১০:৩৮ এম
যুক্তরাষ্ট্রের নিউ অরলিন্সে মিসিসিপি নদীতে একটি যাত্রীবাহী প্রমোদতরীকে তেলের ট্যাংকারের ধাক্কা দেওয়ার ঘটনায় অন্তত ৩২ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।
শুক্রবার (১৩ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে এই দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনার ফলে ১২৯ জন যাত্রী নিয়ে চলা প্রমোদতরীটি আংশিকভাবে ডুবে যায়।
নিউ অরলিন্স বন্দর কর্তৃপক্ষের পক্ষ থেকে জানানো হয়েছে, আটলান্টিক অ্যাসফাল্ট নামের ট্যাংকারটি আমেরিকান হেরিটেজ নামের প্রমোদতরীটিকে ধাক্কা দেয়। এ সময় যাত্রীরা নৌযান থেকে নামছিলেন। ধাক্কার পর প্রমোদতরীটি ডুবতে শুরু করে এবং একপর্যায়ে কাত হয়ে উল্টে যায়। এই ঘটনায় কয়েকজন যাত্রী নদীতে পড়ে যান।
আরও পড়ুন: গান্ধী পরিবার নিয়ে বিতর্কিত পোস্ট, কঙ্গনার বিরুদ্ধে মামলা
নিউ অরলিন্সের মেয়র হেলেনা মোরেনো জানিয়েছেন, প্রমোদতরীতে থাকা সব যাত্রীর খোঁজ পাওয়া গেছে। তাদের মধ্যে ৩২ জনকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে। তবে, কারও আঘাত গুরুতর নয়।
দুর্ঘটনার পর পুলিশ, দমকল বাহিনী, উপকূলরক্ষী বাহিনী ও চিকিৎসাকর্মীরা উদ্ধারকাজে অংশ নেন। এ ঘটনার পর নদীতে নৌযান চলাচল বন্ধ রাখা হয়। প্রমোদতরী পরিচালনাকারী প্রতিষ্ঠান জানায়, যাত্রী ও কর্মীদের সবাইকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।
২০১৫ সালে নির্মিত পাঁচতলা আমেরিকান হেরিটেজ প্রমোদতরীতে সর্বোচ্চ ১৫০ জন যাত্রী বহনের ব্যবস্থা রয়েছে। দুর্ঘটনার সময় এটি লুইজিয়ানা ও মিসিসিপি অঞ্চলে আট দিনের ভ্রমণ শেষ করছিল। ট্যাংকারটি কেন নিয়ন্ত্রণ হারিয়ে প্রমোদতরীকে ধাক্কা দেয়, সে বিষয়ে এখনও কোনো তথ্য জানা যায়নি।
সূত্র: আল জাজিরা
আরও পড়ুন: মহাকাশ থেকে ফিরে উৎক্ষেপণস্থলে অবতরণের চ্যালেঞ্জ, স্পেসএক্সের ১৫তম সফল উড্ডয়ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন