ঢাকা মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২৭শে অক্টোবর, ২০২৬ইং ১১ই কার্তিক, ১৪৩৩বাং

কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর আটকের পর মুক্তি


কৃষকলীগ নেতাকে ছাড়াতে থানায় হাজির জামায়াত নেতা, অতঃপর আটকের পর মুক্তি

কুষ্টিয়ার মিরপুরে নাশকতা মামলায় আটক কৃষকলীগের এক নেতাকে শুক্রবার (২৫ সেপ্টেম্বর) দিবাগত রাত দুইটার দিকে থানা থেকে ছাড়িয়ে নিতে এসে জামায়াতের এক নেতাসহ ৮ জনকে পুলিশ আটক করেছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) মুচলেকা দিয়ে তারা থানা থেকে মুক্ত হন।

আটককৃতদের মধ্যে রয়েছেন—মিরপুর উপজেলার চিথলিয়া ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের সেক্রেটারি সিরাজুল ইসলাম (৪৫), জামায়াত সমর্থক মারুফ (২১), বাশার (৩৫), মফিজুল প্রামাণিক (৪০), জাহাঙ্গীর হোসেন (৪০), বাদল প্রামাণিক (৫০), বিএনপি নেতা মেহেরুল ইসলাম (৪৫) এবং বিএনপি সমর্থক শহীদুল ইসলাম (৫৩)।

আরও পড়ুন: জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১, আহত ১৫

মিরপুর থানা পুলিশ জানায়, শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে চিথলিয়া এলাকায় অভিযান চালিয়ে চিথলিয়া ইউনিয়ন কৃষক লীগের সভাপতি হাফিজুর রহমান হাফিজকে নাশকতা মামলায় আটক করা হয়। এরপর তাকে থানায় নিয়ে আসা হয়।

কৃষকলীগ নেতা হাফিজুর রহমানকে আটকের খবর পেয়ে রাত ২টার দিকে চিথলিয়া ৪ নম্বর ওয়ার্ড জামায়াতের আমির সিরাজুল ইসলামের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি থানায় আসেন। তারা হাফিজুরকে ছেড়ে দেওয়ার জন্য পুলিশের কাছে তদবির ও চাপ দিতে থাকেন।

এ বিষয়ে মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বলেন, "নিষেধ করার পরও তারা বারবার নাশকতা মামলার আসামিকে ছেড়ে দেওয়ার জন্য তদবির করতে থাকেন।" একপর্যায়ে তাদের আটক করা হয়। পরে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলে আটক ব্যক্তিদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়। এরপর উভয় দলের নেতাদের জিম্মায় তাদের ছেড়ে দেওয়া হয়েছে বলে জানান ওসি।

উল্লেখ্য, এর আগে, চলতি বছরের ৯ মে রাতে কুষ্টিয়ার মিরপুর থানায় আট পিস ইয়াবাসহ ধরা পড়া এক মাদক ব্যবসায়ীকে ছাড়িয়ে নিতে গিয়ে পুলিশের হাতে আটক হয় স্থানীয় বিএনপি ও জামায়াতের পাঁচ নেতাকর্মী। পরে তাদের থেকে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

আরও পড়ুন: বরিশালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশ ও র‌্যালির মাধ্যমে উদযাপন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩ বাংলাদেশি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


মহেশপুর সীমান্তে ভারতে অনুপ্রবেশের চেষ্টা, আটক ৩ বাংলাদেশি

ঝিনাইদহের মহেশপুর উপজেলার খোশালপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা করার সময় তিন বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে বিজিবি একটি সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য প্রকাশ করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, শনিবার সকালে মহেশপুর ব্যাটালিয়নের (৫৮ বিজিবি) অধীনে খোশালপুর বিওপির সীমান্ত পিলার ৬০/৭৪ আর থেকে আনুমানিক ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বাঘাডাঙ্গা গ্রামের রাস্তার উপর নিয়মিত বিশেষ টহল পরিচালনা করা হচ্ছিল। এই সময় তিন বাংলাদেশি নাগরিককে অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করতে গিয়ে আটক করা হয়।

আটক হওয়া ব্যক্তিরা বাগেরহাট, নড়াইল ও যশোর জেলার বাসিন্দা। পরে তাদের মহেশপুর থানায় হস্তান্তর করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বৃষ্টিতে নাগোয়ায় অলস সময় কাটাচ্ছেন লিটন শান্তরা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


বৃষ্টিতে নাগোয়ায় অলস সময় কাটাচ্ছেন লিটন শান্তরা

বাংলাদেশ ক্রিকেট দল গতকাল জাপানে পৌঁছেছে এশিয়ান গেমস খেলতে। আজ গুড়ি গুড়ি বৃষ্টির কারণে লিটন শান্তদের অলস সময় কাটাতে হয়েছে।

বৃষ্টির কারণে শনিবার বাতিল হয়ে গেছে নেপাল ও জাপানের মধ্যে অনুষ্ঠিতব্য ক্রিকেট ম্যাচ। একইভাবে বাতিল করা হয়েছে মালয়েশিয়া ওমানের মধ্যকার ম্যাচও। এই খারাপ আবহাওয়ার মধ্যেই নাগোয়ার সাকাইয়ের হোটেলে সময় কাটাচ্ছেন ক্রিকেটাররা।

হোটেলের বাইরে কিছু খেলোয়াড় ঘুরতে বের হয়েছেন। আজ তাদের বিশ্রামের দিন। রোববার সকাল ১০টায় করোগি স্পোর্টস পার্কে লিটন দাস ও নাজমুল হোসেন শান্তদের অনুশীলনের সূচি ছিল। কিন্তু বৃষ্টির কারণে সেই অনুশীলন অনুষ্ঠিত হচ্ছে না।

বাংলাদেশ পুরুষ ক্রিকেট দলের ম্যানেজার নাফিস ইকবাল জানিয়েছেন, “কাল সকালে প্র্যাকটিসের সূচি ছিল। কিন্তু গেমস কর্তৃপক্ষ জানিয়েছে, বৃষ্টির জন্য আগামীকাল সকালে মাঠে অনুশীলন করা যাবে না। দিনের কোন সময় অনুশীলন করা যাবে সেটা তারা আজ রাতে জানাবে।”

আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে বাংলাদেশ মালয়েশিয়ার মুখোমুখি হবে।

সূত্র: বাসস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গ্রিন কার্ড নিয়ে সুখবর, পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৪ পি.এম


গ্রিন কার্ড নিয়ে সুখবর, পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর আগস্ট ২০২৬ সালের ভিসা বুলেটিন প্রকাশ করেছে।

নতুন আপডেটে পরিবারভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ অগ্রগতি লক্ষ্য করা গেছে। বিশেষ করে যুক্তরাষ্ট্রের স্থায়ী বাসিন্দাদের স্বামী, স্ত্রী ও সন্তানদের জন্য নির্ধারিত এফ২এ ক্যাটাগরিতে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে।

নতুন ভিসা বুলেটিন অনুযায়ী, পরিবারভিত্তিক কয়েকটি ক্যাটাগরিতে অপেক্ষার সময় কমার সম্ভাবনা তৈরি হয়েছে। এর মধ্যে এফ২এ ক্যাটাগরির অগ্রগতি সবচেয়ে বেশি, যেখানে যুক্তরাষ্ট্রের গ্রিন কার্ডধারীদের স্বামী-স্ত্রী ও অবিবাহিত সন্তানদের আবেদন অন্তর্ভুক্ত রয়েছে।

এছাড়া যুক্তরাষ্ট্রের নাগরিকদের অবিবাহিত প্রাপ্তবয়স্ক সন্তানদের জন্য এফ১ ক্যাটাগরি এবং অন্যান্য পরিবারভিত্তিক ক্যাটাগরিতেও কিছু অগ্রগতি দেখা গেছে। তবে আবেদনকারীদের ক্ষেত্রে অগ্রাধিকার তারিখ বা প্রায়োরিটি ডেট অনুযায়ী পরবর্তী ধাপ নির্ধারণ হবে।

ভিসা বুলেটিনে উল্লেখ করা হয়েছে, পরিবারভিত্তিক অভিবাসন ভিসার সংখ্যা প্রতিবছর নির্দিষ্ট সীমার মধ্যে দেওয়া হয়। তাই কোনো ক্যাটাগরিতে চাহিদা বেশি হলে অপেক্ষার সময় বাড়তে পারে এবং কম হলে তারিখ এগিয়ে আসতে পারে।

অন্যদিকে কর্মসংস্থানভিত্তিক গ্রিন কার্ড আবেদনকারীদের জন্য পরিস্থিতি তুলনামূলক কঠিন রয়েছে। বিশেষ করে কিছু অ্যামপ্লয়মেন্ট-বেসড ক্যাটাগরিতে দীর্ঘ অপেক্ষা ও সীমিত ভিসা সংখ্যার কারণে আবেদনকারীদের অনিশ্চয়তা অব্যাহত রয়েছে।

যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের জন্য আবেদনকারীদের কাছে ভিসা বুলেটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ এই তালিকার মাধ্যমে জানা যায়, কোন আবেদনকারীরা গ্রিন কার্ডের পরবর্তী ধাপে এগিয়ে যেতে পারবেন এবং কারা এখনও অপেক্ষার তালিকায় থাকবেন।

বিশেষজ্ঞদের মতে, নতুন এই পরিবর্তন অনেক পরিবারভিত্তিক আবেদনকারীর জন্য আশার খবর হলেও, প্রতিটি আবেদনকারীর পরিস্থিতি নির্ভর করবে তাদের আবেদন জমার তারিখ, দেশভিত্তিক সীমা এবং ভিসা ক্যাটাগরির ওপর।

যুক্তরাষ্ট্রের অভিবাসন ব্যবস্থায় দীর্ঘদিন ধরে গ্রিন কার্ডের অপেক্ষার তালিকা বড় একটি বিষয় হয়ে আছে। নতুন ভিসা বুলেটিনে পরিবারভিত্তিক আবেদনকারীদের জন্য অগ্রগতি দেখা গেলেও, সব আবেদনকারী একইভাবে সুবিধা পাবেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু, তদন্তে বিশেষ টিম গঠন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৬শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:১৫ পি.এম


ভারতে বিষাক্ত মদ পানে ১৯ জনের মৃত্যু, তদন্তে বিশেষ টিম গঠন

ভারতের নাগাল্যান্ড রাজ্যে বিষাক্ত মদ পানে অন্তত ১৯ জনের মৃত্যু ঘটেছে। এই মর্মান্তিক ঘটনাটি রাজ্যের বিভিন্ন স্থানে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি করেছে। উল্লেখ্য, নাগাল্যান্ডে ১৯৯০ সাল থেকে আনুষ্ঠানিকভাবে মদ বিক্রি ও পান নিষিদ্ধ (Prohibition State) করা হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রের তথ্য অনুযায়ী, গত দুই দিনে মোকোকচুং (Mokokchung) জেলায় ৮ জন এবং তুয়েনসাং (Tuensang) জেলায় ১১ জনের মৃত্যু হয়েছে। প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, ভেজাল বা বিষাক্ত মদ পানের কারণে এই করুণ পরিণতি ঘটেছে।

ঘটনার গুরুত্ব বিবেচনা করে অতিরিক্ত পুলিশ সুপার আই বুংলাং চ্যাং-এর নেতৃত্বে একটি বিশেষ তদন্তকারী দল (SIT) গঠন করা হয়েছে। সিনিয়র পুলিশ সুপার ভেসুপ্রা কেজো জানিয়েছেন, তদন্তকারী দল বিষাক্ত মদের উৎস চিহ্নিত করতে এবং সরবরাহের শিকড় খুঁজে বের করতে কাজ শুরু করেছে।

এখন পর্যন্ত এ ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৯ জনকে গ্রেপ্তার করেছে এবং প্রায় ৩,০০০ বোতল অবৈধ মদ জব্দ করেছে। একই সঙ্গে বিষাক্ততার মূল কারণ ও বিষের মাত্রা নিশ্চিত করতে নমুনাগুলো ফরেনসিক পরীক্ষার জন্য গুয়াহাটিতে পাঠানো হয়েছে।

স্থানীয় প্রশাসন সাধারণ জনগণকে সতর্ক করে বলেছে, কোনো অজ্ঞাত বা লেবেলহীন অ্যালকোহল পান না করার জন্য। এছাড়া, মদ পানের পর মাথা ঘোরা, চোখে ঝাপসা দেখা, শ্বাসকষ্ট বা চেতনা হারানোর মতো লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে অনুরোধ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৫
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৬
মাগরিব ০৫:২৩
ইশা ০৬:৩৫
সূর্যোদয় : ০৬:০১ সূর্যাস্ত : ০৫:২৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%