ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

ভাঙছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল


ভাঙছে নারায়ণগঞ্জের ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল

পুরোনো সিনেমা হলগুলো একের পর এক বন্ধ হয়ে যাচ্ছে। কিছু স্থানে বন্ধ হওয়ার পর হলের জায়গায় বহুতল ভবন গড়ে উঠছে, আবার কোথাও হারিয়ে যাচ্ছে একসময়কার জনপ্রিয় বিনোদনকেন্দ্রের অস্তিত্ব। নারায়ণগঞ্জের কাঁচপুরের ঐতিহ্যবাহী ‘লাভলী সিনেমা হল’ এবার সেই তালিকায় যুক্ত হচ্ছে। আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

ঢাকা-সিলেট মহাসড়কের পাশে কাঁচপুর কাঁচাবাজার ও লাভলী বাসস্টপের নিকট অবস্থিত এই সিনেমা হল একসময় নিয়মিত বাংলা সিনেমা প্রদর্শনের জন্য পরিচিত ছিল। তবে সময়ের পরিবর্তনের সঙ্গে সঙ্গে হলটির কার্যক্রম কমে গেছে। দীর্ঘদিন ধরে এটি অনিয়মিতভাবে চলছিল। লাভলী সিনেমা হল এবার চিরতরে বিদায়ের খবর সামনে এসেছে।

চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক শাহাদাৎ হোসেন লিটন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে উল্লেখ করেন, ‘ঐতিহ্যবাহী লাভলী সিনেমা হল বন্ধ হয়ে যাচ্ছে। একটি অধ্যায়ের সমাপ্তি। আগামী শুক্রবার হলটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে।’

আরও পড়ুন: চুয়াডাঙ্গায় বিপুল পরিমাণ ভারতীয় প্রসাধনী জব্দ, দুইজন গ্রেপ্তার

তবে লাভলী সিনেমা হলের বিদায়ের মধ্য দিয়ে নতুন সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন এই নির্মাতা। হলটি ভেঙে সেখানে বহুতল বাণিজ্যিক ভবন নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ওই ভবনেই ‘লাভলী’ নামের একটি সিনেপ্লেক্স গড়ে তোলার চিন্তাভাবনা চলছে বলেও জানান তিনি।

লাভলী সিনেমা হলের জায়গায় কী করা হবে, এ বিষয়ে শাহাদাৎ হোসেন লিটন জানান, ‘লাভলী সিনেমা হলের জায়গায় কমার্শিয়াল বিল্ডিং করার ইচ্ছে আছে। সেখানে একটি সিনেপ্লেক্সের পরিকল্পনাও করা হচ্ছে।’

অর্থাৎ, পুরোনো সিনেমা হলটির অবকাঠামো ভেঙে ফেলা হলেও ‘লাভলী’ নামটি নতুনভাবে ফিরে আসার সম্ভাবনা তৈরি হয়েছে। তবে সিনেপ্লেক্স নির্মাণের পরিকল্পনাটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে তার বক্তব্য থেকে ধারণা পাওয়া যায়।

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুরের সোনাপুর এলাকায় অবস্থিত লাভলী সিনেমা হলের প্রতিষ্ঠার সুনির্দিষ্ট সাল সম্পর্কে গণমাধ্যমের নথিপত্রে নিশ্চিত তথ্য পাওয়া যায়নি। তবে এটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের কাছে পরিচিত একটি বিনোদনকেন্দ্র হিসেবে পরিচিত। হলটির আশপাশের এলাকা ‘লাভলী সিনেমা হল মোড়’ নামে পরিচিত।

আরও পড়ুন: বৃহস্পতিবার সিলেটের কিছু এলাকায় ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ এর আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭ এর আবেদন জমা দেওয়ার সময়সীমা ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৭ উপলক্ষে ‘আন্তর্জাতিক মাতৃভাষা পদক-২০২৭’-এর প্রস্তাব ও আবেদনপত্র জমা দেওয়ার সময়সীমা আগামী ৩০ অক্টোবর পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে।

আজ বুধবার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের (আমাই) এর ওয়েবসাইটে প্রকাশিত এক আদেশে এ কথা জানানো হয়।

এর আগে এ আবেদন জমা দেওয়ার শেষ তারিখ ছিল ৩০ সেপ্টেম্বর পর্যন্ত।

আন্তর্জাতিক মাতৃভাষা পদক নীতিমালা-২০২৪ (সংশোধিত) অনুযায়ী জাতীয় পর্যায়ে দু’টি পদকের জন্য বাংলাদেশি নাগরিক অথবা বাংলাদেশে অবস্থিত প্রতিষ্ঠান, সংস্থা এবং আন্তর্জাতিক পর্যায়ে দু’টি পদকের জন্য বিদেশি নাগরিক অথবা প্রতিষ্ঠান বা সংস্থার কাছ থেকে নির্ধারণ ছকে প্রস্তাব ও আবেদন চাওয়া হয়েছে।

বিশ্বের বিভিন্ন মাতৃভাষা সংরক্ষণ, পুনরুজ্জীবন ও বিকাশ, গবেষণায় বিশেষ অবদান, ডিজিটাল প্রযুক্তি উদ্ভাবন, বহির্বিশ্বে প্রচার ও অনুবাদে বিশেষ অবদানের জন্য এই পদক দেওয়া হবে।

প্রতিটি পদক বিজয়ী পাবেন ১৮ ক্যারেট মানের ৩৫ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, সম্মাননাপত্র এবং ৪ লাখ টাকা বা সমমূল্যের মার্কিন ডলার।

আগ্রহীদের তিন কপি আবেদনপত্র বা প্রস্তাব সরাসরি, ডাকযোগে বা কুরিয়ারে ‘অতিরিক্ত পরিচালক, আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট, ১/ক সেগুনবাগিচা, ঢাকা-১০০০’ বরাবরে পাঠাতে বলা হয়েছে। একই সাথে সফটকপি [email protected] Ges [email protected] ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

পদক সংক্রান্ত বিস্তারিত তথ্য ও ফরম আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের ওয়েবসাইটে পাওয়া যাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১০ পি.এম


সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে বিএফআইইউ

দেশের জনপ্রিয় ও আলোচিত কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব করেছে আর্থিক গোয়েন্দা সংস্থা বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ)।‎

বুধবার (৩০ সেপ্টেম্বর) দেশের সব ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানে এ বিষয়ে চিঠি পাঠিয়েছে বিএফআইইউ। বিষয়টি নিশ্চিত করেছে কয়েকটি ব্যাংক।

বিএফআইইউ’র পাঠানো ‎চিঠিতে উল্লেখ করা হয়েছে, আগামী আধা ঘণ্টার মধ্যে সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাবের তথ্য, হিসাব খোলার ফরম, কেওয়াইসি নথি ও লেনদেন বিবরণীসহ সংশ্লিষ্ট তথ্য নথিভুক্ত করে বিএফআইইউতে পাঠাতে হবে।‎

এর আগে শনিবার (২৬ সেপ্টেম্বর) রাতে সালমান মুক্তাদিরের ‘ব্রাউন ফিস’ স্টুডিওতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। ওই ঘটনায় কয়েকজনকে আটক করা হয়। সোমবার (২৮ সেপ্টেম্বর) এক ভিডিও বার্তায় সালমান মুক্তাদির বলেন, তাকে কোনো ধরনের ক্ষতিপূরণ দিতে হবে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এল নিনোর কারণে লাতিন আমেরিকায় লাখ লাখ শিশু ঝুঁকিতে: ইউনিসেফ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


এল নিনোর কারণে লাতিন আমেরিকায় লাখ লাখ শিশু ঝুঁকিতে: ইউনিসেফ

ঢাকা, ৩০ সেপ্টেম্বর, ২০২৬ : জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফ জানিয়েছে, ইতিহাসের সবচেয়ে শক্তিশালী এল নিনো পরিস্থিতির ফলে লাতিন আমেরিকার লাখ লাখ শিশু ঝুঁকির মুখে পড়েছে, যা তীব্র খরা ও বন্যার সৃষ্টি করেছে।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

এল নিনো একটি প্রাকৃতিক জলবায়ুগত পরিবর্তন, যেখানে নিরক্ষীয় প্রশান্ত মহাসাগরের সমুদ্রপৃষ্ঠের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়। এর ফলে বিশ্বজুড়ে বাতাস এবং বৃষ্টিপাতের ধরনে পরিবর্তন ঘটে।

এ বছর এখন পর্যন্ত রেকর্ড করা সবচেয়ে শক্তিশালী এল নিনো পরিস্থিতি তৈরি হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

ইউনিসেফ জানাচ্ছে, লাতিন আমেরিকার প্রায় ২ কোটি ৫৮ লাখ শিশু, অর্থাৎ প্রতি সাত শিশুর একজন খরা ও বন্যার কারণে ‘ক্রমবর্ধমান ঝুঁকির’ মুখে রয়েছে। দক্ষিণ ও মধ্য আমেরিকার বিভিন্ন অঞ্চলে এই প্রাকৃতিক দুর্যোগ ইতোমধ্যে ব্যাপক ক্ষয়ক্ষতি সৃষ্টি করেছে।

ইউনিসেফের লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলের আঞ্চলিক পরিচালক রবার্তো বেনেস এক বিবৃতিতে বলেন, "এসব পরিস্থিতি আরও বেশি শিশুকে গভীর সংকটের মধ্যে ঠেলে দিতে পারে এবং বিদ্যমান বৈষম্য আরও বাড়িয়ে দিতে পারে।"

অঞ্চলভেদে এর প্রভাব ভিন্ন

এল নিনোর প্রভাব লাতিন আমেরিকার বিভিন্ন অঞ্চলে ভিন্নভাবে পড়ছে। মধ্য আমেরিকার গুয়াতেমালা, এল সালভাদর, হন্ডুরাস ও নিকারাগুয়ায় খরার কারণে ফসলের উৎপাদন ক্ষতিগ্রস্ত হচ্ছে। এর ফলে শিশুদের অপুষ্টির ঝুঁকি বাড়ছে। ইউনিসেফ জানাচ্ছে, এসব দেশের অনেক শিশু ইতোমধ্যে পর্যাপ্ত খাবার ও নিরাপদ পানির সংকটে রয়েছে।

বলিভিয়া, কলম্বিয়া, চিলি ও ভেনেজুয়েলার কিছু এলাকায় দাবানলের ঝুঁকি বেড়ে গেছে। অন্যদিকে, অ্যামাজন অববাহিকায় নদীর পানির স্তর কমে যাওয়ায় নদীতীরবর্তী অনেক জনপদ বাইরের বিশ্বের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়তে পারে।

আরও দক্ষিণে, মেক্সিকো ও দক্ষিণ আমেরিকার প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে বন্যার ঝুঁকি বাড়বে। এতে স্কুল ও স্বাস্থ্যসেবা অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।

ইউনিসেফ জানাচ্ছে, এল নিনোর প্রভাবে কিউবা ও হাইতিতেও মানুষের দুর্ভোগ আরও বাড়তে পারে। এ বছরের অস্বাভাবিকভাবে শক্তিশালী প্রশান্ত মহাসাগরীয় ঘূর্ণিঝড় মৌসুমেও এল নিনোর প্রভাব দেখা যাচ্ছে।

ইউনিসেফের কর্মকর্তা বেনেস সতর্ক করে বলেন, "একটি বড় ঘূর্ণিঝড়ই ব্যাপক ধ্বংসযজ্ঞ চালাতে পারে এবং লাখ লাখ শিশুর স্বাভাবিক জীবন ব্যাহত করতে পারে।"

লাতিন আমেরিকায় এল নিনো-সংক্রান্ত জরুরি পরিস্থিতি মোকাবিলায় ৫ কোটি ৩৮ লাখ ডলার প্রয়োজন বলে জানিয়েছে ইউনিসেফ। তবে ৩০ জুন পর্যন্ত সংস্থাটি এর মাত্র অর্ধেক অর্থ সংগ্রহ করতে পেরেছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছর আবারও ক্ষমতায় ফেরার পর জাতিসংঘের বিভিন্ন সংস্থার মতো ইউনিসেফও বড় ধরনের অর্থসংকটের মুখে পড়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের জন্য সচেতনতা সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩০শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৩:১১ পি.এম


নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের জন্য সচেতনতা সভা অনুষ্ঠিত

নাটোরের নলডাঙ্গায় নিরাপদ মাংস উৎপাদনের উদ্দেশ্যে সঠিক পদ্ধতিতে পশু জবাই, চামড়া অপসারণ, মাংসের মান নিয়ন্ত্রণ আইন ও বিধিমালা সম্পর্কে অবহিত করণ শীর্ষক একটি সচেতনতা মূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

এ সভাটি বুধবার (৩০ সেপ্টেম্বর) সকাল ১০টায় নলডাঙ্গা উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন নলডাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার।

উপজেলা প্রাণীসম্পদ দপ্তরের উদ্যোগে আয়োজিত এই সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সাংসদ এডভোকেট এম রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিনিধি উপজেলা বিএনপি নেতা শফিকুল ইসলাম বুলবুল।

প্রধান অতিথি তার বক্তব্যে উল্লেখ করেন, নিরাপদ মাংস উৎপাদন ও সরবরাহের জন্য সকলকে সচেতন হতে হবে। তিনি আরও বলেন, হাট বাজারে কসাইদের সুস্থ গরু বা পশু জবাইয়ের নির্দিষ্ট সময় ও স্থান নিশ্চিত করা প্রয়োজন। এর ফলে সাধারণ মানুষ নিরাপদ মাংস সঠিক সময় ও স্থানে পাবে।

উপজেলা প্রাণীসম্পদ কর্মকর্তা ডা. রকিবুল হাসান সুজনের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নলডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন, নলডাঙ্গা পৌরসভার সাবেক প্রশাসক বিএনপি নেতা এম এ হাফিজ, পৌরসভার সেনেটারী ইন্সপেক্টর গোলাম মওলা এবং উপজেলার বিভিন্ন হাট বাজারের কসাই বৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%