০৬:১৮ পি.এম
আশুলিয়ায় পোশাক শ্রমিকদের আন্দোলনের সময় দুর্বৃত্তদের হামলায় আহত ট্রেন্স সুজ লিমিটেডের এক শ্রমিক মারা গেছেন। তার নাম মো. সেলিম (২০)। হামলার শিকার হওয়ার পর গত ৪ নভেম্বর তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৪টার দিকে তার মৃত্যু ঘটে।
সেলিম ট্রেন্স সুজ লিমিটেডের জুনিয়র অপারেটর হিসেবে কর্মরত ছিলেন। হামলার ঘটনা ঘটে ৪ নভেম্বর দুপুর ১২টার দিকে আশুলিয়ার আউকপাড়া এলাকায়। ওই দিন কারখানা ছুটি হলে, সেলিম অন্যান্য শ্রমিকদের সঙ্গে বের হন। এ সময় অজ্ঞাত দুর্বৃত্তরা তাদের ওপর হামলা চালায়, যার ফলে তিনজন আহত হন। সেলিম মাথায় গুরুতর আঘাত পান।
সেলিমের বাবা আব্দুর রহিম জানান, হামলার পর সহকর্মীরা সেলিমকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। তিনি খবর পেয়ে সেখানে যান। প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর হাসপাতালের চিকিৎসকেরা সেলিমকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। ওই দিন রাতেই তাকে সেখানে নেওয়া হয়। পরে আইসিইউতে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সোমবার ভোরে তার মৃত্যু ঘটে।
আরও পড়ুন: রাজবাড়ীতে বিশেষ ক্ষমতা আইনের মামলায় দুই যুবলীগ নেতা গ্রেপ্তার
নিহত সেলিম মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর কানাইপুর গ্রামের আব্দুর রহিম ও সেলিনা খাতুনের ছেলে। তিনি পরিবারের সঙ্গে সাভারের আরাপাড়া এলাকার সবুজবাগে একটি ভাড়া বাসায় থাকতেন। সেলিম এক ভাই ও এক বোনের মধ্যে ছিলেন ছোট।
সোমবার বিকেলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে সেলিমের ময়নাতদন্ত সম্পন্ন হয়। পরে স্বজনেরা তার মরদেহ নিয়ে যান। ময়নাতদন্তের আগে শাহবাগ থানার উপপরিদর্শক মো. আব্দুল গাফ্ফার হিমেল সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আশুলিয়ার আউকপাড়ায় নিজ কারখানার সামনে দুর্বৃত্তদের হামলায় আহত হয়েছিলেন সেলিম। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তার মাথায় আঘাতের চিহ্ন ছিল।
সেলিমের বাবা আব্দুর রহিম আগে ফার্নিচারে বার্নিশের কাজ করতেন। তবে হৃদ্রোগের সমস্যার কারণে তিনি এখন আর কাজ করতে পারেন না। তার মা সেলিনা খাতুন একটি পোশাক কারখানায় কাজ করেন। বড় বোন ফারজানা বিবাহিত।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ফারজানা বলেন, বাবার চিকিৎসা ও সংসারের খরচ চালাতে মা ও ভাই দুজনই কাজ করতেন। ভাইয়ের মৃত্যুতে এখন তাদের সংসার কীভাবে চলবে, তা বুঝতে পারছেন না তারা।
আরও পড়ুন: শ্যামনগরে মানবপাচারে সহায়তাকারী ও চোরাকারবারি সন্দেহে দুইজন আটক
ছেলের মৃত্যুর জন্য দায়ীদের শাস্তি দাবি করে আব্দুর রহিম বলেন, ‘আমরা ছেলের হত্যাকারীদের বিচার চাই। তাদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হোক।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন