০৯:২৬ পি.এম
ময়মনসিংহের ত্রিশাল উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার প্রশ্নপত্র পরীক্ষা শুরুর কয়েক ঘণ্টা আগে ইউটিউবে প্রকাশিত হওয়ার অভিযোগ উঠেছে, যা চাঞ্চল্যকর। উদ্বেগের বিষয় হলো, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন ছড়িয়ে পড়ার পরও অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠান একই প্রশ্নে পরীক্ষা গ্রহণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
"অনরৎ গবহঃড়ৎ" নামে একটি ইউটিউব চ্যানেলে পরীক্ষার আগের দিন বিভিন্ন বিষয়ের প্রশ্নপত্র প্রকাশ করা হয়। পরে দেখা যায়, ওই প্রশ্নের সঙ্গে অনেক বিদ্যালয়ের পরীক্ষার প্রশ্ন হুবহু মিলে গেছে। এই প্রশ্নফাঁসের ঘটনায় অভিভাবক এবং শিক্ষার্থীসহ সচেতন মহলে তীব্র উদ্বেগ সৃষ্টি হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের নিজস্ব প্রণীত প্রশ্নে পরীক্ষা নেওয়ার কথা থাকলেও ত্রিশালের অধিকাংশ বিদ্যালয় সেই নির্দেশনা মানছে না বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন প্রকাশনা সংস্থার বিনামূল্যে সরবরাহ করা প্রশ্ন সংগ্রহ করেই পরীক্ষা নেওয়া হচ্ছে, যা পরীক্ষার আগেই বিভিন্ন মাধ্যমে ছড়িয়ে পড়ছে।
আরও পড়ুন: ড্রাইভিং শিখতে গিয়ে ব্ল্যাকমেইলের ফাঁদে নারী, যুবক গ্রেফতার
সরেজমিন অনুসন্ধান ও সামাজিক যোগাযোগমাধ্যমে দেখা গেছে, নির্ধারিত পরীক্ষার আগেই একাধিক বিষয়ের প্রশ্ন ইউটিউবে পাওয়া গেছে। ইতোমধ্যে অন্তত পাঁচটি বিষয়ের পরীক্ষা ওই প্রশ্ন দিয়েই সম্পন্ন হয়েছে বলে অভিযোগ উঠেছে। এরই ধারাবাহিকতায় নজরুল বালিকা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা ২৬ নভেম্বর অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ২৫ নভেম্বরই ইউটিউবে একই প্রশ্ন প্রকাশিত হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষ পরীক্ষা স্থগিত করতে বাধ্য হয়। নাম প্রকাশে অনিচ্ছুক বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, পরীক্ষা দিতে এসে তারা জানতে পারে বাংলা দ্বিতীয় পত্রের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরে নতুন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে বলে তাদের জানানো হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রফিকুল ইসলাম বলেন, "পরীক্ষার প্রশ্নপত্র একটি ইউটিউব চ্যানেলে প্রকাশিত প্রশ্নের সঙ্গে মিলে যাওয়ার বিষয়টি জানতে পেরেই আমড়া পরীক্ষা স্থগিত করেছি। পরবর্তীতে নতুন প্রশ্নপত্র প্রণয়ন করে পরীক্ষা নেওয়া হবে।" ত্রিশাল উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মফিজুল ইসলাম বলেন, "ইউটিউবে প্রকাশিত প্রশ্নের সঙ্গে পরীক্ষার প্রশ্ন মিলে যাওয়ার বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।" এ বিষয়ে ত্রিশাল উপজেলা নির্বাহী কর্মকর্তা হাসনাত জাহান খান-এর বক্তব্য জানতে চাইলে তিনি মন্তব্য করতে অপারগতা প্রকাশ করেন। ময়মনসিংহের জেলাপ্রশাসক মো. সাইফুর রহমান বলেন, "এটি কোমলমতি শিক্ষার্থীদের জন্য অত্যন্ত উদ্বেগজনক ও মানসিক আঘাতের বিষয়। প্রশ্নপত্র কীভাবে ইউটিউবে গেল, কারা এর সঙ্গে জড়িতÑতা তদন্ত করে বের করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তাকে তদন্তের নির্দেশ দেওয়া হবে। কোনো সরকারি কর্মকর্তা বা কর্মচারীর সংশ্লিষ্টতা পাওয়া গেলে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।" প্রশ্নফাঁসের অভিযোগে ত্রিশালের শিক্ষা ব্যবস্থার স্বচ্ছতা ও পরীক্ষার বিশ্বাসযোগ্যতা নিয়ে নতুন করে প্রশ্ন দেখা দিয়েছে। অভিভাবক ও সচেতন মহল দ্রুত নিরপেক্ষ তদন্ত এবং দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন