়েছে। ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তনে তার একটি সংক্ষিপ্ত বক্তৃতা শোনার পর সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন মুগ্ধ হন। তিনি শুধু প্রশংসা করেননি, বক্তৃতা শেষে আল-সাইয়েদকে রাজনীতিতে আসার পরামর্শও দেন। সম্প্রতি আল-সাইয়েদ সেই ঘটনার স্মৃতিচারণা করতে গিয়ে জানিয়েছেন, ওই মুহূর্ত তার ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে।

মার্কিন সংবাদমাধ্যম ডেট্রয়েট ফ্রি প্রেসের প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তনে আল-সাইয়েদের বক্তৃতার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। এই বিষয়টি গত ২১ অক্টোবর প্রচারিত ‘দ্য উইকলি শো উইথ জন স্টুয়ার্ট’ পডকাস্টের একটি পর্বেও আলোচনা করা হয়। সেখানে আল-সাইয়েদ তার রাজনৈতিক জীবনের পথে দুটি বিশেষ ঘটনার উল্লেখ করেন, যেগুলো তাকে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আসার ক্ষেত্রে প্রভাবিত করেছে।

আল-সাইয়েদ জানান, ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের সমাবর্তন অনুষ্ঠানে তিনি এবং যুক্তরাষ্ট্রের ৪২তম প্রেসিডেন্ট বিল ক্লিনটন উভয়েই বক্তব্য রেখেছিলেন। অনুষ্ঠানে নিজের বক্তৃতার জন্য তিনি মাত্র সাড়ে পাঁচ মিনিট সময় পেয়েছিলেন, যেখানে তার বক্তব্যের বিষয় ছিল ‘মিশিগান ডিফারেন্স’ বা মিশিগানের স্বাতন্ত্র্য। আল-সাইয়েদের বক্তৃতার পর মঞ্চে ওঠেন বিল ক্লিনটন। তিনি কোনো পূর্বনির্ধারিত বক্তব্য ছাড়াই এল-সায়েদের বক্তৃতার প্রশংসা করেন।

ক্লিনটন বলেছিলেন, “আমি তোমাদের সমাবর্তন বক্তাকে বিব্রত করতে চাই না। তবে যারা বিশ্বাস করেন, সভ্যতার সংঘাত অনিবার্য এবং ধর্মীয় বিভেদ পেরিয়ে মানুষের মধ্যে যোগাযোগ সম্ভব নয়, বিশ্বের এমন প্রত্যেক মানুষ যদি আজ তোমার বক্তব্য শুনতে পারতেন, তাহলে ভালো হতো। আমি চাই, বিশ্বের প্রত্যেক মানুষ আজ তোমার বক্তব্য শুনুক।” ২০০৭ সালের ২৮ এপ্রিল দেওয়া ক্লিনটনের সমাবর্তন বক্তৃতার লিখিত প্রতিলিপিতেও তার এই মন্তব্যের উল্লেখ রয়েছে।

আল-সাইয়েদ আরো জানান, অনুষ্ঠান শেষে ক্লিনটন তার কাছে এগিয়ে আসেন এবং কথা বলার একপর্যায়ে তাকে নির্বাচনে অংশ নেওয়ার পরামর্শ দেন সাবেক মার্কিন প্রেসিডেন্ট। তিনি আল-সাইয়েদের যোগাযোগের দক্ষতার প্রশংসা করে বলেন, মানুষের কাছে নিজের বক্তব্য তুলে ধরার ক্ষেত্রে তার বিশেষ প্রতিভা রয়েছে। আল-সাইয়েদের মতে, ক্লিনটনের সেই প্রশংসা ও পরামর্শ তার ভবিষ্যৎ জীবনে প্রভাব ফেলতে পারে।

সম্প্রতি আল-সাইয়েদ নিজের ইউটিউব চ্যানেলে ২০০৭ সালের সমাবর্তন বক্তৃতাটি প্রকাশ করেছেন। চলতি বছরের মে মাসে ফেসবুকে ভিডিওটি শেয়ার করে তিনি লিখেছিলেন, ২০০৭ সালে ইউনিভার্সিটি অব মিশিগান থেকে স্নাতক সম্পন্ন করার সময় সমাবর্তন বক্তা হওয়ার সুযোগ পাওয়া তার জীবনের অন্যতম বড় সম্মান। এর আগে ২০১৯ সালে ইউনিভার্সিটি অব মিশিগানের স্কুল অব পাবলিক হেলথের সমাবর্তন অনুষ্ঠানে তিনি বক্তব্য দিয়েছিলেন।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর মিশিগান অঙ্গরাজ্যে অনুষ্ঠিত সিনেট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী মাইক রজার্সকে পরাজিত করে আবদুল আল-সাইয়েদ যুক্তরাষ্ট্রের ইতিহাসে প্রথম মুসলিম সিনেটর হিসেবে নির্বাচিত হন। আগামী ৩ জানুয়ারি ২০২৭ তারিখে তিনি সিনেট সদস্য হিসেবে শপথ নেওয়ার কথা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, তীব্র প্রতিক্রিয়া

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৮ পি.এম


রামুতে নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল, তীব্র প্রতিক্রিয়া

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়িতে মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানকাল নির্বাচন করে নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের নেতা-কর্মীরা এক ঝটিকা মিছিল বের করেছে বলে খবর পাওয়া গেছে।

স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, সকালে হঠাৎ করেই দক্ষিণ মিঠাছড়ি এলাকায় ঝটিকা আকারে মিছিলটি বের হয়ে দ্রুত শেষ হয়ে যায়। পরে মিছিলের বিষয়টি জানাজানি হলে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় সচেতন মহল ও জনসাধারণের মধ্যে তীব্র প্রতিক্রিয়া ও মিশ্র আলোচনার সৃষ্টি হয়।

তবে উক্ত মিছিলে অংশগ্রহণকারীদের সংখ্যা, নেতৃত্বদানকারীদের পরিচয় এবং মিছিল থেকে নির্দিষ্ট কী ধরনের স্লোগান দেওয়া হয়েছে—এসব তথ্য তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

এ বিষয়ে রামু থানা বা স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো আনুষ্ঠানিক বক্তব্য কিংবা প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও বিশৃঙ্খলা এড়াতে এলাকায় পুলিশি নজরদারি জোরদার করা হয়েছে বলে জানা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রেম-বিরহের স্মৃতিকথায় সোনিয়া গান্ধী, কংগ্রেসের ভারতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


প্রেম-বিরহের স্মৃতিকথায় সোনিয়া গান্ধী, কংগ্রেসের ভারতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা

ঢাকা, ১০ নভেম্বর, ২০২৬ : সোনিয়া গান্ধী ইতালির একটি ছোট্ট গ্রাম থেকে ভারতের ক্ষমতার কেন্দ্রবিন্দুতে পৌঁছেছিলেন। তিনি ভারতের স্বাধীনতা-পরবর্তী ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ রাজনৈতিক পরিবারের প্রধান ব্যক্তিত্ব হিসেবে পরিচিতি লাভ করেন।

এখন, ৭৯ বছর বয়সী সোনিয়া তার ব্যক্তিগত জীবন নিয়ে স্মৃতিকথা প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন, যা তিনি দীর্ঘদিন ধরে আড়ালে রেখেছিলেন।

‘বিলংগিং: আ জার্নি অব লাভ’ শিরোনামের বইটিতে তিনি এমন এক জীবনের গল্প তুলে ধরেছেন, যা তার ভাষায় ‘ভালোবাসা, দায়িত্ব, বিয়োগব্যথা এবং নিজের ঠিকানা খুঁজে পাওয়ার অভিজ্ঞতায়’ গড়ে উঠেছে।

নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

মঙ্গলবার প্রকাশিত হতে যাওয়া বইটি এমন এক সময়ে আসছে, যখন কংগ্রেস দল আবারও রাজনৈতিক অবস্থান শক্ত করার চেষ্টা করছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির হিন্দু জাতীয়তাবাদী সরকারের বিরুদ্ধে তরুণদের নেতৃত্বে সাম্প্রতিক বিক্ষোভের পর নতুন করে আলোচনায় এসেছেন তার ছেলে রাহুল গান্ধী।

১৯৪৬ সালে ইতালির একটি ক্যাথলিক পরিবারে জন্ম নেওয়া সোনিয়া তার বিদেশি পরিচয়ের কারণে জাতীয়তাবাদীদের সমালোচনার লক্ষ্যবস্তুতে পরিণত হয়েছেন বারবার।

উত্তর ইতালির তুরিনের কাছে সাধারণ পরিবেশে তার শৈশব কাটে। ১৯৬৫ সালে ইংরেজি পড়ার সময় তার পরিচয় হয় রাজীব গান্ধীর সঙ্গে, যিনি তখন কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

বই প্রকাশের আগে নিজের অভিজ্ঞতা তুলে ধরে সোনিয়া লিখেছেন, ‘কেমব্রিজের একটি ছোট্ট গ্রিক রেস্তোরাঁয় আমার ভালোবাসার যাত্রা শুরু হয়েছিল।’

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে তিনি বলেন, ‘প্রথমবার তার সঙ্গে দেখা হওয়ার পর প্রায় সঙ্গে সঙ্গেই মনে হয়েছিল, এই মানুষটির সঙ্গেই আমি থাকতে চাই। পরে জানতে পারি, তার অনুভূতিও ছিল একই রকম।’

রাজীব ছিলেন ভারতের সবচেয়ে প্রভাবশালী রাজনৈতিক পরিবারের উত্তরসূরি।

তার দাদা জওহরলাল নেহরু ছিলেন ভারতের প্রথম প্রধানমন্ত্রী। আর তার মা ইন্দিরা গান্ধী ১৯৬৬ সালে প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন।

১৯৬৮ সালে নয়াদিল্লিতে রাজীবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন সোনিয়া। বিয়েতে তিনি এমন একটি সুতি শাড়ি পরেছিলেন, যার সুতা ভারতের স্বাধীনতা আন্দোলনের সময় কারাবন্দি অবস্থায় নেহরু নিজ হাতে কেটেছিলেন।

এরপর গান্ধী পরিবারের সদস্য হন সোনিয়া। পরিবারের দৃঢ়চেতা শাশুড়ি ইন্দিরা গান্ধীর সঙ্গে তার সম্পর্কের মধ্য দিয়ে ভারতীয় রাজনীতিকে খুব কাছ থেকে দেখার সুযোগ হয় তার।

‘হিন্দু’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে সোনিয়া বলেন, ‘এটি রাজীবের পরিবার ও তার দেশের প্রতি আমার ভালোবাসা গড়ে ওঠার গল্পও। একসময় আমিও সেই দেশের অংশ হয়ে উঠি।’

১৯৮৪ সালে শিখ ধর্মাবলম্বীদের পবিত্রতম উপাসনালয়ে সেনা অভিযানের পর দেহরক্ষীদের গুলিতে নিহত হওয়ার সময় ইন্দিরা গান্ধীকে কোলে তুলে রেখেছিলেন সোনিয়া।

‘নিজেকে প্রমাণ করতে হয়েছে’-

রাজীব পেশায় বাণিজ্যিক বিমানের পাইলট ছিলেন। তাকে রাজনীতিতে আসতে বাধা দিতে ‘বাঘিনীর মতো লড়াই’ করেছিলেন বলে জানান সোনিয়া।

তিনি বলেন, ‘আমার স্বামীকে যখন প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব দেওয়া হয়, তখন আমি সম্পূর্ণভাবে এর বিরোধিতা করেছিলাম।’

রাজীবের নিরাপত্তা নিয়ে তার আশঙ্কাই শেষ পর্যন্ত সত্যি হয়। ১৯৯১ সালে কিশোরী এক আত্মঘাতী বোমা হামলাকারীর হামলায় নিহত হন রাজীব। শ্রীলঙ্কার গৃহযুদ্ধে ভারতের সামরিক হস্তক্ষেপের সঙ্গে এই হামলার যোগসূত্র ছিল।

এরপর জনজীবন থেকে নিজেকে সরিয়ে নেন সোনিয়া। দুই সন্তান রাহুল ও প্রিয়াঙ্কাকে নিয়ে সময় কাটাতে থাকেন।

তবে ১৯৯৮ সালে দলীয় কোন্দলে দুর্বল হয়ে পড়া কংগ্রেসের নেতৃত্ব গ্রহণের জন্য নেতাদের অনুরোধে রাজি হন তিনি। ভাঙা উচ্চারণে হিন্দি ভাষায় বড় বড় জনসভায় বক্তব্য দেন। ঘোষণা করেন, তার হৃদয় ‘এই দেশের মাটিতেই সমাহিত।’

২০০৪ সালের নির্বাচনে কংগ্রেসের অপ্রত্যাশিত জয়ের পর প্রধানমন্ত্রী হওয়ার প্রস্তাব প্রত্যাখ্যান করেন সোনিয়া। পরিবর্তে তিনি মনমোহন সিংকে প্রধানমন্ত্রী হিসেবে বেছে নেন।

২০১৪ সালে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) বিপুল বিজয়ের মাধ্যমে ক্ষমতায় আসে। সে সময় নির্বাচনী প্রচারে সোনিয়ার বিদেশি জন্মপরিচয় নিয়ে বারবার আক্রমণ করা হয়।

মোদির নেতৃত্বে বিজেপি নিজেদের আধিপত্য আরও সুসংহত করেছে। অন্যদিকে কংগ্রেসের ভাগ্য ফেরাতে হিমশিম খাচ্ছেন রাহুল।

তবে সম্প্রতি তরুণদের নেতৃত্বে গড়ে ওঠা একটি বিক্ষোভ আন্দোলন কংগ্রেসকে নতুন করে গতি এনে দিয়েছে।

চলতি বছরের শুরুর দিকে তরুণদের উদ্যোগে ব্যঙ্গাত্মক সংগঠন হিসেবে যাত্রা শুরু করা ‘ককরোচ জনতা পার্টি’ শিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবিতে সফল আন্দোলনের সূত্রপাত করে। পাশাপাশি প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিতে চলমান প্রচারণার পেছনেও রয়েছে সংগঠনটি।

একই দাবিতে জনসভা ও সমাবেশে বক্তব্য দিচ্ছেন রাহুল গান্ধী। তিনি বলেছেন, তরুণদের পাশে রয়েছেন তিনি। বিক্ষোভে যোগ দিয়ে পুলিশের ব্যারিকেডের ওপর দাঁড়িয়েছেন রাহুল।

সোনিয়া এখনো ভারতের সংসদের উচ্চকক্ষের সদস্য।

‘হিন্দু’ পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘গত ১২ বছরে আমাদের দেশের কাঠামো, গণতন্ত্র ও প্রতিষ্ঠানগুলোর ব্যাপক ক্ষতি হয়েছে।’

তিনি আরও বলেন, ‘মানুষ এখন অস্থির হয়ে উঠছে এবং এই ক্ষতির বিষয়টি বুঝতে শুরু করেছে।’

তবে তিনি আশাবাদী। তার ভাষায়, ‘আমি আশাবাদী। আমার বিশ্বাস, ভারতের জনগণ সুশাসনের প্রত্যাবর্তনকে স্বাগত জানাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বেঞ্চ সহকারী’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর ঢাকায়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

০১:২৯ পি.এম


‘বেঞ্চ সহকারী’ পদের প্রিলিমিনারি পরীক্ষা ১৪ নভেম্বর ঢাকায়

বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয়ের অধীনে ‘বেঞ্চ সহকারী (সিজেএম/সিএমএম)’ পদের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) আগামী ১৪ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে।

এ পরীক্ষাটি অনুষ্ঠিত হবে ওই দিন সকাল ১০টা ৩০ মিনিটে ঢাকার বিভিন্ন পরীক্ষাকেন্দ্রে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের সচিব এবং বাছাই কমিটির সভাপতি এ জি এম আল মাসুদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%