০৯:২৫ পি.এম
গাইবান্ধার পলাশবাড়ীতে অবৈধ বালু উত্তোলনের সংবাদ সংগ্রহ শেষে ফেরার পথে সাংবাদিকদের ওপর হামলা, আটকে রেখে মারধর এবং জোরপূর্বক হাতে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণের অভিযোগ উঠেছে বালু ব্যবসার সঙ্গে জড়িত কয়েকজনের বিরুদ্ধে।
জানা গেছে, ইনডিপেনডেন্ট টেলিভিশনের গাইবান্ধা জেলা প্রতিনিধি সাংবাদিক আনোয়ার হোসেন শামীম, দৈনিক দেশ রূপান্তরের সাংবাদিক রফিক, দেশ টিভির ক্যামেরাম্যানসহ চারজন এবং সহকারী কমিশনার (ভূমি) (এসিল্যান্ড) এর উপস্থিতিতে পলাশবাড়ী উপজেলায় অবৈধ বালু উত্তোলনের বিষয়ে সংবাদ সংগ্রহ করা হয়।
সংবাদ সংগ্রহ শেষে সাংবাদিকরা সিএনজিযোগে অফিসে ফেরার পথে পলাশবাড়ী উপজেলার ৭১ টিভির সাংবাদিক পাপুল ও রতন সরকারের নেতৃত্বে বিএনপির সদস্যসচিব সোহেল হৃদয়সহ কয়েকজন তাঁদের পথরোধ করেন বলে অভিযোগ উঠেছে। পরে তাঁদের একটি কক্ষে আটকে রেখে জোরপূর্বক হাতে টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করা হয়। একপর্যায়ে সাংবাদিকদের মারধর করা হয়েছে বলেও অভিযোগ রয়েছে।
এ ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভ ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা প্রদান, শারীরিকভাবে লাঞ্ছিত করা এবং পরিকল্পিতভাবে তাঁদের বিতর্কিত করার উদ্দেশ্যে জোরপূর্বক টাকা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণের অভিযোগকে অত্যন্ত উদ্বেগজনক হিসেবে দেখছেন সাংবাদিক মহল।
সাংবাদিক নেতৃবৃন্দ ও সহকর্মীরা ঘটনার সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। একই সঙ্গে সাংবাদিকদের পেশাগত নিরাপত্তা নিশ্চিত করতে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।
সাংবাদিক মহলের বক্তব্য, সংবাদ সংগ্রহ ও সত্য প্রকাশ করা সাংবাদিকদের পেশাগত দায়িত্ব। সেই দায়িত্ব পালন করতে গিয়ে কোনো সাংবাদিককে হামলা, হয়রানি কিংবা ভয়ভীতির শিকার হতে হবে—এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
সাংবাদিকদের কণ্ঠরোধ করে সত্য প্রকাশের পথ বন্ধ করা যাবে না। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্র ও প্রশাসনের দায়িত্ব।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন