১২:২৮ পি.এম
কুড়িগ্রামের ফুলবাড়ীতে অ্যাম্বুলেন্সের ধাক্কায় গুরুতর আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় শাহীন আলম (১৪) নামের এক মাদরাসাছাত্রের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) রাত পৌনে ১২টার দিকে রংপুরের একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়।
নিহত শাহীন আলম ফুলবাড়ী সদর ইউনিয়নের কুঠিরচন্দ্রখানা নাখারজান গ্রামের কাশেম আলীর পুত্র। তিনি স্থানীয় একটি মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র ছিলেন।
নিহতের সহপাঠীরা জানায়, ঘটনার দিন শাহীন কয়েকজন বন্ধুর সঙ্গে সাইকেলে করে গঙ্গারহাট বাজার থেকে বাড়ি ফিরছিল। গঙ্গারহাট মোহরটারী হাফিজিয়া মাদরাসার কাছে পৌঁছালে, একটি অ্যাম্বুলেন্স অটোরিকশাকে ওভারটেক করতে গিয়ে তার সাইকেলে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হয়।
আরও পড়ুন: বুকব্যথা নিয়ে হাসপাতালে ভর্তি শ্রমমন্ত্রী আরিফুল হক চৌধুরী
পরে তার বন্ধুরা দ্রুত শাহীনকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়। পরবর্তীতে রংপুরের বেসরকারি ডক্টরস ক্লিনিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর অ্যাম্বুলেন্সটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে বলে অভিযোগ করেছেন তার সহপাঠীরা।
ফুলবাড়ী থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, ‘এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় জানায়নি। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন