১২:৩২ পি.এম
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা এবং বিভিন্ন দেশের পণ্যে শুল্ক আরোপের বিষয়ে ‘খুব ভালো সিদ্ধান্ত’ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন। তিনি দাবি করেছেন, এই সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রের পাশাপাশি পুরো বিশ্বের জন্যও ইতিবাচক প্রভাব ফেলবে। তবে এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের কথা তিনি এখনো জানাননি।
রোববার (১৮ অক্টোবর) ফ্লোরিডার মার-আ-লাগোতে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ মন্তব্য করেন। রুশ সংবাদমাধ্যম তাসের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।
ট্রাম্প বলেন, তাঁর সিদ্ধান্ত সম্পর্কে এখনো অনেকেই অবগত নন। তবে তিনি মনে করেন, সিদ্ধান্তটি যুক্তরাষ্ট্রের জন্য ভালো হবে এবং বিশ্বও এর সুফল পাবে। তাঁর ভাষায়, বিষয়টি এখন বৈশ্বিক পর্যায়ে পৌঁছেছে।
আরও পড়ুন: ইন্দোনেশিয়ার দাবানলে বিষাক্ত ধোঁয়ায় বিপর্যস্ত দক্ষিণ-পূর্ব এশিয়া
এর আগে শনিবার মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, রাশিয়ার ওপর সম্ভাব্য নিষেধাজ্ঞা এবং অন্যান্য দেশের ওপর সংশ্লিষ্ট শুল্ক আরোপের অর্থনৈতিক প্রভাব পর্যালোচনায় ট্রাম্প ৬০ দিন সময় নিতে চান। এসব পদক্ষেপ যুক্তরাষ্ট্র ও বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব ফেলতে পারে, তা মূল্যায়ন করা হবে।
রুবিও আরও বলেন, বিশ্ববাজারে জ্বালানির দামের অস্থিরতা এবং বিভিন্ন সংঘাতের কারণে এই পর্যালোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। নিষেধাজ্ঞা ও শুল্কের বিষয়ে উপযুক্ত সিদ্ধান্ত নিতে পরিস্থিতি আরও বিশ্লেষণ করা প্রয়োজন।
এদিকে, রাশিয়ার ওপর প্রস্তাবিত কঠোর নিষেধাজ্ঞা ও শুল্কের কিছু গুরুত্বপূর্ণ বিধান স্থগিত রাখতে নির্বাহী আদেশে স্বাক্ষর করেছেন ট্রাম্প। নতুন আইনের আওতায় এসব ব্যবস্থা কার্যকর হওয়ার কথা থাকলেও যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থের বিবেচনায় সেগুলো স্থগিত রাখার সুযোগ রয়েছে।
গত ১৮ সেপ্টেম্বর কংগ্রেসে পাস হওয়া বিলে স্বাক্ষর করেন ট্রাম্প। ওই আইনে রাশিয়ার শীর্ষ রাজনৈতিক ও সামরিক নেতৃত্ব এবং রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের ওপর কঠোর নিষেধাজ্ঞার বিধান রয়েছে। পাশাপাশি রাশিয়া থেকে আমদানি করা পণ্যে সর্বোচ্চ ৫০০ শতাংশ এবং রুশ জ্বালানির বড় ক্রেতা দেশগুলো থেকে আমদানি করা পণ্যে সর্বোচ্চ ১০০ শতাংশ শুল্ক আরোপের বিধান রাখা হয়েছে।
আরও পড়ুন: স্পেনে প্রবল বৃষ্টিতে বন্যায় ৪ জনের মৃত্যু
তবে এসব ব্যবস্থা কার্যকর করা হবে কি না, তা নির্ধারণে যুক্তরাষ্ট্রের প্রশাসন অর্থনৈতিক প্রভাব পর্যালোচনা করছে। রুবিওর বক্তব্য অনুযায়ী, এ বিষয়ে সিদ্ধান্ত নিতে ট্রাম্পের হাতে ৬০ দিনের মূল্যায়নকাল রয়েছে। তথ্যসূত্র: তাস, রয়টার্স
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন