ঢাকা রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩০শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ইং ৩০শে কার্তিক, ১৪৩২বাং

পাকিস্তানের কাছে পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি


পাকিস্তানের কাছে পরাজয়ের কারণ ব্যাখ্যা করলেন বাংলাদেশ কোচ টমাস ডুলি

বাংলাদেশ দল ঘরের মাঠে সাফ জয়ের একটি গুরুত্বপূর্ণ সুযোগ হাতছাড়া করেছে। সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে শেষ মুহূর্তে গোল খেয়ে টুর্নামেন্ট থেকে বিদায় নিয়েছে হামজারা। এই পরাজয়ের ব্যাখ্যা দিয়েছেন কোচ টমাস ডুলি।

ডুলির মতে, ম্যাচের শুরু থেকেই বাংলাদেশ তাদের স্বাভাবিক খেলাটা উপস্থাপন করতে পারেনি। তার পরিকল্পনা ছিল, প্রথম কয়েক মিনিট বল নিজেদের মধ্যে পাস দিয়ে খেলোয়াড়দের আত্মবিশ্বাস বৃদ্ধি করা। কিন্তু পাকিস্তানের চাপের কারণে সেটি সম্ভব হয়নি।

ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে ডুলি বলেন, "আমরা শুরু থেকেই ম্যাচে ঢুকতে পারিনি। পাকিস্তান কিক-অফের পর দ্রুত আমাদের ওপর চাপ তৈরি করে। আমরা কিছু ভুল করেছি। এরপর ভালো করার চেষ্টা করেও সফল হতে পারিনি। অনেক পাস সতীর্থদের কাছে পৌঁছায়নি। তারা খুব দ্রুতগতির ছিল এবং আমাদের শরীরী ভাষা দেখে বুঝে ফেলছিল আমরা কী করতে চাই। দ্রুত বল কেড়ে নিয়ে তারা ম্যাচের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে। শুরুতে আমাদের জন্য ম্যাচে ফেরা কঠিন হয়ে পড়ে।"

আরও পড়ুন: চমক রেখে এশিয়া কাপের চূড়ান্ত স্কোয়াড ঘোষণা করল বাংলাদেশ

দ্বিতীয়ার্ধে কৌশল পরিবর্তন করে কিছুটা ভালো খেললেও শেষ পর্যন্ত গোলের দেখা পায়নি বাংলাদেশ। মিডফিল্ডে কাজেম ও শমিতের পারফরম্যান্সে সন্তুষ্ট ডুলি। তিনি বিশেষ করে কাজেমকে তুলে নেওয়ার কথা ভাবেননি। আক্রমণভাগেও বিকল্প খেলোয়াড়ের অভাব ছিল।

কোচ বলেন, "কাজেম অসাধারণ খেলেছে। অনেক বল জিতেছে, টেকনিক্যালি ভালো ছিল। শমিতও খেলায় গতি আনার চেষ্টা করছিল। তাদের পরিবর্তন করা কঠিন ছিল। আমাদের হাতে বাড়তি ফরোয়ার্ডও ছিল না। বর্তমান স্কোয়াডে খেলোয়াড়ের সংখ্যা বেশ সীমিত।"

পাকিস্তানের জয়সূচক গোলটি ম্যাচের শেষ দিকে এসেছে। গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণের ভুলের পর বল জালে জড়ায় পাকিস্তান। শ্রাবণের ভুল নিয়ে প্রশ্ন উঠলেও তরুণ এই গোলরক্ষকের পাশে দাঁড়িয়েছেন ডুলি। তিনি বলেন, "একজনের ওপর হারের দায় চাপানো ঠিক হবে না।"

তিনি বলেন, "আমি এখনও তাকে জিজ্ঞেস করিনি। আপনারা নিশ্চয়ই পরিস্থিতি বুঝতে পারছেন। এমন একটি ম্যাচ হারার পর, যেটি আমরা জিততে চেয়েছিলাম, তখন খেলোয়াড়দের অবস্থা কেমন হয়, তা বোঝা কঠিন নয়। গোলরক্ষকও একজন তরুণ খেলোয়াড়। তারা তো রোবট নয়। তাদের মস্তিষ্ক আছে, চাপ আছে। ঘরের মাঠে এত দর্শকের সামনে জেতার চাপ থাকে। গোলরক্ষক হিসেবে সে দলের শেষ প্রহরী। তার মাথায়ও কাজ করে, ভুল করলে পরিস্থিতি কঠিন হয়ে যাবে। একই পরিস্থিতিতে অন্য গোলরক্ষকরাও হয়তো এমন ভুল করতে পারতো। তাই একজনের ওপর দায় চাপানো কঠিন।"

আরও পড়ুন: রাইজিং স্টারস এশিয়া কাপের বাংলাদেশ দলে কারা আছেন

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের গতিময় ফুটবল পাকিস্তানের বিপক্ষে অনুপস্থিত ছিল। খেলোয়াড়দের শারীরিক ক্লান্তি ও বিশ্রামের ঘাটতির কথা বলেছেন ডুলি। পাকিস্তান বাংলাদেশের চেয়ে কয়েক দিন বেশি বিশ্রাম পেয়েছিল।

ডুলির ব্যাখ্যা, "আমাদের অনেক খেলোয়াড়ের পেশিতে টান ধরেছে। এটি প্রমাণ করে, শরীর আরেকটি উচ্চমাত্রার ম্যাচের জন্য পুরোপুরি প্রস্তুত ছিল না। আগের ম্যাচটিও ছিল ৯০ মিনিটের তীব্র লড়াই। তবে সেদিন আমরা ভালো খেলেছিলাম এবং আত্মবিশ্বাস বেশি ছিল। আজ পাকিস্তান আমাদের চেয়ে দ্রুতগতির ছিল, শারীরিকভাবেও কিছুটা বেশি ফিট মনে হয়েছে। তারা বেশি দৌড়াতে পেরেছে। হয়তো পাঁচ দিনের বিরতির কারণেও এমন হয়েছে।"

ডুলির মতে, ম্যাচের ৮৬ মিনিটে গোল হজম করা খেলোয়াড়দের জন্য বড় মানসিক ধাক্কা ছিল। বিশেষ করে ঘরের মাঠে দেশের জন্য, সমর্থকদের জন্য ফাইনালে ওঠার এত বড় সুযোগ হাতছাড়া হওয়ার আশঙ্কা তাদের ওপর প্রভাব ফেলেছে।

তিনি বলেন, "আপনি কল্পনা করুন, ম্যাচের শেষ কয়েক মিনিটে ভাবছেন দেশের জন্য, সমর্থকদের জন্য জিততেই হবে। সাফ জয়ের এত বড় সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। ঠিক তখন ৮৬ মিনিটে গোল হজম করাটা বড় ধাক্কা। একজন মানুষের পক্ষে তাৎক্ষণিকভাবে এমন পরিস্থিতি সামলানো সহজ নয়। হামজার মতো অভিজ্ঞ খেলোয়াড় হয়তো পারে, কিন্তু তরুণদের জন্য কঠিন।"

আরও পড়ুন: সাফ চ্যাম্পিয়নশীপের ফাইনালে পাকিস্তান, বাংলাদেশকে হতাশ করল

এক বছর আগে একই মাঠে এশিয়ান কাপ বাছাইপর্বে হংকংয়ের বিপক্ষে পিছিয়ে থেকেও বাংলাদেশ যেভাবে ঘুরে দাঁড়িয়েছিল, সেই উদাহরণ সামনে আনা হয়। কিন্তু ডুলি মনে করেন, প্রতিটি ম্যাচের পরিস্থিতি আলাদা। চাপের মুহূর্তে সবাই একইভাবে প্রতিক্রিয়া দেখাতে পারে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


সাভার-আশুলিয়ায় শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিলেন পোশাক শ্রমিকরা

সাভার ও আশুলিয়ার শিল্পাঞ্চলে শান্তিপূর্ণ পরিবেশে কাজে যোগদান করেছেন পোশাক শ্রমিকরা। রোববার (১৫ নভেম্বর) সকাল থেকেই শিল্পাঞ্চলের বিভিন্ন তৈরি পোশাক কারখানায় শ্রমিকদের উপস্থিতি স্বাভাবিকভাবে লক্ষ্য করা গেছে। অধিকাংশ কারখানার উৎপাদন কার্যক্রম কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ছাড়াই চলছে।

সকাল থেকে আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, বাইপাইল, জিরাবো, নিশ্চিন্তপুর, কাঠগড়া এবং সাভারের হেমায়েতপুরসহ বিভিন্ন এলাকার পোশাক কারখানাগুলোতে শ্রমিকদের কর্মস্থলে প্রবেশ করতে দেখা যায়। নির্ধারিত সময়ে কাজে যোগ দিয়ে তারা নিজ নিজ বিভাগে উৎপাদন কার্যক্রম শুরু করেন।

পূর্বে শ্রমিক অসন্তোষ, মজুরি বৃদ্ধি ও অন্যান্য দাবির কারণে শিল্পাঞ্চলের কিছু কারখানায় উত্তেজনা ও কর্মবিরতির ঘটনা ঘটেছিল। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক থাকায় শ্রমিক, কারখানা কর্তৃপক্ষ এবং স্থানীয় বাসিন্দারা স্বস্তি প্রকাশ করেছেন।

শ্রমিকদের সঙ্গে আলাপকালে জানা যায়, তারা কোনো ধরনের সংঘাত বা বিশৃঙ্খলা চান না। শান্তিপূর্ণ পরিবেশে কাজ করে ন্যায্য মজুরি ও অন্যান্য সুযোগ-সুবিধা নিশ্চিত করার দাবি তাদের রয়েছে।

এদিকে শিল্পাঞ্চলের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে থাকতে দেখা গেছে। শিল্পাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়ক ও কারখানার আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

উল্লেখ্য, শ্রমিক অসন্তোষ ও বিশৃঙ্খলা পরিবেশ সৃষ্টি হওয়ার কারণে ইতিমধ্যে আশুলিয়ায় ৪০টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩২ এম


গাজীপুরে শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ২৫ প্লাটুন বিজিবি মোতায়েন

গাজীপুরের শিল্পাঞ্চলে শ্রমিক অসন্তোষের পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ২৫ প্লাটুন সদস্য মোতায়েন করা হয়েছে। এই বাহিনীর মধ্যে রয়েছে বিজিবির ১৩ প্লাটুন, আনসারের পাঁচ প্লাটুন এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি) আট প্লাটুন সদস্য।

রবিবার (১৫ নভেম্বর) সকাল থেকে বিভিন্ন পোশাক কারখানায় শ্রমিকদের কাজে যোগ দিতে দেখা গেছে। সকাল সাড়ে ৮টা পর্যন্ত কোথাও বিক্ষোভ বা মহাসড়ক অবরোধের খবর পাওয়া যায়নি। তবে পরিস্থিতির কারণে কর্তৃপক্ষ ছয়টি কারখানা আজও বন্ধ রেখেছে।

গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (মিডিয়া ও রিসার্চ সেল) মো. আরিফ হোসাঈন জানান, "রাষ্ট্রীয় সম্পদ ও সাধারণ মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিত করতে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের তত্ত্বাবধানে সদস্যরা দায়িত্ব পালন করছেন।" বিজিবি ইতিমধ্যে মাঠে রয়েছে এবং অন্যান্য বাহিনীগুলোও সতর্ক অবস্থানে রয়েছে।

বেতন বাড়ানোর দাবিতে কয়েক দিন ধরে শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে আসছিলেন। এই সময় অগ্নিসংযোগ, ভাঙচুর ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং এসব ঘটনায় কয়েকজনকে আটক করা হয়েছে।

এদিকে আন্দোলনের সময় মুঠোফোনে ভিডিও ধারণ করতে গিয়ে মারধরের শিকার তৌফিক নামের এক শ্রমিকের মৃত্যু ঘটেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে বিচারকদের ক্ষমতা সীমিত করার আবেদন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


ট্রাম্প প্রশাসনের সুপ্রিম কোর্টে বিচারকদের ক্ষমতা সীমিত করার আবেদন

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় সরকারের কোনো নীতি বা বিধিমালা বেআইনি ঘোষণা করে দেশব্যাপী বাতিল করার ক্ষেত্রে ফেডারেল বিচারকদের ক্ষমতা সীমিত করার লক্ষ্যে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের শনিবার (১৪ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, ১৯৪৬ সালের প্রশাসনিক কার্যপ্রণালি আইন বা অ্যাডমিনিস্ট্রেটিভ প্রসিডিউর অ্যাক্টের (এপিএ) আওতায় আদালতের দেওয়া কোনো রায় দেশব্যাপী কার্যকর হওয়ার সুযোগ সীমিত করতে চায় ট্রাম্প প্রশাসন। প্রশাসনের যুক্তি হলো, কোনো সরকারি বিধিমালা বাতিলের সিদ্ধান্ত কেবল সংশ্লিষ্ট মামলার বাদী ব্যক্তি বা প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হওয়া উচিত, পুরো দেশের জন্য নয়।

যদি প্রশাসনের এই আবেদন গ্রহণ করা হয়, তাহলে কোনো আদালত কেন্দ্রীয় সরকারের একটি বিধিমালাকে বেআইনি ঘোষণা করলেও মামলার বাইরে থাকা ব্যক্তি ও প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি কার্যকর থাকতে পারে। ফলে মামলাকারীরা আদালতের কাছ থেকে প্রতিকার পেলেও দেশের অন্য নাগরিকদের ওপর একই বিধিমালা প্রয়োগ অব্যাহত রাখতে পারবে সরকার।

আইন বিশেষজ্ঞরা বলছেন, ট্রাম্প প্রশাসন যদি সুপ্রিম কোর্টে জয়ী হয়, তাহলে কেন্দ্রীয় সরকারের জন্য এটি বড় ধরনের সুবিধা তৈরি করবে। কারণ, কোনো বিধিমালা বেআইনি ঘোষিত হলেও মামলার বাইরে থাকা ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষেত্রে সেটি বাতিল করা কঠিন হয়ে পড়বে। ফলে বিতর্কিত সরকারি বিধিমালা দেশজুড়ে কার্যকর থাকতে পারে, যতক্ষণ না অন্যরা আলাদাভাবে মামলা করে প্রতিকার পান।

২০২৫ সালের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর অভিবাসনসহ বিভিন্ন বিষয়ে ট্রাম্প প্রশাসনের নেওয়া নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্রজুড়ে শত শত মামলা হয়েছে। এসব মামলায় কয়েকটি আদালত এপিএ আইনের আওতায় কেন্দ্রীয় সরকারের বিভিন্ন নীতি ও বিধিমালা দেশব্যাপী বাতিল করেছেন। গত বছর সুপ্রিম কোর্টের একটি রায়ে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারির ক্ষেত্রে বিচারকদের ক্ষমতা সীমিত হয়েছিল। তবে প্রশাসনের এবারের আবেদনটি এপিএ আইনের আওতায় সরকারি বিধিমালা দেশব্যাপী বাতিল করার ক্ষমতা নিয়ে।

সর্বশেষ মামলাটি করা হয়েছে টেক্সাসের কয়েকজন চিকিৎসক ও স্বাস্থ্যসেবা প্রদানকারীর পক্ষ থেকে। তাঁরা রোগীদের অপ্রত্যাশিত চিকিৎসা বিল কমানোর উদ্দেশ্যে করা একটি কেন্দ্রীয় সরকারি বিধিমালার কিছু অংশ চ্যালেঞ্জ করেছেন। গত আগস্টে যুক্তরাষ্ট্রের পঞ্চম সার্কিট আপিল আদালত বিধিমালাটির কিছু অংশ দেশব্যাপী বাতিল করে দেন। তবে ট্রাম্প প্রশাসন ওই সিদ্ধান্তের মূল বিষয়বস্তু নয়, বরং এর দেশব্যাপী প্রযোজ্য হওয়ার বিষয়টিকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে আবেদন করেছে।

এ বিষয়ে সুপ্রিম কোর্ট আগামী বছরের শুরুতে আবেদনটি শুনানির জন্য গ্রহণ করবে কি না, তা নির্ধারণ করবে। আদালত আবেদনটি গ্রহণ করলে সরকারি বিধিমালা বাতিলের ক্ষেত্রে নিম্ন আদালতগুলোর ক্ষমতার পরিধি নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে পারে।

আইন বিশেষজ্ঞদের মতে, কেন্দ্রীয় সরকারের ক্ষমতার অপব্যবহার ঠেকাতে এপিএ আইনের আওতায় বিচারকদের দেশব্যাপী বিধিমালা বাতিলের ক্ষমতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এ ক্ষমতা সীমিত হলে বেআইনি সরকারি বিধিমালার বিরুদ্ধে কার্যকর প্রতিকার পেতে ব্যক্তি ও প্রতিষ্ঠানকে দীর্ঘ আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হতে পারে।

এমনকি ডেমোক্র্যাটদের পাশাপাশি টেক্সাস ও ফ্লোরিডার মতো রিপাবলিকান-শাসিত রাজ্যও এ উদ্যোগের বিরোধিতা করতে পারে। কারণ, কেন্দ্রীয় সরকারের অতিরিক্ত হস্তক্ষেপের বিরুদ্ধে নিজেদের অধিকার রক্ষায় এসব রাজ্যও অতীতে এপিএ আইনের আওতায় আদালতের আশ্রয় নিয়েছে। তথ্যসূত্র: রয়টার্স

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেসএক্সের নতুন ইতিহাস: রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব!

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১৫ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৩৩ এম


স্পেসএক্সের নতুন ইতিহাস: রকেট ধরার এমন দৃশ্য আগে দেখেনি বিশ্ব!

মহাকাশে ২২ ঘণ্টার অভিযান সম্পন্ন করে পৃথিবীতে ফিরে এসে স্পেসএক্সের তৈরি মহাকাশযান স্টারশিপকে উৎক্ষেপণকেন্দ্রের বিশাল যান্ত্রিক বাহুতে ধরা পড়েছে। এটি একটি ঐতিহাসিক ঘটনা, কারণ মহাকাশ থেকে ফিরে আসা কোনো স্টারশিপকে এভাবে মাঝআকাশে ধরার ঘটনা এটিই প্রথম।

এই ঘটনা ঘটেছে শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাষ্ট্রের টেক্সাসে অবস্থিত উৎক্ষেপণকেন্দ্রে। তবে অভিযানের শুরুতে উৎক্ষেপণের পর প্রথম ধাপের রকেটটি বিস্ফোরিত হয়ে যাওয়ার কারণে পরিকল্পনা অনুযায়ী দুটি অংশ উদ্ধার করা সম্ভব হয়নি। রকেটটির ধ্বংসাবশেষ মেক্সিকো উপসাগরে পড়ে গেছে।

তবুও, স্টারশিপের সফল প্রত্যাবর্তনকে একটি বড় সাফল্য হিসেবে দেখছে স্পেসএক্স। প্রতিষ্ঠানটি জানায়, এই ঘটনা চাঁদ ও মঙ্গল গ্রহে অভিযানের জন্য মহাকাশযানটির পুনর্ব্যবহারযোগ্য প্রযুক্তি প্রমাণে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি।

৪০৭ ফুট দীর্ঘ স্টারশিপটি পৃথিবী থেকে প্রায় ২৬৫ কিলোমিটার উচ্চতায় ১৪ বার পৃথিবী প্রদক্ষিণ করেছে। এ সময় মহাকাশযানটি ২৬টি উন্নত স্টারলিংক উপগ্রহ কক্ষপথে স্থাপন করে। এটি ২০২৩ সালের পর স্টারশিপের ১৫তম পূর্ণাঙ্গ উড্ডয়ন এবং দ্বিতীয়বারের মতো কক্ষপথে পৌঁছানোর অভিযান।

মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা এ সাফল্যকে স্বাগত জানিয়েছে। সংস্থাটির চাঁদে নভোচারী পাঠানোর ভবিষ্যৎ অভিযানে স্টারশিপ ব্যবহারের পরিকল্পনা রয়েছে। সবকিছু ঠিক থাকলে ২০২৮ সালে চাঁদে মানুষ অবতরণের লক্ষ্য নিয়েছে নাসা।

সূত্র: এবিসি নিউজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৪ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%