ঢাকা মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৫শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ইং ২৫শে কার্তিক, ১৪৩২বাং

বেতাগীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল-তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ


বেতাগীতে ৯ শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল-তালা, ছাত্রলীগের বিরুদ্ধে অভিযোগ

বরগুনার বেতাগীতে একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ফটকে শিকল ও তালা ঝুলিয়ে দেওয়ার অভিযোগ নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের বিরুদ্ধে উঠেছে। সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত থেকে মঙ্গলবার (১০ নভেম্বর) ভোরের মধ্যে এসব শিক্ষাপ্রতিষ্ঠানে শিকল ও তালা দেওয়ার ঘটনা ঘটে বলে জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, বেতাগী সরকারি কলেজ, ১ নম্বর বিবিচিনি ইউনিয়নের বিবিচিনি স্কুল অ্যান্ড কলেজ, পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নম্বর হোসরাবাদ ইউনিয়নের হোসনাবাদ আদর্শ মাধ্যমিক বিদ্যালয়, ৩ নম্বর হোসনাবাদ ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে, মোকামিয়া ইউনিয়নের মোকামিয়া মাধ্যমিক বিদ্যালয়, ৪ নম্বর মোকামিয়া ইউনিয়ন পরিষদ ভবনের প্রধান ফটকে, বুড়ামজুমদার ইউনিয়নের কাউনিয়া এমদাদিয়া মাধ্যমিক বিদ্যালয়, জমির উদ্দিন মাধ্যমিক বিদ্যালয়ে শিকল ও তালা লাগানো হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের কিছু নেতাকর্মী এই ঘটনা ঘটিয়েছে রাতের অন্ধকারে। তবে এ অভিযোগের বিষয়ে সংশ্লিষ্টদের বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন: জনাব মঈন উদ্দিন চৌধুরী মাসুক ভাইকে দেখতে জগদল ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা

বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে জানা গেছে, কিছু শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ফটকের গেটে শিকল-তালা দেওয়া হয়েছে। আবার কিছু শিক্ষাপ্রতিষ্ঠানে এসবের সঙ্গে ফ্যাসিস্ট শেখ হাসিনার পোস্টারও লাগানো হয়েছে।

উপজেলা বিবিচিনি ইউনিয়নের পুটিয়াখালী আদর্শ মাধ্যমিক বিদ্যালয় ভবনের প্রধান ফটকে শিকল-তালা লাগানোর বিষয়টি নিশ্চিত করে ওই প্রতিষ্ঠানের সহকারী শিক্ষক (ইংরেজি) কমলেশ চন্দ্র শীল বলেন, ‘সকালে বিদ্যালয়ের প্রধান ফটকে শিকল তালা লাগানো দেখা যায়। এ ঘটনার খবর পেয়ে বিবিচিনি ইউনিয়নের বিএনপি নেতা মো. শামীম সিকদার এসে তালা ও শিকল ভেঙে দেন।’

অভিভাবক ও স্থানীয়রা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের জায়গা নয়। শিক্ষার্থীদের লেখাপড়ার পরিবেশ নষ্ট করে এমন কর্মকাণ্ড কোনোভাবেই কাম্য নয়। দ্রুত ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান তারা।

বেতাগী থানার ওসি মো. এনামুল হক বলেন, ‘নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ করেছে নাকি দৃবৃর্ত্তরা এমন ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা ঠেকাতে থানা পুলিশ কঠোর অবস্থানে রয়েছে।’

আরও পড়ুন: ‎সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে কাভার্ড ভ্যানচাপা দেওয়ার অভিযোগ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভৈরবে ইউনাইটেড বাসে ১,৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

আন্তর্জাতিক ডেস্ক

শাহিন আলম, ভৈরব প্রতিনিধি

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৩ এম


ভৈরবে ইউনাইটেড বাসে ১,৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রী আটক

কিশোরগঞ্জের ভৈরবে যাত্রীবাহী ইউনাইটেড পরিবহনের একটি বাসে অভিযান চালিয়ে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগ। এ সময় তাঁদের কাছ থেকে দুটি স্মার্টফোনও জব্দ করা হয়।

সোমবার রাত সাড়ে ১০টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের ভৈরবের দুর্জয় মোড় এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিলেট জেলার জকিগঞ্জ থানার শেরুল বাগ গ্রামের মৃত আবদুর রহিমের ছেলে মো. সানুহর আলী ও তাঁর স্ত্রী মারজানা বেগম।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকার মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলমের নেতৃত্বে একটি অভিযানিক দল ভৈরবের দুর্জয় মোড় এলাকায় অবস্থান নেয়। পরে সিলেট থেকে ছেড়ে আসা দিনাজপুরগামী ইউনাইটেড পরিবহনের একটি যাত্রীবাহী বাসে তল্লাশি চালানো হয়।

এ সময় বাসের মাঝের সিটে বসে থাকা সন্দেহভাজন ওই দম্পতিকে আটক করা হয়। পরে তাঁদের সঙ্গে থাকা একটি সিনথেটিক ব্যাগ তল্লাশি করে ১ হাজার ৯২৫ পিস মেথামফেটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ছাড়া তাঁদের ব্যবহৃত দুটি স্মার্টফোন জব্দ করা হয়।

অভিযানের বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের গোয়েন্দা বিভাগের পরিদর্শক মোহাম্মদ খোরশেদ আলম বলেন, মাদকের বিরুদ্ধে অধিদপ্তরের নিয়মিত অভিযান ও নজরদারি অব্যাহত রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে বাস থেকে ১ হাজার ৯২৫ পিস ইয়াবাসহ স্বামী-স্ত্রীকে আটক করা হয়েছে। মাদক চোরাচালানের সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিদর্শক মো. আবদুল্লাহ আল মামুন বাদী হয়ে আটক দুজনের বিরুদ্ধে ভৈরব থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৪ এম


শেষ হচ্ছে ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটক

তরুণ প্রজন্মের মনে জায়গা করে নেওয়া অত্যন্ত জনপ্রিয় ধারাবাহিক নাটক ‘ব্যাচেলর পয়েন্ট’। কাজল আরেফিন অমি পরিচালিত এই ধারাবাহিকটি দীর্ঘ সময় ধরে দর্শকদের বিনোদনের উৎস হিসেবে কাজ করে আসছে। তবে বর্তমানে নির্মাতা এই ধারাবাহিকটির শেষ সময়ের মুখোমুখি দাঁড়িয়ে আছেন। নির্মাতা অমি ‘ব্যাচেলর পয়েন্ট’ সিজন ৫-এর সমাপ্তির ঘোষণা দিয়েছেন।

সোমবার (৯ নভেম্বর) ‘ব্যাচেলর পয়েন্ট’-এর শেষ দিনের শুটিং অনুষ্ঠিত হয়েছে। এর মাধ্যমে দর্শকপ্রিয় এই সিরিয়ালের দীর্ঘ যাত্রার সমাপ্তি ঘটতে চলেছে।

ঘোষণার পর থেকেই নির্মাতা কাজল আরেফিন অমি এবং নাটকটির লাখো ভক্তের মনে বিষণ্ণতা ছড়িয়ে পড়েছে। অমির দীর্ঘ ক্যারিয়ারে এমন ঘটনা এই প্রথম ঘটছে। ধারাবাহিকটির শেষ মুহূর্তের শুটিং প্রসঙ্গে সামাজিক মাধ্যমে এক আবেগঘন বার্তায় তিনি জানান, জীবনে প্রথমবারের মতো তার শুটিংয়ে যেতেই ইচ্ছা করছে না।

অমি বলেন, “জীবনে প্রথমবারের মতো শুটিংয়ে যেতে ইচ্ছা করছে না। কারণ, মনে হচ্ছে শুটিংয়ে গেলেই সব শেষ হয়ে যাবে। ব্যাচেলর পয়েন্ট শুধু একটি ধারাবাহিক নয়, এটি আমার জীবনের বড় একটি অংশ। আমি ব্যাচেলর পয়েন্টেই বাস করি।”

এর আগে নাটকটির পঞ্চম সিজনের ১৬তম চ্যাপ্টার মুক্তি পেয়েছে। তবে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজির শেষ চ্যাপ্টারটি দর্শকদের সামনে কবে আসবে, সে বিষয়ে নির্মাতা এখনো নির্দিষ্ট কোনো তারিখ ঘোষণা করেননি।

সিরিয়ালটির জনপ্রিয়তার পেছনে বড় ভূমিকা রেখেছে এর বিচিত্র সব চরিত্র। নাটকটির বিভিন্ন আইকনিক চরিত্রে অভিনয় করে দর্শকদের হৃদয়ে স্থায়ী আসন করে নিয়েছেন মারজুক রাসেল, জিয়াউল হক পলাশ, তৌসিফ মাহবুব, চাষী আলম ও শামীম হাসান সরকার।

এছাড়াও বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন মুসাফির সৈয়দ বাচ্চু ও অর্চিতা স্পর্শিয়াসহ আরও অনেকে।

উল্লেখ্য, ২০১৭ সালের নভেম্বরে ছোট পরিসরে ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিকের যাত্রা শুরু করেছিলেন নির্মাতা কাজল আরেফিন অমি। প্রায় নয় বছরের দীর্ঘ পথচলায় সিরিয়ালটি চারটি সিজন অতিক্রম করেছে। এবার চ্যাপ্টার ১৭-তে গিয়ে জনপ্রিয় এই সিরিয়ালের পঞ্চম সিজন শেষ হচ্ছে বলে জানা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ ন্যায্য হিস্যা পাবে: রিজভী

তুরস্কের আনতালিয়ায় শুরু হওয়া জাতিসংঘের জলবায়ুবিষয়ক সম্মেলন কপ-৩১ থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে বলে আশা প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।

মঙ্গলবার (১০ নভেম্বর) সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে ২১ সদস্যের প্রতিনিধি দলের তুরস্কের উদ্দেশে যাত্রার আগে তাদের বিদায় জানিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ প্রত্যাশার কথা জানান তিনি।

রিজভী বলেন, বৈশ্বিক উষ্ণায়ন মোকাবিলায় জাতিসংঘ আয়োজিত কপ-৩১ সম্মেলনে বিভিন্ন দেশের সরকারপ্রধানরা অংশ নেবেন। সম্মেলনে যোগ দিতে প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের ২১ সদস্যের প্রতিনিধি দল তুরস্কে যাচ্ছে। প্রধানমন্ত্রী তারেক রহমান জনগণের কাছে ‘গ্রিন প্রধানমন্ত্রী’ হিসেবে সমাদৃত উল্লেখ করে বিএনপির এই নেতা বলেন, পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ, খাল খনন এবং নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে বিভিন্ন উদ্যোগ নিয়েছেন প্রধানমন্ত্রী। এসব উদ্যোগ বিএনপির নির্বাচনী ইশতেহারেও ছিল।

তিনি বলেন, মানবসৃষ্ট বৈশ্বিক উষ্ণায়নের কারণে পৃথিবীর তাপমাত্রা ভয়াবহভাবে বাড়ছে। মানবজাতি এখন বিপন্ন পরিস্থিতির মুখোমুখি। এমন সময়ে প্রধানমন্ত্রীর এই সম্মেলনে অংশগ্রহণ তাৎপর্যপূর্ণ। সম্মেলনে কার্বন ডাই-অক্সাইডের নিঃসরণ কমিয়ে আনার বিষয়ে বিশ্বনেতা ও বিশেষজ্ঞরা আলোচনা করবেন। এর মধ্য দিয়ে একটি কার্যকর সমাধান বেরিয়ে আসবে বলে আশা করি।

তিনি আরও বলেন, সুন্দর এই পৃথিবীকে বাঁচানোর দায়িত্ব সবার। জলবায়ু পরিবর্তনের যেসব ভয়াবহ প্রভাব দেখা যাচ্ছে, সেখান থেকে স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে আন্তর্জাতিক এই সম্মেলন যুগান্তকারী পদক্ষেপ নিতে পারে।

কপ-৩১ সম্মেলন থেকে বাংলাদেশ তার ন্যায্য হিস্যা পাবে কি না—সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে রিজভী বলেন, সম্মেলনটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ। প্রধানমন্ত্রী তারেক রহমান এতে অংশ নিচ্ছেন। বাংলাদেশের কার্বন নিঃসরণের তুলনায় জলবায়ু পরিবর্তনের ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে ন্যায্য হিস্যা নিশ্চিত হবে বলে আশা করছি।

এ সময় জাতীয় সংসদ সদস্য নুরুল ইসলাম মনি বলেন, বাংলাদেশ হিসেবে পৃথিবীতে কার্বন নি:সরণ আমরা খুবই কম করি। অথচ জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত দেশগুলোর একটি বাংলাদেশ। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল জলবায়ু পরিবর্তনের প্রভাবে মারাত্মক ক্ষতির মুখে পড়ছে। যারা বেশি কার্বন নিঃসরণ করছে, তারা বাংলাদেশের ক্ষতির বিষয়টি যথাযথভাবে বিবেচনা করছে না। এবারের সম্মেলনে বাংলাদেশের পক্ষ থেকে সেই বিষয়টি তুলে ধরা হবে।

নুরুল ইসলাম মনি আরও বলেন, আমরা কোনো মার্সি চাই না। আমরা চাই ন্যায়বিচার হোক। অন্যের কার্বন নিঃসরণের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হলে সেই ক্ষতি মোকাবিলায় আন্তর্জাতিক সম্প্রদায় সহযোগিতার হাত বাড়িয়ে দেবে বলে আশা করি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চার ইউনিট নিয়ন্ত্রণে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং

১১:১৫ এম


কক্সবাজারের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ড, ফায়ার সার্ভিসের চার ইউনিট নিয়ন্ত্রণে

কক্সবাজার শহরের কলাতলী হোটেল-মোটেল জোনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (১০ নভেম্বর) ভোর ৫টার দিকে কলাতলী এলাকার সৈকতপাড়া সড়কে একটি হোটেলসংলগ্ন বসতঘরে আগুনের সূত্রপাত ঘটে। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

কক্সবাজার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক সৈয়দ মুহাম্মদ মোরশেদ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে চারটি ইউনিট প্রয়োজনীয় নির্বাপণ সরঞ্জাম নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজ শুরু করে। তাদের চেষ্টায় আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আসে। তবে কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এবং এতে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

অগ্নিকাণ্ডের ঘটনাস্থলের আশপাশে বেশ কয়েকটি হোটেল ও রিসোর্ট রয়েছে। আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কায় এসব হোটেলে অবস্থানরত পর্যটক এবং আশপাশের বসতির বাসিন্দারা বেরিয়ে এসে সড়কে অবস্থান নেন।

এর আগে, গত ১৭ অক্টোবর কক্সবাজারের মেরিন ড্রাইভ-সংলগ্ন উখিয়ার ইনানী টুপটুপ রিসোর্টে অগ্নিকাণ্ডে ১১ জনের মৃত্যু হয়। এর ছয় দিন পর, ২৩ অক্টোবর শহরের সুগন্ধা পয়েন্টে হোটেল সি প্রিন্সেসে আগুন লাগে। তবে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় সেখানে বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৯শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%