০৯:১৫ পি.এম
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সিলেটের জৈন্তাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে প্রবেশ করার সময় অস্ত্র ও গুলিসহ দুই ভারতীয় নাগরিককে আটক করেছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে মিনাটিলা সীমান্তের আনারস বাগান এলাকা থেকে তাদের আটক করা হয়। আটককৃতরা হলেন ভারতীয় নাগরিক বাতিম তুতা ও টেম্পো।
বিজিবি জানায়, দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ১২৮২/১০ এস ও ১২৮২/৯ এসের মধ্যবর্তী স্থান দিয়ে শূন্যরেখা পার হয়ে বাংলাদেশের প্রায় ১৫০ গজ ভেতরে প্রবেশ করেন তারা। এ সময় টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করেন।
আরও পড়ুন: হবিগঞ্জে ৫ শতাধিক প্রতিযোগী নিয়ে দিনব্যাপী কোরআন প্রতিযোগিতা ১৪ নভেম্বর
তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে একটি এয়ারগান, ৩৫ রাউন্ড প্যালেট গুলি, দুটি দা ও দুটি ব্যবহৃত মোবাইল ফোন জব্দ করা হয়। পরে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য দুজনকে সিলেটের জৈন্তাপুর থানায় হস্তান্তর করা হয়েছে।
সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নূর উদ্দিন আহমাদ জানিয়েছেন, সীমান্তে নিরাপত্তা রক্ষা, অবৈধ অনুপ্রবেশ ও অস্ত্রের চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান এবং গোয়েন্দা তৎপরতা অব্যাহত রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন