০৬:৩৭ পি.এম
শরীয়তপুরের নড়িয়া বাজারে নিষিদ্ধ পলিথিন ও নিম্নমানের প্লাস্টিকসামগ্রী জব্দের উদ্দেশ্যে অভিযান পরিচালনা করতে গিয়ে হেনস্তার শিকার হয়েছেন উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) লাকি দাস। একইসঙ্গে তার ওপর হামলার চেষ্টা করা হয়। অভিযানের সময় জব্দ করা পলিথিন ও প্লাস্টিকসামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয়। পাশাপাশি অভিযানে ব্যবহৃত একটি অটোরিকশাও ভাঙচুরের শিকার হয়। বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১টার দিকে নড়িয়া পৌর বাজারে এই ঘটনা ঘটে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরিবেশ অধিদপ্তর ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিদের নিয়ে বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় একটি শুঁটকির দোকান থেকে প্রায় ১২২ কেজি নিষিদ্ধ পলিথিন এবং নিম্নমানের প্লাস্টিক দিয়ে তৈরি ওয়ানটাইম গ্লাস, প্লেটসহ বিভিন্ন সামগ্রী জব্দ করা হয়। জব্দ করা সামগ্রী অটোরিকশায় তোলার পর সংশ্লিষ্ট ব্যবসায়ীর বিরুদ্ধে পরিবেশ আইনে ব্যবস্থা নেওয়ার কথা জানানো হয়। এ সময় বাজার কমিটির সহসভাপতি পরিচয় দেওয়া এক ব্যক্তিসহ কয়েকজন ব্যবসায়ী বিভিন্ন মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে প্রায় দুই থেকে চার শ মানুষের একটি দল তাদের ঘিরে ধরে। পরে অটোরিকশায় থাকা জব্দ করা পলিথিন ও অন্যান্য সামগ্রী ছুড়ে ফেলে দেওয়া হয় এবং অটোরিকশাটি ভাঙচুর করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকী দাস বলেন, "যে বিষয়টি ঘটেছে এটা খুবই দুঃখজনক। আমরা নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করি।" অভিযানে দায়িত্ব পালন করা তিন পুলিশ সদস্য, পরিবেশ অধিদপ্তর ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের প্রতিনিধিরাও হেনস্তার শিকার হন। তাকেও এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের নারী প্রতিনিধিকে ঘিরে উত্তেজনাকর পরিস্থিতি তৈরি করা হয়। পরে অতিরিক্ত পুলিশ ফোর্স ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: বাংলাদেশ ও শ্রীলঙ্কার যৌথ কমিশন গঠন, সহযোগিতার নতুন দিগন্ত খুলছে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন