মঙ্গলবার, ১০ই নভেম্বর, ২০২৬ ইং
১১:৪৬ এম
ঢাকাই চলচ্চিত্র ও মডেলিং অঙ্গনের পরিচিত মুখ মেঘলা মুক্তা বর্তমানে একটি গভীর পারিবারিক সংকটের মধ্যে সময় কাটাচ্ছেন। ভীষণ অসুস্থ বাবাকে খুঁজে না পেয়ে সামাজিক মাধ্যমে জনসাধারণের কাছে সহযোগিতা কামনা করেছেন এই অভিনেত্রী।
অভিনেত্রীর ফেসবুক পোস্ট থেকে জানা যায়, তার বাবা সোমবার (৯ নভেম্বর) উত্তরখান থেকে বসুন্ধরা আবাসিক এলাকার উদ্দেশে রওনা দেন। রাত আনুমানিক ৮টা ৫০ মিনিটে পরিবারের সঙ্গে তার সর্বশেষ কথা হয়। এরপর থেকে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যাচ্ছে।
দীর্ঘ সময় পেরিয়ে গেলেও তিনি বাসায় না ফেরায় পরিবারটি চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে।
বাবার অসুস্থতার কথা জানিয়ে ফেসবুকে একটি আবেগঘন পোস্ট দিয়ে অভিনেত্রী আরও জানান, নিখোঁজ বাবাকে খুঁজতে উত্তরাসহ আশপাশের বিভিন্ন হাসপাতাল, কুর্মিটোলা জেনারেল হাসপাতাল এবং স্থানীয় বিভিন্ন থানায় রাতভর সন্ধান চালানো হয়েছে। কিন্তু কোথাও তার বাবার কোনো খোঁজ মেলেনি। ইতোমধ্যে এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে এবং তার ছবি বিভিন্ন স্থানে প্রচার করা হয়েছে।
শোবিজ অঙ্গনের এই তারকার পরিবার বর্তমানে প্রতিটি মুহূর্ত চরম দুশ্চিন্তায় কাটাচ্ছে। মেঘলা মুক্তা তার ফেসবুক পোস্টে দেশবাসী ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি অনুরোধ জানিয়ে লিখেছেন, কেউ যদি তার বাবাকে কোথাও দেখে থাকেন কিংবা কোনো ধরনের তথ্য দিয়ে সহযোগিতা করতে পারেন, তবে যেন দ্রুত যোগাযোগ করেন।
নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে কিংবা কোনো তথ্য জানা থাকলে অবিলম্বে ০১৮০৬৮৮৭৫৭০ নম্বরে যোগাযোগ করার জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন অভিনেত্রী।
উল্লেখ্য, মডেলিংয়ের মাধ্যমে বিনোদন জগতে পা রাখা মেঘলা মুক্তা পরবর্তীতে চলচ্চিত্রে অভিনয় করে প্রশংসিত হন। বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজিত সিনেমাসহ ভারতের তেলেগু চলচ্চিত্রেও অভিনয় করে নিজের পরিচিতি তৈরি করেছেন মেঘলা। এই সংকটময় মুহূর্তে তার বাবা যেন সুস্থ ও নিরাপদে দ্রুত পরিবারের কাছে ফিরে আসেন, সেই প্রার্থনা জানিয়েছেন অভিনেত্রীর ভক্ত-অনুরাগীরাও।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মাগুরা-যশোর মহাসড়কের ভিটাসাইর মডেল মসজিদের সামনে মঙ্গলবার (১০নভেম্বর) সকাল ৮ টায় একটি লোকাল বাসের ধাক্কায় প্রতিবন্ধী ভিক্ষুক নবাব আলী (৫৬) নিহত হয়েছেন। নিহত নবাব আলী মাগুরা সদরের রাঘবদাইড় ইউনিয়নের কালিশঙ্করপুর গ্রামের আলেক আলীর পুত্র।
মাগুরা রামনগর হাইওয়ে থানার এস আই নির্মল কুমার বিশ্বাস জানিয়েছেন, মঙ্গলবার সকাল ৮ টায় মাগুরা-যশোর সড়কের ভিটাসাইর এলাকায় যশোর থেকে মাগুরামুখি একটি লোকাল বাস একটি রিকশাকে ধাক্কা দেয়। এ সময় রিকশার যাত্রী নবাব আলী এবং চালক ফারুক (২৪) আহত হন।
আহত অবস্থায় তাদের মাগুরা সদর হাসপাতালে নিয়ে আসা হলে ডাক্তার নবাব আলীকে মৃত ঘোষণা করেন। রিকশার চালক ফারুককে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রাওয়ালপিন্ডিতে শ্রীলঙ্কার বিরুদ্ধে অনুষ্ঠিত টেস্টে পাকিস্তানের তাইয়্যাব আরিফের অভিষেক হয়েছে। অভিষেকের এই ম্যাচে তিনি একটি নতুন রেকর্ড স্থাপন করেছেন। পাকিস্তানের হয়ে অভিষেক ইনিংসে সবচেয়ে কম বলে ফিফটি এখন তার দখলে রয়েছে।
সোমবার ৯ নভেম্বর প্রথম টেস্টের প্রথম ইনিংসে ওপেনার হিসেবে ব্যাটিং করতে নামেন তিনি। মাঠে নেমেই তিনি ৫১ বলে ৫৭ রানের ইনিংস খেলেন। ২০ বছর বয়সী এই ডানহাতি ব্যাটার প্রথম সেশনে ৯টি চার ও একটি ছক্কা মারার মাধ্যমে এই রান সংগ্রহ করেন।
৫০ রানের মাইলফলক স্পর্শ করতে তার প্রয়োজন হয়েছিল মাত্র ৪৬ বল। এইভাবে তিনি টেস্ট অভিষেকে প্রথম ইনিংসে পাকিস্তানের হয়ে সবচেয়ে দ্রুত অর্ধশতকের রেকর্ড গড়েন।
তবে, পাকিস্তানের হয়ে অভিষেকে দ্রুততম ফিফটির রেকর্ডটি রাজাউল্লাহর দখলে রয়েছে। তিনি গত সেপ্টেম্বরে এজবাস্টনে ইংল্যান্ডের বিপক্ষে ৪৩ বলে ফিফটি পূর্ণ করেছিলেন। তবে সেটি ছিল তার দ্বিতীয় ইনিংসে। প্রথম ইনিংসে তিনি ১১ বলে ১১ রান করেছিলেন।
টেস্ট অভিষেকে সবচেয়ে দ্রুত ফিফটির রেকর্ড দক্ষিণ আফ্রিকার ডেওয়াল্ড ব্রেভিসের। তিনি গত বছর ২০২৫ সালে জিম্বাবুয়ের বিপক্ষে মাত্র ৩৮ বলে পঞ্চাশ রান করেছিলেন।
আরও দুজন ব্যাটার অভিষেক টেস্টে ৩৮ বলের কম সময়ের মধ্যে ফিফটি করেছেন, কিন্তু তারা দুজনই দ্বিতীয় ইনিংসে এটি করেছেন। ২০০৮ সালের ২২ থেকে ২৬ মার্চ নেপিয়ারের ম্যাকলিন পার্কে ইংল্যান্ডের বিপক্ষে নিউজিল্যান্ডের টিম সাউদি ২৯ বলে ফিফটি করেন। আর ২০২৪ সালের ২৮ নভেম্বর থেকে ১ ডিসেম্বর ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ইংল্যান্ডের জ্যাকব বেথেল ৩৭ বলে পঞ্চাশ রান পূর্ণ করেছিলেন।
অভিষেকে ৫০ বা তার বেশি রান করা পাকিস্তানের ১৮তম ওপেনার হলেন আরিফ। এই তালিকায় আগে আছেন হানিফ মোহাম্মদ, খালিদ ইবাদুল্লাহ, আবদুল কাদির, সাদিক মোহাম্মদ ও তাসলিম আরিফ। এছাড়াও আছেন আলী নাকভি, ইমরান ফারহাত, তৌফিক উমর, মোহাম্মদ হাফিজ ও ফাওয়াদ আলম। তালিকায় আরও রয়েছেন শান মাসুদ, আহমেদ শেহজাদ, ইমামুল হক, ফখর জামান, আবিদ আলী, আবদুল্লাহ শফিক ও আজান ওয়াইসও।
আজান ওয়াইস সর্বশেষ এই কীর্তি গড়েছিলেন ২০২৬ সালের ৮ মে মিরপুরে বাংলাদেশের বিপক্ষে। সেই ম্যাচে তিনি ১০৩ রান করেছিলেন। গতকাল তিনি এই কীর্তি গড়তে নামেন আজান ওয়াইসের সঙ্গে এবং সফল হন।
প্রথম ইনিংসে আরিফ প্রথম উইকেটে ৯৬ বলে ৮৬ রান যোগ করেন আজান ওয়াইসের সঙ্গে। আজান ওয়াইস ৫০ বলে ৩০ রান করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ আগামী বছর ইংল্যান্ড সফরে যাচ্ছে, যা ১৭ বছরের মধ্যে প্রথম। সফরের অংশ হিসেবে লর্ডসে স্বাগতিক ইংল্যান্ডের বিরুদ্ধে একটি টেস্ট খেলার পরিকল্পনা ছিল, তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ম্যাচের সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। টাইগাররা ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে আয়ারল্যান্ডের বিপক্ষেও একটি টেস্ট খেলবে।
চেমসফোর্ডে ম্যাচটি অনুষ্ঠিত হবে। কাউন্টি দল এসেক্সের এই মাঠে ২০২৩ সালে বাংলাদেশের বিরুদ্ধে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলেছিল আয়ারল্যান্ড। তবে সেখানে এখন পর্যন্ত কোনো টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হয়নি।
বাংলাদেশ সফরের অংশ হিসেবে দুটি টেস্টের আগে তিন বা চার দিনের একটি প্রস্তুতি ম্যাচও খেলবে। ফলে এই ইংল্যান্ড সফরটি বেশ দীর্ঘ হতে যাচ্ছে।
প্রথমে ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) শুধুমাত্র লর্ডস টেস্টের আমন্ত্রণ জানিয়েছিল। সফরে ওয়ানডে অন্তর্ভুক্ত করার চেষ্টা করেও বিসিবি সফল হয়নি। পরে আয়ারল্যান্ড ক্রিকেট বোর্ডের সঙ্গে আলোচনা করে বাড়তি টেস্টটি নিশ্চিত করা হয়।
এদিকে, বাংলাদেশ সর্বশেষ ২০১০ সালে ইংল্যান্ড সফরে টেস্ট খেলেছিল। আগামী ফেব্রুয়ারিতে ইংল্যান্ড আবার বাংলাদেশ সফরে এসে দুটি টেস্ট খেলবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সংগীতশিল্পী ও অভিনেত্রী পারশা মাহজাবীন পূর্ণীর বিয়ের বিষয়টি নিয়ে সম্প্রতি আলোচনা ও সমালোচনা চলছে। বিয়ের পর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ছবি এবং ক্লু নিয়ে সৃষ্টি হয়েছে নানা কৌতূহল। গুঞ্জন ছিল যে, পারশা ব্লগার আসাদ নূরকে বিয়ে করেছেন। অবশেষে সেই গুঞ্জনটি সত্যি হলো।
সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে আসাদ নূর নিজের ইউটিউব চ্যানেলে সরাসরি সম্প্রচারে এসে বিয়ের খবরটি নিজেই জানান। তিনি বিয়েটি গোপন রাখার কারণও ব্যাখ্যা করেন।
আসাদ নূর জানান, তারা পরিকল্পিতভাবে বিষয়টি গোপন রেখেছিলেন। সমাজের প্রচলিত কিছু ট্যাবু ভাঙা এবং ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের অতিরিক্ত কৌতূহল ও প্রতিক্রিয়া বোঝা ছিল তাদের উদ্দেশ্য। এজন্য তারা পাঞ্জাবি, শাড়ির আঁচল কিংবা ইনস্টাগ্রামে একে অপরকে অনুসরণ করার মতো কিছু ইঙ্গিত প্রকাশ করেছিলেন। ছবি আড়াল করেও মানুষের প্রতিক্রিয়া পর্যবেক্ষণ করেছেন তারা।
লাইভ সম্প্রচারে আসাদ নূর সমালোচকদের উদ্দেশে বলেন, তারা বিয়ে ও ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের বাড়তি আগ্রহের বিষয়টি সামনে আনতে চেয়েছিলেন। ধর্মীয় উগ্রতা ও উগ্র জাতীয়তাবাদে বিশ্বাসীদের প্রচলিত চিন্তাভাবনাকে চ্যালেঞ্জ করাও ছিল তাদের অন্যতম উদ্দেশ্য।
পারশার পরিবার এবং তার বেড়ে ওঠা নিয়েও আসাদ নূর কথা বলেন। তিনি জানান, পারশা পরিবারের একমাত্র সন্তান। তার বাবা শিক্ষক ও অধ্যাপক ছিলেন। গান ও সংস্কৃতির পরিবেশে বেড়ে ওঠা পারশার ক্যারিয়ার, যোগ্যতা ও অর্জনের প্রতি সম্মান রেখেই তারা একসঙ্গে জীবন কাটানোর সিদ্ধান্ত নিয়েছেন।
রাজনৈতিক সম্পৃক্ততার অভিযোগ নিয়েও আসাদ নূর কথা বলেন। তিনি অভিযোগ অস্বীকার করে জানান, তিনি কোনো রাজনৈতিক দল বা গোষ্ঠীর হয়ে কাজ করেন না। বিএনপি কিংবা অন্য কোনো দলের কাছ থেকেও তিনি অর্থ বা অনুদান নেননি। এছাড়া জুলাই আন্দোলনে পারশার ভূমিকার কথাও তুলে ধরেন। আন্দোলনের সময় পারশা আলোচিত ‘পোস্টার গার্ল’ ছিলেন বলে উল্লেখ করেন আসাদ নূর। আন্দোলনকেন্দ্রিক ‘চলো ভুলে যাই’ গানেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে জানান তিনি।
সবশেষে পারশাকে নিয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) দিয়ে তৈরি আপত্তিকর ছবি, ট্রল ও অপপ্রচারের সমালোচনা করেন আসাদ নূর। তিনি নারীদের ব্যক্তিগত মর্যাদা ও সম্মান রক্ষার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ