ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

গয়নার বাইরে স্বর্ণের ব্যবহার: খাদ্য, মহাকাশ ও চিকিৎসা


গয়নার বাইরে স্বর্ণের ব্যবহার: খাদ্য, মহাকাশ ও চিকিৎসা

স্বর্ণের নাম শুনলেই প্রথমে গয়নার কথা মনে আসে। হাজার হাজার বছর ধরে অলংকার তৈরির জন্য ব্যবহৃত হয়ে আসছে এই মূল্যবান ধাতু। নিরাপদ বিনিয়োগ হিসেবে এটি বিশ্বজুড়ে কদর পায়। এ কারণে অনেকেই স্বর্ণের বার ও কয়েন সংগ্রহ করে রাখেন।

তবে গয়না তৈরির পাশাপাশি স্বর্ণের ব্যবহার রয়েছে নানা ক্ষেত্রে। স্মার্টফোন, কম্পিউটার, মহাকাশযান এবং চিকিৎসাবিজ্ঞানে এই ধাতুর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এমনকি বিশেষ কিছু খাবার সাজাতেও ব্যবহার করা হয় খাওয়ার উপযোগী স্বর্ণ, যা ‘এডিবল গোল্ড’ নামে পরিচিত।

স্বর্ণের বহুমুখী ব্যবহারের পেছনে এর বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। এটি সহজে ক্ষয়প্রাপ্ত হয় না, বিদ্যুৎ পরিবহন করতে সক্ষম এবং একে অত্যন্ত পাতলা পাত কিংবা সূক্ষ্ম তারে রূপ দেওয়া যায়।

আরও পড়ুন: কৃষিঋণে খেলাপি ১৯ হাজার কোটি টাকা, ইসলামী ব্যাংকে বাড়ছে

চলুন, গয়নার বাইরেও স্বর্ণের বিভিন্ন ব্যবহার সম্পর্কে বিস্তারিত জানি।

খাবারেও ব্যবহার হয় স্বর্ণ

স্বর্ণ কেবল অলংকারে নয়, বিশেষ কিছু খাবারে ব্যবহৃত হয়। এসব খাবারে সাধারণত ২২ থেকে ২৪ ক্যারেট বিশুদ্ধ স্বর্ণের পাত ব্যবহার করা হয়।

বিশ্বের বিভিন্ন দেশে সুশি, মিষ্টি, চকলেট, কেক, আইসক্রিমসহ বিলাসবহুল খাবার সাজাতে খাওয়ার উপযোগী স্বর্ণের পাত ব্যবহার করা হয়, যা ‘এডিবল গোল্ড লিফ’ নামে পরিচিত।

আরও পড়ুন: অক্টোবরের ২৪ দিনে রেমিট্যান্স ২১৩ কোটি ৭০ লাখ ডলার

ইউরোপীয় ইউনিয়নে খাবারে ব্যবহারের জন্য স্বর্ণ ‘ই১৭৫’ নামে অনুমোদিত খাদ্য সংযোজক হিসেবে পরিচিত।

তবে স্বর্ণ খেলে শরীরের বিশেষ কোনো উপকার হয় কিংবা পুষ্টি পাওয়া যায়, এমন কোনো প্রমাণ নেই। ধাতব স্বর্ণের দ্রাব্যতা খুব কম হওয়ায় এটি মানুষের পরিপাকতন্ত্রে সাধারণত শোষিত হয় না। মূলত খাবারের সৌন্দর্য বৃদ্ধি এবং বিলাসিতার প্রকাশ হিসেবেই স্বর্ণ ব্যবহার করা হয়।

দামি হোটেল ও রেস্তোরাঁয় খাবার ও পানীয় আকর্ষণীয় করতে স্বর্ণের পাত, ছোট টুকরা কিংবা গুঁড়া ব্যবহার করা হয়। দক্ষিণ এশিয়ায় মিষ্টি সাজাতে স্বর্ণ ও রুপার পাত ব্যবহারের দীর্ঘদিনের প্রচলন রয়েছে। এগুলো সাধারণত ‘ভারক’ বা ‘ওয়ার্ক’ নামে পরিচিত।

খাবারে স্বর্ণ ব্যবহারের স্বাস্থ্যগত প্রভাব নিয়েও গবেষণা হয়েছে। ২০২৩ সালে ‘পার্টিকলস অ্যান্ড ফাইবার টক্সিকোলজি’ সাময়িকীতে প্রকাশিত একটি গবেষণায় দেখা যায়, ‘ই১৭৫’ খাওয়ানোর পর ইঁদুরের যকৃৎ, প্লীহা কিংবা অন্ত্রে সরাসরি কোনো ক্ষতি শনাক্ত হয়নি। তবে অন্ত্রের জীবাণুর গঠন ও রোগ প্রতিরোধ ব্যবস্থায় কিছু পরিবর্তন দেখা যায়। মানুষের স্বাভাবিক গ্রহণমাত্রার চেয়ে বেশি স্বর্ণ খাওয়ানো স্ত্রী ইঁদুরের অন্ত্রে হালকা প্রদাহও দেখা গিয়েছিল।

আরও পড়ুন: সবুজ অর্থায়ন ও প্রযুক্তির ব্যবহার বাড়াতে গুরুত্বারোপ পরিবেশ প্রতিমন্ত্রীর

মোবাইল, কম্পিউটারসহ বিভিন্ন যন্ত্রে স্বর্ণের ব্যবহার রয়েছে। হাতের স্মার্টফোনের ভেতরেও স্বর্ণ রয়েছে, যদিও এর পরিমাণ খুবই সামান্য। কম্পিউটার, ট্যাবলেটসহ বিভিন্ন ইলেকট্রনিক যন্ত্রের সার্কিট বোর্ড, সংযোগকারী, সুইচ ও অন্যান্য বৈদ্যুতিক সংযোগস্থলেও এই ধাতু ব্যবহার করা হয়।

এর প্রধান কারণ হলো, স্বর্ণ বিদ্যুৎ পরিবহনে কার্যকর এবং সহজে ক্ষয়প্রাপ্ত হয় না। ফলে বৈদ্যুতিক সংযোগ দীর্ঘদিন সচল রাখতে এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

কম্পিউটার ও যোগাযোগের সরঞ্জামসহ বিভিন্ন প্রযুক্তিপণ্যে স্বর্ণের ব্যবহার থাকলেও একটি যন্ত্রে এর পরিমাণ সাধারণত খুব কম। তবে বিশ্বজুড়ে বিপুলসংখ্যক ইলেকট্রনিক পণ্য উৎপাদিত হওয়ায় সব মিলিয়ে এই খাতে স্বর্ণের ব্যবহার উল্লেখযোগ্য।

এ কারণে পুরোনো মোবাইল ফোন, কম্পিউটার ও অন্যান্য ইলেকট্রনিক বর্জ্য থেকে স্বর্ণ সংগ্রহ করে পুনরায় ব্যবহারের উদ্যোগও নেওয়া হচ্ছে। এতে মূল্যবান ধাতুর অপচয় কমানোর পাশাপাশি ইলেকট্রনিক বর্জ্য ব্যবস্থাপনাতেও সহায়তা পাওয়া যায়।

আরও পড়ুন: গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ দিনের মাথায় বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন

মহাকাশেও কেন প্রয়োজন স্বর্ণ?

মহাকাশ গবেষণা ও প্রযুক্তিতে স্বর্ণের ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা সংস্থা নাসার তথ্য অনুযায়ী, স্বর্ণ আলো ও তাপ বিকিরণ প্রতিফলিত করতে সক্ষম এবং সহজে এর উজ্জ্বলতা নষ্ট হয় না। এসব বৈশিষ্ট্যের কারণে জেমস ওয়েব মহাকাশ দূরবীক্ষণ যন্ত্রের আয়নায় স্বর্ণের অত্যন্ত পাতলা প্রলেপ দেওয়া হয়েছে।

বিশেষ করে অবলোহিত বা ইনফ্রারেড আলো প্রতিফলনে স্বর্ণ কার্যকর। এই আলো শনাক্ত করার মাধ্যমে জেমস ওয়েব মহাবিশ্বের দূরবর্তী নক্ষত্র, ছায়াপথ ও অন্যান্য মহাজাগতিক বস্তু পর্যবেক্ষণ করে।

মহাকাশচারীদের হেলমেটেও স্বর্ণ ব্যবহার করা হয়। নাসার তথ্য অনুযায়ী, হেলমেটের সামনের স্বচ্ছ অংশে স্বর্ণের পাতলা প্রলেপ থাকে। এটি সূর্যের তীব্র আলো ও ক্ষতিকর বিকিরণ থেকে মহাকাশচারীদের সুরক্ষায় সহায়তা করে।

আরও পড়ুন: প্রথম প্রান্তিকে এডিপি বাস্তবায়নের হার ৩.৮৯ শতাংশে নেমে এসেছে

এ ছাড়া বিদ্যুৎ পরিবহনের ক্ষমতা এবং ক্ষয় প্রতিরোধী বৈশিষ্ট্যের কারণে মহাকাশযানের বিভিন্ন যন্ত্রাংশ ও বৈদ্যুতিক সংযোগেও স্বর্ণ ব্যবহার করা হয়।

রোগ শনাক্ত ও চিকিৎসায় স্বর্ণের ব্যবহার নতুন নয়। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল লাইব্রেরি অব মেডিসিনে প্রকাশিত তথ্য অনুযায়ী, ‘গোল্ড সল্ট’ নামে পরিচিত স্বর্ণের কিছু যৌগ একসময় রিউমাটয়েড আর্থ্রাইটিস বা বাতজনিত রোগের চিকিৎসায় ব্যবহার করা হতো। তবে বর্তমানে আরও কার্যকর ওষুধ সহজলভ্য হওয়ায় এ ক্ষেত্রে স্বর্ণের ব্যবহার অনেক কমেছে।

আধুনিক চিকিৎসাবিজ্ঞানে স্বর্ণের নতুন ব্যবহার নিয়ে গবেষণা চলছে। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ক্যানসার ইনস্টিটিউটের তথ্য অনুযায়ী, অতি ক্ষুদ্র স্বর্ণকণা বা ‘গোল্ড ন্যানোপার্টিকল’ ব্যবহার করে রোগ শনাক্ত করা, শরীরের নির্দিষ্ট স্থানে ওষুধ পৌঁছে দেওয়া এবং ক্যানসার নির্ণয় ও চিকিৎসার সম্ভাবনা নিয়ে গবেষণা করা হচ্ছে। তবে এসব ব্যবহারের অনেকগুলো এখনো গবেষণার পর্যায়ে রয়েছে।

কিছু রোগ নির্ণয়ের দ্রুত পরীক্ষার কিটেও স্বর্ণকণা ব্যবহার করা হয়। এসব কিটে ফলাফল বোঝাতে যে রঙিন রেখা দেখা যায়, তা তৈরিতে স্বর্ণের অতি ক্ষুদ্র কণা ভূমিকা রাখতে পারে।

আরও পড়ুন: বিদেশি কার্ডের আয়ের ১৫ শতাংশ বৈদেশিক মুদ্রা হিসাবে রাখতে পারবেন ব্যবসায়ীরা

দাঁতের চিকিৎসায়ও দীর্ঘদিন ধরে স্বর্ণ ব্যবহার হয়ে আসছে। আমেরিকান ডেন্টাল অ্যাসোসিয়েশনের তথ্য অনুযায়ী, সহজে ক্ষয় না হওয়া ও দীর্ঘস্থায়ী হওয়ার কারণে দাঁত মেরামত এবং পুনর্গঠনে স্বর্ণ ও এর সংকর ধাতু ব্যবহার করা হয়।

তবে স্বর্ণের উচ্চমূল্য এবং বিকল্প উপকরণের সহজলভ্যতার কারণে বর্তমানে দাঁতের চিকিৎসায় এর ব্যবহার আগের তুলনায় কমেছে।

কেন্দ্রীয় ব্যাংকগুলো বিপুল পরিমাণ স্বর্ণ মজুত রাখে কেন?

বিশ্বের বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক ডলার ও অন্যান্য বৈদেশিক মুদ্রার পাশাপাশি বিপুল পরিমাণ স্বর্ণও রিজার্ভ হিসেবে সংরক্ষণ করে। এর পেছনে রয়েছে দীর্ঘ ইতিহাস।

একসময় অনেক দেশের মুদ্রাব্যবস্থা সরাসরি স্বর্ণের মজুতের সঙ্গে সম্পর্কিত ছিল। বর্তমানে সেই ব্যবস্থা প্রচলিত না থাকলেও বিভিন্ন দেশের কেন্দ্রীয় ব্যাংক বৈদেশিক সম্পদের একটি অংশ স্বর্ণ হিসেবে ধরে রাখে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, বিশ্বের সবচেয়ে বেশি স্বর্ণের মজুত রয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। দেশটির মজুতের পরিমাণ প্রায় ৮ হাজার ১৩৩ টন, যা ৮১ লাখ ৩৩ হাজার কিলোগ্রামের বেশি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে যুক্তরাষ্ট্র, জার্মানি, ইতালি ও ফ্রান্সের কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে সম্মিলিতভাবে প্রায় ১৬ হাজার ৪০০ টন স্বর্ণ ছিল। এসব দেশের বৈদেশিক রিজার্ভে স্বর্ণের অংশ ৭০ শতাংশেরও বেশি।

অন্যদিকে, সাম্প্রতিক বছরগুলোতে চীনও স্বর্ণের মজুত বাড়িয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ধারাবাহিকভাবে স্বর্ণ কিনেছে এবং বৈদেশিক রিজার্ভে এর পরিমাণ বাড়িয়েছে।

ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য অনুযায়ী, ২০২৪ সালের শেষে চীনের স্বর্ণের মজুত ছিল প্রায় ২ হাজার ২৭৯ টন। ২০২৫ সালের প্রথম ছয় মাসে দেশটি আরও প্রায় ১৯ টন স্বর্ণ কেনে। এর আগে ২০২৩ সালেও চীন প্রায় ৮৮ টন স্বর্ণ কিনেছিল।

কেন্দ্রীয় ব্যাংকগুলোর কাছে স্বর্ণের মজুত রাখার অন্যতম উদ্দেশ্য হলো বৈদেশিক সম্পদে বৈচিত্র্য আনা এবং দীর্ঘমেয়াদে সম্পদের মূল্য সংরক্ষণ করা। তবে স্বর্ণের দাম ওঠানামা করে বলে এর বাজারমূল্যও পরিবর্তিত হতে পারে।

তথ্যসূত্র: বিবিসি বাংলা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

তারেক রহমান বাংলাদেশকে উন্নত ও নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন: মনিরুল হক চৌধুরী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৮ পি.এম


তারেক রহমান বাংলাদেশকে উন্নত ও নিরাপদ রাষ্ট্রে পরিণত করতে কাজ করছেন:  মনিরুল হক চৌধুরী

কুমিল্লায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফোরামের উদ্যোগে ২ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তিন দিনব্যাপি কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলা শুরু হয়েছে। এই মেলায় কুমিল্লা জেলার ৬৫টি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠান এবং ২৫টি স্টল অংশগ্রহণ করছে।

শুক্রবার (২ অক্টোবর) সকাল ১০টায় নগরীর টাউন হল মাঠে শুরু হওয়া মেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী।

তিনি উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, "কুমিল্লায় কারিগরি বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ প্রতিষ্ঠান ফোরামের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপি কারিগরি শিক্ষা ও উদ্ভাবনী মেলার স্টলগুলো এবং শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রজেক্ট দেখে আমি অভিভূত।"

মনিরুল হক চৌধুরী আরও বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমান সরকার কারিগরি শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে শিক্ষার্থীদেরকে বাস্তবমুখী শিক্ষার দিকে ধাবিত করতে চায়। আগামী বছরের মাধ্যমিকেও কারিগরি সাবজেক্ট যুক্ত করেছে। যাতে আমাদের দেশের সন্তানেরা কর্মমুখী পড়াশোনা শেষ করে বিদেশ না গিয়ে বাংলাদেশে থাকতে চায়। সর্বোপরি কথা হলো বিএনপির চেয়ারম্যান ও বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান শিক্ষাসহ সকল ক্ষেত্রে সংস্কার করে একটি উন্নত নিরাপদ বাসযোগ্য বাংলাদেশ গঠনে কাজ করে যাচ্ছেন। আমরা সকলে সেই ভিশনের সারথী হয়ে কাজ করার জন্য নিজেদেরকে যোগ্য নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে।"

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (আইসিটি ও শিক্ষা) সুলতানা রাজিয়া। প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সিসিএন শিক্ষা পরিবারের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ড.তারিকুল ইসলাম চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কারিগরি অধিদপ্তরের আঞ্চলিক পরিচালক (উপ সচিব) কাজী ফারুক আহমেদ এবং কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি আমিরুজ্জামান আমির। স্বাগত বক্তব্য রাখেন কুমিল্লা সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম চৌধুরী। ৩দিন ব্যাপী মেলাটি মোট ৬টি সেশনে অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী ও ১ম সেশনে "Inaugural Ceremony and Seminar on the Current state of Technical education in Bangladesh: challenges and the Way Forward" শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়।

আয়োজকরা জানান, দেশের শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে দক্ষ কারিগরি জনশক্তির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। শিক্ষার্থীদের মধ্যে কারিগরি শিক্ষার প্রতি আগ্রহ সৃষ্টি এবং এর সম্ভাবনা সম্পর্কে জনসচেতনতা বাড়াতেই এ মেলার আয়োজন করা হয়েছে।

মেলায় কুমিল্লার ৬৫টি কারিগরি প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের তৈরি প্রযুক্তিনির্ভর প্রকল্প, উদ্ভাবনী মডেল ও ব্যবহারিক কাজ প্রদর্শন করছে। এসব প্রদর্শনীর মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, প্রযুক্তিগত দক্ষতা ও উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করার পাশাপাশি বর্তমান কর্মবাজারে কারিগরি শিক্ষার গুরুত্ব তুলে ধরা হবে। এতে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক, শিক্ষা অনুরাগী, শিল্পপ্রতিষ্ঠানের প্রতিনিধি ও স্থানীয় জনগণকে মেলায় অংশগ্রহণ ও প্রদর্শনী পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

মেলার প্রধান আকর্ষণী বিষয়গুলো হলো: শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ও মডেল প্রদর্শনী, আধুনিক প্রযুক্তি ও কারিগরি শিক্ষার বিভিন্ন দিক উপস্থাপন, ব্যবহারিক দক্ষতা প্রদর্শন, উচ্চশিক্ষা ও কর্মসংস্থানের সুযোগ সম্পর্কে ধারণা প্রদান, কারিগরি শিক্ষার গুরুত্ব ও সম্ভাবনা তুলে ধরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শুটিংয়ের দুর্ঘটনায় আহত নুসরাত, মুম্বাইয়ে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


শুটিংয়ের দুর্ঘটনায় আহত নুসরাত, মুম্বাইয়ে নেওয়া হচ্ছে চিকিৎসার জন্য

বলিউডের অভিনেত্রী নুসরাত ভরুচা নিয়ে উদ্বেগজনক খবর এসেছে। ইন্দোনেশিয়ার বালিতে শুটিং ও অবকাশযাপনের সময় তিনি দুর্ঘটনার শিকার হয়েছেন। অভিনেত্রীর জনসংযোগ দলের তথ্য অনুযায়ী, এই দুর্ঘটনায় তার মেরুদণ্ডে চিড় ধরা পড়েছে।

দুর্ঘটনার পর নুসরাতকে বালির একটি স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসকদের পর্যবেক্ষণের মধ্যে ছিলেন তিনি। তবে, তার শারীরিক অবস্থার অবনতির কারণে উন্নত চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য তাকে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সূত্রে জানা গেছে, নুসরাতকে এয়ার অ্যাম্বুলেন্সের মাধ্যমে মুম্বাই ফিরিয়ে আনা হচ্ছে। সেখানে তার প্রয়োজনীয় চিকিৎসা ও অস্ত্রোপচারের ব্যবস্থা করা হবে। দুর্ঘটনার খবর প্রকাশিত হওয়ার পর থেকেই অভিনেত্রীর ভক্ত ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে।

নুসরাতের জনসংযোগ দলের পক্ষ থেকে তার দ্রুত সুস্থতার জন্য সকলের কাছে দোয়া চাওয়া হয়েছে। একই সঙ্গে, এই কঠিন সময়ে অভিনেত্রীর ব্যক্তিগত গোপনীয়তার প্রতি সম্মান দেখানোর অনুরোধও করা হয়েছে।

নুসরাতের শারীরিক অবস্থার পরবর্তী হালনাগাদ তথ্য যথাসময়ে জানানো হবে বলে তার দলের পক্ষ থেকে জানানো হয়েছে। ইতিমধ্যে, ভক্তদের পাঠানো শুভকামনা ও উদ্বেগের জন্য অভিনেত্রীর টিম কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিজেপি নেতার বিরুদ্ধে ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার মামলা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৪:৫৯ পি.এম


বিজেপি নেতার বিরুদ্ধে ১৯৮ মুসলিম ভোটারের নাম কাটার মামলা

কর্ণাটকের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন নিয়ে নতুন বিতর্কের সৃষ্টি হয়েছে। বিজেপি নেতা রবি পাটিলের বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি বেলগাভিতে ১৯৮ জন মুসলিম ভোটারের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার জন্য আবেদন করেছেন।

এই অভিযোগের ভিত্তিতে পুলিশ তার বিরুদ্ধে মামলা করেছে। একই ঘটনায় আরও কয়েকজনের নামও রয়েছে। পুলিশ দাবি করছে, ভোটারদের নাম বাদ দেওয়ার আবেদনের ক্ষেত্রে ভুয়া নথি ও ভুল তথ্য ব্যবহারের অভিযোগের তদন্ত চলছে। পুলিশ সূত্র জানায়, গত ৩০ সেপ্টেম্বর বেলগাভি মার্কেট থানায় অভিযোগ দায়ের করা হয়। অভিযোগকারী ছিলেন বেলগাভি উত্তর বিধানসভা কেন্দ্রের ১২ নম্বর ওয়ার্ডের বুথ স্তরের এজেন্ট মীরাসাব সানাদি।

তিনি অভিযোগ করেন, ভোটার তালিকা সংশোধনের কাজ চলাকালীন ২২ সেপ্টেম্বর কয়েকজন ব্যক্তি একসঙ্গে হাজির হয়ে মুসলিম ভোটারদের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করার চেষ্টা করেন। অভিযোগে বলা হয়েছে, রবি পাটিল, শংকর বীরাপ্পা নায়েক, প্রশান্ত দীপক মুন্দিনমণি-সহ আরও ২০ থেকে ২৫ জন ওই কাজে যুক্ত ছিলেন। তাদের বিরুদ্ধে বীরভদ্রনগরের ১৯৫ ও ১৯৬ নম্বর ভোটগ্রহণ কেন্দ্রে থাকা ১৯৮ জন মুসলিম ভোটারের নাম বাদ দেওয়ার জন্য আবেদন তৈরির অভিযোগ উঠেছে। অভিযোগ অনুযায়ী, ভোটারদের নাম ও অন্যান্য তথ্য আগে থেকেই ওই আবেদনপত্রে লেখা ছিল। কিছু ক্ষেত্রে ভুয়া নথি ব্যবহার করা হয়েছিল বলেও অভিযোগ করা হয়েছে। এই বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে আসার পর তারা কয়েকজনকে আটকে জিজ্ঞাসাবাদ করেন বলে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে।

পুলিশ এই ঘটনায় প্রতারণা, জাল নথি তৈরি ও ব্যবহার, অপরাধমূলক ষড়যন্ত্র-সহ ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা করেছে। তবে অভিযোগ প্রমাণিত হয়েছে এমন নয়। পুলিশ তদন্ত করছে এবং ১৯৮ জনের নাম ভোটার তালিকা থেকে ইতোমধ্যে বাদ দেওয়া হয়েছে বলেও কোনও তথ্য পাওয়া যায়নি। এই ঘটনা সামনে আসার পর কর্ণাটকে ভোটার তালিকা সংশোধন নিয়ে রাজনৈতিক চাপানউতোর আরও বেড়েছে। মুখ্যমন্ত্রী ডি কে শিবকুমার অভিযোগ করেছেন, যোগ্য ভোটারদের নাম বাদ দেওয়ার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় বিপুল সংখ্যক আবেদন জমা দেওয়া হচ্ছে। তিনি বিষয়টি নিয়ে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরের সামনে প্রতিবাদও করেছেন।

অন্যদিকে বিজেপির বেলগাভির সাংসদ জগদীশ শেট্টার এফআইআর নিয়ে আপত্তি জানিয়েছেন। তার বক্তব্য, ভোটার তালিকার সংশোধন নিয়ে অভিযোগ তোলার কারণে বিজেপি নেতা ও কর্মীদের বিরুদ্ধে মামলা করা ঠিক নয়। ফলে অভিযোগ ও পাল্টা অভিযোগে কর্ণাটকে ভোটার তালিকা সংশোধন প্রক্রিয়া ঘিরে রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজ বিশ্ব হাসি দিবস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ২ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:০১ পি.এম


আজ বিশ্ব হাসি দিবস

হাসি মানুষের জন্য অসুখের বিরুদ্ধে সবচেয়ে কার্যকরী ওষুধ হিসেবে বিবেচিত হয়। মানবজীবনে হাসির গুরুত্ব অপরিসীম। সময়কে সুন্দরভাবে উপভোগ করতে হাসির বিকল্প নেই।

শুক্রবার (২ অক্টোবর) বিশ্ব হাসি দিবস পালিত হচ্ছে। প্রতি বছর অক্টোবরের প্রথম শুক্রবার এই দিবসটি উদযাপন করা হয়। চিকিৎসকদের মতে, সারাদিনকে প্রাণবন্ত করে তুলতে সকালের ১ মিনিটের হাসিই যথেষ্ট। হাসি শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং মানসিক চাপ থেকে দূরে রাখে।

১৯৬৩ সালে, ওরচেস্টার ম্যাসাচুসেটসের শিল্পী হার্ভে বল একটি হাসিখুশি মুখের ছবি তৈরি করেন। সময়ের সাথে সাথে সেটি সদিচ্ছা ও আনন্দের প্রতীক হয়ে ওঠে। তবে বাণিজ্যের কারণে হার্ভে দেখেন যে সেই হাসিখুশি মুখ বিভিন্ন স্থানে ব্যবহৃত হচ্ছে, যার ফলে ছবির আসল অর্থ পরিবর্তিত হচ্ছে। উদ্বিগ্ন হয়ে হার্ভে ভাবেন, হাসির জন্য একটি বিশেষ দিন নির্ধারণ করা হলে কেমন হবে। সেই দিনটি হাসিখুশিতে কাটানো এবং সহৃদয় আচরণের জন্য উৎসর্গ করা হবে। এর মাধ্যমে শুরু হয় বিশ্ব হাসি দিবসের যাত্রা।

প্রথমবার বিশ্ব হাসি দিবস পালিত হয় ১৯৯৯ সালে, উরচেস্টারে। সাধারণ মানুষের মধ্যে সহৃদয়তার বার্তা ছড়িয়ে দেওয়াই ছিল এর মূল উদ্দেশ্য। এরপর থেকে প্রতিবছর এই দিনটি উদযাপিত হচ্ছে। ২০০১ সালে হার্ভে মৃত্যুবরণ করেন। তার স্মৃতির উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয় ‘হার্ভে বল ওয়ার্ল্ড স্মাইল ফাউন্ডেশন’। এই ফাউন্ডেশন প্রতিবছর বিশ্ব হাসি দিবসের পৃষ্ঠপোষক হিসেবে কাজ করে।

হাসির জন্য একটি প্রতীকও রয়েছে। সোশ্যাল মিডিয়ায় হলুদ একটি মুখের হাসি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় হাসি হিসেবে পরিচিত। হলুদ মুখে কালো বিন্দুর দুটি চোখ এবং একটি চওড়া হাসি আপনার দিনটি ভালো করতে পারে। ১৯৭০ এর দশকে হাস্যোজ্জ্বল মুখ কার্টুন, কমিকস এবং রাজনৈতিক আন্দোলনের জন্য ব্যবহৃত হত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%