১১:০৬ পি.এম
সংসদ ভবন, ১৮ নভেম্বর, ২০২৬ : ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন, যা গত ৯ নভেম্বর শুরু হয়েছিল, আজ সমাপ্ত হয়েছে।
অধিবেশনের শেষ দিনে সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সমাপনী বক্তব্য প্রদান করেন। এর আগে বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমানও বক্তব্য রাখেন।
রাষ্ট্রপতির অধিবেশন সমাপ্তির আদেশ পাঠের পূর্বে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনটি সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন হওয়ায় মহান আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। জাতীয় গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা এবং সংসদীয় কার্যক্রম এগিয়ে নিতে সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য তিনি সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
আরও পড়ুন: উত্তরা থেকে গ্রেফতার সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ
স্পিকার উল্লেখ করেন যে, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব দুর্বল করার লক্ষ্যে দেশবিরোধী অপশক্তি পাঁয়তারা চালাচ্ছে। তিনি বলেন, ‘আমি অত্যন্ত গভীর দুঃখের সঙ্গে লক্ষ্য করেছি, একটি দেশবিরোধী অপশক্তি বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে দুর্বল করার লক্ষ্যে দেশে একটি গৃহযুদ্ধ শুরু করার পাঁয়তারা চালাচ্ছে।’
তিনি সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানান যে, তাঁরা জনগণের নির্বাচিত প্রতিনিধি হিসেবে দল-মত নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে এ অপশক্তিকে প্রতিহত করতে এবং নাগরিকদের নিরাপত্তা বিধানে ভূমিকা রাখতে সচেষ্ট হবেন।
স্পিকার সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান এবং বিরোধীদলীয় নেতার উদ্দীপনামূলক বক্তব্যের প্রশংসা করেন। তিনি বলেন, তাঁদের বক্তব্যে দেশের প্রতিটি নাগরিক অনুপ্রাণিত হয়েছেন। সংসদে গঠনমূলক আলোচনা, মতামত প্রদান এবং সংসদীয় কার্যক্রম পরিচালনায় সক্রিয় অংশগ্রহণ ও আন্তরিক সহযোগিতার জন্য সংসদ সদস্যদের ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান তিনি।
এ সময় স্পিকার সংসদ পরিচালনায় সহযোগিতার জন্য প্রধানমন্ত্রী, বিরোধী দলীয় নেতা, মন্ত্রিসভার সদস্য, বিরোধী দলের নেতৃবৃন্দ, চিফ হুইপ, হুইপ এবং সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি ডেপুটি স্পিকার ও সভাপতি মণ্ডলীর সদস্যদেরও ধন্যবাদ জানান।
আরও পড়ুন: প্রধানমন্ত্রী তারেক রহমান ও জামায়াত আমিরের একান্ত বৈঠক
স্পিকার সংসদ অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সহযোগিতার জন্য জাতীয় সংসদ সচিবালয়, সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও দপ্তর, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং বিভিন্ন সেবাদানকারী প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের প্রতিও কৃতজ্ঞতা জানান।
বাংলাদেশ বেতার, বাংলাদেশ টেলিভিশনসহ দেশের গণমাধ্যমের সাংবাদিক ও প্রতিনিধিদেরও ধন্যবাদ জানান তিনি।
পরে স্পিকার রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের জারি করা অধিবেশন সমাপ্তির আদেশ পাঠ করেন।
আদেশে উল্লেখ করা হয়, বাংলাদেশের সংবিধানের ৭২(১) অনুচ্ছেদের ক্ষমতাবলে রাষ্ট্রপতি আজকের বৈঠক শেষে ত্রয়োদশ জাতীয় সংসদের চলমান তৃতীয় অধিবেশন সমাপ্ত ঘোষণা করেছেন।
আরও পড়ুন: দেড় দশকে ক্ষমতার অপব্যবহারে বীমা খাতের ৭৩% দাবি অনিষ্পন্ন: ড. তিতুমীর
ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন ২০২৬ সালের ৯ নভেম্বর শুরু হয়ে মোট ৮টি বৈঠক অনুষ্ঠিত হয়। এই অধিবেশনে ৪টি বিল উত্থাপন করা হয় এবং ৪টি বিল পাস হয়।
আইন প্রণয়নের পাশাপাশি এই অধিবেশনে ৩টি সংসদীয় কমিটি ও একটি বিশেষ কমিটি পুনর্গঠন করা হয়।
সংসদীয় কার্যপ্রণালির বিভিন্ন বিধির আওতায় সদস্যগণ বিভিন্ন বিষয়ে নোটিশ প্রদান করেন। এর মধ্যে ৪২, ৬০, ৬২, ৬৮, ৭১, ৭৮, ৮২, ১৩১, ১৩৭, ১৪৭, ১৬৪ ও ৩০২ বিধির নোটিশ অন্তর্ভুক্ত ছিল; অধিকাংশ নোটিশ গৃহীত ও আলোচিত হয়েছে।
এ অধিবেশনে প্রধানমন্ত্রীর উত্তরদানের জন্য ১৭৪টি প্রশ্নের নোটিশ পাওয়া যায়, যার মধ্যে তিনি ১৭টি প্রশ্নের উত্তর প্রদান করেন। এছাড়া, বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীদের উত্তর দানের জন্য প্রাপ্ত ৩ হাজার ৫৭৭টি প্রশ্নের মধ্যে ২ হাজার ১৬৯টি প্রশ্নের উত্তর প্রদান করা হয়।
আরও পড়ুন: শামীম ওসমানের পরিত্যক্ত বাড়িতে ছাত্রদলের অগ্নিসংযোগের চেষ্টা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন