০৮:০২ এম
ঢাকা-চট্টগ্রাম রুটে চার দশকেরও বেশি সময় ধরে নিরবচ্ছিন্ন সেবা প্রদান করে আসা আন্তঃনগর ট্রেন ‘মহানগর এক্সপ্রেস’ এবার সরাসরি পর্যটন নগরী কক্সবাজার পর্যন্ত যাতায়াত করবে। আগামী সোমবার সন্ধ্যা ৮টায় ঢাকার কমলাপুর রেলস্টেশন থেকে ট্রেনটির কক্সবাজারগামী প্রথম যাত্রার উদ্বোধন করবেন রেলপথমন্ত্রী শেখ রবিউল আলম।
গতকাল শুক্রবার বাংলাদেশ রেলওয়ের পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান এসব তথ্য জানিয়েছেন। রেলওয়ের প্রকাশিত নতুন সময়সূচি অনুযায়ী, প্রতিদিন ঢাকা থেকে রাত সাড়ে ৮টায় ছেড়ে পরদিন সকাল ৬টায় কক্সবাজার পৌঁছাবে মহানগর এক্সপ্রেস। অন্যদিকে, কক্সবাজার থেকে ফিরতি যাত্রা শুরু হবে সকাল ৮টায়; ট্রেনটি দুপুর ১২টা ২০ মিনিটে চট্টগ্রামে পৌঁছাবে এবং একই দিন সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার কমলাপুর স্টেশনে এসে পৌঁছাবে।
রেলওয়ে সূত্রে জানা গেছে, ১৯৮৫ সালের ৪ ডিসেম্বর মহানগর এক্সপ্রেসের যাত্রা শুরু হয়। দীর্ঘ সময় ধরে ঢাকা ও চট্টগ্রামের মধ্যে যাতায়াতকারী যাত্রীদের কাছে এটি অত্যন্ত পরিচিত ও নির্ভরযোগ্য একটি মাধ্যম হিসেবে পরিচিত ছিল। শুধু দুই নগরী নয়, যাত্রাপথের মধ্যবর্তী বিভিন্ন স্টেশনের যাত্রীরাও নিয়মিত এই ট্রেনে যাতায়াত করে আসছিলেন। রুট সম্প্রসারণের ফলে ট্রেনটির দীর্ঘদিনের যাত্রাপথের সঙ্গে নতুন করে যুক্ত হলো কক্সবাজার।
আরও পড়ুন: ৯৬ লাখ টাকা চুরির ঘটনায় ভাগ নেওয়ার অভিযোগে ইউপি চেয়ারম্যান শাহ আলম গ্রেপ্তার
বর্তমানে ঢাকা-কক্সবাজার রুটে ‘কক্সবাজার এক্সপ্রেস’ ও ‘পর্যটক এক্সপ্রেস’ এবং চট্টগ্রাম-কক্সবাজার রুটে ‘সৈকত এক্সপ্রেস’ ও ‘প্রবাল এক্সপ্রেস’ চলাচল করছে। মহানগর এক্সপ্রেস যুক্ত হওয়ার মাধ্যমে এই রুটে ট্রেনের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, যা দেশের দূরদূরান্ত থেকে আসা পর্যটকদের ভ্রমণের পাশাপাশি স্থানীয়দের যাতায়াতে নতুন দিগন্ত ও সুবর্ণ সুযোগ সৃষ্টি করবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন