ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

বিনা পরোয়ানায় মুক্তিযোদ্ধার সন্তান গ্রেপ্তারের প্রতিবাদে উদীচীর দাবি


বিনা পরোয়ানায় মুক্তিযোদ্ধার সন্তান গ্রেপ্তারের প্রতিবাদে উদীচীর দাবি

যশোরের চৌগাছায় মোহাম্মদ আলমগীর হোসেন, যিনি একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, বিনা পরোয়ানায় গ্রেপ্তার হওয়া এবং মিথ্যা মামলায় কারাগারে পাঠানোর অভিযোগে বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটি তার নিঃশর্ত মুক্তির দাবি তুলেছে।

বুধবার (১৮ নভেম্বর) এক বিবৃতিতে উদীচীর ভারপ্রাপ্ত সভাপতি মাহমুদ সেলিম এবং সাধারণ সম্পাদক অমিত রঞ্জন দে এই দাবি জানান।

বিবৃতিতে উল্লেখ করা হয়, গত ১৩ নভেম্বর রাত ১টা ৫৪ মিনিটে যশোরের চৌগাছা উপজেলার বুন্দলিতলা গ্রামের নিজ বাসভবন থেকে কোনো গ্রেপ্তারি পরোয়ানা ছাড়াই আলমগীর হোসেনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে আটক রয়েছেন।

আরও পড়ুন: বগুড়ার শেরপুরে আ.লীগের লকডাউনের বিরুদ্ধে বিএনপির অবস্থান কর্মসূচি

মোহাম্মদ আলমগীর হোসেন এস এম হাবিবুর রহমান পৌর ডিগ্রি কলেজের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রভাষক। তিনি বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী চৌগাছা শাখা সংসদের সহসাধারণ সম্পাদক এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ যশোর জেলা কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। তার বাবা বীর মুক্তিযোদ্ধা মো. শাজাহান আলী।

বিবৃতিতে উদীচী জানায়, একজন নাগরিককে গ্রেপ্তারের ক্ষেত্রে আইনানুগ প্রক্রিয়া, সাংবিধানিক অধিকার ও মানবিক মর্যাদা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। রাতের আঁধারে বাসভবন থেকে বিনা পরোয়ানায় গ্রেপ্তারের অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। হয়রানিমূলক মামলা কিংবা বেআইনি গ্রেপ্তারের মাধ্যমে কাউকে হয়রানি করা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

সংগঠনটি আরও উল্লেখ করে, মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে অর্জিত বাংলাদেশে একজন বীর মুক্তিযোদ্ধার সন্তান, শিক্ষক ও সাংস্কৃতিক সংগঠককে এভাবে হয়রানির শিকার হতে হওয়া কাম্য নয়। উদীচী অবিলম্বে মোহাম্মদ আলমগীর হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানিয়েছে।

আরও পড়ুন: আ.লীগকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা দেওয়ার দাবি এবি জুবায়েরের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডেমোক্র্যাটদের চিঠিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সতর্কতা ও নথিপত্র সংরক্ষণের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


ডেমোক্র্যাটদের চিঠিতে ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের সতর্কতা ও নথিপত্র সংরক্ষণের নির্দেশ

যুক্তরাষ্ট্রের নতুন কংগ্রেসে তদন্ত ও নজরদারির ক্ষমতা পুনরুদ্ধার করার পূর্বে, ট্রাম্প প্রশাসনের শীর্ষ কর্মকর্তাদের এবং ঘনিষ্ঠ সহযোগীদের সতর্ক করে চিঠি পাঠিয়েছেন ডেমোক্র্যাট আইনপ্রণেতারা। চিঠিতে উল্লেখ করা হয়েছে, সম্ভাব্য তদন্তের জন্য গুরুত্বপূর্ণ নথিপত্র সংরক্ষণ করতে হবে এবং প্রয়োজনে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে।

হাউস ওভারসাইট কমিটির সম্ভাব্য চেয়ারম্যান ডেমোক্র্যাট নেতা রবার্ট গার্সিয়া বুধবার ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স, ট্রাম্প পরিবারের সদস্য, হোয়াইট হাউসের চিফ অব স্টাফ স্টিফেন মিলার এবং অ্যাটর্নি জেনারেল টড ব্লাঞ্চসহ প্রায় ১২ জন ব্যক্তি ও কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছেন।

ডেমোক্র্যাটদের পরিকল্পনা রয়েছে ট্রাম্প পরিবারের ব্যবসায়িক লেনদেনে অনিয়ম, জেফরি এপস্টেইন-সংক্রান্ত নথি গোপন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের বিরুদ্ধে অসদাচরণের অভিযোগ তদন্ত করার।

এদিকে, হাউস জুডিশিয়ারি কমিটির ডেমোক্র্যাট সদস্যরা বাণিজ্যমন্ত্রী হাওয়ার্ড লুটনিকের সাবেক প্রতিষ্ঠান ক্যান্টর ফিটজেরাল্ডের বিরুদ্ধে তদন্ত শুরু করার উদ্যোগ নিয়েছেন। তারা এনভিডিয়া-সংক্রান্ত বিতর্কে প্রতিষ্ঠানটির সম্ভাব্য আর্থিক সুবিধা এবং লুটনিকের সরকারি সিদ্ধান্তে তার পরিবারের ব্যবসায়িক স্বার্থের প্রভাব খতিয়ে দেখতে চান। তবে প্রতিষ্ঠানটি অভিযোগ অস্বীকার করেছে।

অন্যদিকে, হাউস ফরেন অ্যাফেয়ার্স কমিটির শীর্ষ ডেমোক্র্যাট গ্রেগরি মিকস ইরান যুদ্ধ, ভেনেজুয়েলার তেল চুক্তি, ক্যারিবীয় অঞ্চলে সামরিক অভিযান এবং ইউএসএআইডি বিলুপ্তির বিষয়ে তদন্তের প্রস্তুতি নিচ্ছেন। এ লক্ষ্যে তিনি সাতটি সরকারি সংস্থাকে সংশ্লিষ্ট সব নথি সংরক্ষণের নির্দেশনা চেয়ে চিঠি দিয়েছেন।

সিনেটেও তদন্তের প্রস্তুতি চলছে। আগামী বছর স্বাস্থ্য, শিক্ষা, শ্রম ও পেনশনবিষয়ক কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পেতে যাওয়া সিনেটর বার্নি স্যান্ডার্স জানিয়েছেন, স্বাস্থ্য ও মানবসেবা মন্ত্রণালয়ের কার্যক্রম, টিকাদান পরিস্থিতি, স্বাস্থ্যবিমা খাত এবং ওষুধের অতিরিক্ত দাম নিয়ে তদন্ত করতে চান।

তবে ডেমোক্র্যাটদের চিঠির জবাবে হোয়াইট হাউসের আইন উপদেষ্টা উইল শার্ফ দাবি করেছেন, কমিটির নেতৃত্ব আনুষ্ঠানিকভাবে গ্রহণের আগে ডেমোক্র্যাটদের নির্দেশ মানতে প্রশাসনের কর্মকর্তারা বাধ্য নন। তিনি অভিযোগ করেছেন, এসব উদ্যোগ প্রকৃত তদারকির পরিবর্তে রাজনৈতিক হয়রানির উদ্দেশ্যে নেওয়া হয়েছে।

অন্যদিকে, ডেমোক্র্যাট নেতা জেমি রাসকিন বলেছেন, সরকারের জবাবদিহিতা নিশ্চিত করতে কংগ্রেসের সাংবিধানিক ক্ষমতা রয়েছে এবং প্রশাসনের অসহযোগিতা গ্রহণযোগ্য নয়।

নতুন কংগ্রেসে দায়িত্ব গ্রহণের আগেই এসব চিঠি পাঠানোর মাধ্যমে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ডেমোক্র্যাটদের বিস্তৃত তদন্ত অভিযানের প্রস্তুতি স্পষ্ট হয়ে উঠেছে।

সূত্র: সিএনএন

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দাম কমাচ্ছে গুচি, তবে লুই ভুইতো সেই পথে হাঁটছে না

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৬ পি.এম


দাম কমাচ্ছে গুচি, তবে লুই ভুইতো সেই পথে হাঁটছে না

বিলাসবহুল পণ্যের বাজারে এতদিন ধরে দাম বাড়ানো ছিল বড় ব্র্যান্ডগুলোর প্রচলিত কৌশল। তবে ইতালীয় ফ্যাশন ব্র্যান্ড গুচি দীর্ঘদিনের বিক্রয় মন্দার প্রেক্ষাপটে সেই নিয়মে পরিবর্তন আনছে। প্রতিষ্ঠানটি হ্যান্ডব্যাগ, জুতা ও পোশাকের মতো পণ্যের দাম কমিয়ে ক্রেতাদের আকৃষ্ট করার চেষ্টা করছে। অন্যদিকে, প্রতিদ্বন্দ্বী ব্র্যান্ড লুই ভুইতো একই পথে হাঁটতে রাজি নয়।

ফোর্বসের এক প্রতিবেদনে প্রকাশিত তথ্য অনুযায়ী, গুচির বেশ কিছু জনপ্রিয় পণ্যের দাম উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। এর মধ্যে রয়েছে ব্র্যান্ডটির প্যাডলক টপ-হ্যান্ডেল ব্যাগ। ফ্রান্সে জুলাই মাসে এই ব্যাগটির দাম ছিল ৩ হাজার ৫০০ ইউরো, যা বর্তমানে কমিয়ে ২ হাজার ৪৫০ ইউরো করা হয়েছে। অর্থাৎ, এক ধাক্কায় দাম কমেছে প্রায় ৩০ শতাংশ। এছাড়া, আগে ৮০০ ইউরো দামের কিছু জুতার দাম কমিয়ে ৫৬০ থেকে ৫৯৫ ইউরোর মধ্যে আনা হয়েছে।

গুচির মালিকানাধীন প্রতিষ্ঠান কেরিংয়ের দাবি, এটি কেবল মূল্যছাড়ের কৌশল নয়, বরং পণ্যের দাম নির্ধারণের কাঠামোয় পরিবর্তন। সাম্প্রতিক বছরগুলোতে অতিরিক্ত দাম বাড়ানোর ফলে অনেক ক্রেতার নাগালের বাইরে চলে গিয়েছিল ব্র্যান্ডটির পণ্য। এর ফলে বিক্রির পরিমাণেও নেতিবাচক প্রভাব দেখা দিয়েছে। ফোর্বসের প্রতিবেদনের তথ্য অনুযায়ী, টানা ১৩ প্রান্তিক ধরে গুচির বিক্রিতে পতন ঘটেছে। চলতি বছরের তৃতীয় প্রান্তিকে প্রতিষ্ঠানটির আয় আগের তুলনায় ৬ শতাংশ কমে ১২৯ কোটি ইউরোতে পৌঁছেছে।

অন্যদিকে, গুচির মতো দাম কমানোর সিদ্ধান্তে এখনো রাজি নয় লুই ভুইতো। যদিও ব্র্যান্ডটির বিক্রিও চাপের মধ্যে রয়েছে। গোল্ডম্যান স্যাকসের হিসাব অনুযায়ী, চলতি বছরের তৃতীয় প্রান্তিকে লুই ভুইতোর বিক্রি প্রায় ৮ শতাংশ কমেছে। প্রতিষ্ঠানটির মূল সংস্থা এলভিএমএইচের আয়ের বড় একটি অংশ এই ব্র্যান্ড থেকে আসে। ফলে বিক্রির এই পতন পুরো প্রতিষ্ঠানের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।

তবে দাম কমানোর পরিবর্তে ক্রেতাদের আগ্রহ ফিরিয়ে আনতে পণ্যের প্রতি নতুন আকর্ষণ তৈরির ওপর গুরুত্ব দিচ্ছে লুই ভুইতো। এদিকে, চ্যানেল, ডিওর ও বারবেরির মতো ব্র্যান্ডগুলোও ভিন্ন কৌশল গ্রহণ করেছে। তারা জনপ্রিয় পণ্যের দাম না কমিয়ে তুলনামূলক কম দামের নতুন পণ্য বাজারে আনছে। বিপরীতে, হারমেস এখনও উচ্চমূল্যের কৌশল ধরে রেখেছে। কারণ, তাদের মূল ক্রেতারা এখনো বিলাসবহুল পণ্যে অর্থ ব্যয় করছেন।

বিশ্বজুড়ে বিলাসবহুল পণ্যের বাজারে ক্রেতা কমে যাওয়াই এই পরিবর্তনের অন্যতম কারণ। মধ্যবিত্ত ও উচ্চ-মধ্যবিত্ত ক্রেতাদের একটি বড় অংশ এখন ব্যয় কমাচ্ছেন। ফলে শুধুমাত্র ব্র্যান্ডের পরিচিতি দিয়ে আগের মতো বিক্রি ধরে রাখা কঠিন হয়ে পড়ছে। গুচির দাম কমানোর সিদ্ধান্ত তাই শুধু একটি প্রতিষ্ঠানের ব্যবসায়িক কৌশল নয়, বরং পুরো বিলাসবহুল ফ্যাশনশিল্পের জন্য নতুন এক বাস্তবতার ইঙ্গিত দিচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন লাগার চেষ্টা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৭ পি.এম


ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন লাগার চেষ্টা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ের সংকেত বক্সে আগুন লাগার ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত পৌনে ২টার দিকে আখাউড়া রেলওয়ে জংশন থেকে প্রায় তিন কিলোমিটার দূরে দুবলা এলাকায় এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, দুর্বৃত্তরা দাহ্য পদার্থ ব্যবহার করে সংকেত বক্সটিতে আগুন ধরানোর চেষ্টা করেছে বলে মনে করা হচ্ছে। তবে, আগুন বক্সের ভিতরে প্রবেশ করতে পারেনি, যার ফলে কোনো ক্ষয়ক্ষতি হয়নি। রেল চলাচল স্বাভাবিকভাবে অব্যাহত রয়েছে। একই রাতে পৌর এলাকার কলেজ পাড়ায় বিকট শব্দ শোনা যায়, যা স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করে।

আখাউড়া রেলওয়ে থানার ওসি মো. আব্দুল কুদ্দুস জানান, দুর্বৃত্তরা দুবলা এলাকায় ডাউন লাইনের সিগন্যালিং সংযোগ বক্সে (জেবি বক্স) আগুন লাগিয়েছে। তবে, আগুন বক্সের ভিতরে পৌঁছাতে পারেনি। এর ফলে সিগন্যালিং ব্যবস্থার কোনো ক্ষতি হয়নি। পুলিশ ও আরএনবি সদস্যরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখানে আগুন দেখা না গেলেও পুড়ে যাওয়ার চিহ্ন স্পষ্ট ছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গবেষকদের জন্য এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস দিচ্ছে ওপেন এআই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৪৮ পি.এম


গবেষকদের জন্য এক বছর বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস দিচ্ছে ওপেন এআই

বিশ্বজুড়ে গবেষকদের জন্য কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারের সুযোগ বাড়াতে ওপেন এআই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে। ‘চ্যাটজিপিটি ফর একাডেমিক রিসার্সারস’ কর্মসূচির অধীনে নির্বাচিত গবেষকরা এক বছর ধরে বিনামূল্যে চ্যাটজিপিটি প্লাস ব্যবহারের সুযোগ পাবেন।

এই কর্মসূচির আওতায় মূল আবেদনকারীর সঙ্গে তার প্রতিষ্ঠানের আরও দুজন সহযোগী গবেষকও সুবিধা পাবেন। এর ফলে, প্রতিটি গ্রান্টের আওতায় মোট তিনটি চ্যাটজিপিটি প্লাস অ্যাকাউন্ট ব্যবহারের সুযোগ থাকবে।

ওপেন এআই এর ঘোষণার ভিত্তিতে, কর্মসূচির নতুন পর্যায়ের আবেদন ২৩ নভেম্বর থেকে শুরু হবে। নির্ধারিত যোগ্যতা পূরণকারী প্রথম ৫০ হাজার গবেষককে এই গ্রান্ট প্রদান করা হবে।

গবেষণায় যেসব কাজে ব্যবহার করা যাবে

নির্বাচিত গবেষকরা গবেষণার বিভিন্ন ধাপকে সহজ ও গতিশীল করতে চ্যাটজিপিটি প্লাস ব্যবহার করতে পারবেন। এর মধ্যে রয়েছে গবেষণাপত্র খোঁজা ও পর্যালোচনা, নতুন গবেষণার ধারণা তৈরি, তথ্য বিশ্লেষণ, গবেষণার জন্য কোড লেখা ও সংশোধন এবং গবেষণাপত্র ও অনুদানের আবেদন প্রস্তুত করা।

এছাড়া, কর্মসূচির অংশ হিসেবে অংশগ্রহণকারীদের প্রশিক্ষণ ও ব্যবহারিক সহায়তাও প্রদান করা হবে।

কারা আবেদন করতে পারবেন?

স্বীকৃত শিক্ষাপ্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত গবেষক ও পোস্টডক্টরাল গবেষকরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। তবে আবেদনকারীদের গত তিন বছরের মধ্যে তাদের গবেষণার বিষয়ে প্রকাশিত গবেষণাপত্রের প্রমাণ থাকতে হবে।

কর্মসূচির আওতাভুক্ত গবেষণার বিষয়গুলো হলো জীববিজ্ঞান, রসায়ন, উপাদানবিজ্ঞান, কম্পিউটার সায়েন্স, পৃথিবী ও গ্রহবিজ্ঞান, প্রকৌশল, গণিত এবং পদার্থবিজ্ঞান।

প্রায় দেড় লাখ গবেষক পাবেন সুবিধা

নতুন পর্যায়ে মোট ৫০ হাজার গ্রান্ট দেওয়ার পরিকল্পনা করেছে ওপেন এআই। প্রতিটি গ্রান্টে তিনজন গবেষক সুবিধা পাওয়ায় নতুন পর্যায়ে প্রায় দেড় লাখ গবেষক এই সুযোগের আওতায় আসতে পারেন। আগের পর্যায়ের অংশগ্রহণকারীদের যুক্ত করলে মোট সুবিধাভোগীর সংখ্যা দুই লাখে পৌঁছাতে পারে।

চীন ও হংকং ছাড়া বিশ্বের অন্যান্য অঞ্চলের যোগ্য গবেষকরা এই কর্মসূচিতে আবেদন করতে পারবেন। ফলে বাংলাদেশের গবেষকদের জন্যও আবেদনের সুযোগ রয়েছে।

তবে আবেদনকারীর শিক্ষাপ্রতিষ্ঠান, গবেষণার বিষয় এবং প্রকাশিত গবেষণাপত্রের যোগ্যতা ওপেন এআই এর নির্ধারিত শর্ত পূরণ করতে হবে। তাই আবেদন করার আগে ওপেন এআই এর ওয়েবসাইটে কর্মসূচির বিস্তারিত নির্দেশনা ও যোগ্যতার শর্ত যাচাই করে নেওয়া প্রয়োজন।

আবেদন করার আগে ওপেন এআই-এর অফিশিয়াল ঘোষণা (https://openai.com/index/expanding-chatgpt-for-academic-researchers/) এবং গবেষকদের জন্য নির্দেশিকা (https://help.openai.com/en/articles/20001406-chatgpt-for-academic-researchers) দেখে নেওয়া যেতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%