বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং
১১:০৬ পি.এম
গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের মন্তব্য করেছেন, নিম্নমানের নির্মাণকাজ অথবা সরকারি অর্থের অপচয়ের সাথে যদি কোনো কর্মকর্তা জড়িত হন, তাহলে তাঁর বিরুদ্ধে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে। তবে তিনি উল্লেখ করেছেন যে, মিথ্যা অভিযোগ, ব্যক্তিগত স্বার্থ বা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার ভিত্তিতে কারো বিরুদ্ধে অন্যায় করা হবে না।
আজ বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী ও তদূর্ধ্ব কর্মকর্তাদের সঙ্গে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী আরও জানান, গণপূর্ত অধিদপ্তরের জোনাল অফিসগুলোর কার্যক্রমকে আরো গতিশীল করার জন্য সরকার উদ্যোগ গ্রহণ করছে। বিশেষ করে কুমিল্লা জোনের অধীনে বেশ কিছু জেলা ও উপজেলা থাকায় কার্যক্রম পরিচালনায় চাপ সৃষ্টি হচ্ছে। এই বিষয়টি মাথায় রেখে কুমিল্লা ও বগুড়ায় নতুন জোন গঠনের পরিকল্পনা করা হচ্ছে।
তিনি বলেন, কাজের স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করার জন্য ৩০ সদস্যের একটি বিশেষ মনিটরিং ও অডিট প্যানেল গঠন করা হবে। এই প্যানেল থেকে চার-পাঁচজনের দল গঠন করে দেশের বিভিন্ন জেলা এবং প্রকল্পে আকস্মিক পরিদর্শনে পাঠানো হবে। এখানে কোনো নির্দিষ্ট বা স্থায়ী দল থাকবে না; বরং বিভিন্ন সময়ে বিভিন্ন দল মাঠপর্যায়ের কাজের মান, অগ্রগতি এবং ব্যয় যাচাই করবে। এর ফলে প্রকল্পের প্রকৃত চিত্র জানা সম্ভব হবে এবং অনিয়মের সুযোগ কমানো যাবে।
সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. খালেকুজ্জামান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৃহায়ণ ও গণপূর্ত প্রতিমন্ত্রী আহম্মদ সোহেল মনজুর এবং মন্ত্রণালয়ের সচিব মো. ওবায়দুর রহমান।
মতবিনিময় সভায় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং গণপূর্ত অধিদপ্তরের ঊর্ধ্বতন প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের জন্য দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’ আয়োজনের পরিকল্পনা করেছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। এই সম্মিলন আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অনুষ্ঠিত হবে। অংশগ্রহণের জন্য নিবন্ধনের শেষ সময় ৩০ নভেম্বর নির্ধারণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের অফিস কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য উপস্থাপন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সম্মিলনের আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসেন। তিনি উল্লেখ করেন, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধনকে সুদৃঢ় করার উদ্দেশ্যে এই সম্মিলনের আয়োজন করা হচ্ছে।
তিনি আরও জানান, অ্যালামনাই সম্মিলন শুধুমাত্র একটি পুনর্মিলনী অনুষ্ঠান নয়; এটি প্রিয় বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় প্রাঙ্গণে ফিরে আসা, শিক্ষাজীবনের সোনালি দিনগুলো নতুন করে স্মরণ করা, শ্রদ্ধেয় প্রাক্তন শিক্ষকদের সান্নিধ্য লাভ এবং প্রিয় সহপাঠীদের সঙ্গে পুনর্মিলিত হওয়ার একটি অনন্য সুযোগ।
সংবাদ সম্মেলনে জানানো হয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগ থেকে বি.এ. (অনার্স), এম.এ., এম.ফিল ও পিএইচডি ডিগ্রিধারী সাবেক শিক্ষার্থীরা নির্ধারিত নিবন্ধন ফি দিয়ে সম্মিলনে অংশ নিতে পারবেন। এছাড়া বিভাগের অনার্স প্রথম বর্ষ থেকে এমএ শেষ সেমিস্টার পর্যন্ত অধ্যয়নরত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে অংশ নেওয়ার সুযোগ পাবেন। অংশগ্রহণকারীদের স্বামী-স্ত্রী ও সন্তানরাও জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা ফি দিয়ে সম্মিলনে অংশ নিতে পারবেন।
নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে সাধারণ সদস্যদের জন্য ৩ হাজার টাকা, নতুন আজীবন সদস্যদের জন্য ৭ হাজার ৫০০ টাকা, পুরোনো আজীবন সদস্যদের জন্য ২ হাজার ৫০০ টাকা এবং অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য ১ হাজার ৫০০ টাকা। ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত আজীবন ও সাধারণ জীবন সদস্যদের জন্য ৫০০ টাকা ছাড়ের ব্যবস্থা রাখা হয়েছে।
নিবন্ধন প্রক্রিয়া সম্পর্কে আয়োজকেরা জানান, নির্ধারিত ফি অগ্রণী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সঞ্চয়ী হিসাবে জমা দিতে হবে। এরপর নির্ধারিত গুগল ফরমে প্রয়োজনীয় তথ্য, ছবি ও টাকা জমার রসিদ সংযুক্ত করে নিবন্ধন সম্পন্ন করতে হবে। আগামী ৩০ নভেম্বর নিবন্ধনের শেষ দিন। সম্মিলনসংক্রান্ত বিস্তারিত তথ্য পাওয়া যাবে https://csa.ru.ac.bd/isaa/ ওয়েবসাইটে।
লিখিত বক্তব্যে আরও বলা হয়, বিপুলসংখ্যক প্রাক্তন শিক্ষার্থীকে একটি অভিন্ন, সুসংগঠিত ও শক্তিশালী প্ল্যাটফর্মে ঐক্যবদ্ধ করা এ আয়োজনের অন্যতম লক্ষ্য। তাঁদের অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা, গবেষণা, উচ্চশিক্ষা ও কর্মজীবনে সহযোগিতার কার্যকর সুযোগ সৃষ্টি করতে চান আয়োজকেরা।
তাঁদের প্রত্যাশা, এবারের সম্মিলনের মধ্য দিয়ে সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে একটি সুদৃঢ় যোগাযোগ নেটওয়ার্ক গড়ে উঠবে। পাশাপাশি ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।
আয়োজকেরা জানান, সম্মিলনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন বলে তাঁরা আশা করছেন। সম্মিলনের সার্বিক প্রস্তুতি ও সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সবাইকে অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য সাদর আমন্ত্রণ জানিয়েছেন তাঁরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাধবপুর উপজেলার ঐতিহ্যবাহী পাখিদের অভয়াশ্রম কাটেঙ্গা বিল উদ্ধারের জন্য উপজেলা প্রশাসন উদ্যোগ গ্রহণ করেছে। ইউএনও মেহেদী হাসান এবং সহকারী কমিশনার (ভূমি) মৈত্রী রায় জীববৈচিত্র্য সংরক্ষণ, জলাশয় পুনরুদ্ধার ও পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা করেছেন।
আরটিভিতে গত ২৮ অক্টোবর কাটেঙ্গা বিলের অস্তিত্ব সংকট নিয়ে সংবাদ প্রকাশের পর প্রশাসনের এই উদ্যোগ নতুন আশার সঞ্চার করেছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর থেকে বিকেল পর্যন্ত ইউএনও ও এসিল্যান্ডের নেতৃত্বে ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা বিল এলাকায় অভিযান পরিচালনা করেন। অভিযানের সময় বিলের সরকারি জমি চিহ্নিত করে চারপাশে লাল পতাকা স্থাপন করা হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, বিলটি পুনরুদ্ধার, খনন এবং জলাশয় নির্ভর পাখি ও অন্যান্য প্রাণীর খাদ্য ও নিরাপদ আবাসস্থল নিশ্চিত করার বিষয়েও পরিকল্পনা নেওয়া হচ্ছে।
মাধবপুর উপজেলার আন্দিউড়া ইউনিয়নে অবস্থিত প্রায় সাড়ে ১১ একর আয়তনের কাটেঙ্গা বিলটি দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের ঐতিহ্য ও প্রাকৃতিক পরিবেশের গুরুত্বপূর্ণ অংশ। আশপাশের নিচু জমি ও জলপ্রবাহের সঙ্গে সংযুক্ত এ বিল সাতছড়ি ও তেলমাছড়া বনের কাছাকাছি হওয়ায় বিভিন্ন প্রজাতির দেশি-বিদেশি পাখি এবং জলজ প্রাণীর জন্য গুরুত্বপূর্ণ আবাসস্থল হিসেবে পরিচিত।
স্থানীয়দের অভিযোগ, একটি প্রভাবশালী ভূমিদখলকারী চক্র দীর্ঘদিন ধরে বিলটির বিভিন্ন অংশ দখল করে মাটি ভরাটের মাধ্যমে কৃষিজমিতে রূপান্তর করেছে। এর ফলে বিলের স্বাভাবিক জলপ্রবাহ বাধাগ্রস্ত হওয়ার পাশাপাশি পরিবেশ, জীববৈচিত্র্য ও স্থানীয় মৎস্যসম্পদ হুমকির মুখে পড়েছে।
কাটেঙ্গা বিল রক্ষা কমিটির আহ্বায়ক এবং সাতছড়ি জাতীয় উদ্যানের সহ-ব্যবস্থাপনা কমিটির (সিএমসি) সভাপতি শফিকুল ইসলাম আবুল বলেন, “এই বিল আমাদের এলাকার ঐতিহ্যের অংশ। ছোটবেলার অনেক স্মৃতি জড়িয়ে আছে এর সঙ্গে। আগে প্রতি বছর চৈত্র মাসের প্রথম দিনে আশপাশের কয়েকটি ইউনিয়নের মানুষ একসঙ্গে বিলে মাছ ধরতে যেতাম। কিন্তু দখলদারদের কারণে বিলটি ধ্বংসের পথে।”
তিনি আরও বলেন, “বর্তমানে ইউএনও ও এসিল্যান্ডের উদ্যোগকে আমরা স্বাগত জানাই। আমরা আশা করি, সংসদ সদস্যের সুদৃষ্টি ও সহযোগিতায় বিলটি সংরক্ষণের পাশাপাশি কবিগান, জারিসহ বিভিন্ন সাংস্কৃতিক আয়োজনের মাধ্যমে নতুন পর্যটনকেন্দ্র হিসেবে গড়ে তোলা হবে।”
শফিকুল ইসলাম আবুল দীর্ঘদিন ধরে কাটেঙ্গা বিল উদ্ধারের দাবিতে বিভিন্ন সরকারি দপ্তরে চিঠি প্রদান, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করে আসছেন।
এ বিষয়ে ইউএনও মেহেদী হাসান জানান, কাটেঙ্গা বিল নিয়ে আগে থেকেই প্রশাসনের পরিকল্পনা ছিল। বিলের সরকারি জমি চিহ্নিত করা হয়েছে। জীববৈচিত্র্য, মৎস্যসম্পদ ও সরকারি সম্পদ রক্ষায় এখানে সমন্বিত উদ্যোগ নেওয়া হবে। এ বিষয়ে আরও নতুন পরিকল্পনা রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শতাধিক ব্যক্তিকে গুম ও খুনের মামলায় কারান্তরীণ সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (অব.) জিয়াউল আহসানের বরিশালের বাড়িতে ভাঙচুরের পর অগ্নিসংযোগ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে নগরের বিএম কলেজসংলগ্ন বৈদ্যপাড়া এলাকায় তার পৈতৃক বাড়িতে এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, সন্ধ্যা ৬টার দিকে মুখোশ পরা ২৫-৩০ জনের একটি দল বৈদ্যপাড়া এলাকায় জিয়াউল আহসানের পৈতৃক বাড়িতে হামলা চালায়। তারা বাড়ির সামনের একটি কক্ষ ও গ্যারেজ ভাঙচুর করার পর সেখানকার আসবাবপত্রে আগুন ধরিয়ে দেয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিএম কলেজের ওই এলাকায় জিয়াউল আহসান এবং তার পরিবারের সদস্যদের একাধিক বহুতল ভবন রয়েছে। দুর্বৃত্তরা জিয়াউল আহসানের বাড়িতে হামলা চালায়। ঘটনার সময় বাড়িটিতে কেউ উপস্থিত ছিলেন না। ভাঙচুর ও অগ্নিসংযোগের ফলে বাড়িটির দুটি কক্ষ ক্ষতিগ্রস্ত হয়েছে।
বরিশাল মেট্রোপলিটন পুলিশের নতুন বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ মাহফুজ মহারাজ জানিয়েছেন, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিভিয়ে দেন। কে বা কারা এই হামলা ও অগ্নিসংযোগ করেছে, তা এখনও জানা যায়নি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নেছারাবাদে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের নবম পে-স্কেল অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রমের নামে অর্থ আদায়ের অভিযোগ উঠেছে। অভিযোগ রয়েছে যে, শিক্ষক প্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আবার কারো কারো কাছ থেকে এক হাজার টাকা আদায় করা হয়েছে। এ অভিযোগের ভিত্তিতে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা দুই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে পৃথক শোকজ নোটিশ প্রদান করেছেন। নোটিশে উল্লেখ করা হয়েছে, আগামী তিন কর্মদিবসের মধ্যে তাঁদের সন্তোষজনক লিখিত জবাব দিতে হবে। ১৮ নভেম্বর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ মঈনুল ইসলাম তাঁদের লিখিত শোকজ প্রদান করেন।
শোকজপ্রাপ্ত দুই শিক্ষক হলেন উপজেলার ৪৪ নম্বর ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী এবং ৭১ নম্বর বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল। অভিযোগ রয়েছে যে, পে-ফিক্সেশনের কাজ করে দেওয়ার নামে উপজেলার ১৭১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৯০০ শতাধিক শিক্ষকের কাছ থেকে জনপ্রতি ২৫০ থেকে ৩০০ টাকা আবার এক হাজার টাকা পর্যন্ত আদায় করা হয়েছে। এতে প্রায় ৩ লাখ টাকা আদায়ের অভিযোগ উঠেছে।
ধলহার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রীকে দেওয়া শোকজ নোটিশে উল্লেখ করা হয়েছে যে, নবম পে-স্কেলের পে-ফিক্সেশন কার্যক্রমের জন্য মাহমুদকাঠি ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা করে নেওয়ার অভিযোগ করেছেন ৪২ নম্বর কুড়িয়ানা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ আরও ৯ থেকে ১০ জন শিক্ষক। নোটিশে বলা হয়েছে, ওই ক্লাস্টারে দুইজন সহকারী শিক্ষক পে-ফিক্সেশনের যাবতীয় কার্যক্রম সম্পন্ন করলেও তাঁরা কোনো টাকা নেননি। এ অবস্থায় তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ সরকারি চাকরির শৃঙ্খলা, সততা ও নৈতিকতার পরিপন্থি এবং গুরুতর অসদাচরণের শামিল বলে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, বিশাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক উত্তম কুমার বড়ালের বিরুদ্ধে গণকপাড়া ক্লাস্টারের শিক্ষকদের কাছ থেকে জনপ্রতি ২৫০ টাকা এবং সাগরকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কাছ থেকে এক হাজার টাকা আদায়ের অভিযোগ আনা হয়েছে। তাঁকেও তিন কর্মদিবসের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়েছে।
তবে অভিযুক্ত দুই শিক্ষক অভিযোগ অস্বীকার করেছেন। প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রী বলেন, “আমি কোনো টাকা পয়সা তুলিনি। পে-ফিক্সেশনের দায়িত্বেও আমি ছিলাম না।” প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল বলেন, “আমি কোনো টাকা তুলিনি। সব মিথ্যা।” তাঁকে শোকজ করার কারণ জানতে চাইলে তিনি বলেন, “শিক্ষা কর্মকর্তার সঙ্গে হয়তো আমার শত্রুতা আছে। না হলে এমন করবেন কেন?”
জানা গেছে, নবম পে-স্কেলের বেতন নির্ধারণের কাজ প্রত্যেক শিক্ষককে নিজ উদ্যোগে অনলাইনে সম্পন্ন করার নির্দেশনা রয়েছে। তবে নেছারাবাদ উপজেলায় উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মইনুল ইসলাম উপজেলার ১০টি ইউনিয়ন ও একটি পৌরসভায় প্রতিটি এলাকায় দুই থেকে তিনজন করে কম্পিউটারে দক্ষ শিক্ষককে এ কাজে সহযোগিতার জন্য নির্ধারণ করে দেন।
এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. মঈনুল ইসলাম বলেন, "নবম পে-ফিক্সেশনের কাজের জন্য প্রতিটি ইউনিয়নে একটি করে শিক্ষক দল করে দিয়েছি। তাঁরা সব কাজ সম্পন্ন করেছেন। এখন এই কাজে যদি একটু নাশতা-পানির খরচ লাগে, তাহলে যারা কাজ করেছেন তাঁরা নিতে পারেন। তবে যারা অনৈতিকভাবে বেতন ফিক্সেশনের নামে টাকা নিয়েছেন, তা সম্পূর্ণ চাকরিবিধি পরিপন্থি। টাকা নেওয়ার বিষয়ে বেশ কয়েকজন শিক্ষকের কাছ থেকে অভিযোগ পেয়ে প্রধান শিক্ষক উত্তম কুমার বড়াল ও প্রধান শিক্ষক মিন্টু লাল মিস্ত্রীকে শোকজ নোটিশ দিয়েছি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ