ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামকে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড


যুক্তরাজ্যে বাংলাদেশি ইমামকে শিশুকে যৌন নিপীড়নের অভিযোগে ৯ বছরের কারাদণ্ড

যুক্তরাজ্যের কেন্ট কাউন্টির চ্যাথামে এক শিশুকে পাঁচ বছরেরও বেশি সময় ধরে একাধিকবার যৌন নিপীড়নের অভিযোগে ৫৫ বছর বয়সী বাংলাদেশি ইমাম মোহাম্মদ ইসলামকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করেছে আদালত। তিনি চ্যাথামের একটি স্থানীয় মসজিদের ইমাম হিসেবে কাজ করতেন।

মেইডস্টোন ক্রাউন কোর্টে ২৬ নভেম্বর মামলার রায় ঘোষণা করা হয়। ২০০৪ থেকে ২০০৯ সালের মধ্যে শিশুটিকে ছয়বার যৌন নিপীড়নের অভিযোগে জুরি বোর্ড তাকে দোষী সাব্যস্ত করে। কারাদণ্ডের পাশাপাশি আদালত তার ওপর যৌন অপরাধ প্রতিরোধের জন্য বিশেষ আদেশ ও স্থায়ী নিষেধাজ্ঞা জারি করেছে।

আদালতের নথি অনুযায়ী, মোহাম্মদ ইসলাম ধর্মীয় দায়িত্ব পালনের সুযোগ নিয়ে শিশুটিকে বিভিন্ন সময়ে যৌন নিপীড়ন করেন। ২০০৯ সালে এসব ঘটনা বন্ধ হলেও দীর্ঘ সময় ধরে বিষয়টি প্রকাশ্যে আসেনি।

আরও পড়ুন: কামচাটকায় ৬ দশমিক ৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল রাশিয়া

২০১৮ সালে ভুক্তভোগী তার পরিবারের সদস্যদের কাছে শৈশবে ঘটে যাওয়া নির্যাতনের কথা জানান। বিষয়টি জানার পর পরিবারের সদস্যরা মোহাম্মদ ইসলামের মুখোমুখি হন। প্রথমে তিনি অভিযোগ অস্বীকার করেন, তবে পরে পুলিশের কাছে অভিযোগ না করার শর্তে পরিবারের কাছে ক্ষমা চান বলে মামলার নথিতে উল্লেখ রয়েছে।

পাঁচ বছর পর, ২০২৩ সালে ভুক্তভোগী নিজেই পুলিশের কাছে আনুষ্ঠানিক অভিযোগ করেন। এরপর কেন্ট পুলিশ তদন্ত শুরু করে। তদন্তে ২০০৪ থেকে ২০০৯ সাল পর্যন্ত সংঘটিত ছয়টি যৌন নিপীড়নের অভিযোগের তথ্য-প্রমাণ সংগ্রহ করা হয়। পরে মোহাম্মদ ইসলামকে গ্রেপ্তার করা হয়।

বিচার চলাকালে আদালতে রাষ্ট্রপক্ষের আইনজীবীরা ভুক্তভোগীর ওপর ধারাবাহিক নির্যাতনের ঘটনা তুলে ধরেন। সাক্ষ্য-প্রমাণ পর্যালোচনা শেষে জুরি বোর্ড ছয়টি অভিযোগেই তাকে দোষী সাব্যস্ত করে।

২৬ নভেম্বর সাজা ঘোষণার সময় আদালত তাকে ৯ বছরের কারাদণ্ড প্রদান করে। কারাভোগ শেষে মুক্তি পাওয়ার পরও তার ওপর বিশেষ নজরদারি ও বিধিনিষেধ কার্যকর থাকবে।

আরও পড়ুন: টঙ্গীতে সোর্সের ভুল তথ্যে বিপাকে ডিবি, ব্যবসায়ীদের হাতে অবরুদ্ধ উদ্ধার করল পুলিশ

আদালতের আদেশ অনুযায়ী, মুক্তির পর মোহাম্মদ ইসলাম ভুক্তভোগীর সঙ্গে কোনো ধরনের যোগাযোগ করতে পারবেন না। এমনকি তার কাছাকাছি যাওয়ার ওপরও নিষেধাজ্ঞা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গর্ভবতী নারীর সিজদা দিতে কষ্ট হলে করণীয় কী?

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৪ পি.এম


গর্ভবতী নারীর সিজদা দিতে কষ্ট হলে করণীয় কী?

ইসলাম একটি পূর্ণাঙ্গ জীবন বিধান। এতে সব বিষয়ের সুষ্ঠু সমাধান প্রদান করা হয়েছে। অনেকেই জানতে চান, গর্ভবতী নারীর সিজদা দিতে কষ্ট হলে কী করণীয়?

ফুকাহায়ে কেরাম এর উত্তরে বলেন, গর্ভাবস্থায় নামাজ ছাড়ার কোন সুযোগ নেই। তবে যদি শারীরিক অসুবিধা থাকে, তাহলে ইসলাম সহজ পদ্ধতিতে নামাজ আদায়ের সুযোগ দেয়। মহান আল্লাহ বলেন,

আল্লাহ কারও ওপর তার সাধ্যের অতিরিক্ত দায়িত্ব চাপিয়ে দেন না। (সুরা বাকারা, আয়াত ২৮৬)

রাসুলুল্লাহ সা. ইমরান ইবনে হুসাইন রা. কে বলেন, দাঁড়িয়ে নামাজ পড়ো। যদি দাঁড়িয়ে নামাজ পড়তে না পারো, তাহলে বসে পড়ো। এবং যদি তাও সম্ভব না হয়, তাহলে কাত হয়ে পড়ো। (বুখারি, হাদিস ১১১৭)

সুতরাং, গর্ভবতী নারী যদি দাঁড়াতে সক্ষম হন, তাহলে তিনি দাঁড়িয়ে নামাজ পড়বেন। কিন্তু যদি সিজদা করতে কষ্ট হয়, তাহলে বসে ইশারায় রুকু ও সিজদা করবেন। সিজদার ইশারা রুকুর তুলনায় বেশি ঝুঁকে করা উচিত। তবে কষ্টের মাত্রা এবং শারীরিক অবস্থার উপর ভিত্তি করে পদ্ধতি ভিন্ন হতে পারে।

মনে রাখতে হবে, ইসলাম কষ্ট চাপিয়ে দেয় না। অসুস্থতা বা শারীরিক অক্ষমতার সময় শরিয়তের দেওয়া সহজ পদ্ধতি গ্রহণ করাই মহান আল্লাহর বিধানের প্রতি আনুগত্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে গুরুত্বপূর্ণ বার্তা দিল তুরস্ক

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে গুরুত্বপূর্ণ বার্তা দিল তুরস্ক

তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান উদীয়মান নতুন বিশ্বব্যবস্থা গঠনে মুসলিম দেশগুলোকে সক্রিয়ভাবে ভূমিকা পালনের আহ্বান জানিয়েছেন। তিনি ফিলিস্তিনকে মুসলিম বিশ্বের ‘সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশক’ হিসেবে উল্লেখ করেন এবং গাজায় মানবিক সহায়তা পৌঁছানো ও যুদ্ধবিধ্বস্ত অঞ্চলটির পুনর্গঠনে সম্মিলিত উদ্যোগ নেওয়ার তাগিদ দেন।

শনিবার ইস্তাম্বুলে আল শার্ক ফোরাম ২০২৬-এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য প্রদানকালে ফিদান এসব কথা বলেন। তিনি বলেন, মুসলিম দেশগুলোর সামনে আন্তর্জাতিক সিদ্ধান্ত গ্রহণে প্রভাব বিস্তারের একটি বড় সুযোগ তৈরি হয়েছে, কারণ বিশ্বের এক-চতুর্থাংশেরও বেশি মানুষের প্রতিনিধিত্ব করে তারা। কয়েক দশক ধরে যেসব সিদ্ধান্ত মূলত অন্য অঞ্চল থেকে নেওয়া হয়েছে, এখন সেসব সিদ্ধান্তের ক্ষেত্রে মুসলিম দেশগুলোরও ভূমিকা রাখার সময় এসেছে।

ফিদান বলেন, ‘আজ আমরা যেসব সিদ্ধান্ত নেব, সেগুলোই মুসলিম বিশ্বের ভবিষ্যৎ গঠনে নির্ধারক ভূমিকা পালন করবে।’ বিশেষ করে প্রাচ্যসহ বিশ্বের বিভিন্ন অঞ্চলে নতুন রাজনৈতিক, অর্থনৈতিক ও প্রযুক্তিগত শক্তিকেন্দ্রের উত্থানের বিষয়টি তিনি তুলে ধরেন।

গাজায় ইসরাইলি হামলা ও গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারী দখলদারদের বিরুদ্ধে তুরস্কের অবস্থান পুনর্ব্যক্ত করেন ফিদান। তিনি বলেন, গাজায় গণহত্যা এবং পশ্চিম তীরে বসতি স্থাপনকারীদের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে তুরস্ক দৃঢ় অবস্থান নিয়েছে।

ফিলিস্তিন ইস্যুকে মুসলিম বিশ্বের নৈতিক অবস্থানের গুরুত্বপূর্ণ মানদণ্ড হিসেবে উল্লেখ করে তিনি বলেন, ফিলিস্তিনই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৈতিক দিকনির্দেশক। গাজায় দ্রুত মানবিক সহায়তা পৌঁছে দেওয়া এবং যুদ্ধের কারণে ধ্বংস হয়ে যাওয়া অঞ্চলটি পুনর্গঠনে মুসলিম দেশগুলোকে নেতৃত্ব দেওয়ার আহ্বান জানান তিনি।

ফিদানের মতে, ফিলিস্তিন সংকটের ন্যায়সংগত ও স্থায়ী সমাধান সম্ভব কেবল দ্বিরাষ্ট্রভিত্তিক সমাধানের মাধ্যমে। এ ব্যবস্থায় স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং পূর্ব জেরুজালেমকে এর রাজধানী করার ওপর গুরুত্ব দেন তিনি।

আঞ্চলিক নিরাপত্তা ও সংকট মোকাবিলায় মুসলিম দেশগুলোর পারস্পরিক সহযোগিতার ওপরও গুরুত্ব দেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, যেসব দেশ কোনো সিদ্ধান্তের পরিণতি সরাসরি ভোগ করে, সেই সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রেও তাদের অগ্রণী ভূমিকা থাকা উচিত।

এ প্রসঙ্গে তুরস্ক, সৌদি আরব ও পাকিস্তানের মধ্যে গড়ে ওঠা প্রতিরক্ষা জোটের কথা উল্লেখ করেন তিনি। শুক্রবার ইসলামাবাদে এই জোটের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয়।

ফিদান বলেন, জোটের প্রতিটি দেশ নিজস্ব সক্ষমতা ও অভিজ্ঞতা নিয়ে এতে যুক্ত হয়েছে। সময়ের সঙ্গে সঙ্গে জোটটির প্রাতিষ্ঠানিক কাঠামো আরো শক্তিশালী হবে এবং এ অঞ্চলের অন্য দেশগুলোও এতে যোগ দেবে বলে তিনি আশা প্রকাশ করেন।

এ ছাড়া আঞ্চলিক সংকট মোকাবিলায় তুরস্ক, মিসর, পাকিস্তান ও সৌদি আরবকে নিয়ে গঠিত ‘রিজিওনাল কোয়ার্টেট’-এর কথাও তুলে ধরেন তিনি। এই চার দেশের সমন্বিত উদ্যোগের মাধ্যমে বিভিন্ন আঞ্চলিক সমস্যার অভিন্ন সমাধান খোঁজার ওপর গুরুত্বারোপ করেন।

মুসলিম দেশগুলোর সহযোগিতা শুধু প্রতিরক্ষা ও নিরাপত্তার মধ্যে সীমাবদ্ধ না রাখার আহ্বান জানিয়েছেন ফিদান। তার মতে, বাণিজ্য সম্প্রসারণ, অর্থনৈতিক সম্পর্ক জোরদার এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে যৌথ উদ্যোগ গ্রহণও সমান গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার মূল লক্ষ্য হওয়া উচিত আন্তর্জাতিক ব্যবস্থার কার্যক্রম নির্ধারণে নিজেদের মতামত ও প্রভাব প্রতিষ্ঠা করা। ফিদান এমন একটি আন্তর্জাতিক ব্যবস্থা গড়ে তোলার আহ্বান জানান, যেখানে সব দেশের যথাযথ প্রতিনিধিত্ব থাকবে এবং ন্যায়বিচার ও বৈধতার ভিত্তিতে বৈশ্বিক সিদ্ধান্ত নেওয়া হবে।

তার বক্তব্যে স্পষ্ট হয়েছে, পরিবর্তনশীল বিশ্বরাজনীতিতে মুসলিম দেশগুলোকে কেবল আন্তর্জাতিক সিদ্ধান্তের প্রভাব মোকাবিলা করলেই চলবে না; বরং নিজেদের সম্মিলিত শক্তি কাজে লাগিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়াতেও সক্রিয় ভূমিকা রাখতে হবে।

সূত্র: টিআরটি ওয়ার্ল্ড

এআরবি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রোববার ১৮ রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৬ পি.এম


রোববার ১৮ রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচন কমিশনের মতবিনিময়

আসন্ন স্থানীয় সরকার নির্বাচন উপলক্ষে নিবন্ধিত রাজনৈতিক দলের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করার পরিকল্পনা করছে নির্বাচন কমিশন (ইসি)। এই সংলাপ রোববার (২৯ নভেম্বর) শুরু হবে এবং আগামী মঙ্গলবার (১ ডিসেম্বর) পর্যন্ত চলবে। প্রথম দিনে কমিশন নিবন্ধিত ১৮টি রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময় করবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ইতোমধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ নিবন্ধিত সকল রাজনৈতিক দলকে এই সংলাপে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে। কমিশনের নিজস্ব ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে এই মতবিনিময় সভাটি সরাসরি সম্প্রচার করা হবে।

দেশে আগামী বছরের শুরুতেই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলকভাবে সম্পন্ন করার লক্ষ্যে রাজনৈতিক দলগুলোর পরামর্শ ও মতামত নিতেই এই সংলাপের আয়োজন করেছে নির্বাচন কমিশন।

এদিকে, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্য নির্বাচন কমিশন ও জাতীয় সংলাপে এককভাবে অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে রাজধানীর মগবাজারে অনুষ্ঠিত জোটের বৈঠক শেষে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ এই অবস্থানের কথা জানান।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, "আমরা ১১ দলের পক্ষ থেকে নির্বাচন কমিশনের কাছে একটি আবেদন করব, যাতে জোটের জন্য আলাদা সময় বরাদ্দ করে সে অনুযায়ী সংলাপের আয়োজন করা হয়।" বৈঠকে সবার ঐকমত্যের ভিত্তিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

জাতীয় সংলাপের বিষয়েও জোটের অভিন্ন অবস্থানের কথা তুলে ধরে হামিদুর রহমান আজাদ জানান, জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়নের ভিত্তিতে ১১ দল জাতীয় সংলাপে বসবে এবং সেখানেও জোটগতভাবে একসঙ্গে অংশগ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের শ্রীপুরে ফ্রিজ বিস্ফোরণে আহত ৪, দুইজন গুরুতর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:২৭ পি.এম


গাজীপুরের শ্রীপুরে ফ্রিজ বিস্ফোরণে আহত ৪, দুইজন গুরুতর

গাজীপুরের শ্রীপুরের নিজমাওনা গ্রামে ফ্রিজ মেরামতের সময় ঘটে যাওয়া বিস্ফোরণে চারজন আহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত দুইজনকে ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বেলা ১১টার দিকে নিজমাওনা গ্রামের সাইদুল ইসলামের বাড়ীতে এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে রয়েছেন, নিজমাওনা গ্রামের আব্দুল বারেকের ছেলে ফিরুজ (৪০), আবু হানিফের ছেলে মঞ্জুরুল ইসলাম (৩৫), এবং নুর মোহাম্মদের ছেলে সাইদুল ইসলাম (৫০)। আহতদের মধ্যে সাইদুল ইসলামকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে, তবে গুরুতর আহত ফিরুজ ও মঞ্জুরুলকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারী ইনস্টিটিউটে স্থানান্তর করা হয়েছে।

বাড়ীর মালিক সাইদুল ইসলামের বক্তব্য অনুযায়ী, তার ব্যবহৃত একটি ফ্রিজ অচল হয়ে গেলে তিনি স্থানীয় মেকানিক ফিরুজকে মেরামতের জন্য ডাকেন। শনিবার সকালে ফিরুজ তার সহকারী মঞ্জুরুলকে নিয়ে কিচেন রুমে ফ্রিজটি মেরামত করছিলেন। এ সময় ঝালাই করার সময় বিস্ফোরণ ঘটে, যার ফলে তিনিসহ আরও তিনজন আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মাওনা আল হেরা হাসপাতালে নিয়ে যান। সাইদুল ইসলাম পায়ে আঘাতপ্রাপ্ত হন এবং প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়িতে ফিরে যান। দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, ফ্রিজের বিস্ফোরণের ফলে চারজন আহত হওয়ার পাশাপাশি কিচেন রুমের বিভিন্ন জিনিষপত্রও আগুনে পুড়ে গেছে।

আলহেরা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার তানভীর আনজুম জানিয়েছেন, দগ্ধ একজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর বাড়িতে পাঠানো হয়েছে। অন্য দুজনের হাত ও পায়ের অধিকাংশ অংশ পুড়ে যাওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাদের বার্ন ইউনিটে স্থানান্তর করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%