ঢাকা বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৫ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ইং ০৫ই কার্তিক, ১৪৩৩বাং

ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়: শশী থারুর


ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়: শশী থারুর

ভারত ও বাংলাদেশের পরিস্থিতির তুলনা এবং ‘শাসন পরিবর্তন’ বা সরকার পতনের বিতর্কে কেন্দ্রীয় মন্ত্রী কিরেন রিজিজুর মন্তব্যের প্রতিক্রিয়া জানিয়েছেন কংগ্রেস নেতা শশী থারুর। তিনি মন্তব্য করেন, ভারত বাংলাদেশ নয়, আবার ফ্রান্সও নয়। তার মতে, এই দেশের সঙ্গে তুলনা করে ভারতের বর্তমান পরিস্থিতি ব্যাখ্যা করা বিশেষভাবে প্রাসঙ্গিক নয়।

এর আগে বিরোধী কংগ্রেস এবং জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) ২৯ বছর বয়সি শিক্ষার্থী আন্দোলনকর্মী নেহা বোরার সমালোচনা করেন রিজিজু। ভোটার তালিকা সংশোধনের বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার সমালোচনা করতে গিয়ে নেহা ‘শাসন পরিবর্তন’-এর কথা বলেছিলেন। তার অভিযোগ ছিল, এই প্রক্রিয়ার মাধ্যমে ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার চেষ্টা চলছে।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে বিরোধী দলগুলোর সঙ্গে যুক্ত বিভিন্ন নেতার বক্তব্যের ভিডিও সংকলন প্রকাশ করে রিজিজু লেখেন, ‘এই মানুষগুলোর দিকে তাকান, যারা শাসন পরিবর্তনের চেষ্টা করছেন। মনোযোগ দিয়ে শুনুন—ভারত বাংলাদেশ নয়।’

আরও পড়ুন: হরমুজ প্রণালিতে মাইন বিস্ফোরণে ৩ ট্যাংকার ক্ষতিগ্রস্ত

তিনি আরও লেখেন, ‘ভারতের তরুণেরা বোকা নন। তারা ভারতকে গড়ে তুলবেন, ধ্বংস করবেন না। প্রকৃত ভারতীয় তরুণেরা পদক জিতছেন, দক্ষতা উন্নয়ন, উদ্ভাবন, নতুন উদ্যোগ ও প্রযুক্তিতে নেতৃত্ব দিচ্ছেন এবং সাংস্কৃতিক আইকনে পরিণত হচ্ছেন।’

ভিডিওতে নেহা বোরা ও জ্যেষ্ঠ আইনজীবী প্রশান্ত ভূষণসহ কয়েকজনের বক্তব্যের অংশ অন্তর্ভুক্ত ছিল। বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারের সমালোচনা করতে গিয়ে তারা বিভিন্ন সময়ে ‘শাসন পরিবর্তন’-এর কথা বলেছিলেন।

বিতর্কে প্রতিক্রিয়া জানিয়ে থারুর কংগ্রেসের ঘনিষ্ঠ ব্যক্তিদের মন্তব্যের গুরুত্ব কমিয়ে দেখানোর চেষ্টা করেন। সাবেক এই কূটনীতিক বলেন, ‘আমার মনে হয়, ভারত বাংলাদেশ নয়, ভারত ফ্রান্সও নয়। এসব তুলনাকে আমি বিশেষ প্রাসঙ্গিক বলে মনে করি না। ফ্রান্সে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও অন্যান্য ইস্যুতে যে দাঙ্গা হয়েছে, সেখানে বাস ও পুলিশ স্টেশনে আগুন দেওয়ার মতো কোনো সহিংসতাকেই আমরা কখনো সমর্থন করব না।’

থারুর বলেন, বিরোধী দল কেবল শান্তিপূর্ণ প্রতিবাদে বিশ্বাস করে এবং তা সমর্থন করে।

আরও পড়ুন: আম্বানির শেয়ার কিনতে বিনিয়োগকারীদের ঢল, প্রথম ঘণ্টাতেই রেকর্ড

তিনি বলেন, ‘বৃহত্তর বিষয়গুলো নিয়ে কথা বলতে গেলে ‘শাসন পরিবর্তন’-এর মতো একটি শব্দবন্ধকে বিকৃত করার কোনো অর্থ নেই। আমরা যা চাইছি, তা হলো অবাধ ও সুষ্ঠু নির্বাচন। বর্তমানে উদ্বেগের বিষয় হলো, সম্পূর্ণ সমস্যাজনক, অনিয়মপূর্ণ এবং আংশিকভাবে বেআইনি একটি প্রক্রিয়ার ফলে বিপুলসংখ্যক মানুষকে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। এ কারণেই আমরা এই প্রক্রিয়া বাতিল করে আগের অবস্থা ফিরিয়ে আনার দাবি জানাচ্ছি। এটি একটি সাংবিধানিক বিষয়। কোনো সরকারকে ক্ষমতাচ্যুত করার চেষ্টা নয়।’

‘শাসন পরিবর্তন’ নিয়ে বিরোধীদের বক্তব্যের সমালোচনা করেছেন বিজেপির একাধিক নেতা। অন্যদিকে, এসআইআর প্রক্রিয়ার মাধ্যমে ১৩ কোটির বেশি ভোটারকে তালিকা থেকে বাদ দেওয়ার অভিযোগ তুলে প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে দিল্লিতে বিক্ষোভ করছে কংগ্রেস, ককরোচ জনতা পার্টি (সিজেপি) এবং বাম দলগুলো।

প্রতিবেদন অনুযায়ী, বিরোধী দলগুলোর সমর্থন পাওয়া সিজেপির নেতৃত্বে রয়েছেন বিদেশে শিক্ষিত জনসংযোগ বিষয়ে স্নাতক এক ব্যক্তি। দলটির আরও কয়েকজন সদস্য প্রকাশ্যে কংগ্রেস ও রাহুল গান্ধীর প্রতি সমর্থন জানিয়েছেন। এর আগে তারা নিট পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদ করেছিলেন। ওই ঘটনার পর কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হয়েছিল বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে ভারতের নির্বাচন কমিশন এসআইআর প্রক্রিয়া নিয়ে ওঠা সব অভিযোগ অস্বীকার করেছে।

আরও পড়ুন: রোমে বোরকা নিষিদ্ধ ও বিদেশি শিক্ষার্থী কোটা নির্ধারণের বিরুদ্ধে বিক্ষোভ

সূত্র: এনডিটিভি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


চলতি অর্থবছরে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন কঠিন হবে: ইসি মাছউদ

চলতি ২০২৬-২৭ অর্থবছরের মধ্যে স্থানীয় সরকার বিভাগের আওতাধীন সব নির্বাচন আয়োজন করা কঠিন হতে পারে, এমন তথ্য জানিয়েছেন জ্যেষ্ঠ নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ।

তিনি উল্লেখ করেন, বর্তমানে নির্বাচন কমিশন (ইসি) ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচন নিয়ে কাজ করছে। ইউপি নির্বাচনের কাজ এগিয়ে নেওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের আয়োজনের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

সোমবার (১৯ অক্টোবর) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘এখন যেহেতু আমরা ইউপি নির্বাচন নিয়ে ব্যস্ত, এ নির্বাচন শেষ হওয়ার পর অন্যান্য স্থানীয় সরকার নির্বাচনের বিষয়টি নিয়ে চিন্তাভাবনা করা হবে। আপাতত এ বিষয়ে কোনও পদক্ষেপ নেওয়ার মতো পরিস্থিতি নেই।’

চলতি অর্থবছরের মধ্যে স্থানীয় সরকারের সব নির্বাচন আয়োজন করা সম্ভব হবে কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘মনে হয় না যে সব করতে পারব। এটি আমার ব্যক্তিগত মতামত।’

তিনি আরও জানান, আবহাওয়া ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় নির্বাচন কমিশনকে কাজ করতে হচ্ছে। বিভিন্ন কারণে নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচিতে পরিবর্তন আনতে হতে পারে।

ইউপি নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ হবে কি না, জানতে চাইলে ইসি মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে সংলাপের বিষয়ে চিন্তাভাবনা করা হবে। তবে এ বিষয়ে এখনই চূড়ান্ত সিদ্ধান্ত জানানো সম্ভব নয়।

নির্বাচনের তফসিল ঘোষণার সময় সম্পর্কেও এখনই বিস্তারিত কিছু জানাননি তিনি। মাছউদ বলেন, তফসিল ঘোষণার আগে এ বিষয়ে কাজ করা হবে। কমিশন এখনো তফসিল ঘোষণা করেনি, তাই এ বিষয়ে বিস্তারিত বলার সময় আসেনি।

নির্বাচনী আইন পরিবর্তন না করেও সেনাবাহিনী মোতায়েনের এখতিয়ার নির্বাচন কমিশনের রয়েছে কি না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে আব্দুর রহমানেল মাছউদ বলেন, ‘আছে, সেটাও আছে। আইন পরিবর্তন না করলেও আছে।’

ইউপি নির্বাচনের প্রথম ধাপে আইন-শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনায় সেনাবাহিনী মোতায়েন করা হবে কি না, জানতে চাইলে তিনি বলেন, প্রথম ধাপের পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী ধাপে সেনাবাহিনী মোতায়েনের বিষয়টি বিবেচনা করা হতে পারে।

ইউপি নির্বাচনসহ স্থানীয় সরকারের আওতাধীন সব নির্বাচন আয়োজনের জন্য কমিশনের প্রতি স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ও গণমাধ্যমের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে, বলে সাংবাদিকেরা উল্লেখ করেন।

এ বিষয়ে কমিশনের পরিকল্পনা জানতে চাইলে মাছউদ বলেন, বর্তমানে ইউপি নির্বাচন নিয়ে কাজ করছে কমিশন। এ নির্বাচনের ব্যস্ততার কারণে অন্য নির্বাচনগুলো নিয়ে এখনই বিস্তারিত পরিকল্পনা করা সম্ভব হচ্ছে না।

তিনি আরো বলেন, নির্বাচনের প্রস্তুতি ও সময়সূচি নির্ধারণের ক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর সহযোগিতাও প্রয়োজন হবে। সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫০ পি.এম


রংপুরে ২৬ মামলার আসামি মেরিল সুমন গ্রেপ্তার

রংপুরের আলোচিত শীর্ষ সন্ত্রাসী রাজিব হোসেন সুমন, যিনি মেরিল সুমন নামে পরিচিত, তাকে (৩৫) গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। গতকাল রবিবার (১৮ অক্টোবর) দিবাগত রাতে রংপুর মহানগরীর সিও বাজার এলাকায় অভিযান পরিচালনা করে এসআরবি-১৩ তাকে গ্রেপ্তার করে।

মেরিল সুমন রংপুর মহানগরীর শালবন শাহীপাড়া এলাকার মো. আবু হানিফের পুত্র। তার বিরুদ্ধে হত্যা, অস্ত্র, ডাকাতি, মাদক, চাঁদাবাজি এবং অপহরণসহ বিভিন্ন অভিযোগে দেশের বিভিন্ন থানায় মোট ২৬টি মামলা রয়েছে। তবে এসআরবি-১৩ জানায়, কোতোয়ালি থানায় দায়ের করা একটি অস্ত্র মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে।

এসআরবি-১৩-এর সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক (মিডিয়া, ভারপ্রাপ্ত) মুহম্মদ মনিরুজ্জামান বলেন, মেরিল সুমনের বিরুদ্ধে হত্যা চেষ্টার ও মারামারির আটটি মামলা, চাঁদাবাজির চারটি মামলা, ডাকাতির প্রস্তুতির তিনটি মামলা, অস্ত্রের ছয়টি মামলা, হত্যা, অপহরণ, সন্ত্রাসবিরোধী আইন ও মাদকদ্রব্য-সংক্রান্ত একটি করে এবং দ্রুত বিচার আইনে একটি মামলা রয়েছে।

তিনি আরও জানান, ২০১৫ সালে জাপানি নাগরিক কুনিও হোসি হত্যার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ থেকে অস্ত্রসহ তৎকালীন র‌্যাব-৫-এর হাতে গ্রেপ্তার হয়েছিলেন মেরিল সুমন। ২০১৯ সালে রংপুর মহানগরীর তাজহাট এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, রিভলবার, গুলি, শুটার গান এবং চীনা কুড়ালসহ তাকে গ্রেপ্তার করে তৎকালীন র‌্যাব-১৩।

এছাড়া ২০২৩ সালে রংপুর মহানগরীর ইস্টার্ন হাউজিং এলাকা থেকে পিস্তল ও ইয়াবাসহ রংপুর মেট্রোপলিটন পুলিশের হাতে গ্রেপ্তার হন তিনি। সর্বশেষ চলতি বছরের জানুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে প্রার্থীদের ওপর হামলা, নির্বাচনী প্রচারণায় বাধা সৃষ্টি এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর পরিকল্পনার অভিযোগে রংপুর মেট্রোপলিটন পুলিশ ও ঠাকুরগাঁও জেলা গোয়েন্দা শাখার যৌথ অভিযানে ঠাকুরগাঁও থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এসআরবি-১৩ এর ভাষ্য অনুযায়ী, মেরিল সুমন দীর্ঘদিন ধরে রংপুর অঞ্চলের অপরাধজগতে সক্রিয় রয়েছে। তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে, তিনি নিজস্ব বাহিনী গঠন করে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা, মাদক নিয়ন্ত্রণ এবং চাঁদাবাজি ও বালুমহল নিয়ন্ত্রণের মাধ্যমে অবৈধভাবে অর্থ আদায় করছেন।

গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য তাকে এসআরবি-১৩-এর কার্যালয়ে নেওয়া হয়েছে। তার অবৈধ অস্ত্রের সন্ধান এবং সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে বলে সংস্থাটি জানিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আফগানিস্তান যুব দলের কাছে বাংলাদেশকে ৩০৫ রানের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫১ পি.এম


আফগানিস্তান যুব দলের কাছে বাংলাদেশকে ৩০৫ রানের চ্যালেঞ্জ

আফগানিস্তান যুব দল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে ৩০৫ রানের চ্যালেঞ্জ দিয়েছে। ওমানের আল আমিরাতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-১৯ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে জয়লাভ করার পর, টাইগার যুবারা দ্বিতীয় ম্যাচে একটি বড় চ্যালেঞ্জের সম্মুখীন হয়েছে।

আফগানিস্তান যুব দল ৯ উইকেটে ৩০৪ রানের বিশাল স্কোর গড়ে। বাংলাদেশ যুবাদের ৩০০ বলের মধ্যে ৩০৫ রান করতে হবে জয়ী হতে হলে।

সোমবার টস জিতে প্রথমে ব্যাটিং শুরু করে আফগানিস্তান অনূর্ধ্ব-১৯ দল। আফগান ব্যাটারদের মধ্যে এক থেকে সাত নম্বর পর্যন্ত সবাই রান করেছেন। তাদের মধ্যে দুইজন ফিফটি করেছেন।

আবিদুল্লাহ নাদারজান ২৩ রান, ফরিদুল্লাহ ইহসাস ৫১ রান, সোবহান জাখাইল ২৭ রান, নোমান সালারজাই ৭৬ রান এবং হামজা খান ২৯ রান সংগ্রহ করেছেন। শেষদিকে তাহির সারওয়ারি ৩১ বলে ৪৩ রান এবং আমির হামজা ১১ বলে ২১ রান করেছেন।

বাংলাদেশের রুবাই ইসলাম রিজন ৪টি উইকেট এবং জেকে শরিফ সিয়াম ২টি উইকেট নিয়েছেন।

টার্গেট তাড়াতে নেমে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ১৬৯ রান। ওপেনার আব্দুল্লাহ আল মুহি ৫০ রান করে আউট হন। অপর ওপেনার জারিফ সাইম ২২ রানে ফিরে যান।

১০১ রানে দুই ওপেনার আউট হওয়ার পর দলের হাল ধরেন আল আমিন রনি ও এহসান আল মুনির। এই রিপোর্ট লেখা পর্যন্ত বাংলাদেশ দলের সংগ্রহ ২৬.১ ওভারে ১৬৯ রান। আল আমিন ৬৩ রান এবং মুনির ২৬ রান করে ব্যাট করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিন্দুত্ববাদী নেতা গৌরব সিংয়ের ‘মুল্লা-মুক্ত’ ভারতের ডাক, মানবাধিকার সংগঠনের প্রতিবাদ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ ইং

০৫:৫২ পি.এম


হিন্দুত্ববাদী নেতা গৌরব সিংয়ের ‘মুল্লা-মুক্ত’ ভারতের ডাক, মানবাধিকার সংগঠনের প্রতিবাদ

একাধিক ভিডিও অনলাইনে ভাইরাল হওয়ার পর সোশ্যাল মিডিয়া ব্যক্তিত্ব ও হিন্দুত্ববাদী নেতা গৌরব সিং রাজপুতকে একটি জনসভায় মুসলিমদের বিরুদ্ধে সহিংসতার উসকানি দিতে এবং তাঁদের জনসংখ্যাগতভাবে নির্মূল করার আহ্বান জানাতে দেখা গেছে। এই ঘটনার পর মানবাধিকার সংগঠন এবং বিভিন্ন সামাজিক ফোরাম তীব্র ক্ষোভ প্রকাশ করেছে এবং অভিযুক্তের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ঘটনাটি উত্তরপ্রদেশের মিরাট জেলার হস্তিনাপুরে সংঘটিত হয়েছে। সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, রাজপুত জনতার উদ্দেশ্যে বক্তব্য রাখার সময় ভারত থেকে মুসলিম সম্প্রদায়কে সম্পূর্ণ বিলুপ্ত করার এবং সব উপায়ে ‘মুল্লা-মুক্ত’ ভারত গড়ার উসকানিমূলক বার্তা দিচ্ছেন। উল্লেখ্য, ভারতে ‘মুল্লা’ শব্দটি মুসলিমদের উদ্দেশ্যে ব্যবহৃত একটি অত্যন্ত কুরুচিকর ও বর্ণবিদ্বেষমূলক গালি, যা সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানোর কাজে ব্যবহৃত হয়।

আইন বিশেষজ্ঞদের মতে, রাজপুতের এই ভাষণ ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) ১৯৬, ১৯৭, ২৯৯ এবং ৩৫৩ ধারার অধীনে স্পষ্ট অপরাধ হিসেবে গণ্য হয়। এই ধারাগুলি বিভিন্ন ধর্মীয় ও সামাজিক গোষ্ঠীর মধ্যে শত্রুতা সৃষ্টি, সামাজিক সম্প্রীতি বিনষ্ট, ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং সহিংসতায় উসকানি দেওয়ার অপরাধের সঙ্গে সম্পর্কিত।

ভারতীয় সুপ্রিম কোর্টের ঘৃণাভাষণ সংক্রান্ত স্পষ্ট নির্দেশিকা অনুসরণ করে মানবাধিকার সংগঠনগুলি ইতিমধ্যে উত্তরপ্রদেশ পুলিশ ও জাতীয় সংখ্যালঘু কমিশনের দৃষ্টি আকর্ষণ করেছে। তারা অবিলম্বে একটি প্রথমিক তথ্য রিপোর্ট (এফআইআর) দায়ের এবং প্রতিরোধমূলক পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছে।

গৌরব সিং রাজপুত অনলাইন জগতে ‘গৌরব রাজপুত চম্বল’ নামে পরিচিত। তিনি নিজেকে “সনাতন জাতীয়তাবাদী” বলে দাবি করেন এবং সোশ্যাল মিডিয়ায় ডানপন্থী রাজনৈতিক মন্তব্য ও সামাজিক বিভিন্ন বিষয় নিয়ে কন্টেন্ট তৈরি করেন।

এটি তাঁর প্রথম বিতর্কিত ঘটনা নয়। তাঁর ডিজিটাল প্ল্যাটফর্মে অতীতে বিভেদমূলক ও বিদ্বেষমূলক বক্তব্য শেয়ার করার প্রমাণ পাওয়া গেছে। এর আগে পবিত্র কুরআন এবং মহানবী হযরত মুহাম্মদ (সা.)-কে নিয়ে কুরুচিকর ও অপমানজনক মন্তব্য করার কারণে তিনি বিভিন্ন মিডিয়া ওয়াচডগ এবং ফ্যাক্ট-চেকিং সংস্থার সমালোচনার মুখে পড়েছিলেন।

অধিকার কর্মীদের মতে, বারবার লিখিত অভিযোগ জানানো সত্ত্বেও তাঁর বিরুদ্ধে কার্যকর আইনি ব্যবস্থা নেওয়া হয়নি, যার ফলে এই ধরনের উসকানিমূলক ঘটনা পুনরাবৃত্তি ঘটার সুযোগ পাচ্ছে। মানবাধিকার পর্যবেক্ষণ সংস্থাগুলি জানিয়েছে, হস্তিনাপুরের এই ঘটনাটি দেশে ক্রমবর্ধমান ঘৃণাভাষণের ধারাবাহিকতারই অংশ। বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বিভিন্ন জনসভায় মুসলিমবিরোধী বয়কট এবং অবমাননাকর শব্দ ব্যবহারের প্রবণতা উদ্বেগজনক হারে বেড়েছে।

রবিবার সন্ধ্যা পর্যন্ত মিরাট জেলা পুলিশের পক্ষ থেকে কোনো লিখিত বিবৃতি পাওয়া যায়নি এবং গৌরব সিং রাজপুতের বিরুদ্ধে নতুন করে এফআইআর হয়েছে কি না, সে বিষয়ে পুলিশ কোনো স্পষ্ট তথ্য জানায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৯
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%