মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
১০:১৫ পি.এম
ঢাকা, ১ সেপ্টেম্বর, ২০২৬ : রাজধানীর সবুজবাগে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিকে ২ লাখ টাকা জরিমানা করেছে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ। এই জরিমানার কারণ হলো অস্বাস্থ্যকর পরিবেশে আইসক্রিম উৎপাদন, মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার সংরক্ষণ, আইসক্রিমের স্টোরেজে মাছ-মাংস রাখা এবং প্রয়োজনীয় লাইসেন্স ও সনদ প্রদর্শনে ব্যর্থতা।
আজ মঙ্গলবার নির্বাহী ম্যাজিস্ট্রেট অনুপম দাস অনুপের নেতৃত্বে ভেনিস আইসক্রিম ফ্যাক্টরিতে পরিচালিত মোবাইল কোর্টে এ জরিমানা কার্যকর করা হয়।
অভিযান চলাকালীন দেখা যায়, কারখানাটিতে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে বিভিন্ন ধরনের আইসক্রিম উৎপাদন করা হচ্ছিল। প্রতিষ্ঠানের নাম ভেনিস হলেও সেখানে ‘ড্যানিশ’ ও ‘(সেভেন আপ)’ নামে লেবেলযুক্ত আইসক্রিম উৎপাদন করে বিক্রির উদ্দেশ্যে সংরক্ষণ করা হচ্ছিল। পাশাপাশি, কারখানায় মেয়াদোত্তীর্ণ ভ্যানিলা ফ্লেভার এবং আইসক্রিম সংরক্ষণের স্টোরেজে মাছ-মাংস রাখা ছিল।
এ সময় প্রতিষ্ঠানটি হালনাগাদ ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স ও বিএসটিআই সনদ প্রদর্শনে ব্যর্থ হয়। এসব অপরাধের জন্য প্রতিষ্ঠানের দায় স্বীকারোক্তির ভিত্তিতে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ২ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং জরিমানার অর্থ তাৎক্ষণিকভাবে আদায় করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য পরিদর্শক মো. কামরুল হাসান, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের অন্যান্য সাপোর্ট স্টাফ এবং ব্যাটালিয়ন আনসার সদস্যদের একটি চৌকস দল উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুর, ১ সেপ্টেম্বর, ২০২৬ : সংসদ সদস্য আবুল খায়ের ভূঁইয়া, যিনি লক্ষ্মীপুর-২ আসনের প্রতিনিধিত্ব করেন, তিনি বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান জাতীয়তাবাদী দল বিএনপি প্রতিষ্ঠা করেছেন। তিনি রাজনীতিতে ফিরে আসার পেছনে একটি ঐতিহাসিক কারণ রয়েছে।
জনগণ তাকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করেছে। তিনি উল্লেখ করেন, জিয়াউর রহমান কাউকে হত্যা বা ক্ষমতাচ্যুত করে ক্ষমতা গ্রহণ করেননি। জিয়াউর রহমান যখন ক্ষমতায় আসেন, তখন তিনি দেশের মানুষের আকাক্সক্ষা বুঝতে সক্ষম হন।
১৯৭১ সালে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, অর্থনৈতিক মুক্তির জন্য, চিকিৎসা ও বাসস্থানের জন্য দেশের মানুষ রক্ত দিয়েছে।
আজ মঙ্গলবার বিকেলে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর র্যালির প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।
লক্ষ্মীপুর সদর উপজেলা (পশ্চিম) বিএনপির ব্যানারে দালাল বাজার এলাকায় র্যালিটি অনুষ্ঠিত হয়। র্যালিটি ঢাকা-লক্ষ্মীপুর-রায়পুর আঞ্চলিক মহাসড়ক প্রদক্ষিণ করে।
এ সময় সদর পশ্চিম উপজেলা বিএনপির সভাপতি মাহবুবুর রহমান খোকন এবং সাধারণ সম্পাদক মহিউদ্দিন বিটু পাটওয়ারীর নেতৃত্বে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য আব্দুল করিম ভূঁইয়া মিজান, দালাল বাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান কামরুজ্জামান সোহেল, সদর পশ্চিম উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জামাল হোসাইন, সাংগঠনিক সম্পাদক ভুট্টু চৌধুরী ও জাকির হোসেন, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক একেএম ফরিদ উদ্দিন, সদর পশ্চিম উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুল মালেক, সদস্যসচিব জাকির হোসেন এবং জেলা যুবদল নেতা আমির আহমেদ রাজু প্রমুখ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
স্থানীয় সরকারকে শক্তিশালী করার লক্ষ্যে ইউনিয়ন পরিষদ, জেলা পরিষদ, পৌরসভা, সিটি করপোরেশন ও উপজেলা পরিষদগুলোতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করা হবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান।
মন্ত্রী মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় নরসিংদীর পলাশ উপজেলা আধুনিক মাল্টিপারপাস অডিটোরিয়ামে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
তিনি এ সময় বলেন, আওয়ামী লীগের গত চারটি নির্বাচন ছিল ভুয়া। মৃত মানুষের ভোটও তারা নিজেদের পক্ষে দিয়েছেন। যারা ভোট দেননি, তাদের ভোটও আওয়ামী লীগের পক্ষে দেওয়া হয়েছিল।
মন্ত্রী আরও বলেন, বিএনপি সুষ্ঠু নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ। মাননীয় প্রধানমন্ত্রী দেশের জনগণকে একটি চমৎকার স্থানীয় সরকার নির্বাচন উপহার দেবেন।
বর্তমান সংকট নিয়ে দেশের জনগণের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে মঈন খান বলেন, বিশ্বের সব দেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নতুনভাবে রাজনীতি শুরু করেছেন। অচিরেই বাংলাদেশের ১৮ কোটি মানুষ তার সুফল পাবে।
আলোচনা সভায় পলাশ উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সাত্তার সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইফুল হক, যুগ্ম সম্পাদক বাহাউদ্দিন ভূইয়া মিল্টন, ঘোড়াশাল পৌর বিএনপির সভাপতি আলম মোল্লা, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শ্রমিক দলের সভাপতি আলামিন ভূইয়াসহ বিভিন্ন নেতৃবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁদপুরের ফরিদগঞ্জে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশ নিতে গিয়ে মো. সেলিম মাঝি (৫৫) নামে এক বিএনপি নেতার মৃত্যু ঘটেছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ফরিদগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে এ মৃত্যুর ঘটনা ঘটে।
মৃত মো. সেলিম মাঝি ফরিদগঞ্জ দক্ষিণ ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং তিনি উপজেলার গজারিয়া গ্রামের মৃত আব্দুল লতিফ মিয়ার পুত্র।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, সেলিম মাঝি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণের জন্য উপস্থিত হন। আলোচনা সভা চলাকালীন হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তার আকস্মিক মৃত্যুতে অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। সহকর্মী ও স্থানীয় নেতাকর্মীরা তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন।
এদিকে সেলিম মাঝির মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির ব্যাংকিং ও রাজস্ব বিষয়ক সম্পাদক লায়ন হারুনুর রশিদ।
তিনি মরহুমের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, "আমরা তার পরিবারের পাশে থাকার চেষ্টা করব।" সেলিম মাঝির মৃত্যুতে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মাঝে শোকের আবহ বিরাজ করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা দক্ষিণ, ১ সেপ্টেম্বরে, ২০২৬ : বিএনপির স্থায়ী কমিটির সদস্য এবং ঢাকা-৩ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা গয়েশ্বর চন্দ্র রায় মন্তব্য করেছেন যে, বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং দলের চেয়ারম্যান তারেক রহমানের দূরদর্শী নেতৃত্ব ও ত্যাগের মাধ্যমে বাংলাদেশে বারবার গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত ও পুনরুদ্ধার করা সম্ভব হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার বিকেলে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য র্যালিপূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় শহীদ জিয়া থেকে বর্তমান নেতৃত্বের ধারাবাহিক অবদান তুলে ধরে বলেন, স্বাধীনতার মূল আকাক্সক্ষা ছিল গণতন্ত্র। সেই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা এবং স্বাবলম্বী বাংলাদেশ গড়ার লক্ষ্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন এবং ১৯ দফা কর্মসূচি ঘোষণা করেন। তার শাহাদাতের পর দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপসহীন সংগ্রামের মাধ্যমে স্বৈরাচারের হাত থেকে গণতন্ত্র উদ্ধার করেন। সাম্প্রতিক সময়ে বেগম খালেদা জিয়াকে বন্দি রাখা হলে জিয়াউর রহমানের রাজনৈতিক উত্তরাধিকারী প্রধানমন্ত্রী তারেক রহমান প্রবাসে বসে দলকে সুসংগঠিত করেছেন। তিনি সকল রাজপথের দলকে এক ছাতার নিচে এনে ৩১ দফার ভিত্তিতে গণতন্ত্র পুনরুদ্ধার করতে সক্ষম হয়েছেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীদের ধৈর্য ও সহনশীল থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, "আমরা কারও কথায় কান দেব না এবং কারও পাতানো ফাঁদে পা বাড়াবো না।" তিনি উল্লেখ করেন, "শত ভাইয়ের জীবনের বিনিময়ে অর্জিত এ গণতন্ত্র ও সরকারের বিরুদ্ধে যারা ষড়যন্ত্র করবে, তারা ফ্যাসিবাদের দোসর হিসেবে চিহ্নিত হবে।" গয়েশ্বর চন্দ্র রায় আরও বলেন, "ভেতরে বা বাইরে যারা বিশৃঙ্খলা করতে চায়, তাদের বিএনপি নয়, এ দেশের জনগণই প্রতিহত করবে।"
বিএনপির এই জ্যেষ্ঠ নেতা সাম্প্রতিক ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের কথা উল্লেখ করে বলেন, ৫ আগস্টের ফ্যাসিবাদের পতনে বিএনপি নেতাকর্মীরা শুরু থেকেই রাজপথে সর্বাত্মক ও সক্রিয় ভূমিকা রেখেছেন। তিনি আন্দোলনের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান। তিনি ঘোষণা করেন, "আন্দোলন-সংগ্রামে যারা পঙ্গু ও আহত হয়েছেন, বিএনপি সরকার তাদের পূর্ণাঙ্গ চিকিৎসা ও জীবন পুনর্বাসনে বদ্ধপরিকর।"
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সভাপতি অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী এমপি।
সংক্ষিপ্ত সমাবেশ শেষে এক বর্ণাঢ্য র্যালি বের হয়। এতে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার হাজার নেতাকর্মীরা নানা রকম প্লে-কার্ড, ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ