১০:১২ পি.এম
বছরের শেষের দিকে বাংলাদেশে বসতে চলেছে তারার মেলা। কিন্তু এবারের মেলায় ক্রিকেটারদের অংশগ্রহণের সুযোগ নেই। কারণ, যে বিপিএল-এর উপর ভিত্তি করে মেলা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি এবার হচ্ছে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি এ বছর আয়োজন না করার সিদ্ধান্ত নিয়েছে।
বিপিএল-এর আয়োজন না হওয়ার বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে। এই আলোচনার মধ্যে এবার যুক্ত হয়েছেন আসিফ আকবর। সাবেক বিসিবি পরিচালক আসিফ বর্তমান কমিটির সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলেছেন। তার মতে, তামিম ইকবালের নেতৃত্বাধীন বোর্ডের বিপিএল আয়োজনের সক্ষমতা নেই।
আজ ফার্মগেটের খামারবাড়িতে জাতীয় নাগরিক পার্টির আয়োজিত (এনসিপির) এক অনুষ্ঠানে আসিফ এ মন্তব্য করেছেন। বিসিবির উদাহরণ টেনে সাবেক পরিচালক বলেছেন, ‘আমরা দেড় মাস বিসিবির দায়িত্ব নিয়ে বিপিএল আয়োজন করেছি। তাহলে এখন বিপিএল হবে না কেন? কারণ, তারা সক্ষম না।’
আরও পড়ুন: গ্লেন ম্যাক্সওয়েল আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন, তিন ফরম্যাটে ছিলেন অস্ট্রেলিয়ার প্রতিনিধিত্বকারী
আসিফ বিসিবিকে একটি আড্ডাখানা হিসেবে বিবেচনা করেন। সংগীতশিল্পী বলেছেন, ‘তারা এখানে একটা আড্ডার জায়গা বানিয়েছে। বিসিবি হয়ে গেছে আড্ডার স্থল। আমরা আইন করে দিয়ে এসেছিলাম ৫ লাখ টাকার বেশি উত্তোলন করতে গেলে টেন্ডার প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। বর্তমানে কোটি কোটি টাকার টেন্ডার প্রক্রিয়ার বাইরে ব্যবহার করা হচ্ছে। টাইগার ডেন বানানো হচ্ছে। ওখানে ফ্যান লাগাচ্ছে। মূল খেলার খবর নেই।’
আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির টুর্নামেন্ট কমিটির প্রধান ছিলেন আসিফ। গত ৭ এপ্রিল জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি) সেই পরিচালনা পর্ষদ ভেঙে দিয়ে অন্তর্বর্তীকালীন কমিটির সভাপতি হিসেবে তামিমকে নিয়োগ করেছিল। পরে নির্বাচনের মাধ্যমে সভাপতি হন বাংলাদেশের সাবেক ওপেনার ও অধিনায়ক তামিম।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন