০৮:২৩ পি.এম
ঢাকা, ২৮ নভেম্বর ২০২৬ : দেশের ভারোত্তোলনকে তৃণমূল পর্যায় থেকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে নতুন কুঁড়ি স্পোর্টসে এই ইভেন্ট অন্তর্ভুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক। তিনি একই সঙ্গে বাংলাদেশ ভারোত্তোলন ফেডারেশনের নিজস্ব ভবন, জিমনেসিয়াম এবং স্থায়ী প্রশিক্ষণ কমপ্লেক্স নির্মাণের আশ্বাসও প্রদান করেছেন।
শনিবার সিনিয়র ক্লাব কাপ ভারোত্তোলন প্রতিযোগিতা ২০২৬-এর সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, ফেডারেশনের পক্ষ থেকে প্রয়োজনীয় পরিকল্পনা ও প্রস্তাব আনুষ্ঠানিকভাবে জমা দেওয়া হলে স্থায়ী অবকাঠামো নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।
প্রতিমন্ত্রী বলেন, সরকার শুধু সাফ গেমস নয়, আন্তর্জাতিক পর্যায়ে পদক জয়ের লক্ষ্য নিয়ে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করছে। এই লক্ষ্য অর্জনের জন্য তৃণমূল থেকে প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনা জরুরি। তিনি জানান, আগামী নতুন কুঁড়ি স্পোর্টসের তৃতীয় আসরে ভারোত্তোলন অন্তর্ভুক্ত করা যায় কি না, সে বিষয়ে উদ্যোগ নেওয়ার কথাও তিনি উল্লেখ করেন।
আরও পড়ুন: টাইমের বর্ষসেরা ছবিতে এনজোরের ফাউল
নারীদের খেলাধুলায় অংশগ্রহণ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে আমিনুল হক বলেন, নতুন কুঁড়ির প্রথম আসরে প্রায় ১ লাখ ৬৮ হাজার ক্রীড়াবিদের মধ্যে ৫০ হাজার ছিলেন কিশোরী। দ্বিতীয় আসরে ১৬ লাখ ২৩ হাজার অংশগ্রহণকারীর মধ্যে প্রায় ৭ লাখই কিশোরী। মেয়েদের এই অংশগ্রহণ ধরে রাখতে পরিবারকে আরও উৎসাহ ও সহযোগিতা দেওয়ার আহ্বান জানান তিনি।
জাতীয় পর্যায়ের ভারোত্তোলকদের জন্য সরকারি ক্রীড়া ভাতা চালুর বিষয়টিও তুলে ধরেন প্রতিমন্ত্রী। তিনি জানান, ইতোমধ্যে জাতীয় পর্যায়ের বেশ কয়েকজন খেলোয়াড়কে ক্রীড়া ভাতার আওতায় আনা হয়েছে। পর্যায়ক্রমে যোগ্যতা ও পারফরম্যান্সের ভিত্তিতে আরও খেলোয়াড়কে এই সুবিধায় যুক্ত করা হবে। খেলোয়াড়দের আর্থিক অনিশ্চয়তা দূর করতে সরকারের এই উদ্যোগ অব্যাহত থাকবে।
খেলোয়াড়দের ভবিষ্যৎ কর্মসংস্থানের বিষয়েও পরিকল্পনার কথা জানান তিনি। তাঁর ভাষ্য, দেশের ৫০৩টি উপজেলায় উপজেলা ক্রীড়া অফিসার পদ সৃজনের অনুমোদন হয়েছে। নিয়োগ প্রক্রিয়া শুরু হলে ক্রীড়াবিদদের অগ্রাধিকার দেওয়া হবে। পাশাপাশি স্কুল পর্যায়ে বিভিন্ন খেলায় বিষয়ভিত্তিক কোচ ও ক্রীড়া শিক্ষক নিয়োগের পরিকল্পনাও রয়েছে।
এছাড়া আগামী পাঁচ বছরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির পরিকল্পনার কথা উল্লেখ করেন প্রতিমন্ত্রী। উপজেলা পর্যায়ে মাঠ ও স্টেডিয়াম নির্মাণের উদ্যোগের কথাও জানান তিনি।
আরও পড়ুন: সায়েম সোবহান আনভীরের ঘোষণা: প্রাইজমানি যাবে কোটির ঘরে
ভারোত্তোলনের প্রসারে শুধু রাজধানীকেন্দ্রিক প্রতিযোগিতা নয়, বিভাগীয় পর্যায়েও লিগ আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন আমিনুল হক। তিনি আশা প্রকাশ করেন, পর্যাপ্ত প্রশিক্ষণ সুবিধা ও অবকাঠামো নিশ্চিত করা গেলে দেশের বিভিন্ন প্রান্ত থেকে নতুন প্রতিভা উঠে আসবে এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায় বাংলাদেশের পদক জয়ের সম্ভাবনা আরও বাড়বে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন