ঢাকা মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ২০ই অক্টোবর, ২০২৬ইং ০৪ই কার্তিক, ১৪৩৩বাং

সবজির দাম কমলেও বেড়েছে ডিম ও মুরগির দাম


সবজির দাম কমলেও বেড়েছে ডিম ও মুরগির দাম

রাজধানীর কাঁচাবাজারে সপ্তাহের ব্যবধানে কিছুটা স্বস্তি ফিরেছে সবজির বাজারে। এ সপ্তাহে সরবরাহ বেড়ে যাওয়ায় বেশিরভাগ সবজির দাম কমেছে। কাঁচামরিচের দামেও মিলেছে স্বস্তি। তবে সেই স্বস্তি ম্লান করে দিয়েছে ডিম ও মুরগির বাজার। গত সপ্তাহের ব্যবধানে বেড়েছে লাল এবং সাদা ডিমের দাম, পাশাপাশি ঊর্ধ্বমুখী ব্রয়লার ও লেয়ার মুরগির বাজারও।

শুক্রবার (৭ আগস্ট) রাজধানীর কারওয়ান বাজারসহ আশপাশের কয়েকটি বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

কয়েক সপ্তাহের টানা ঊর্ধ্বগতির পর সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরেছে। বর্তমানে সরবরাহ বাড়ায় অধিকাংশ সবজির দাম কমেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম সবচেয়ে বেশি কমেছে। আগের সপ্তাহে ৩০০ থেকে ৩৬০ টাকায় বিক্রি হওয়া কাঁচামরিচ এখন বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকা কেজি দরে। অর্থাৎ সপ্তাহের ব্যবধানে কেজিতে ১২০ থেকে ১৬০ টাকা কমেছে।

আরও পড়ুন: বাংলাদেশ-জাপান চুক্তি: ২০২৭ সালের এপ্রিল থেকে শুরু হবে পাঁচ বছর মেয়াদি কর্মসংস্থান চুক্তি

বর্তমানে প্রতিকেজি কচু বিক্রি হচ্ছে ৭০ থেকে ৮০ টাকায়, পটল ৬০ টাকা, শসা ৬০ টাকা, ঢ্যাঁড়শ ৬০ টাকা, করলা ৭০ টাকা, বেগুন ১২০ টাকা, চিচিঙ্গা ৪০ টাকা, টমেটো ১২০ টাকা এবং গাজর ১০০ টাকায়।

কারওয়ান বাজারের সবজি বিক্রেতা আনিস মিয়া বলেন, ‘গত সপ্তাহের তুলনায় এখন বাজারে সবজির সরবরাহ বেড়েছে। তাই অনেক সবজির দাম কমেছে। বিশেষ করে কাঁচামরিচের দাম অনেকটাই নেমে এসেছে। সামনে আবহাওয়া ভালো থাকলে আরও কিছুটা কমতে পারে।’

আরেক বিক্রেতা মো. শাহাবুদ্দিন জানান, ‘পাইকারি বাজারে এখন আগের চেয়ে বেশি সবজি পাওয়া যাচ্ছে। তাই খুচরা বাজারেও কম দামে বিক্রি করতে পারছি। তবে বেগুন আর টমেটোর সরবরাহ এখনো কম, তাই এগুলোর দাম বেশি।’

সবজির বাজারে কিছুটা স্বস্তি ফিরলেও পুরোপুরি খুশি নন ক্রেতারা। বাজার করতে আসা মো. আসিফ বলেন, ‘সবজির দাম কিছুটা কমেছে, এতে ভালো লাগছে। কিন্তু যেটুকু কমেছে, সেটা আবার ডিম আর মুরগির দামে উঠে যাচ্ছে। শেষ পর্যন্ত বাজারের খরচ কমছে না।’

আরও পড়ুন: হাসনাত আবদুল্লাহর অভিযোগ, স্বরাষ্ট্রমন্ত্রীর ব্যর্থতার শিকার প্রতিমন্ত্রী ইশরাক

এদিকে, ডিমের বাজারে আবারও ঊর্ধ্বগতি দেখা গেছে। সপ্তাহের ব্যবধানে প্রতি ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়ে লাল ডিম বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। সাদা ডিমও ডজনে ৫ থেকে ১০ টাকা বেড়ে বিক্রি হচ্ছে ১৪০ টাকায়। ডিম বিক্রেতা সোলায়মান বলেন, ‘পাইকারিতে ডিমের দাম কিছুটা বেড়েছে। তাই আমাদেরও বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। সরবরাহে কিছুটা চাপ থাকায় দাম বেড়েছে।’

মুরগির বাজারেও দেখা গেছে ঊর্ধ্বমুখী প্রবণতা। ব্রয়লার মুরগির দাম কেজিতে ১০ থেকে ২০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১৯০ থেকে ২০০ টাকায়। সোনালি মুরগি বিক্রি হচ্ছে ৩৫০ টাকা কেজি দরে। আর লেয়ার মুরগির দাম কেজিতে ৩০ টাকা বেড়ে হয়েছে ৩৮০ টাকা।

মুরগি বিক্রেতা রুবেল হোসেন জানান, ‘সোনালি মুরগির দাম আগের মতোই রয়েছে। তবে ব্রয়লার ও লেয়ারে পাইকারি পর্যায়ের দাম বাড়ার প্রভাব সরাসরি খুচরা বাজারে পড়েছে।’

তবে মাংসের বাজারে তেমন কোনো পরিবর্তন নেই। গরুর মাংস বিক্রি হচ্ছে ৭৫০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ১০০ থেকে ১ হাজার ২০০ টাকা কেজি দরে।

আরও পড়ুন: সীতাকুণ্ডে ইয়াবা কারবারিদের ধরে টাকা নিয়ে ছেড়ে দেয় পুলিশ, থানার ক্যাশিয়ার নিয়ে উঠেছে প্রশ্ন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আসনের দ্বিগুণ ডায়রিয়া রোগী, অন্যান্য রোগীর চাপেও হিমশিম মাদারীপুর জেলা হাসপাতাল

আন্তর্জাতিক ডেস্ক

মাদারীপুর প্রতিনিধি

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৪ এম


আসনের দ্বিগুণ ডায়রিয়া রোগী, অন্যান্য রোগীর চাপেও হিমশিম মাদারীপুর জেলা হাসপাতাল

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালে মৌসুমি রোগের প্রকোপ বেড়ে যাওয়ায় রোগীর চাপ আশঙ্কাজনকভাবে বৃদ্ধি পেয়েছে। বিশেষ করে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা হাসপাতালের নির্ধারিত শয্যা সক্ষমতাকে ছাড়িয়ে গেছে। একই সঙ্গে জ্বর, সর্দি-কাশি, শ্বাসকষ্ট, নিউমোনিয়াসহ বিভিন্ন রোগে আক্রান্ত রোগীদের ভিড়েও হিমশিম খেতে হচ্ছে হাসপাতাল কর্তৃপক্ষকে।

শুক্রবার (৭ আগস্ট) সকালে হাসপাতাল ঘুরে দেখা যায়, ডায়রিয়া ও শিশু ওয়ার্ডে শয্যার তুলনায় অনেক বেশি রোগী ভর্তি রয়েছেন। অনেককে মেঝেতে কিংবা অতিরিক্ত বেডে চিকিৎসা নিতে দেখা যায়। ভর্তি রোগীদের বড় একটি অংশই শিশু ও বয়স্ক। মৌসুমি ঠান্ডাজনিত রোগের পাশাপাশি কিছু রোগীর মধ্যে চর্মরোগের উপসর্গও দেখা দিচ্ছে। চিকিৎসকরা রোগীদের পর্যাপ্ত বিশ্রামের পাশাপাশি নিরাপদ পানি, তরলজাতীয় খাবার ও ডাবের পানি পান করার পরামর্শ দিচ্ছেন।

হাসপাতাল সূত্রে জানা গেছে, প্রতিদিন গড়ে আন্তঃবিভাগ ও বহির্বিভাগ মিলিয়ে দেড় থেকে দুই হাজার মানুষ চিকিৎসাসেবা নিতে আসছেন। তবে অনুমোদিত ১৬৪টি পদের বিপরীতে বর্তমানে চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীসহ কর্মরত রয়েছেন মাত্র ১৩৫ জন। দীর্ঘদিন ধরে ২৯টি পদ শূন্য থাকায় বাড়তি রোগীর চাপ সামাল দিতে স্বাস্থ্যকর্মীদের বাড়তি পরিশ্রম করতে হচ্ছে, যা সেবাদানেও প্রভাব ফেলছে।

ডায়রিয়ায় আক্রান্ত শিশু নাভানা আহম্মেদকে নিয়ে কালকিনি উপজেলার কালিগঞ্জ থেকে হাসপাতালে আসেন তার মা রাবিয়া বেগম। তিনি বলেন, “হঠাৎ করেই আমার ছেলের পাতলা পায়খানা শুরু হয়। এরপর বমি ও পেটে ব্যথা দেখা দেয়। অবস্থার অবনতি হলে হাসপাতালে নিয়ে আসি। এখন চিকিৎসা চলছে।”

একই ওয়ার্ডে ভর্তি শিক্ষার্থী লামিয়া আক্তার ভাষ্য, “সকালে খাবার খাওয়ার কিছুক্ষণ পর থেকেই বমি ও ঘন ঘন পাতলা পায়খানা শুরু হয়। পরে বাধ্য হয়ে হাসপাতালে ভর্তি হই।”

মাদারীপুর ২৫০ শয্যা জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. অখিল সরকার বলেন, “আবহাওয়ার পরিবর্তন ও টানা বৃষ্টির কারণে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা কিছুটা বেড়েছে। পাশাপাশি ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যাও বৃদ্ধি পেয়েছে। হাসপাতালে আসা সব রোগীকেই প্রয়োজনীয় চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। কেউ আতঙ্কিত না হয়ে রোগের উপসর্গ দেখা দিলে দ্রুত হাসপাতালে এসে চিকিৎসকের পরামর্শ নিন। বিশেষ করে শিশু ও বয়স্কদের ক্ষেত্রে অবহেলা করা উচিত নয়।”

চিকিৎসকদের মতে, বর্ষাকালে বিশুদ্ধ পানি পান, স্বাস্থ্যসম্মত খাবার গ্রহণ এবং ব্যক্তিগত পরিচ্ছন্নতা বজায় রাখলে ডায়রিয়াসহ অধিকাংশ পানিবাহিত রোগের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:১৬ এম


সেপ্টেম্বরে জাতিসংঘ অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাচ্ছেন প্রধানমন্ত্রী

সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফর করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর ক্যালিফোর্নিয়ার সান ফ্রান্সিসকো সফরের সম্ভাবনাও রয়েছে বলে জানা গেছে। এ সফর ঘিরে দলীয় নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা।

জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচনে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমানের নির্বাচনের খবর পাওয়া গেছে। তার সভাপতিত্বেই সাধারণ পরিষদের অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। যা হবে বাংলাদেশের জন্য একটি বিরল ও গৌরবময় মুহূর্ত।

কূটনৈতিক ও দলীয় সূত্র জানাচ্ছে, ২১ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর নিউইয়র্কে পৌঁছানোর সম্ভাবনা রয়েছে। জাতিসংঘের অধিবেশনে অংশ নেওয়ার পাশাপাশি বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানদের সঙ্গে বৈঠকে অংশ নিতে পারেন তিনি। ২৪ সেপ্টেম্বর সাধারণ পরিষদে ভাষণ দেয়ার কথা রয়েছে।

যুক্তরাষ্ট্র বিএনপি নেতাদের তথ্যমতে, নিউইয়র্কের কর্মসূচি শেষ হলে ২৫ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে নাগরিক সংবর্ধনা দেয়া হবে। এরপর ২৬ থেকে ২৮ সেপ্টেম্বর সান ফ্রান্সসিকোর একটি বিশেষ অনুষ্ঠানে অংশ নেয়ার সম্ভাবনা রয়েছে।

প্রধানমন্ত্রীর সান ফ্রান্সিসকো সফর ঘিরে ক্যালিফোর্নিয়ায় শুরু হয়েছে প্রস্তুতি। সেখানকার প্রযুক্তি ও উদ্ভাবনের অন্যতম কেন্দ্র বে এরিয়ায় বসবাস করছেন বহু বাংলাদেশি উদ্যোক্তা ও প্রযুক্তিবিদ। দেশের উন্নয়ন ও অগ্রগতিতে তাদের সম্পৃক্ত করতে এই সফরের কথা জানা গেছে। রাজনীতিবিদরা প্রধানমন্ত্রীর স্বাগত জানাতে নাগরিক সংবর্ধনাসহ বিভিন্ন কর্মসূচির আয়োজন করছে।

ক্যালিফোর্নিয়া বিএনপির সভাপতি বদরুল আলম চৌধুরী শিপলু বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের সফর নিয়ে নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে। এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য প্রস্তুতি পর্ব শুরু হয়ে গেছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশের অর্থনীতিতে একটা মাইলফলক হয়ে দাঁড়াবে এই অনুষ্ঠানটি।

সার্বিক পরিকল্পনা অনুযায়ী প্রধানমন্ত্রীর যুক্তরাষ্ট্র সফর ৮ থেকে ১০ দিনের হতে পারে। সফরের সময়সূচি ও আনুষ্ঠানিকতা চূড়ান্ত করতে কাজ চলছে। তবে প্রেস সচিব সালেহ শিবলী জানিয়েছেন, জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র সফরের পরিকল্পনা থাকলেও চূড়ান্ত সময়সূচি এখনো নির্ধারিত হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন রোজিনা

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২০ এম


ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চাইলেন রোজিনা

ইলিয়াস কাঞ্চন, ঢাকাই চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেতা, যুক্তরাজ্যে চিকিৎসা শেষ করে দীর্ঘদিন পর দেশে ফিরেছিলেন। তাকে দেখতে গুলশানের বাসায় গিয়েছিলেন বর্ষীয়ান অভিনেত্রী রোজিনা। তিনি সেখানে কাঞ্চনের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তার শারীরিক অবস্থার খবরাখবর নেন।

রোজিনা পরে সামাজিক মাধ্যমে সেই সাক্ষাতের ছবি প্রকাশ করে দেশবাসীর কাছে ইলিয়াস কাঞ্চনের সুস্থতার জন্য দোয়া চেয়েছেন। তিনি ফেসবুকে অভিনেতার সঙ্গে একাধিক ছবি পোস্ট করে লিখেছেন, "বাংলা চলচ্চিত্রের অভিনেতা কাঞ্চন। কয়দিন আগেই লন্ডন থেকে ঢাকায় এসেছে। কাঞ্চনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তার গুলশানের বাসায়। কাঞ্চন এখনো পুরোপুরি সুস্থ হয়নি, ইনশাআল্লাহ অতি দ্রুতই সুস্থ হয়ে যাবেন।"

অভিনেতার চিকিৎসা-সংক্রান্ত আপডেট জানিয়ে এই অভিনেত্রী আরও লেখেন, "লন্ডনের ডাক্তাররা বলেছে এই মাসে ১২ তারিখে আবার লন্ডনে চলে যাবে কাঞ্চন চিকিৎসার জন্য। আপনারা সবাই দোয়া করবেন কাঞ্চনের জন্য, মহান আল্লাহ পাক যেন তাকে তাড়াতাড়ি সুস্থতা দান করেন।"

এটি উল্লেখযোগ্য যে, ইলিয়াস কাঞ্চন ব্রেন টিউমারে আক্রান্ত হয়ে দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগছেন। গত বছরের এপ্রিল মাস থেকে লন্ডনে তার চিকিৎসা চলছে। সেই বছর আগস্টে তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হলেও জটিলতার কারণেই টিউমারটি পুরোপুরি অপসারণ করা সম্ভব হয়নি। চিকিৎসকদের পরামর্শে তিন ধাপে সব মিলিয়ে প্রায় শ খানেক কেমোথেরাপি নিতে হয়েছে এই অভিনেতাকে। শ্রেষ্ঠ চিকিৎসার পরেও আশানুরূপ উন্নতি না হলেও কয়েক দিনের জন্য ঢাকায় এসেছেন তিনি। এটির উদ্দেশ্য ছিল দেশের মাটিতে পরিবারের সঙ্গে সময় কাটানো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ৭ই আগস্ট, ২০২৬ ইং

১০:২৭ এম


বিশ্ববাজারে আবারও ঊর্ধ্বমুখী জ্বালানি তেলের দাম

উদ্বেগ বাড়িয়ে বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়ে উঠেছে। ওমান উপসাগর ও পারস্য উপসাগর সংযোগকারী কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল প্রায় বন্ধ থাকার কারণে আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়ে যাচ্ছে।

সর্বশেষ পাওয়া তথ্যানুসারে, আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলে ৯৯ সেন্ট (১ দশমিক ২ শতাংশ) বেড়ে ৮৩ ডলার ৪৮ সেন্টে পৌঁছেছে। অন্যদিকে, মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও ব্যারেলে ৮৫ সেন্ট (১ দশমিক ১ শতাংশ) বেড়ে দাঁড়িয়েছে ৭৮ ডলার ৮৪ সেন্টে।

মূলত, ওমানের সঙ্গে সমন্বয় করে তেহরানের একটি নতুন প্রস্তাবকে কেন্দ্র করেই বাজারে এই অস্থিরতা তৈরির সূচনা হয়েছে। প্রস্তাবটির বিষয়বস্তু হচ্ছে, ইরান ও ওমান যৌথভাবে শত্রুভাবাপন্ন দেশগুলোর কোনো জাহাজকে এই প্রণালী ব্যবহারের অনুমতি দেবে না এবং নিয়ম অমান্যকারীদের ওপর চড়া জরিমানা আরোপ করা হবে।

বিশ্বের মোট সরবরাহের একটি বড় অংশ এই রুট দিয়ে পরিবাহিত হওয়ার জন্য এই পদক্ষেপ জ্বালানি খাতে বিশাল সংকটের আশঙ্কা সৃষ্টি করেছে। মধ্যপ্রাচ্যের পরিস্থিতি ও বাজারের গতিবিধি সম্পর্কে গভীর নজর রাখছেন বৈশ্বিক অর্থনৈতিক বিশ্লেষকরা।

সূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৯ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫১
মাগরিব ০৫:২৮
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৮ সূর্যাস্ত : ০৫:২৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%