ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

রাজধানী থেকে হঠাৎ উধাও ব্যাটারিচালিত রিকশা, কারণ কী?


রাজধানী থেকে হঠাৎ উধাও ব্যাটারিচালিত রিকশা, কারণ কী?

টানা কয়েক দিনের ছুটির পর শিক্ষাপ্রতিষ্ঠান খুলেছে। তবে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার দিন রাজধানীর সড়কে তেমন ব্যাটারিচালিত রিকশা দেখা যাচ্ছে না। এর ফলে বিপাকে পড়েছেন শিক্ষার্থী, অভিভাবক এবং চাকরিজীবীরা।

জানা গেছে, বাংলাদেশ কমিউনিস্ট পার্টির (সিপিবি) সংগঠন রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের উদ্যোগে এই শ্রমিক সমাবেশের আয়োজন করা হয়েছে। সমাবেশ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশের কর্মসূচিও রয়েছে। তবে অভিযোগ উঠেছে যে, সমাবেশে যোগ দিতে ব্যাটারিচালিত রিকশাচালকদের বাধ্য করা হচ্ছে।

এদিন সকালে রাজধানীর মোহাম্মদপুরসহ বিভিন্ন এলাকার সড়কে ব্যাটারিচালিত অটোরিকশা তেমন একটা দেখা যায়নি। মোহাম্মদপুর তিন রাস্তার মোড়ে চলমান অটোরিকশাগুলোকে আটকে দিতে দেখা যায় কয়েকজনকে।

আরও পড়ুন: হাসিনাকে দেশে ফিরিয়ে এনে মৃত্যুদণ্ডের রায় বাস্তবায়নের দাবি মোস্তাফিজুর রহমান বাবুলের

বছিলার রিকশাচালক ইব্রাহিম জানান, দুদিন ধরে এলাকায় আজকের সমাবেশ উপলক্ষে মাইকিং হয়েছে। এছাড়া গ্যারেজে গ্যারেজে লিফলেটও বিলি করা হয়েছে। এ সময় তিনি পকেট থেকে একটি লিফলেট বের করেন। এতে লেখা ছিল, ‘রাস্তা আছে যেখানে, অটোরিকশা চলবে সেখানে।’

এদিকে, রিকশা-ভ্যান-ইজিবাইক শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আরিফুল ইসলাম নাদিম জানান, বিআরটিএর মাধ্যমে লাইসেন্স প্রদান, রুট পারমিট দেওয়া, বিদ্যুতের মিটার সংযোগ বিচ্ছিন্ন না করাসহ ১২ দাবিতে সকাল ১০টায় প্রেস ক্লাবের সামনে সমাবেশ ও মিছিল কর্মসূচি রয়েছে। এরপর প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে।

ব্যাটারিচালিত রিকশাচালকদের সমাবেশে আসতে বাধ্য করা হচ্ছে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘রিকশা আটকানো বা যাত্রীদের নামিয়ে দেওয়ার কোনো নির্দেশনা আমাদের নেই। যারা স্বেচ্ছায় আসতে চান, তাদের আমরা আহ্বান করেছি।’

রবিবার প্রেস ক্লাবে আন্দোলনরত ব্যাটারিচালিত অটোরিকশাচালক ও মালিকরা। ছবি : সংগৃহীত

আরও পড়ুন: রয়টার্সের পাসপোর্ট আবেদনের দাবি নাকচ করল পররাষ্ট্র মন্ত্রণালয় ও দিল্লি হাইকমিশন

মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা শ্রমিক রাকিবুজ্জামান খান বলেন, ‘সকালবেলা রাস্তায় বাইর হইয়া দেহি, অটোরিকশা অন্যান্য দিনের চেয়ে কম। অন্যদিনের চেয়ে আজ গন্তব্যে যাইতে ১০ টাকা বেশি দিতে হইছে।’

শাহীন উদ্দিন জানান, রাস্তায় আজ অটোরিকশা কম, যেগুলো আছে ভাড়া বেশি চায়।

বছিলার বাসিন্দা আপন মাহমুদ জানান, তিনি প্রতিদিন কলেজ গেট যান। তবে আজ অনেক সময় অপেক্ষা করেও অটোরিকশা বা মোটরসাইকেল কোনোটাই পাচ্ছেন না।

এর আগে রবিবার (৮ নভেম্বর) প্রেস ক্লাবে বিনা শর্তে লাইসেন্সের দাবিতে আন্দোলন করেন অটোরিকশাচালক ও মালিকরা। এ সময় তাদের হাতে বিভিন্ন ফেস্টুন দেখা যায়।

আরও পড়ুন: প্রতি ইউনিয়নের প্রধান সড়ক ‘গ্রাম পুলিশ সড়ক’ নামে নামকরণের নির্দেশ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার প্রভাব বিশ্লেষণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার প্রভাব বিশ্লেষণ

আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার ঐতিহাসিক অভিজ্ঞতা ও নীতিগুলো একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো সামাজিক সাম্য, ন্যায়বিচার, ধর্মীয় সহাবস্থান, নাগরিকদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা এবং পরিবেশের ভারসাম্য রক্ষার মতো বিষয়গুলো, যা প্রাচীন ইসলামি নগরব্যবস্থায় বিশেষ গুরুত্ব পেয়েছিল। এসব নীতির সঠিক প্রয়োগ আধুনিক শহরগুলোকে আরো বাসযোগ্য, অন্তর্ভুক্তিমূলক ও টেকসই করে তুলতে সক্ষম হতে পারে।

‘ইসলামিক সিভিলাইজেশনস ইনফ্লুয়েন্স অন মডার্ন সিটি প্ল্যানিং’ শীর্ষক একটি গবেষণায় এসব বিষয় তুলে ধরা হয়েছে। গবেষণাটি মালয়েশিয়ায় অনুষ্ঠিত এএইচআইবিএস ইন্টারন্যাশনাল অ্যাকশন কনফারেন্সের কার্যবিবরণীতে প্রকাশিত হয়েছে। গবেষক কাসিম হামাখুরশিদ হামামুরাদ ও নরমাল মাত জুসোহ ইসলামি সভ্যতার নগর পরিকল্পনা ও প্রশাসনিক কাঠামোর ঐতিহাসিক বিকাশ এবং আধুনিক শহর ব্যবস্থাপনায় এর প্রাসঙ্গিকতা বিশ্লেষণ করেছেন।

গবেষণায় স্পেনের কর্ডোবা, ইরাকের বাগদাদ, তুরস্কের ইস্তাম্বুল, ইরানের ইসফাহান, ইরাকের এরবিল এবং মালয়েশিয়ার কুয়ালালামপুরের উদাহরণ তুলে ধরা হয়েছে। এসব শহরের স্থাপত্য, অবকাঠামো, পানি ব্যবস্থাপনা, সামাজিক বিন্যাস ও প্রশাসনিক কাঠামো বিশ্লেষণ করে গবেষকেরা দেখিয়েছেন, ইসলামী সভ্যতার নগর পরিকল্পনায় সৌন্দর্য, কার্যকারিতা ও সামাজিক অন্তর্ভুক্তির সমন্বয় ঘটেছিল।

ইসলামি নগরের মৌলিক কাঠামো হিসেবে প্রশাসন, মসজিদ ও বাজারের পারস্পরিক সম্পর্ক গুরুত্ব পেয়েছে। ইসলামি চিন্তাবিদ ইমাম আবু হানিফা ও ইমাম মালিকের নগর ধারণার আলোচনায় কাজি বা বিচারিক-প্রশাসনিক ব্যবস্থা, মসজিদ এবং বাজারকে শহরের কেন্দ্রীয় তিনটি উপাদান হিসেবে চিহ্নিত করা হয়েছে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর মদিনা নগর গড়ে তোলার ক্ষেত্রে এ ধরনের সমন্বিত কাঠামোর দৃষ্টান্ত দেখা যায়। মসজিদে নববী ছিল শিক্ষা, সামাজিক যোগাযোগ, ধর্মীয় কর্মকাণ্ড ও জনকল্যাণের কেন্দ্র। এর কাছাকাছি ছিল মহানবী (সা.)-এর বাসস্থান, বাজার ও আবাসিক এলাকা। ফলে সাধারণ মানুষ প্রয়োজনীয় বিষয়ে নেতৃত্বের সঙ্গে সহজে যোগাযোগ করতে পারত।

এ ছাড়া তৎকালীন নগর বিন্যাসে আলো-বাতাস চলাচল, ছায়া এবং খোলা জায়গার বিষয়টিও বিবেচনায় রাখা হতো বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। ঘরবাড়ি ও স্থাপনাগুলোর বিন্যাসে স্থানীয় আবহাওয়া ও প্রাকৃতিক পরিবেশের সঙ্গে সামঞ্জস্য রাখার বিষয়টি গুরুত্ব পেত।

প্রাথমিক ইসলামী খেলাফতগুলোর নগর উন্নয়নে আব্বাসীয়, উমাইয়া ও উসমানীয় শাসনামলের অবদান রয়েছে। আব্বাসীয় খলিফা আল-মনসুর ৭৬২ খ্রিষ্টাব্দে বাগদাদ প্রতিষ্ঠা করেন। শহরটির পরিকল্পনায় বৃত্তাকার বিন্যাস, কেন্দ্রীয় প্রাসাদ ও প্রশাসনিক স্থাপনা এবং সড়কব্যবস্থার সমন্বয় ছিল। শহরের কেন্দ্র থেকে বিভিন্ন দিকে সড়ক বিস্তৃত হয়েছিল। পানি সরবরাহের জন্য খাল ও উন্নত অবকাঠামোও গড়ে তোলা হয়। গবেষকদের মতে, বাগদাদের এসব পরিকল্পনা আধুনিক নগর অবকাঠামো উন্নয়নের ক্ষেত্রেও শিক্ষণীয়।

অন্যদিকে, স্পেনের কর্ডোবা উমাইয়া শাসনামলে ইউরোপের অন্যতম গুরুত্বপূর্ণ সাংস্কৃতিক ও জ্ঞানচর্চার কেন্দ্রে পরিণত হয়েছিল। শহরটির উন্নত সড়ক, বাজার ও পানি সরবরাহব্যবস্থার পাশাপাশি ধর্মীয় ও সাংস্কৃতিক সহাবস্থানের বিষয়টি গবেষণায় বিশেষভাবে উঠে এসেছে। সেখানে মুসলিম, খ্রিষ্টান ও ইহুদিরা পাশাপাশি বসবাস করত। কর্ডোবার বিখ্যাত গ্রেট মসজিদ বা লা মেসকিতা ছিল ধর্মীয় কর্মকাণ্ডের পাশাপাশি সামাজিক, সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক কার্যক্রমেরও কেন্দ্র।

ইস্তাম্বুলের ক্ষেত্রে উসমানীয় শাসকদের নগর পরিকল্পনা ও পানি ব্যবস্থাপনার দক্ষতার কথা উল্লেখ করা হয়েছে। ১৪৫৩ সালে কনস্টান্টিনোপল বিজয়ের পর শহরটিকে নতুনভাবে সাজানোর উদ্যোগ নেওয়া হয়। মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান, বাজার, গোসলখানা ও অন্যান্য জনসেবামূলক স্থাপনা গড়ে তোলা হয়। মসজিদকে কেন্দ্র করে আবাসিক এলাকাও বিকশিত হয়। শহরে পানির সরবরাহ নিশ্চিত করতে জলাধার, জলসেতু ও বিভিন্ন পানি পরিবহনব্যবস্থা তৈরি করা হয়েছিল।

সবুজ এলাকা ও পরিবেশ সংরক্ষণে গুরুত্ব

ইসলামি নগর পরিকল্পনার অন্যতম বৈশিষ্ট্য হিসেবে সবুজ এলাকা, বাগান ও ফলের বাগান ছিল। তাদের মতে, এসব জায়গা শহরের সৌন্দর্য বাড়ানোর পাশাপাশি তাপমাত্রা কমানো, বায়ুর মান উন্নত করা এবং জীববৈচিত্র্য রক্ষায় সহায়তা করে।

পানি ব্যবস্থাপনাও ছিল প্রাচীন ইসলামি নগরগুলোর গুরুত্বপূর্ণ দিক। জলাধার, ভূগর্ভস্থ পানির ট্যাংক, জলসেতু ও সেচব্যবস্থার মাধ্যমে পানির সরবরাহ নিশ্চিত করা হতো। বিশেষ করে শুষ্ক ও পানিসংকটপূর্ণ অঞ্চলের আধুনিক শহরগুলো এসব অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে পারে।

গবেষণায় স্থানীয়ভাবে পাওয়া নির্মাণসামগ্রী ব্যবহার এবং সম্পদের পরিকল্পিত ব্যবহারের ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। এর মাধ্যমে নির্মাণকাজে পরিবেশের ওপর চাপ কমানো এবং কার্বন নিঃসরণ হ্রাসের সুযোগ তৈরি হতে পারে।

সামাজিক সাম্য ও ধর্মীয় সহাবস্থান

ইসলামি নগর পরিকল্পনায় বিভিন্ন আর্থসামাজিক শ্রেণির মানুষের জন্য আবাসন ও প্রয়োজনীয় নাগরিক সুবিধা নিশ্চিত করার বিষয়টি গুরুত্ব পেয়েছিল। বাজার, মসজিদ, শিক্ষাপ্রতিষ্ঠান ও আবাসিক এলাকা কাছাকাছি থাকায় নাগরিকদের মধ্যে সামাজিক যোগাযোগ ও পারস্পরিক সহযোগিতা বাড়ত।

ধর্মীয় ও সাংস্কৃতিক বৈচিত্র্যের প্রতি সহনশীলতাও ছিল আলোচনার গুরুত্বপূর্ণ বিষয়। কর্ডোবা ও ইস্তাম্বুলের উদাহরণ দিয়ে গবেষণায় বলা হয়েছে, বিভিন্ন ধর্ম ও সংস্কৃতির মানুষের সহাবস্থান শহরকে বহুসাংস্কৃতিক বৈশিষ্ট্য দিয়েছে। আধুনিক নগর প্রশাসনেও ধর্মীয় ও সাংস্কৃতিক পরিচয় নির্বিশেষে সবার জন্য সমান সুযোগ নিশ্চিত করা জরুরি।

ইরানের ইসফাহানের নগর পরিকল্পনায় নকশে জাহান চত্বরের উদাহরণ তুলে ধরা হয়েছে। বিশাল এই চত্বরের চারপাশে বাজার, প্রাসাদ ও মসজিদ গড়ে উঠেছে। ফলে জায়গাটি শুধু স্থাপত্যের সৌন্দর্য নয়, বাণিজ্যিক, ধর্মীয়, সাংস্কৃতিক ও সামাজিক কর্মকাণ্ডেরও কেন্দ্র হয়ে উঠেছে। একইভাবে শহরটির ঐতিহাসিক সেতুগুলো যাতায়াতের পাশাপাশি মানুষের মিলন ও অবসর কাটানোর জায়গা হিসেবে ব্যবহৃত হতো।

গবেষণায় নগর পরিচালনায় স্বচ্ছতা, জবাবদিহি ও নাগরিক অংশগ্রহণের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। অতীতের ইসলামি নগরগুলোর প্রশাসনিক কাঠামো থেকে শিক্ষা নিয়ে আধুনিক শহরগুলোতে জনস্বার্থকে প্রাধান্য দেওয়া, সিদ্ধান্ত গ্রহণে নাগরিকদের মতামত নেওয়া এবং সরকারি সেবার কার্যকারিতা বাড়ানোর সুপারিশ করা হয়েছে।

মালয়েশিয়ার কুয়ালালামপুরকে আধুনিক নগর ব্যবস্থাপনায় ইসলামি নীতির প্রয়োগের একটি উদাহরণ হিসেবে তুলে ধরা হয়েছে। শহরটিতে মসজিদ, মন্দির ও গির্জার পাশাপাশি অবস্থান ধর্মীয় সহাবস্থানের দৃষ্টান্ত হিসেবে উল্লেখ করা হয়েছে। একই সঙ্গে কেএলসিসি পার্ক ও লেক গার্ডেনসের মতো সবুজ এলাকা পরিবেশবান্ধব নগরায়ণে ভূমিকা রাখছে।

মালয়েশিয়ার মসজিদ স্থাপত্যেও উসমানীয়সহ বিভিন্ন ইসলামি সভ্যতার প্রভাব রয়েছে। কুয়ালালামপুরের উইলায়াহ মসজিদে ইস্তাম্বুলের বিখ্যাত ব্লু মসজিদের স্থাপত্যশৈলীর প্রভাব দেখা যায়। এ ছাড়া দেশটির জনসাধারণের জন্য বিভিন্ন ভবনে প্রার্থনার স্থান ও শৌচাগারের মতো প্রয়োজনীয় সুবিধা রাখার বিষয়টিও আলোচনায় এসেছে।

আধুনিক নগর পরিকল্পনায় ইসলামি সভ্যতার ঐতিহাসিক অভিজ্ঞতা ও নীতিগুলো আরো কার্যকরভাবে কাজে লাগানো প্রয়োজন। এ জন্য নগর পরিকল্পনাবিদ, স্থপতি ও ধর্মীয় বিশেষজ্ঞদের মধ্যে সহযোগিতা বাড়ানোর পরামর্শ দেওয়া হয়েছে।

একই সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠ্যক্রমে ইসলামী নগর পরিকল্পনা ও প্রশাসনের বিষয় অন্তর্ভুক্ত করার সুপারিশ করেছেন গবেষকেরা। এতে ভবিষ্যৎ প্রজন্মের নগর পরিকল্পনাবিদ ও সংশ্লিষ্ট পেশাজীবীরা এ বিষয়ে জ্ঞান অর্জনের সুযোগ পাবেন।

স্থানীয় সরকার, কমিউনিটি নেতা ও সাধারণ নাগরিকদের মধ্যে নিয়মিত আলোচনা এবং সিদ্ধান্ত গ্রহণে জনসম্পৃক্ততা বাড়ানোর ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে। অংশগ্রহণমূলক বাজেট প্রণয়ন ও নগর উন্নয়ন পরিকল্পনায় নাগরিকদের সক্রিয় ভূমিকা নিশ্চিত করার মাধ্যমে আরও অন্তর্ভুক্তিমূলক শহর গড়ে তোলা সম্ভব।

অতীতের অভিজ্ঞতাকে বর্তমানের প্রয়োজনের সঙ্গে সমন্বয় করা গেলে এমন নগর গড়ে তোলা সম্ভব, যেখানে উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ, সামাজিক ন্যায়বিচার ও সাংস্কৃতিক বৈচিত্র্য একসঙ্গে গুরুত্ব পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সড়ক দুর্ঘটনায় আহত কুবির ছাত্র ইরফান তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৭ এম


সড়ক দুর্ঘটনায় আহত কুবির ছাত্র ইরফান তিন বছর চিকিৎসাধীন থাকার পর মারা গেলেন

কুমিল্লা বিশ্ববিদ্যালয় (কুবি) শাখা ছাত্রশিবিরের বিজ্ঞান অনুষদের সাবেক সেক্রেটারি মোহাম্মদ ইরফান উল্লাহ মারা গেছেন। তিনি ২০২৩ সালে সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হওয়ার পর দীর্ঘ তিন বছর চিকিৎসাধীন ছিলেন। সোমবার ভোর পাঁচটার দিকে চট্টগ্রাম ন্যাশনাল হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাঁর মৃত্যু ঘটে।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন ইরফান। তিনি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের একজন সদস্য ছিলেন এবং সর্বশেষ কুমিল্লা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের বিজ্ঞান অনুষদের সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করেন।

জানা যায়, ২০২৩ সালের ৯ নভেম্বর সকালে টিউশনিতে যাওয়ার পথে কোটবাড়ি বিশ্বরোড এলাকায় সড়ক দুর্ঘটনার শিকার হন ইরফান। সাইকেলে যাওয়ার সময় ঢাকাগামী তিশা প্লাস পরিবহনের একটি বাস তাঁকে ধাক্কা দেয়। এ ঘটনায় তিনি গুরুতর আহত হন, তাঁর বাম হাত ভেঙে যায় এবং মাথা, নাক ও মুখসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে তাঁকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়।

দুর্ঘটনার পর দীর্ঘ সময় ধরে বিভিন্ন হাসপাতালে তাঁর চিকিৎসা চলে। চিকিৎসায় বিপুল অর্থ ব্যয় হয়। এই সময়ে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, সহপাঠী, সিনিয়র-জুনিয়র ও শুভাকাঙ্ক্ষীরা তাঁর চিকিৎসায় সহযোগিতা করেন। দীর্ঘ চিকিৎসার পরও তিনি স্বাভাবিক জীবনে ফিরতে পারেননি।

ইরফানের ভাই মহিবুল্লাহ তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘আজকে ফজরের পরে আমার ভাই মারা গিয়েছে। আপনারা আমার ভাইয়ের জন্য দোয়া করবেন এবং ওর কোনো আচরণে কষ্ট পেলে ওকে ক্ষমা করে দিবেন।’

তিনি জানান, ইরফানের দুটি জানাজা অনুষ্ঠিত হবে। একটি সোমবার বাদ জোহর চট্টগ্রাম শহরে এবং অন্যটি সন্ধ্যার পর তাঁর সাতকানিয়ার গ্রামের বাড়িতে অনুষ্ঠিত হবে। জানাজার নির্ধারিত সময় পরে জানিয়ে দেওয়া হবে।

এমএইচ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিসরে ট্রেন সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ১১২

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৮ এম


মিসরে ট্রেন সংঘর্ষে ৭ জনের মৃত্যু, আহত ১১২

ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : গতকাল রোববার মিসরের রাজধানী কায়রোর দক্ষিণে সংঘটিত একটি ট্রেন দুর্ঘটনায় দুটি ট্রেনের মধ্যে সংঘর্ষ ঘটে। এই ঘটনায় সাতজন নিহত এবং ১১২ জন আহত হয়েছেন বলে জানিয়েছে দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মিসরের রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, গিজা থেকে ফাইয়ুমগামী একটি ট্রেন কায়রো থেকে আসওয়ান শহরগামী আরেকটি ট্রেনের পেছনে সজোরে ধাক্কা দেয়, যার ফলে কয়েকটি বগি লাইনচ্যুত হয়ে পড়ে।

এএফপি সংবাদ সংস্থার খবর অনুযায়ী, স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, আহত ১১২ জনকে গিজা এলাকার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের শরীরে বিভিন্ন আঘাত ও ক্ষত রয়েছে। কিছু আহতের হাত-পা এবং মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে। এছাড়া, কেউ কেউ মাথায় এবং বুকে আঘাত পেয়েছেন।

মন্ত্রণালয় আরও জানায়, চিকিৎসা শেষে ৪৫ জনকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। এছাড়া, আরও সাতজনকে পরে হাসপাতাল থেকে ছাড় দেওয়া হতে পারে।

মিসরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি দুর্ঘটনার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন, তিনি পরিস্থিতির ওপর নিবিড়ভাবে নজর রাখছেন। তিনি দ্রুত তদন্তের নির্দেশ দিয়েছেন, যাতে দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনা যায়।

দুর্ঘটনার পর উদ্ধারকাজের বিশৃঙ্খল পরিস্থিতির বর্ণনা দিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। উল্টে যাওয়া বগির ভেতরে আটকে পড়া যাত্রীদের উদ্ধারে স্থানীয় বাসিন্দা, উদ্ধারকর্মী ও রেলকর্মীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যান।

৩১ বছর বয়সী আবদেল ওয়াহেদ মোহাম্মদ জানান, আসওয়ানগামী ট্রেনটি আগে থেকেই থেমে ছিল। এ সময় ফাইয়ুমগামী ট্রেনটি পেছন থেকে এসে সেটিকে ধাক্কা দেয়। তিনি বলেন, ‘দুপুর আনুমানিক দেড়টার দিকে ট্রেনটি উল্টে যায়। ছয়টি বগি উল্টে পড়েছিল।’ হতাহতদের মধ্যে গুরুতর আহত ব্যক্তিরাও ছিলেন, যাদের মাথায় আঘাত এবং হাত-পা ভেঙে যাওয়ার মতো অবস্থা ছিল।

২৫ বছর বয়সী আহমেদ মুসা জানান, উদ্ধারকর্মীরা আটকে পড়া যাত্রীদের উদ্ধারের জন্য উল্টে যাওয়া একটি বগির নিচের অংশ খুঁড়ে ভেতরে প্রবেশের চেষ্টা করেন। তিনি বলেন, ‘বগির ভেতরে মানুষ একে অপরের ওপর স্তূপ হয়ে পড়ে ছিলেন।’ নিহতদের মধ্যে দুজন নারীকে দেখেছেন বলেও জানান তিনি।

৪৩ বছর বয়সী তাহা আবদেল তাওয়াব বলেন, ‘আমি এক তরুণকে ট্রেন থেকে বেরিয়ে আসতে দেখেছি। তার কোলে ছিল মৃত বাবার মরদেহ।’

এএফপির সাংবাদিকেরা ঘটনাস্থলে রেললাইনের ওপর এবং আশপাশের কৃষিজমিতে ছড়িয়ে-ছিটিয়ে থাকা কয়েকটি যাত্রীবাহী বগি দেখতে পান। একটি বগি রেললাইনের পাশের উঁচু বাঁধের কাছে কাত হয়ে পড়ে ছিল। অন্য একটি বগি সংঘর্ষের প্রচণ্ড আঘাতে দুমড়েমুচড়ে গিয়ে ছিন্নভিন্ন হয়ে যায়। এতে বগির ভেতরের বাঁকানো লোহার অংশ, ভাঙা আসন এবং যাত্রীদের ব্যক্তিগত জিনিসপত্র ছড়িয়ে থাকতে দেখা যায়।

ভারী যন্ত্রপাতি দিয়ে উদ্ধারকাজ

উদ্ধারকর্মীরা ক্রেন ও ভারী যন্ত্রপাতি ব্যবহার করে উল্টে যাওয়া বগিগুলো সোজা করার চেষ্টা করেন। অন্যদিকে, অ্যাম্বুলেন্সে করে আহতদের দ্রুত আশপাশের বিভিন্ন হাসপাতালে নেওয়া হয়।

ঘটনাস্থল ঘিরে বিপুলসংখ্যক স্থানীয় বাসিন্দা জড়ো হন। সন্ধ্যা পর্যন্ত উদ্ধার ও ধ্বংসাবশেষ সরানোর কাজ চলতে থাকায় তারা সেখানে ভিড় করে পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।

স্থানীয় প্রত্যক্ষদর্শী রেদা কামেল লাবিব জানান, নিহত ব্যক্তিদের একজন পাশের গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি বলেন, দুর্ঘটনাস্থলে যাতায়াতের পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় উদ্ধারকাজে বিলম্ব হয়েছে।

এএফপির প্রকাশিত ছবিতে দেখা যায়, উদ্ধারকর্মী ও স্থানীয় পথচারীরা মিলে মরদেহ বহনের কালো রঙের একটি ব্যাগে এক ব্যক্তির মরদেহ ধ্বংসস্তূপ থেকে বের করে আনছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, গিজা প্রদেশের আল-আয়াত এলাকায় ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তদন্ত শুরু হয়েছে।

উল্লেখ্য, আল-আয়াত এলাকা মিসরের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ রেল দুর্ঘটনার জন্যও পরিচিত। ২০০২ সালে কায়রোর দক্ষিণে ছুটিতে ভ্রমণকারীদের বহনকারী একটি ট্রেনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৩৭০ জনের বেশি মানুষ নিহত হন। ২০০৯ সালেও একই এলাকায় একাধিক ট্রেন দুর্ঘটনায় কয়েক ডজন মানুষের প্রাণহানি ঘটে।

মিসরের প্রায় ১১ কোটি মানুষের যাতায়াতের ক্ষেত্রে রেলপথ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আফ্রিকার অন্যতম বৃহৎ রেল নেটওয়ার্ক থাকা সত্ত্বেও দেশটির রেলব্যবস্থায় বারবার প্রাণঘাতী দুর্ঘটনা ঘটছে।

গত এক দশকে মিসর সরকার পরিবহন অবকাঠামোর উন্নয়নে কয়েক বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। এর মধ্যে নতুন মহাসড়ক নির্মাণ এবং দ্রুতগতির রেলপথ চালুর উদ্যোগও রয়েছে। তবে দেশটির পুরোনো রেল নেটওয়ার্কের বড় একটি অংশ এখনো আধুনিকায়নের আওতায় আনা সম্ভব হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবিতে শরীয়তপুর জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে মিজানুর-রাকিব

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৯ এম


চবিতে শরীয়তপুর জেলা ছাত্র সংগঠনের নেতৃত্বে মিজানুর-রাকিব

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত শরীয়তপুর জেলার শিক্ষার্থীদের সংগঠন ‘শরীয়তপুর জেলা স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (পদ্মা)’-এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে এবং ২০২৬ সালের কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে। সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মিজানুর রহমান, এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন একই শিক্ষাবর্ষের বাংলা বিভাগের শিক্ষার্থী মো. রাকিব হোসেন।

শুক্রবার (৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ড. আবদুল করিম ভবনের ১ নম্বর গ্যালারিতে দিনব্যাপী বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে এ বার্ষিক সাধারণ সভাটি অনুষ্ঠিত হয়। নতুন কমিটি ঘোষণা করার পাশাপাশি অনুষ্ঠানে নবীনবরণ, শিক্ষার্থী সংবর্ধনা, প্রবীণ শিক্ষার্থীদের বিদায় এবং সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। এ সময় শরীয়তপুর জেলার বিভিন্ন শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের সাবেক পরিচালক এম এ শাহেন শাহ। মুখ্য আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. আতিকুর রহমান এবং সমুদ্রবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. জাহিদ হাসান নাহিদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অধীন কুমিল্লা পল্লী বিদ্যৎ সমিতি-১-এর জুনিয়র অফিসার (হিসাব) জাহিদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনটির বিদায়ী সভাপতি মো. নিলয় তালুকদার। সঞ্চালনার দায়িত্ব পালন করেন বিদায়ী সাধারণ সম্পাদক মো. হাবিবুর রহমান। নবনির্বাচিত এই আংশিক কমিটিকে আগামী ১৫ কার্যদিবসের মধ্যে পূর্ণাঙ্গ কার্যনির্বাহী কমিটি ঘোষণা করার নির্দেশনা দেয়া হয়েছে।

আয়োজকেরা জানিয়েছেন, এ ধরনের আয়োজনের মাধ্যমে শরীয়তপুরের শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধ ও ঐক্যের বন্ধন আরও সুদৃঢ় হবে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণবন্ত পরিবেশের মধ্যে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%