১১:১৩ পি.এম
বরগুনার আমতলীতে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের নেতা ইশফাক আহম্মেদ তোহা মোবাইল ফোনের মাধ্যমে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে (এএসআই) হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
এটি ঘটেছে বুধবার (১১ নভেম্বর) দুপুর ১টা ৭ মিনিটের দিকে। ১ মিনিট ৫৩ সেকেন্ডের ফোনকলের রেকর্ডটি দ্রুত সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে, যা উপজেলাব্যাপী চাঞ্চল্য সৃষ্টি করে।
অভিযোগ রয়েছে, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ইশফাক আহমেদ তোহা আমতলী থানায় দায়িত্বরত সহকারী উপ-পরিদর্শক আসাদুল হককে ফোন করে হুমকি দিয়েছেন।
আরও পড়ুন: ফেনীর লালপোল বেদে পল্লীতে পুলিশের অভিযান, ৬০০ পিস ইয়াবাসহ গ্রেফতার ১৪
ভাইরাল কল রেকর্ডে দেখা যায়, ইশফাক আহমেদ তোহা নিজেকে উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে পরিচয় দেন এবং অভিযোগ করেন যে, তার বন্ধুকে ওসি গ্রেপ্তার করেছেন। তিনি ক্ষোভ প্রকাশ করেন যে, তার ছোট ভাই রবিউল থানায় গিয়েছিল, অথচ অনুমতি না নেওয়ার কারণে তাকে থানায় বসিয়ে রাখা হয়েছে।
তিনি এএসআই আসাদুল হককে বলেন, ‘এই দিনে দিন নয়’, ‘আপনি বরিশালের বাইরের লোক হয়ে কেন এমন করলেন’, ‘এর মাশুল দিতে হবে’ এবং ‘আমতলী শহর জ্বালিয়ে দিলে আপনি কী করতে পারেন?’। এছাড়া অকথ্য অশ্লীল ভাষায় গালাগাল করে হুমকি দেন।
এদিকে, এএসআই আসাদুল হক ফোনে জবাব দেন যে, রবিউলের নামে দুটি ওয়ারেন্ট রয়েছে। কল রেকর্ডের সত্যতা নিশ্চিত করে তিনি বলেন, "আমি তখন ডিউটি অফিসারের দায়িত্ব পালন করছিলাম। রবিউলকে অন্য অফিসার ধরেছেন। ছাত্রলীগ নেতা তোহা আমাকে কেন হুমকি দিল, বুঝতে পারছি না। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।"
পুলিশ সূত্রে জানা গেছে, ইশফাক আহমেদ তোহার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহ ও নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কার্যক্রম পরিচালনার অভিযোগে একাধিক মামলা রয়েছে আমতলী থানায়।
আরও পড়ুন: খাগড়াছড়িতে নাশকতার অভিযোগে ৭ নিষিদ্ধ সংগঠনের সদস্য গ্রেফতার
আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইয়াকুব হোসাইন বলেন, "ঘটনাটি জেনেছি। আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে। হুমকিদাতা আসামি তোহার বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে। তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন