ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

উত্তরখানে তরুণী সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার, স্বামী আটক


উত্তরখানে তরুণী সানজিদা আক্তারের মরদেহ উদ্ধার, স্বামী আটক

রাজধানীর উত্তরখানে একটি বাসা থেকে ২২ বছর বয়সী সানজিদা আক্তার ইমার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে। এই ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে তার স্বামী আমিনুর রহমানকে আটক করা হয়েছে।

রোববার রাত পৌনে ১১টার দিকে হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা নামের ১০ তলা ভবনের নবম তলার ফ্ল্যাট থেকে ইমার মরদেহ উদ্ধার করা হয়। সোমবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

উত্তরখান থানার এসআই নিসার আলী তিতুমীর জানিয়েছেন, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইমার স্বামী আমিনুর রহমান ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে তাকে হত্যা করেছেন। এ ঘটনায় আমিনুরকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে এবং উত্তরখান থানায় হত্যা মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

আরও পড়ুন: শেখ হাসিনার পাসপোর্ট আবেদনের সত্যতা যাচাই করছে সরকার

নিহতের চাচা সাইফুল ইসলাম জানিয়েছেন, প্রায় ১১ মাস আগে আমিনুরের সঙ্গে ইমার বিয়ে হয়। তারা দুজনই পড়াশোনা করতেন এবং উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার পরিকল্পনা ছিল। ইমা পাবনার সরকারি এডওয়ার্ড কলেজে পড়াশোনা করতেন। পরে ভালো সুযোগের আশায় সাত-আট মাস আগে তারা ঢাকায় চলে আসেন। এরপর ইমা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন।

সাইফুল ইসলাম আরও জানান, ইমার গ্রামের বাড়ি পাবনার আমিনপুর থানার শ্যামসুন্দরপুর গ্রামে। তার বাবা এবিএম শফিকুল ইসলাম। তিন বোনের মধ্যে ইমা ছিলেন সবার ছোট। স্বামীর সঙ্গে তিনি উত্তরখানের হেলাল মার্কেটের মেরাদিয়া রোডসংলগ্ন সোনালী পাবনা ভবনের নবম তলার ওই ফ্ল্যাটে ভাড়া থাকতেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুমিল্লায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৬ পি.এম


কুমিল্লায় পুলিশের অভিযানে নিষিদ্ধ সংগঠনের ৮১ নেতাকর্মী গ্রেপ্তার

কুমিল্লার বিভিন্ন থানায় পুলিশের সাঁড়াশি অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের ৮১ জন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (৯ নভেম্বর) দুপুরে কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেপ্তারকৃতদের মধ্যে কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় ১১ জন, কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় চার জন, চৌদ্দগ্রামে ১০ জন, চান্দিনায় সাত জন, বুড়িচংয়ে তিন জন, ব্রাহ্মণপাড়ায় পাঁচ জন, বরুড়ায় ১০ জন, লাকসামে চার জন, মনোহরগঞ্জে দুই জন, নাঙ্গলকোটে চার জন, দাউদকান্দিতে দুই জন, তিতাসে এক জন, হোমনায় তিন জন, মেঘনায় দুই জন, দেবিদ্বারে দুই জন, মুরাদনগরে এক জন, বাঙ্গরাবাজারে চার জন, লালমাইতে চার জন এবং জেলা গোয়েন্দা পুলিশের দুই জনসহ মোট ৮১ জন গ্রেপ্তার হয়েছে।

অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান জানান, ‘দেশে অস্থিতিশীল পরিস্থতি তৈরি করতে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্যরা মিছিলসহ অন্যান্য অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। এই কর্মকাণ্ড রোধ করতে গত ৬ নভেম্বর থেকে ৮ নভেম্বর রাত পর্যন্ত একযোগে কুমিল্লার ১৮টি থানা এলাকায় অভিযান পরিচালনা করা হয়।’

তিনি আরও বলেন, ‘এই অভিযানে সর্বমোট ৮১ জন নেতাকর্মীকে গ্রেফতার করা হয়। তাদের সবাইকে পর্যায়ক্রমে আদালতের মাধ্যমে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় প্রচণ্ড ঝড়ে একজনের মৃত্যু, দেড়লাখ পরিবার বিদ্যুৎহীন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৭ পি.এম


কানাডার ব্রিটিশ কলম্বিয়ায় প্রচণ্ড ঝড়ে একজনের মৃত্যু, দেড়লাখ পরিবার বিদ্যুৎহীন

কানাডার ব্রিটিশ কলাম্বিয়ায় (বিসি) একের পর এক শক্তিশালী ঝড়ের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বিভিন্ন এলাকায় প্রচণ্ড বাতাসের কারণে গাছ ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঝড়ে গাছ চাপা পড়ে একজনের মর্মান্তিক মৃত্যু ঘটেছে। এর পাশাপাশি, দুটি গাড়ি গাছের নিচে আটকা পড়ে এবং লক্ষাধিক গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে যায়।

শনিবার (৭ নভেম্বর) রাত প্রায় ৮টার দিকে সারের হাইওয়ে-১০-এর ১৮২ ও ১৮৪ স্ট্রিটের মধ্যবর্তী এলাকায় একটি বড় গাছ ও বিদ্যুতের তার দুটি গাড়ির ওপর ভেঙে পড়ে। এই ঘটনায় একটি গাড়িচালক ঘটনাস্থলেই প্রাণ হারান এবং অপর গাড়িচালক সামান্য আহত হন।

খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস এবং বিদ্যুৎবিভাগের কর্মীরা উদ্ধার ও নিরাপত্তার কাজে অংশ নেন। দুর্ঘটনার পর মহাসড়কটি দীর্ঘ সময়ের জন্য বন্ধ রাখা হয়।

বিসি হাইড্রোর তথ্য অনুযায়ী, ঝড়ের তীব্রতা সবচেয়ে বেশি থাকাকালে রোববার রাত ১টার দিকে প্রদেশজুড়ে প্রায় ১ লাখ ৩৫ হাজার গ্রাহক বিদ্যুৎবিচ্ছিন্ন হয়ে পড়েন। রোববার সকাল ৭টা পর্যন্ত প্রায় ৬৩ হাজার গ্রাহক বিদ্যুৎহীন ছিলেন। সারে, ডানকান, পোর্ট হার্ডি ও প্রিন্স জর্জ এলাকায় ক্ষয়ক্ষতি ছিল বেশি।

এদিকে, ভ্যাঙ্কুভার আইল্যান্ডে ঘণ্টায় সর্বোচ্চ ৯০ কিলোমিটার, প্রিন্স জর্জে ৮০ কিলোমিটার এবং লোয়ার মেইনল্যান্ডে ৭০ কিলোমিটার পর্যন্ত বেগে বাতাস বয়ে যায়। ঝড়ে গাছপালা ভেঙে বিদ্যুতের লাইন ও বিভিন্ন অবকাঠামোর ক্ষতি হয়েছে।

বিসি হাইড্রোর কর্মীরা দিনরাত কাজ করে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করার চেষ্টা করছেন। তবে আবহাওয়ার বিরূপ পরিস্থিতির কারণে কিছু এলাকায় বিদ্যুৎ পুনঃস্থাপনে সময় লাগতে পারে।

আবহাওয়া বিভাগ জানিয়েছে, পরপর কয়েকটি শক্তিশালী আবহাওয়া ব্যবস্থার প্রভাবে বিসি উপকূলীয় অঞ্চলে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। মঙ্গলবার নতুন করে আরেকটি ঝড়ের আশঙ্কা রয়েছে।

কর্তৃপক্ষ বাসিন্দাদের সতর্ক থাকার পাশাপাশি ঝড়ে ছিঁড়ে পড়া বিদ্যুতের তার থেকে অন্তত ১০ মিটার দূরে থাকার পরামর্শ দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:২৮ পি.এম


আইজিপির সঙ্গে সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্সের সাক্ষাৎ

বাংলাদেশে নিযুক্ত সিঙ্গাপুর হাইকমিশনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ফিলিপ অং, পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। সোমবার পুলিশ সদর দপ্তরে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

বৈঠকটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়, যেখানে বাংলাদেশ পুলিশ এবং সিঙ্গাপুর পুলিশের মধ্যে দ্বিপক্ষীয় নিরাপত্তা এবং অপরাধ দমনে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি নিয়ে আলোচনা করা হয়।

ফিলিপ অং আন্তদেশীয় অপরাধ ও অর্থপাচার রোধে যৌথ তদন্তের জন্য স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিউর (এসওপি) প্রণয়নের ওপর গুরুত্বারোপ করেন। তিনি ডিজিটাল ফরেনসিক, ক্রিপ্টোকারেন্সি ট্র্যাকিং এবং সাইবার অপরাধ দমনে সিঙ্গাপুরের কারিগরি সহায়তা ও প্রশিক্ষণের প্রস্তাবও দেন।

বৈঠকে আধুনিক গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান, সংকট ব্যবস্থাপনায় অভিজ্ঞতা বিনিময় এবং সন্ত্রাসী অর্থায়ন ও সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে সংঘটিত অপরাধ প্রতিরোধে যৌথ গোয়েন্দা নজরদারি জোরদার করার বিষয়েও আলোচনা হয়।

আইজিপি সিঙ্গাপুর পুলিশের সঙ্গে অপরাধ দমনে যৌথভাবে কাজ করার আগ্রহ প্রকাশ করেন। এ সময় পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শীতে নর্ডিক অঞ্চলে বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা: মাইন্ড এনার্জি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ৯ই নভেম্বর, ২০২৬ ইং

০২:৩০ পি.এম


শীতে নর্ডিক অঞ্চলে বিদ্যুতের দাম বাড়ার আশঙ্কা: মাইন্ড এনার্জি

এ বছর শীতকালে নর্ডিক অঞ্চলে বিদ্যুতের দাম উল্লেখযোগ্যভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। জলবিদ্যুৎ উৎপাদনে পানির অভাব এবং ইউরোপে গ্যাসের সরবরাহ সীমিত হওয়ার কারণে এই পরিস্থিতি সৃষ্টি হতে পারে। বিশেষ করে তীব্র শীতের সময় বাতাসের গতি কম থাকলে বিদ্যুতের দাম আরো বৃদ্ধি পেতে পারে। সোমবার ডেনমার্কের জ্বালানি ব্যবসাপ্রতিষ্ঠান মাইন্ড এনার্জি এই তথ্য প্রকাশ করেছে।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিষ্ঠানটির চতুর্থ প্রান্তিকের নর্ডিক জ্বালানি বাজার সম্পর্কিত রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে, নর্ডিক দেশগুলোতে শীতকালীন জ্বালানি ব্যবহারের মৌসুম শুরু হতে যাচ্ছে। তবে এবারে জলবিদ্যুৎ উৎপাদনের জন্য স্বাভাবিক সময়ের তুলনায় ১১ টেরাওয়াট ঘণ্টা (টিডব্লিউএইচ) কম পানি পাওয়া যাচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে, নর্ডিক অঞ্চলের দক্ষিণের দেশগুলোতে বিদ্যুতের দাম হঠাৎ বেড়ে যাওয়ার ঝুঁকি সবচেয়ে বেশি রয়েছে।

ইউরোপে গ্যাসের মজুত কম থাকার কারণে বাজারে চাপ সৃষ্টি হয়েছে। পাশাপাশি, মধ্যপ্রাচ্যে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটার ফলে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) সরবরাহও কমেছে। এর ফলে নর্ডিক অঞ্চলের বিদ্যুতের দাম এখন ইউরোপের মূল ভূখণ্ডের বাজারের ওপর অধিক নির্ভরশীল হয়ে পড়েছে।

বার্তা সংস্থা রয়টার্সকে মাইন্ড এনার্জির গ্রাহক পর্যায়ের জ্বালানি ব্যবসা বিভাগের ভাইস প্রেসিডেন্ট পিটার নিকোলাই ক্রেবস জানিয়েছেন, বাতাসের গতি কমে গেলে ডেনমার্ক, দক্ষিণ সুইডেন ও দক্ষিণ নরওয়ের বিদ্যুতের দাম জার্মানির গ্যাসচালিত বিদ্যুৎকেন্দ্রগুলোর ওপর নির্ভর করে।

দক্ষিণ নরওয়ের এনও২ বিদ্যুৎমূল্য নির্ধারণকারী এলাকায় গত আগস্টের শুরু থেকে প্রতি মেগাওয়াট ঘণ্টা বিদ্যুতের গড় দাম ১৩০ ইউরোর বেশি হয়েছে। ২০২২ সালের জ্বালানি সংকটের পর এটি ওই এলাকার সর্বোচ্চ দাম। অন্যদিকে, ঠান্ডা আবহাওয়া ও বাতাসের গতি কম থাকার কারণে পরের দিনের জন্য নির্ধারিত বিদ্যুতের দাম দক্ষিণ নরওয়ে, সুইডেন ও ডেনমার্কে প্রতি মেগাওয়াট ঘণ্টায় ২০০ ইউরো ছাড়িয়ে গেছে।

ক্রেবস আরও বলেন, সুইডেনের কয়েকটি পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র দীর্ঘ সময় ধরে বন্ধ থাকায় পরিস্থিতি আরো জটিল হয়ে উঠেছে। এসব কেন্দ্র বন্ধ থাকায় প্রায় ৩ দশমিক ৩ গিগাওয়াট বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হচ্ছে, যা সুইডেনের মোট পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনক্ষমতার প্রায় অর্ধেক।

তিনি উল্লেখ করেন, এসব কেন্দ্র বন্ধ থাকার কারণে বিদ্যুতের নিয়মিত সরবরাহ কমে গেছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে কেন্দ্রগুলো কবে চালু হবে, তার ওপর বিদ্যুতের বাজারের পরিস্থিতি অনেকটাই নির্ভর করছে। তবে ক্রেবসের মতে, এবারের মূল সমস্যা বিদ্যুতের সরবরাহ নয়, বরং দাম বেড়ে যাওয়ার ঝুঁকি। ২০২২ সালের পরিস্থিতি ছিল ভিন্ন।

সে সময় রাশিয়া থেকে পাইপলাইনের মাধ্যমে গ্যাস সরবরাহ হঠাৎ বন্ধ হয়ে গিয়েছিল। একই সময়ে ফ্রান্সের পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোতেও সমস্যা দেখা দিয়েছিল। তিনি বলেন, এবারও দীর্ঘ সময় বিদ্যুতের দাম বেশি থাকলে নর্ডিক অঞ্চলের ব্যবসাপ্রতিষ্ঠানগুলোকে বাড়তি জ্বালানি খরচের চাপ মোকাবেলা করতে হবে। এতে তাদের ব্যবসায়িক ঝুঁকিও বাড়বে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%