মঙ্গলবার, ১৭ই নভেম্বর, ২০২৬ ইং
০১:৩৭ পি.এম
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : মঙ্গলবার ভোরে তুরস্কের বিরোধীদলীয় সমর্থক সংবাদমাধ্যম সোজকু টিভি এবং এর মিডিয়া গ্রুপের ইস্তাম্বুলের প্রধান কার্যালয়ে পুলিশ অভিযান পরিচালনা করেছে। এ অভিযানের সময় বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং সরকারের পক্ষ থেকে প্রতিষ্ঠানটির পরিচালনার জন্য একজন প্রশাসক নিয়োগ দেওয়ার খবর পাওয়া গেছে বলে মিডিয়া গ্রুপটি জানিয়েছে।
এটি বিরোধীদলের সমর্থক সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে নেওয়া ধারাবাহিক পদক্ষেপের সর্বশেষ ঘটনা। এক মাস আগে, তুরস্কের সবচেয়ে জনপ্রিয় সংবাদ চ্যানেল হাল্ক টিভির কার্যালয়ে পুলিশ অভিযান চালিয়েছিল। সেই সময় চ্যানেলটির সম্প্রচার বন্ধ করে দেওয়া হয় এবং একজন প্রশাসক নিয়োগ করা হয়।
মঙ্গলবার স্থানীয় সময় ভোর ৫টার কিছু আগে সোজকু টিভির আনুষ্ঠানিক এক্স অ্যাকাউন্টে একটি পোস্টে উল্লেখ করা হয়, ‘আদালতের নির্দেশে সোযজুর ভবনে তল্লাশি চালাচ্ছে পুলিশ। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ভবনটি ঘিরে রেখেছে।’
অন্য একটি পোস্টে বলা হয়েছে, ‘সোজকু টিভিতে একজন প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে। ভবনে পুলিশ তল্লাশি চালাচ্ছে... কয়েকজনকে আটক করা হয়েছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহীতে আগমন উপলক্ষে মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী মহোদয়কে ফুলের শুভেচ্ছায় স্বাগত জানান রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন। তিনি রাজশাহী মহানগর বিএনপির সাধারণ সম্পাদকও।
এ সময় রাজশাহী মহানগর বিএনপি সভাপতি মামুন অর রশিদসহ মহানগর বিএনপি ও অঙ্গ, সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব সফরসূচি অনুযায়ী মঙ্গলবার সকালে রাজশাহী মেডিকেল কলেজ অডিটোরিয়ামে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। বিকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ৭ই নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে “শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ঐতিহাসিক ভূমিকা ও জাতীয় জীবনে ৭ নভেম্বরের তাৎপর্য” শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে কর্মরত চার শ্রেণির শিক্ষক ও কর্মকর্তাদের চাকরিসংক্রান্ত বিস্তারিত তথ্য চাওয়া হয়েছে কারিগরি শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে। চিফ ইনস্ট্রাক্টর (নন-টেক), ইনস্ট্রাক্টর (টেক), ইনস্ট্রাক্টর (নন-টেক) ও জুনিয়র ইনস্ট্রাক্টর (টেক) পদে কর্মরতদের এই তথ্য নির্ধারিত ছকে পূরণ করে আগামী ২৮ নভেম্বরের মধ্যে পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে।
সম্প্রতি কারিগরি শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. এনায়েত করিম স্বাক্ষরিত এক অফিস আদেশে এই নির্দেশনা প্রদান করা হয়েছে।
অফিস আদেশে উল্লেখ করা হয়েছে, সংশ্লিষ্ট পদে কর্মরত শিক্ষক ও কর্মকর্তাদের হালনাগাদ তালিকা তৈরির জন্য তাদের চাকরির পুঞ্জীভূত তথ্য সংগ্রহ করা হচ্ছে। এ জন্য প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানের অধীনে কর্মরত সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তার তথ্য নির্ধারিত ছক অনুযায়ী আলাদাভাবে পূরণ করতে হবে।
নির্দেশনার ভিত্তিতে, আগামী ২৮ নভেম্বরের মধ্যে পূরণ করা তথ্যের হার্ডকপি ও সফটকপি অধিদপ্তরে পাঠাতে হবে। সফটকপি সিডি বা পেনড্রাইভে জমা দিতে হবে। এটি এক্সেল ফরম্যাটে এবং নিকষ ৯ ফন্টে প্রস্তুত করতে হবে। তথ্য পূরণের ক্ষেত্রে কোনো ভুল বা অসম্পূর্ণতা রাখা যাবে না।
চাকরির তথ্যের সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষক-কর্মকর্তাদের নিয়োগ বা পদোন্নতির আদেশ, যোগদানপত্র ও জাতীয় পরিচয়পত্রের অনুলিপি জমা দিতে হবে। সরাসরি নিয়োগ পাওয়া শিক্ষকদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতার সব সনদ এবং বুনিয়াদি বা বেসিক প্রশিক্ষণের সনদও সংযুক্ত করতে হবে।
নির্ধারিত সময়ের মধ্যে সব তথ্য পাঠানোর বিষয়টি নিশ্চিত করার দায়িত্ব দেওয়া হয়েছে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানদের। কোনো প্রতিষ্ঠান নির্ধারিত সময়ে তথ্য পাঠাতে ব্যর্থ হলে এর দায়ভার প্রতিষ্ঠান প্রধানকে ব্যক্তিগতভাবে বহন করতে হবে বলেও অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
এ ছাড়া কিউআর কোড স্ক্যান করে গুগল শিটের মাধ্যমে তথ্য পূরণের সুযোগ রাখা হয়েছে। এ ক্ষেত্রে সংশ্লিষ্ট শিক্ষক ও কর্মকর্তাদের তথ্য সঠিকভাবে পূরণ এবং জমা হয়েছে কি না, তা নিশ্চিত করতে প্রতিষ্ঠান প্রধানদের নির্দেশ দেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্রে রাজনীতির ক্ষেত্রে নতুন প্রজন্মের অংশগ্রহণ বৃদ্ধি পাচ্ছে। ইতোমধ্যে দেশটির বিভিন্ন অঙ্গরাজ্যে স্থানীয় ও রাজ্য পর্যায়ের নির্বাচনে ১৮ ও ১৯ বছর বয়সী তরুণ-তরুণীরা জয়ী হয়েছেন। কিছু তরুণ সদ্য উচ্চমাধ্যমিক সম্পন্ন করেছেন, আবার কেউ বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত। তবুও, তারা নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন। তাদের মধ্যে কেউ কাউন্টি বোর্ডের সদস্য, কেউ স্কুল বোর্ডের প্রতিনিধি, আবার কেউ সরাসরি অঙ্গরাজ্যের আইনসভার সদস্য হয়েছেন।
যুক্তরাষ্ট্রে মদ কেনা ও পান করার আইনগত ন্যূনতম বয়স ২১ বছর। এর মানে, নির্বাচনে জয়ী হওয়া এসব তরুণের অনেকেই এখনো বৈধভাবে বিয়ার কেনার বয়সে পৌঁছাননি। কিন্তু তারা স্থানীয় উন্নয়ন, শিক্ষা, কৃষি, অবকাঠামো ও জনসেবার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের দায়িত্ব নিতে যাচ্ছেন।
গত ৩ নভেম্বর অনুষ্ঠিত যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে বিভিন্ন রাজনৈতিক দলের হয়ে তারা প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হন। এসব তরুণ জনপ্রতিনিধির অভিজ্ঞতা এবং নির্বাচনে তাদের সাফল্য অন্যদেরকেও অনুপ্রাণিত করছে। বিশেষজ্ঞদের মতে, এসব জয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে জেনারেশন জেড বা জেন-জির ক্রমবর্ধমান আগ্রহ ও অংশগ্রহণের ইঙ্গিত প্রদান করছে।
১৯ বছর বয়সে দীর্ঘদিনের আইনপ্রণেতাকে হারালেন ড্যানিয়েল। এবারের নির্বাচনে আলোচিত তরুণ প্রার্থীদের মধ্যে অন্যতম হলেন ড্যানিয়েল ড্যারিস-ও'কনর। ১৯ বছর বয়সী এই ডেমোক্র্যাট প্রার্থী ম্যাসাচুসেটস অঙ্গরাজ্যের ২২তম মিডলসেক্স জেলা থেকে প্রতিনিধি পরিষদের নির্বাচনে জয়ী হয়েছেন। তিনি ১৬ বছর ধরে দায়িত্ব পালনকারী ৪৪ বছর বয়সী রিপাবলিকান প্রার্থী মার্ক লোমবার্ডোকে পরাজিত করেছেন।
নির্বাচনের রাতে নিজের বাবা-মায়ের বাড়িতে বসে ভোটের ফলাফল দেখছিলেন ড্যানিয়েল। তিনি মজা করে বলতেন, জায়গাটিকে তার নির্বাচনী প্রচারের সদর দপ্তর। রাতের অগ্রগতির সঙ্গে সঙ্গে ভোটের ফলাফল তার পক্ষে আসতে থাকে। শেষ পর্যন্ত দীর্ঘদিনের দায়িত্বশীল প্রার্থীকে হারিয়ে বিজয় নিশ্চিত করেন তিনি।
ড্যানিয়েলের রাজনীতিতে আগ্রহ সৃষ্টি হয় করোনা মহামারির সময়। তখন তিনি সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। তার মা একটি নার্সিং হোমে সহকারী হিসেবে কাজ করতেন। মহামারির সময় সরকারের বিভিন্ন সিদ্ধান্ত এবং জনজীবনে তার প্রভাব কাছ থেকে দেখে রাজনীতি সম্পর্কে আগ্রহী হয়ে ওঠেন তিনি।
মাত্র ১৮ বছর বয়সে নিজ শহর বিলেরিকার পাঁচ সদস্যের সিলেক্ট বোর্ডে নির্বাচিত হন ড্যানিয়েল। সেখানে দায়িত্ব পালনকালে শহরের পানি অবকাঠামোয় বিনিয়োগ এবং গুরুত্বপূর্ণ পদে কর্মী নিয়োগের মতো কাজে যুক্ত ছিলেন। স্থানীয় সরকারে কাজের অভিজ্ঞতা তাকে আরো বড় পরিসরে নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করেছে।
রাজ্য প্রতিনিধি পরিষদের নির্বাচনে প্রচারের সময় তিনি বাড়ি বাড়ি গিয়ে ভোটারদের সঙ্গে কথা বলেছেন। এক হাজারের বেশি বাড়িতে প্রচার চালান। তার নির্বাচনী প্রতিশ্রুতির মধ্যে ছিল আবাসন, স্বাস্থ্যসেবা ও জ্বালানির ব্যয় কমানো।
ড্যানিয়েলের ভাষ্য, তিনি নিজেকে কেবল তরুণ প্রার্থী হিসেবে তুলে ধরতে চাননি। বরং বিভিন্ন বয়সের মানুষের জীবনকে প্রভাবিত করে এমন সমস্যাগুলো সমাধানের বিষয়েই গুরুত্ব দিয়েছেন।
১৮ বছরেই স্কুল বোর্ডের সদস্য সুকাইনা
নিউ জার্সির গুটেনবার্গ শহরে ১৮ বছর বয়সে স্কুল বোর্ডের নির্বাচনে জয়ী হয়েছেন সুকাইনা তেহফা। রাটগার্স বিশ্ববিদ্যালয়ের নিউয়ার্ক ক্যাম্পাসের প্রথম বর্ষের এই শিক্ষার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। শহরটির ইতিহাসে তিনিই সবচেয়ে কম বয়সে নির্বাচিত স্কুল বোর্ড সদস্য।
মাত্র ১৭ বছর বয়সে স্থানীয় ক্লার্কের কাছে গিয়ে জানতে চেয়েছিলেন, কত বছর বয়স হলে সরকারি পদে নির্বাচনে অংশ নেওয়া যায়। তাকে জানানো হয়, ন্যূনতম বয়স ১৮ বছর। এরপর স্কুল বোর্ডের নির্বাচন সামনে আসতেই প্রার্থী হওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
সুকাইনার অনুপ্রেরণার তালিকায় ছিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি স্যান্ড্রা ডে ও'কনর এবং রুথ বেডার গিন্সবার্গ। বিশেষ করে গিন্সবার্গের জীবন ও কর্ম তাকে জনসেবায় আসতে উৎসাহিত করেছে।
সদ্য স্কুলজীবন শেষ করা সুকাইনা মনে করেন, শিক্ষার্থীদের সমস্যা ও প্রত্যাশা বোঝার জন্য তাদের কাছাকাছি বয়সী একজন প্রতিনিধির প্রয়োজন। নির্বাচনী প্রচারে শিক্ষকদের বেতন বাড়ানোর বিষয়টিও তুলে ধরেছিলেন তিনি।
নতুন দায়িত্বে স্কুলের নীতিনির্ধারণ এবং শিক্ষাপ্রতিষ্ঠানের বাজেট অনুমোদনে ভোট দেওয়ার সুযোগ পাবেন সুকাইনা। তার মতে, এত দিন বয়স্করাই শিক্ষার্থীদের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন। কিন্তু শিক্ষার্থীদেরও নিজেদের শিক্ষা ও ভবিষ্যৎ সম্পর্কে মতামত দেওয়ার অধিকার থাকা উচিত।
১৮তম জন্মদিনের পাঁচ দিন পরই নির্বাচনে জয় পেয়েছেন জ্যারেট হার্ডিন। কেন্টাকি অঙ্গরাজ্যের ব্রেথিট কাউন্টিতে ১৮ বছর বয়সে মাটি ও পানি সংরক্ষণ বোর্ডের সদস্য নির্বাচিত হয়েছেন তিনি। ৩ নভেম্বরের নির্বাচনে জয় পাওয়ার মাত্র পাঁচ দিন আগে তার ১৮তম জন্মদিন ছিল। ছোটবেলা থেকেই পরিবারের মাধ্যমে জনসেবার সঙ্গে পরিচিতি তার। তাকে বড় করেছেন দাদা-দাদি। তার দাদা ছিলেন কেন্টাকির জ্যাকসন শহরের পুলিশপ্রধান এবং দাদি একজন নার্স।
উচ্চমাধ্যমিকে পড়ার সময় কৃষিবিষয়ক বিভিন্ন বিষয়ে আগ্রহ তৈরি হয় হার্ডিনের। কৃষিবিষয়ক ক্লাসের পাশাপাশি তিনি এফএফএ নামের কৃষি ও নেতৃত্ববিষয়ক সংগঠনের কার্যক্রমেও যুক্ত ছিলেন। বর্তমানে স্থানীয় একটি ফিউনারেল হোমে কাজ করেন তিনি।
হার্ডিনের নির্বাচনী এলাকার কৃষিকাজের সঙ্গে যুক্ত মানুষের সংখ্যা আগের তুলনায় কমেছে। স্থানীয় কৃষি ও শিক্ষাব্যবস্থার উন্নয়নে কাজ করতে চান তিনি। বিশেষ করে কৃষির সঙ্গে তরুণ প্রজন্মকে যুক্ত করা এবং স্থানীয় স্কুলগুলোতে বিনিয়োগের বিষয়টি তার কাছে গুরুত্বপূর্ণ।
এ ছাড়া কাউন্টির বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়া কুডজু নামের আগ্রাসী লতাগাছ নিয়ন্ত্রণের বিষয়েও কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন তিনি। হার্ডিনের মতে, স্থানীয় সরকারে আরো বেশি তরুণের অংশগ্রহণ প্রয়োজন। তার বিশ্বাস, তরুণদেরও নিজেদের এলাকার উন্নয়নে দায়িত্ব নেওয়ার সুযোগ থাকা উচিত।
১৮ বছর বয়সে কাউন্টি বোর্ডে বেন অ্যাকারম্যান। ইলিনয় অঙ্গরাজ্যের টেজওয়েল কাউন্টির বোর্ড সদস্য নির্বাচিত হয়েছেন ১৮ বছর বয়সী বেন অ্যাকারম্যান। তার নির্বাচনে অংশ নেওয়ার পেছনে ভূমিকা ছিল এক আত্মীয়ের। কাউন্টির ক্লার্ক হিসেবে দায়িত্ব পালন করা তার চাচাতো ভাই জন অ্যাকারম্যান প্রথম তাকে নির্বাচনে দাঁড়ানোর পরামর্শ দেন।
এর আগে বন্ধুদের সঙ্গে স্প্রিংফিল্ডে একটি অনুশীলনমূলক আইনসভা অধিবেশনে অংশ নিয়েছিলেন বেন। সেখানে কিশোর-তরুণেরা বিভিন্ন বিল উত্থাপন ও পাস করার অনুশীলন করেন। সেই অভিজ্ঞতা তার রাজনৈতিক আগ্রহ আরো বাড়িয়ে দেয়। নির্বাচনে অংশ নেওয়ার আগে বাবা-মায়ের সঙ্গে আলোচনা করেন তিনি। শুরুতে তারা কিছুটা উদ্বিগ্ন থাকলেও পরে ছেলের সিদ্ধান্তে সম্মতি দেন।
নতুন দায়িত্বের পাশাপাশি বেন একটি ফাস্টফুড রেস্তোরাঁয় খণ্ডকালীন কাজ করবেন এবং ভার্জিনিয়ার লিবার্টি বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পড়াশোনা চালিয়ে যাবেন। কোনো একটি নির্দিষ্ট ইস্যুকে কেন্দ্র করে নির্বাচনে দাঁড়াননি তিনি। বরং তার নির্বাচনী এলাকার মানুষের ক্ষতি হতে পারে, এমন সিদ্ধান্ত ও উদ্যোগের দিকে নজর রাখার কথা জানিয়েছেন।
১৯ বছর বয়সে গুরুত্বপূর্ণ সরকারি পদে সেবাস্টিয়ান মাত্তা। অ্যারিজোনা অঙ্গরাজ্যের মারিকোপা কাউন্টির সুপিরিয়র কোর্টের ক্লার্ক নির্বাচিত হয়েছেন ১৯ বছর বয়সী সেবাস্টিয়ান মাত্তা। যুক্তরাষ্ট্রের জনসংখ্যার দিক থেকে চতুর্থ বৃহত্তম কাউন্টি হিসেবে পরিচিত মারিকোপার এই পদে তার জয়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে।
অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটির শিক্ষার্থী মাত্তা নির্বাচনে পরাজিত করেছেন সাবেক রিপাবলিকান স্টেট সিনেটর জেফ ডায়ালকে। তিনি ৫৩ শতাংশের বেশি ভোট পেয়ে জয়ী হন। কাউন্টির সুপিরিয়র কোর্টের ক্লার্ক হিসেবে বিয়ে নিবন্ধনের লাইসেন্স দেওয়া, পাসপোর্টের আবেদন প্রক্রিয়াকরণ, আদালতের ফি সংগ্রহ এবং গুরুত্বপূর্ণ বিচারিক নথি সংরক্ষণের মতো দায়িত্ব পালন করতে হবে তাকে।
বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি চার বছর মেয়াদি এ দায়িত্ব পালন করবেন মাত্তা। নির্বাচনে জয়ী হওয়ার পর তিনি জানিয়েছেন, দায়িত্ব গ্রহণের শুরুতে কার্যালয়ের কর্মীদের সঙ্গে সম্পর্ক তৈরি এবং প্রশাসনিক কার্যক্রম বোঝার ওপর গুরুত্ব দেবেন।
তরুণদের রাজনীতিতে আগ্রহ বাড়ছে কেন
যুক্তরাষ্ট্রে তরুণদের নির্বাচনে অংশগ্রহণের বিষয়টি বিচ্ছিন্ন ঘটনা নয় বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা। তাদের মতে, সাম্প্রতিক বছরগুলোতে জেনারেশন জেডের মধ্যে রাজনীতি ও জনসেবায় আগ্রহ বাড়ছে।
ভবিষ্যৎ প্রজন্মের রাজনীতিক ও নীতিনির্ধারকদের নিয়ে কাজ করা অলাভজনক সংস্থা ফিউচার ককাসের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের তুলনায় ২০২৬ সালে যুক্তরাষ্ট্রের কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী জেন-জি প্রার্থীর সংখ্যা প্রায় দ্বিগুণ হয়েছে। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ৬০, যা ২০২৬ সালে বেড়ে দাঁড়িয়েছে ১১৭-তে।
অন্যদিকে রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ইয়ং ইলেক্টেড লিডারস প্রজেক্টের তথ্য বলছে, ২০২৬ সালের নির্বাচনে কংগ্রেসের জন্য বড় দুই দলের মনোনয়ন পাওয়া ৩৫ বছর বা তার কম বয়সী প্রার্থীর সংখ্যা ছিল ৫৬।
রাটগার্স বিশ্ববিদ্যালয়ের ঈগলটন ইনস্টিটিউট অব পলিটিকসের পরিচালক এলিজাবেথ সি ম্যাটো মনে করেন, তরুণদের মধ্যে রাজনৈতিক দায়িত্ব নেওয়ার আগ্রহ বাড়ছে। সমাজে পরিবর্তন আনা এবং সরাসরি সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় যুক্ত হওয়ার আকাঙ্ক্ষা তাদের নির্বাচনে অংশ নিতে উৎসাহিত করছে।
তরুণদের ভোট দেওয়ার প্রবণতাতেও এর প্রতিফলন দেখা যায়। টাফটস বিশ্ববিদ্যালয়ের বিশ্লেষণে দেখা গেছে, ২০২২ সালের মধ্যবর্তী নির্বাচনে ১৮ থেকে ২৪ বছর বয়সী জেন-জি ভোটারদের ২৮ দশমিক ৪ শতাংশ ভোট দিয়েছিলেন। তুলনায় ২০০৬ সালের মধ্যবর্তী নির্বাচনে একই বয়সী মিলেনিয়ালদের ভোট দেওয়ার হার ছিল ২৩ শতাংশ। ১৯৯০ সালের মধ্যবর্তী নির্বাচনে একই বয়সী জেনারেশন এক্সের ভোট দেওয়ার হার ছিল ২৩ দশমিক ৫ শতাংশ।
তবে তরুণদের রাজনৈতিক অংশগ্রহণ বাড়লেও সব ক্ষেত্রে তাদের জন্য পথ সহজ নয়। নির্বাচনী প্রচারের অর্থ সংগ্রহ, রাজনৈতিক অভিজ্ঞতার ঘাটতি, দলীয় সমর্থন এবং ভোটারদের আস্থা অর্জন—এসবই তরুণ প্রার্থীদের জন্য বড় চ্যালেঞ্জ।
আগের প্রজন্মের অভিজ্ঞতা থেকে শিখছেন নতুন জনপ্রতিনিধিরা। নিউ হ্যাম্পশায়ারের সাবেক প্রতিনিধি ভ্যালেরি ম্যাকডোনেলের অভিজ্ঞতাও তরুণ জনপ্রতিনিধিদের জন্য গুরুত্বপূর্ণ। মাত্র ১৭ বছর বয়সে নির্বাচনী প্রচার শুরু করে ১৮ বছর বয়সে অঙ্গরাজ্যের প্রতিনিধি পরিষদে নির্বাচিত হয়েছিলেন তিনি। বর্তমানে ২২ বছর বয়সী ম্যাকডোনেল আইন বিষয়ে পড়াশোনা করছেন এবং সম্প্রতি তৃতীয় মেয়াদে নির্বাচিত হয়েছেন।
প্রথমবার আইনসভায় যোগ দেওয়ার সময় প্রায় সব ক্ষেত্রেই নিজেকে অন্যদের তুলনায় আলাদা মনে হতো তাঁর। সহকর্মীদের অধিকাংশই ছিলেন বয়সে বড় ও অভিজ্ঞ। তাই শুরুতে প্রতিটি বৈঠকে সময়মতো উপস্থিত থাকা এবং দায়িত্ব পালনে আন্তরিকতার মাধ্যমে নিজের যোগ্যতা প্রমাণের চেষ্টা করেন তিনি।
তবে তরুণ হওয়ার কিছু সুবিধাও রয়েছে বলে মনে করেন ম্যাকডোনেল। তার মতে, তরুণ জনপ্রতিনিধিরা নিজেদের বয়সী ভোটারদের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারেন। আবার শিক্ষা কমিটির মতো গুরুত্বপূর্ণ জায়গায় শিক্ষার্থী হিসেবে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরারও সুযোগ পান।
নতুন নির্বাচিত তরুণ জনপ্রতিনিধিদের উদ্দেশে তার পরামর্শ, অভিজ্ঞ সহকর্মীদের কাছ থেকে শিখতে হবে, প্রশ্ন করতে হবে এবং সবার সঙ্গে সহজে যোগাযোগের সম্পর্ক গড়ে তুলতে হবে।
রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তন
যুক্তরাষ্ট্রের এবারের নির্বাচনে ১৮ ও ১৯ বছর বয়সীদের জয় দেশটির রাজনীতিতে প্রজন্মগত পরিবর্তনের একটি চিত্র তুলে ধরেছে। স্থানীয় সরকার থেকে অঙ্গরাজ্যের আইনসভা—বিভিন্ন স্তরে দায়িত্ব নিতে যাচ্ছেন তারা। তাদের সামনে যেমন নতুন সুযোগ তৈরি হয়েছে, তেমনি রয়েছে অভিজ্ঞতার ঘাটতি কাটিয়ে জনআস্থা ধরে রাখার চ্যালেঞ্জ। তবে বয়সের সীমা পেরিয়ে রাজনীতিতে নিজেদের জায়গা করে নেওয়ার এই প্রচেষ্টা যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নেতৃত্ব নিয়ে নতুন আলোচনার জন্ম দিয়েছে।
সূত্র: দ্য ওয়াশিংটন পোস্ট, ফিউচার ককাস, রাটগার্স বিশ্ববিদ্যালয়, অ্যারিজোনা স্টেট ইউনিভার্সিটি, কেজেজেড, কেন্টাকির ডব্লিউকেওয়াইটি, ম্যাসাচুসেটসের সরকারি নির্বাচনসংক্রান্ত তথ্য ও এওএল
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা, ১৭ নভেম্বর, ২০২৬ : ডিজিটাল প্রযুক্তির দ্রুত বিস্তার এবং স্মার্টফোনের সহজলভ্যতার কারণে সাম্প্রতিক সময়ে নারী ও কন্যাশিশুদের নিরাপত্তাহীনতা এবং সাইবার সহিংসতার ঝুঁকি একটি গুরুতর সামাজিক ও নীতিগত উদ্বেগ হিসেবে চিহ্নিত হয়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) এবং জাতিসংঘ জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) সাম্প্রতিক জরিপ ও মানবাধিকার সংস্থাগুলোর পর্যবেক্ষণ অনুযায়ী, ইন্টারনেট ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারী নারী ও তরুণীদের একটি বড় অংশ জীবনের কোনো না কোনো পর্যায়ে অনলাইন হয়রানি বা সাইবার সহিংসতার শিকার হচ্ছেন।
বিশেষজ্ঞদের মতে, দেশের নারী ও কিশোরীদের শিক্ষা, কর্মসংস্থান, ই-কমার্স উদ্যোগ এবং সামাজিক যোগাযোগের পরিধি অভাবনীয়ভাবে বিস্তৃত হওয়ার পাশাপাশি ভার্চুয়াল জগতের নিরাপত্তাহীনতা নারীর মানসিক স্বাস্থ্যের ওপর গভীর নেতিবাচক প্রভাব ফেলছে এবং তাদের ডিজিটাল ক্ষমতায়নের পথকে বাধাগ্রস্ত করছে।
নতুন ঝুঁকি: কৃত্রিম বুদ্ধিমত্তা, ডিপফেক ও গেমিং প্ল্যাটফর্ম
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সাইবার নিরাপত্তা বিশ্লেষকদের মতে, গত কয়েক বছরে সাইবার অপরাধের ধরনে বড় ধরনের পরিবর্তন এসেছে। আগে কেবল পাসওয়ার্ড চুরি বা অশালীন বার্তা পাঠানোর মধ্যে হয়রানি সীমাবদ্ধ থাকলেও বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির অপব্যবহার পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।
বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস ট্রাস্ট (ব্লাস্ট)-এর সাম্প্রতিক বিশ্লেষণে দেখা গেছে, এআই প্রযুক্তির মাধ্যমে নারীদের ছবি বিকৃত করে (ডিপফেক) আপত্তিকর কনটেন্ট তৈরি, ভুয়া প্রোফাইল খুলে চরিত্রহনন এবং ব্যক্তিগত তথ্য ছড়িয়ে দিয়ে অর্থ আদায় বা ব্ল্যাকমেইল করার ঘটনা আশঙ্কাজনকভাবে বেড়েছে।
অনলাইন গেমিং প্ল্যাটফর্ম এবং এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপগুলোর মাধ্যমে অপরিচিত চক্রের ফাঁদে পা দিয়ে কিশোরীরা সাইবার বুলিং ও গ্রুমিংয়ের শিকার হচ্ছে। এসব অপরাধের প্রধান লক্ষ্যবস্তুতে পরিণত হচ্ছে ১৮ থেকে ৩০ বছর বয়সী তরুণী এবং স্কুল-কলেজ পড়ুয়া কিশোরীরা।
গ্রামীণ ও প্রান্তিক নারীদের ডিজিটাল সাক্ষরতার ঘাটতি
সংশ্লিষ্টরা জানান, শহরের তুলনায় গ্রাম ও মফস্বল এলাকার নারী ও কিশোরীরা ডিজিটাল নিরাপত্তা বিষয়ে তুলনামূলকভাবে কম সচেতন। প্রথমবারের মতো ইন্টারনেট ব্যবহারকারী প্রান্তিক নারীরা প্রাইভেসি সেটিংস বা ফিশিং লিংক সম্পর্কে ধারণা না থাকায় সহজেই প্রতারক চক্রের শিকারে পরিণত হচ্ছেন। অর্থনৈতিক স্বাবলম্বিতার আশায় অনলাইনে ক্ষুদ্র ব্যবসা (এফ-কমার্স) পরিচালনাকারী নারী উদ্যোক্তারাও প্রায়ই পেজ হ্যাকিং ও অনলাইন হয়রানির মুখে পড়ছেন।
অভিযোগ না করার প্রবণতা ও মানসিক স্বাস্থ্যে প্রভাব
বিভিন্ন গবেষণায় দেখা গেছে, সাইবার সহিংসতার শিকার হওয়া নারীদের প্রায় ৭৫ শতাংশই সামাজিক লোকলজ্জা, পরিবারের শাসন এবং আইনি জটিলতার ভয়ে কোনো আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেন না। অনেক ক্ষেত্রে পরিবার থেকেই ভুক্তভোগী কিশোরী বা তরুণীর ইন্টারনেট ব্যবহার বন্ধ করে দেওয়া হয় বা পড়াশোনায় বাধা সৃষ্টি করা হয়।
মনোরোগ বিশেষজ্ঞদের মতে, অনলাইন হয়রানির শিকার কিশোরীরা তীব্র মানসিক অবসাদ, উদ্বেগ, আত্মবিশ্বাসহীনতা এবং অনেক ক্ষেত্রে আত্মহননের মতো চরম ঝুঁকির মুখে পড়ে। তাই আইনি প্রতিকারের পাশাপাশি ভুক্তভোগীদের জন্য মনস্তাত্ত্বিক কাউন্সেলিং সেবা নিশ্চিত করা জরুরি।
আইনি সুরক্ষা ও শাস্তির বিধান
দেশে অনলাইন হয়রানি ও সাইবার অপরাধ দমনে কঠোর আইনি বিধান রয়েছে। প্রচলিত সাইবার সুরক্ষা আইন (সংশোধিত) এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, ২০১২-এর আওতায় কারো অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি বা ভিডিও ধারণ, কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে বিকৃত করা, ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া, ভুয়া পরিচয়ে মানহানি বা ব্ল্যাকমেইল করা দণ্ডনীয় অপরাধ। সাইবার ট্রাইব্যুনালে এসব অপরাধে প্রমাণ সাপেক্ষে কারাদণ্ড ও বড় অঙ্কের অর্থদণ্ডের বিধান রয়েছে।
ডিজিটাল মাধ্যমে সংঘটিত অপরাধের বিচার নিশ্চিত করতে ডিজিটাল ফরেনসিক প্রমাণ সংরক্ষণ অত্যন্ত জরুরি। ভুক্তভোগীরা ভয় না পেয়ে আইনের আশ্রয় নিলে অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা সম্ভব।
সরকারি, আন্তর্জাতিক ও নিয়ন্ত্রক সংস্থার উদ্যোগ
অনলাইনে নারী ও শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে সরকার বহুমুখী পদক্ষেপ গ্রহণ করেছে। চলতি ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় ও জেন্ডার বাজেটে প্রথমবারের মতো নারীদের ডিজিটাল নিরাপত্তাকে অগ্রাধিকার খাত হিসেবে চিহ্নিত করে অনলাইন সহিংসতার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) ও জাতীয় সাইবার নিরাপত্তা এজেন্সি (এনসিএসএ) আপত্তিকর কনটেন্ট ও ভুয়া অ্যাকাউন্ট অপসারণে মেটা (ফেসবুক), গুগল ও টিকটকের মতো আন্তর্জাতিক প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমন্বয় করে কাজ করছে। পাশাপাশি জাতিসংঘ শিশু তহবিলের (ইউনিসেফ) চার বছর মেয়াদি ‘জেন্ডার ইকুয়ালিটি অ্যাকশন প্ল্যান (২০২৬-২০২৯)’-এ কিশোরীদের নিরাপদ অনলাইন পরিবেশ ও ডিজিটাল সাক্ষরতা কার্যক্রম জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
বিশেষায়িত পুলিশি সেবা ও জরুরি সহায়তা
সাইবার অপরাধ দমনে বাংলাদেশ পুলিশের বিশেষায়িত ইউনিট ‘পুলিশ সাইবার সাপোর্ট ফর উইমেন (পিসিএসডব্লিউ)’ নিরলসভাবে কাজ করে যাচ্ছে। সম্পূর্ণ নারী পুলিশ সদস্যদের দ্বারা পরিচালিত এই ইউনিটে ভুক্তভোগী নারীরা পরিচয় গোপন রেখে সরাসরি অভিযোগ জানাতে পারেন।
অনেক নারী সামাজিক সম্মানের ভয়ে থানায় যেতে চান না। তাদের কথা বিবেচনা করে পিসিএসডব্লিউ সম্পূর্ণ গোপনীয়তা রক্ষা করে অনলাইনেই সেবা দিয়ে থাকে। প্রতিদিন অসংখ্য অভিযোগের নিষ্পত্তি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান করা হচ্ছে।
ভুক্তভোগীরা পিসিএসডব্লিউ-এর হটলাইন নম্বর (০১৩২০০০০৮৮৮), ইমেইল ([email protected]) অথবা অফিশিয়াল ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সহায়তা নিতে পারেন। পাশাপাশি জাতীয় জরুরি সেবা ৯৯৯, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারি হেল্পলাইন ১০৯ এবং টেলিযোগাযোগ সংক্রান্ত অভিযোগের জন্য বিটিআরসির শর্টকোড ২৮৭২ নম্বরেও তাৎক্ষণিক সহায়তা চাইতে পারেন।
বিশেষজ্ঞদের পরামর্শ ও করণীয়
সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞরা মনে করেন, কেবল আইন প্রয়োগের মাধ্যমে এই সমস্যার স্থায়ী সমাধান সম্ভব নয়; এর জন্য প্রয়োজন পারিবারিক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক ডিজিটাল সাক্ষরতা। মাধ্যমিক পর্যায়ের পাঠ্যক্রমে নিরাপদ ইন্টারনেট ব্যবহারের বিষয়টি বাধ্যতামূলক করা এবং অভিভাবকদের সন্তানদের প্রতি সহানুভূতিশীল আচরণ নিশ্চিত করা জরুরি।
ব্যক্তিগত পর্যায়ে নিরাপদ থাকতে বিশেষজ্ঞরা প্রতিটি অনলাইন অ্যাকাউন্টে ‘টু-ফ্যাক্টর অথেনটিকেশন’ (২এফএ) চালু রাখা, সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যক্তিগত তথ্য ও ছবি সর্বসাধারণের জন্য উন্মুক্ত না রাখা, অপরিচিত লিংকে ক্লিক করা থেকে বিরত থাকা এবং যেকোনো হয়রানির প্রমাণ হিসেবে স্ক্রিনশট ও ইউআরএল লিংক সংরক্ষণ করার পরামর্শ দিয়েছেন।
সংশ্লিষ্ট মহলের মতে, একটি নিরাপদ ও অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে অনলাইন প্ল্যাটফর্মকে নারীবান্ধব করে তোলার কোনো বিকল্প নেই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ