ঢাকা বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ইং ০৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বারিধারা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার


বারিধারা থেকে সাবেক এমপি নজরুল ইসলাম হিরু গ্রেফতার

নরসিংদী-১ আসনের সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করেছে এসআরবি।

বুধবার (১৮ নভেম্বর) এসআরবি সূত্রে এই তথ্য প্রকাশিত হয়েছে।

এসআরবি জানায়, সাবেক সংসদ সদস্য লেফটেন্যান্ট কর্নেল (অব.) নজরুল ইসলাম হিরুকে রাজধানীর বারিধারা থেকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর এসআরবি সদস্যরা তাকে উত্তরা এসআরবি সদর দফতরে নিয়ে যায়। পরে তাকে গোয়েন্দা পুলিশের (ডিবি) কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৬৭৪

জানা গেছে, সকাল সাড়ে ৭টার দিকে বারিধারা ডিওএইচএসের ৬ নম্বর সড়কের ৩৯৩ নম্বর বাসায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে এসআরবি। এসআরবি-০১-এর দায়িত্বপ্রাপ্ত এএসপি লুৎফারের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে। তার বিরুদ্ধে নাশকতাসহ বিভিন্ন মামলায় গ্রেফতারি পরোয়ানা রয়েছে।

নজরুল ইসলাম হিরু বীর প্রতীক একজন অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের রাজনীতিবিদ। তিনি ২০০৯ থেকে ২০২৪ সাল পর্যন্ত নরসিংদী-১ আসনের টানা চারবারের সংসদ সদস্য ছিলেন। এছাড়া ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত পানিসম্পদ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দূষণ ও নির্মাণে সংকটে জাহাঙ্গীরনগরের অতিথি পাখির অভয়াশ্রম

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৩৯ এম


দূষণ ও নির্মাণে সংকটে জাহাঙ্গীরনগরের অতিথি পাখির অভয়াশ্রম

এক সময় শীতকালীন পরিযায়ী পাখির নিরাপদ আশ্রয়স্থল হিসেবে পরিচিত ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় (জাবি)-এর লেক। কিন্তু অপরিকল্পিত নির্মাণ কাজ এবং দূষণের কারণে পাখির আবাসস্থল ক্রমাগত সংকুচিত হয়ে আসছে। এর ফলে পরিযায়ী পাখির সংখ্যা হ্রাস পাচ্ছে।

একটি জরিপের তথ্য অনুযায়ী, ২০১৯ সালে ক্যাম্পাসে পরিযায়ী পাখির সংখ্যা ছিল প্রায় সাড়ে তিন হাজার। তবে ২০২২ সালে এই সংখ্যা কমে দাঁড়িয়েছে দুই হাজারে। ২০২৫ সালের মধ্যে সংখ্যাটি দেড় হাজারের নিচে নেমে আসার সম্ভাবনা রয়েছে। ছয় বছরের ব্যবধানে পাখির সংখ্যা অর্ধেকেরও নিচে নেমে যাওয়ায় বর্তমানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পাখির অভয়ারণ্য অস্তিত্ব সংকটে রয়েছে।

গত বছর শিক্ষার্থী ও জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী অরিত্র সাত্তার এবং বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগের পরিচালিত যৌথ জরিপে এই চিত্র উঠে এসেছে।

সংশ্লিষ্ট শিক্ষক, শিক্ষার্থী এবং পরিবেশকর্মীদের মতে, লেকের পানিদূষণ, পলি জমে জলাশয়ের গভীরতা কমে যাওয়া, বাণিজ্যিক মাছ চাষ এবং বিভিন্ন নির্মাণকাজের কারণে পাখির আবাসস্থল ক্রমাগত সংকুচিত হচ্ছে।

পাখির মৌসুমেও লেক অপ্রস্তুত

প্রতিবছর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শীতকালীন পরিযায়ী পাখির আগমন শুরু হয়।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, ক্যাম্পাসে ছোট-বড় মিলিয়ে মোট ১২টি লেক রয়েছে। তবে গত কয়েক বছরে নিয়মিত পরিযায়ী পাখির উপস্থিতি দেখা গেছে মাত্র ছয়টি লেকে। এর মধ্যে উল্লেখযোগ্য হলো ওয়াইল্ডলাইফ রেসকিউ সেন্টারের ভেতরের লেক, সুইমিংপুলের পাশের লেক, রেজিস্ট্রার ভবনের পেছনের লেক এবং বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন লেক।

সাধারণত পাখির মৌসুম শুরু হওয়ার আগে লেক পরিষ্কার করা হয়, দর্শনার্থীদের সচেতন করতে সতর্কতামূলক বিলবোর্ড স্থাপন করা হয় এবং প্রয়োজনীয় স্থানে কাঁটাতারের বেড়া দেওয়ার উদ্যোগ নেওয়া হয়। কিন্তু এবারের মৌসুমে অধিকাংশ লেকেই এসব প্রস্তুতি সম্পূর্ণ হয়নি।

সম্প্রতি সরেজমিনে দেখা গেছে, বিশমাইল ও পরিবহন চত্বরের পাশের লেক পরিষ্কার করা হলেও সেখানে মানুষের অবাধ চলাচল অব্যাহত রয়েছে। পুরনো রেজিস্ট্রার ভবনের সামনের লেকটি পলি জমে প্রায় ভরাট হয়ে গেছে এবং অবশিষ্ট অংশও আগাছায় ঢাকা। চলতি মৌসুমে সেখানে কোনো পরিযায়ী পাখির দেখা মেলেনি, জানিয়েছেন কয়েকজন শিক্ষার্থী।

এদিকে, সুইমিংপুলের পাশের লেকের প্রায় পুরো অংশ কচুরিপানায় ঢেকে গেছে। ফলে খোলা পানির পরিমাণ প্রায় নেই বললেই চলে। বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন লেকের প্রায় তিন-চতুর্থাংশ কচুরিপানায় ঢাকা। বাকি অংশের খোলা পানিতে দেখা গেছে অল্প কিছু পাখি।

সরেজমিনে গিয়ে পাখির নিরাপদ আশ্রয় হিসেবে পরিচিত কয়েকটি লেকে ভেলায় চড়ে গোপনে মাছ ধরতেও দেখা গেছে।

দূষণ ও বাণিজ্যিক মাছ চাষে বিপর্যস্ত জলজ পরিবেশ

শিক্ষক ও শিক্ষার্থীদের অভিযোগ, ক্যাম্পাসের কয়েকটি লেকের পানি থেকে দুর্গন্ধ ছড়াচ্ছে। আবাসিক হলগুলোর অপরিশোধিত পয়ঃবর্জ্য সরাসরি জলাশয়ে পড়ায় পানি নষ্ট হচ্ছে। এর ফলে পানিতে দ্রবীভূত অক্সিজেনের পরিমাণ কমে যাচ্ছে, যা মাছ ও অন্যান্য জলজ জীবের বেঁচে থাকা কঠিন করে তুলছে।

শিক্ষক-শিক্ষার্থীরা জানান, ভারী বৃষ্টির সময় নির্মীয়মাণ এলাকা থেকে মাটি ও পলি ধুয়ে লেকের তলদেশে জমা হচ্ছে। এতে জলাশয়ের গভীরতা কমে যাচ্ছে। পানিতে অতিরিক্ত পুষ্টি উপাদান জমা হওয়ায় শৈবাল ও জলজ উদ্ভিদের অস্বাভাবিক বিস্তার ঘটছে। এসব উদ্ভিদ পচে পানিতে অক্সিজেনের মাত্রা আরো কমিয়ে দিচ্ছে।

পরিবেশ বিবেচনায় গুরুত্বপূর্ণ লেকগুলো বাণিজ্যিক মাছ চাষের জন্য ইজারা দেওয়ার সমালোচনা করেছেন জীববৈচিত্র্য সংরক্ষণকর্মী অরিত্র সাত্তার। তার মতে, মনপুরা লেকে নৌযান চলাচল এবং মাছের খাবার ও রাসায়নিক ব্যবহারের ফলে পাখির স্বাভাবিক বিচরণ ও প্রজনন ব্যাহত হচ্ছে। এতে বিশেষভাবে ঝুঁকিতে রয়েছে ছোট ডুবুরি ও ছোট বাঁশপাতি হাঁস।

এছাড়া জলাশয়ে নিষিদ্ধ চীনা দুয়ারি জাল ব্যবহারের অভিযোগও রয়েছে। এ ধরনের জালে ছোট-বড় সব মাছ আটকা পড়ায় পুঁটি, গজার ও দেশীয় বাইমসহ বিভিন্ন প্রজাতির মাছের বংশবিস্তার হুমকিতে পড়ছে।

পাখির পাশাপাশি ঝুঁকিতে কচ্ছপ ও অন্যান্য জীব

ক্যাম্পাসের জলজ পরিবেশের অবনতিতে শুধু পরিযায়ী পাখিই নয়, দেশীয় কচ্ছপ, শামুক ও ঝিনুকসহ অন্যান্য জীবও ক্ষতিগ্রস্ত হচ্ছে।

ক্যাম্পাসে ইন্ডিয়ান রুফড টার্টল ও ইন্ডিয়ান ফ্ল্যাপশেল টার্টলের পাশাপাশি আক্রমণাত্মক প্রজাতির রেড-ইয়ার্ড স্লাইডারের সন্ধান পাওয়া গেছে। পরিবেশকর্মীদের আশঙ্কা, এ প্রজাতি খাবার ও আবাসস্থল নিয়ে দেশীয় কচ্ছপের সঙ্গে প্রতিযোগী হয়ে উঠতে পারে।

অন্যদিকে, নতুন কলা ভবনের পেছনের কৃত্রিম লেকসংলগ্ন গাছপালা ও বাঁশঝাড় পরিষ্কার করায় ওই এলাকার জীববৈচিত্র্য নিয়েও উদ্বেগ দেখা দিয়েছে। বিশেষ করে মাছরাঙা পেঁচা ও বড় গন্ধগোকুলের আবাসস্থল সংকুচিত হওয়ার আশঙ্কা করছেন পরিবেশকর্মীরা।

পুনরুদ্ধারের চেষ্টায় কিছুটা প্রাণ ফিরছে লেকে

লেকের পরিবেশ পুনরুদ্ধারে কিছু উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান অরিত্র সাত্তার। তিনি বলেন, পানিতে অক্সিজেনের পরিমাণ বাড়ানো এবং জৈব বর্জ্যের পচনপ্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে কয়েকটি লেকে অ্যারেশন পদ্ধতি ব্যবহার করা হয়েছে।

এছাড়া গত বছর শুরু হওয়া আবাসস্থল পুনরুদ্ধার পরিকল্পনার আওতায় কিছু লেকে শাপলা ও ভাসমান জলজ উদ্ভিদ লাগানো হয়েছে। ফলে গত মাসেই (অক্টোবর) কয়েক শ পরিযায়ী পাখির উপস্থিতি দেখা গেছে। এমনকি পরিবহন লেকেও পাখি ফিরতে শুরু করেছে।

তবে পরিবেশকর্মীরা এসব উদ্যোগকে এখনই স্থায়ী সাফল্য হিসেবে দেখছেন না। তাদের মতে, লেকের পানি দূষণমুক্ত করা, নিরাপদ আবাসস্থল নিশ্চিত করা এবং মানুষের অনিয়ন্ত্রিত চলাচল বন্ধ করা না গেলে পাখিরা স্থায়ীভাবে অন্য এলাকায় চলে যেতে পারে।

‎লেক সংরক্ষণে সুপারিশ

বিশ্ববিদ্যালয়ের পরিবেশবিজ্ঞান বিভাগের অধ্যাপক মো. মোস্তাফিজুর রহমান ক্যাম্পাসের লেক ও জীববৈচিত্র্য রক্ষায় দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, প্রথমেই আবাসিক হলগুলোর অপরিশোধিত পয়োবর্জ্য লেকে ফেলা বন্ধ করতে হবে। পাশাপাশি কচুরিপানার অনিয়ন্ত্রিত বিস্তার নিয়ন্ত্রণ, পলি জমে ভরাট হয়ে যাওয়া লেক খনন এবং পরিবেশগতভাবে গুরুত্বপূর্ণ জলাশয়গুলোকে বাণিজ্যিক ইজারার বাইরে রাখতে হবে।

এছাড়া শিক্ষক, শিক্ষার্থী ও পরিবেশ বিশেষজ্ঞদের সমন্বয়ে রাজনৈতিক প্রভাবমুক্ত একটি স্বতন্ত্র প্রকৃতি সংরক্ষণ বিভাগ গঠনের সুপারিশ করেছেন তিনি।

অধ্যাপক মোস্তাফিজুর রহমানের মতে, পুরাতন পরিবহন লেক, বিশমাইলের পেছনের লেক, জিমনেসিয়াম ও বোটানিক্যাল গার্ডেনসংলগ্ন এলাকা এবং চৌরঙ্গীর পাশের বড় পুকুরসহ গুরুত্বপূর্ণ জলাশয়গুলো বিশেষভাবে সংরক্ষণ করা প্রয়োজন।

সংরক্ষিত অভয়ারণ্য গড়ার পরিকল্পনা প্রশাসনের

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ মো. সোহেল রানা জানিয়েছেন, লেকের পাড় সংরক্ষণ, খনন এবং হাঁটাপথ নির্মাণের জন্য বিশেষ বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানোর প্রস্তুতি চলছে।

কোষাধ্যক্ষ বলেছেন, বিশ্ববিদ্যালয়ের কিছু সাধারণ পুকুর বাণিজ্যিকভাবে ইজারা দেওয়া হলেও পরিযায়ী পাখির জন্য গুরুত্বপূর্ণ লেকগুলো প্রশাসনের নিজস্ব নিয়ন্ত্রণে রেখে সংরক্ষিত অভয়ারণ্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনা রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিএমপির অভিযানে আটক ৫৬৫, উদ্ধার মাদকদ্রব্য ও আলামত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


ডিএমপির অভিযানে আটক ৫৬৫, উদ্ধার মাদকদ্রব্য ও আলামত

রাজধানীর বিভিন্ন স্থানে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানের অংশ হিসেবে গত ২৪ ঘণ্টায় ৫৬৫ জনকে আটক করা হয়েছে। এই সময়ের মধ্যে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে।

বুধবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, আটককৃতদের মধ্যে রমনা বিভাগে ৫০ জন, লালবাগ বিভাগে ৭০ জন, ওয়ারী বিভাগে ৯১ জন, মতিঝিল বিভাগে ৫৮ জন, তেজগাঁও বিভাগে ৬৮ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ২৯ জন, উত্তরা বিভাগে ৫৫ জন এবং গোয়েন্দা বিভাগে একজন রয়েছেন।

অভিযানের সময় ২টি অবিস্ফোরিত ককটেল, ৬টি বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ, ৬ হাজার ৮৭১ পিস ইয়াবা, ২ কেজি ১০০ গ্রাম গাঁজা, ১১৭ পুরিয়া হেরোইন, ৯ বোতল এস্কাফ, ১টি অটোরিকশা, ২৯টি মশাল, ১ দশমিক ৭৫ লিটার কেরোসিন, ১১টি মোবাইল ফোন এবং ৩ হাজার ৪০০ টাকা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (১৭ নভেম্বর) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব আলামত ও মাদকদ্রব্য উদ্ধার করা হয় এবং তাদের আটক করা হয়। পুলিশের এই কর্মকর্তা জানিয়েছেন, আটককৃতদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

প্রসঙ্গত, এর আগে সোমবার (১৬ নভেম্বর) রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫২৬ জনকে আটক করা হয়েছিল এবং এসব ঘটনায় ৪৫টি মামলা দায়ের করা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভাটারা থানার সড়ক থেকে জব্দ গাড়ি এক যুগ পর অপসারণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪০ এম


ভাটারা থানার সড়ক থেকে জব্দ গাড়ি এক যুগ পর অপসারণ

প্রায় এক যুগ পর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর ভাটারা থানা ও এর আশপাশের সড়ক থেকে বিভিন্ন ফৌজদারি মামলার আলামত এবং জব্দ করা যানবাহন অপসারণ করেছে। এই কার্যক্রমের উদ্দেশ্য হলো জনদুর্ভোগ কমানো, সড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং পরিবেশ দূষণ রোধ করা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) অপসারণ করা যানবাহন ও আলামত আপাতত পূর্বাচল পুলিশ লাইন্সের নির্ধারিত স্থানে স্থানান্তর করা হয়েছে।

অভিযানের সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ডিএমপি গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি জানান, থানা প্রতিষ্ঠার পর থেকে গত এক যুগ ধরে অনিষ্পন্ন বিভিন্ন ফৌজদারি মামলার আলামত হিসেবে জব্দ করা গাড়ি ও মোটরসাইকেল এলোমেলোভাবে ভাটারা থানার আশপাশের রাস্তায় পড়ে ছিল। এর ফলে সাধারণ মানুষের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি হচ্ছিল এবং পরিবেশও দূষিত হচ্ছিল।

ডিসি মোহাম্মদ রুহুল কবীর খান আরও জানান, অপসারণ করা গাড়ি ও মামলার আলামতগুলো কোথায় রাখা হবে সে বিষয়ে পূর্বাচলে পুলিশের জন্য নির্ধারিত স্থান ও পুলিশ লাইনস রয়েছে। সেখানে আপাতত এসব আলামত রাখার ব্যবস্থা করা হয়েছে এবং ভাটারা থানা এলাকা থেকে গাড়িগুলো সেখানেই সরানো হচ্ছে।

এতদিন পর এই উদ্যোগ নেওয়ার কারণ জানতে চাইলে ডিসি রুহুল কবীর খান বলেন, পুলিশের নিয়মিত ব্যস্ততার কারণে এতদিন এ কাজটি করা সম্ভব হয়নি। তবে জনদুর্ভোগের কথা বিবেচনা করে স্থানীয় সমাজহিতৈষী ব্যবসায়ী এবং ভাটারা থানার ওসিসহ জ্যেষ্ঠ কর্মকর্তাদের সম্মিলিত প্রচেষ্টায় আমরা এই আলামতগুলো অপসারণ করছি।

তিনি জানান, গুলশান বিভাগে ‘ক্লিন পুলিশিং’ ও ‘গ্রিন পুলিশিং’ কার্যক্রমের অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এর আগে বনানী সোসাইটির সহযোগিতায় বনানী থানার ছয়টি সড়ক থেকে একইভাবে মামলার আলামত অপসারণ করা হয়েছে।

ভাটারা থানার পর পর্যায়ক্রমে খিলক্ষেত, ক্যান্টনমেন্ট, গুলশান ও বাড্ডা থানাসহ গুলশান বিভাগের প্রতিটি থানার আঙিনা ও আশপাশের সড়ক থেকে জব্দ করা আলামত সরিয়ে পরিষ্কার-পরিচ্ছন্ন করা হবে।

দীর্ঘদিন ধরে খোলা আকাশের নিচে পড়ে থাকায় এসব গাড়ি ও মোটরসাইকেল নষ্ট হয়েছে এবং মশার প্রজননক্ষেত্রে পরিণত হয়েছিল, যা সড়কের একটি বড় অংশ দখল করে রেখেছিল। পুলিশের এই উদ্যোগকে স্থানীয় বাসিন্দা ও পথচারীরা স্বাগত জানিয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১১:৪১ এম


সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেন আটক

সিলেটে নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মো. দেলোয়ার হোসেনকে পুলিশ আটক করেছে। মঙ্গলবার (১৭ নভেম্বর) দিবাগত রাত ৩টার সময় মহানগরীর আম্বরখানা এলাকার হোটেল পলাশে অভিযান পরিচালনা করে তাকে আটক করে এয়ারপোর্ট থানা পুলিশ।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, আটক ব্যক্তির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

এর আগে, গত ১৬ নভেম্বর সিলেট নগরের পৃথক অভিযানে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাত নেতাকর্মীকে পুলিশ আটক করে। সিলেট মহানগর পুলিশের (এসএমপি) নগর বিশেষ শাখার (সিটিএসবি) উপকমিশনার মো. আফজাল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ১৫ নভেম্বর রাতে নগরের মদিনা মার্কেট ও রিকাবীবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে তাদের আটক করে কোতোয়ালি মডেল থানা পুলিশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৬
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%