১০:৩৩ পি.এম
বগুড়ার শেরপুরে অনুষ্ঠিত হয়েছে দুর্নীতি বিরোধী বিতর্ক প্রতিযোগিতা। এই প্রতিযোগিতাটি আয়োজন করা হয় দুর্নীতি দমন কমিশন (দুদক), বগুড়া জেলা কার্যালয় এবং শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির যৌথ উদ্যোগে। মঙ্গলবার (২৫ আগস্ট) বিকেল ৩টায় শেরপুর পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বাবু নিমাই ঘোষ। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইদুজ্জামান হিমু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্নীতি দমন কমিশন, বগুড়া জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক মো. রোকনুজ্জামান এবং শেরপুর উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. নজরুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শেরুয়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নূরুল ইসলাম জিন্নাহ। বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিরকৈড় উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক খান ইখতিয়ার উদ্দিন, কানাইকান্দর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু সাইদ এবং উচরং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সেলিম রেজা। বিতর্কের বিষয় ছিল- “প্রতিরোধ নয়, দমনই দুর্নীতি নির্মূলের কার্যকর উপায়।”
বিষয়টির পক্ষে অংশগ্রহণ করে ধনকুন্ডির শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়। দলের প্রথম বক্তা ছিলেন হাফিজাতুন নাহার নেহা, দ্বিতীয় বক্তা আবরার রাফিদ সরকার এবং দলের নেতা ছিলেন সামিয়া ইসলাম। অপরদিকে, বিষয়ের বিপক্ষে অংশ নেয় শেরপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়। তাদের প্রথম বক্তা ছিলেন মৌমিতা চৌহান, দ্বিতীয় বক্তা মীম আক্তার এবং দলের নেতা ছিলেন সমৃদ্ধি কর্মকার। এ সময় শেরপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সহ-সভাপতি ও সাংবাদিক আইয়ুব আলী, সাংবাদিক আব্দুল মান্নান, সাংবাদিক নাহিদ আল মালেক, সাংবাদিক ইফতেখার আলম ফরহাদ, সাংবাদিক সৌরভ অধিকারী শুভসহ বিভিন্ন পর্যায়ের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: সিলেটে নতুন কুঁড়ি স্পোর্টসে ৪৩ হাজার শিক্ষার্থীর নিবন্ধন
প্রাণবন্ত বিতর্ক শেষে বিজয়ী হয় শাহনাজ সিরাজ উচ্চ বিদ্যালয়, ধনকুন্ডি। প্রতিযোগিতায় শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হন বিজয়ী দলের নেতা সামিয়া ইসলাম। পরে আমন্ত্রিত অতিথিরা বিজয়ী দল, শ্রেষ্ঠ বক্তা এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন