ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে বেরিয়ে ফের আগের ব্যবসায়


মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে বেরিয়ে ফের আগের ব্যবসায়

ময়মনসিংহে অবৈধ মাদক ব্যবসা অব্যাহত থাকলেও মাদকবিরোধী অভিযান চলছে নিয়মিত। গত মে থেকে আগস্টের মধ্যে জেলার ১৪ থানায় সাত শতাধিক মাদক মামলা দায়ের হয়েছে। সমকাল অনুসন্ধান করেছে চারটি থানার ৫০টি মামলার বিস্তারিত তথ্য, যেগুলো হলো– ময়মনসিংহের কোতোয়ালি, ঈশ্বরগঞ্জ, মুক্তাগাছা ও ত্রিশাল।

এই ৫০ মামলার মধ্যে ২৭টি নিম্ন ও জজ আদালত থেকে এবং ২০টি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছে। ফলে ৪৭টি মামলার (৯৪ শতাংশ) আসামিরা কারাগার থেকে বেরিয়ে গেছেন। উল্লেখযোগ্য হলো, ৩২ মামলার (৬৪ শতাংশ) আসামিরা কারাগারে যাওয়ার দেড় মাসের কম সময়ের মধ্যে জামিন লাভ করেছেন।

ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানায় ২৮২টি মাদক মামলা হয়েছে। এর মধ্যে দুই শতাধিক মামলার এফআইআর কপি সংগ্রহ করে তথ্য বিশ্লেষণ করেছে সমকাল। এসব মামলায় ৪৪২ আসামি গ্রেপ্তার হয়েছেন। কোতোয়ালি মডেল থানায় ১৭ মামলায় ২৫৫ জন, মুক্তাগাছা থানায় ৩৪ মামলায় ৫৬, ত্রিশাল থানায় ৫১ মামলায় ৭০ এবং ঈশ্বরগঞ্জ থানায় ২৫ মামলায় ৪১ জন গ্রেপ্তার হয়েছেন। এফআইআর ও আদালতের কার্যক্রম বিশ্লেষণ করে দেখা গেছে, আসামিরা গ্রেপ্তার হওয়ার পর দ্রুত জামিন পেয়েছেন।

আরও পড়ুন: ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: আটক শিক্ষার্থীর সঙ্গে ছাত্রদল নেতার ফোন যোগাযোগের অভিযোগ

গত ১৩ মে কোতোয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। মামলার এজাহার অনুযায়ী, নগরীর শম্ভুগঞ্জ মোড় থেকে মাসুম মিয়াকে পাঁচ কেজি এবং পাভেল মিয়াকে তিন কেজি গাঁজাসহ আটক করে ডিবি পুলিশ। গ্রেপ্তারের পরদিন আদালত তাদের কারাগারে পাঠান। চার দিন পর ১৮ মে নিম্ন আদালতে এবং পরে ১০ জুন ময়মনসিংহ জজ কোর্টে তাদের জামিন নামঞ্জুর হয়। তবে আইনি লড়াই চালিয়ে ২৪ দিন পর ৫ জুলাই হাইকোর্ট থেকে জামিন পান তারা। বিচার চলাকালে এই মামলায় তারা ৫৩ দিন জেল খাটেন। জামিনে বের হয়ে তারা আবার একই পেশায় যুক্ত হয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে। পুলিশ কর্মকর্তারা জানান, প্রতি কেজি গাঁজার জন্য গ্রেপ্তারের পর আইন অনুযায়ী কমপক্ষে এক মাস জেল খাটার বিধান রয়েছে। সেই হিসাবে মাসুম মিয়ার প্রাথমিক পর্যায়ে পাঁচ মাস এবং পাভেল মিয়ার তিন মাস জেল খাটার কথা ছিল। তবে দুজনই দুই মাসের আগে জামিন পেয়ে যান।

কোতোয়ালি মডেল থানার আরেক মামলায় গত ৮ জুলাই গ্রেপ্তার হন রবিউল ইসলাম ও সাজ্জাদ হোসেন। মামলার এজাহার অনুযায়ী, ময়মনসিংহ নগরের ব্যাট-বল চত্বর এলাকা থেকে ৬৫ পিস ইয়াবাসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের মাত্র আট দিনের মাথায় ১৬ জুলাই নিম্ন আদালত থেকে জামিন পান সাজ্জাদ।

অন্যদিকে, রবিউল হাইকোর্টের শরণাপন্ন হন। গত ১৬ আগস্ট হাইকোর্ট তাঁকে জামিন দেন। আদালত এ বিষয়ে একটি রুল জারি করেন এবং রুলের নিষ্পত্তি না হওয়া পর্যন্ত তাঁকে জামিন দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা যায়, সাধারণত প্রতি পিস ইয়াবার জন্য গ্রেপ্তারের পর আসামিরা দুই থেকে তিন দিন জেল খাটেন। সেই হিসাবে ৬৫ পিস ইয়াবার জন্য সর্বনিম্ন দুই দিন ধরে হিসাব করলেও তাদের অন্তত ১৩০ দিন জেলে থাকার কথা। কিন্তু সাজ্জাদ মাত্র আট দিন এবং রবিউল ৩৮ দিনের মাথায় কারামুক্ত হন।

এদিকে ঈশ্বরগঞ্জ থানায় গত ২০ জুন ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন আমিনুল ইসলাম। গ্রেপ্তারের দুদিন পর নিম্ন আদালতে জামিন চেয়ে ব্যর্থ হন তিনি। পরে ১৮ জুলাই জজ কোর্টেও তাঁর জামিন নামঞ্জুর হয়। শেষ পর্যন্ত গত ১৭ আগস্ট হাইকোর্টে গিয়ে এক বছরের জামিন পান তিনি। জামিন পাওয়ার পরপরই তিনি ফের মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন: নড়াইলে হিন্দুদের বাড়িঘরে হামলার ভিডিও পুরোনো, এআই দিয়ে তৈরি: পুলিশ

একই থানায় গত ১০ জুলাই মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হন রতন মিয়া। গ্রেপ্তারের পরদিন তাঁকে কারাগারে পাঠানো হয়। তিন দিন পর নিম্ন আদালতে এবং পরে ১৭ আগস্ট জজ কোর্টে তাঁর জামিন আবেদন নাকচ হয়। গত ১৪ সেপ্টেম্বর হাইকোর্টে গিয়ে তিনি জামিন পান। পুলিশ জানায়, ১০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার হওয়া কোনো আসামির প্রাথমিক অবস্থায় কমপক্ষে ২০০ দিন কারাগারে থাকার কথা। অথচ রতন মিয়া গ্রেপ্তারের ৬৪ দিন পর কারাগার থেকে বের হয়ে আবার মাদক ব্যবসায় জড়িয়ে পড়েন।

জেলা ও রেঞ্জ পুলিশের কর্মকর্তারা জানিয়েছেন, পুলিশ মাদকবিরোধী অভিযানে নিয়মিত আসামিদের ধরে আদালতে সোপর্দ করলেও আইনের মারপ্যাঁচে অপরাধীরা দ্রুত বেরিয়ে আসছে। জামিনে মুক্ত হয়েই তারা আবার মাদক ব্যবসায় জড়াচ্ছে বলে জানিয়েছে পুলিশ। তাদের মতে, জামিনের সহজ প্রক্রিয়া বন্ধে কঠোর নজরদারি না বাড়ালে মাদকের বিস্তার রোধ অসম্ভব।

যে ৫০ মামলার তথ্য বিশ্লেষণ করা হয়েছে সেখানে দেখা গেছে, ২৭টি মামলায় নিম্ন আদালত ও জজ কোর্ট থেকে আসামিরা জামিন পেয়েছেন, উচ্চ আদালত থেকে জামিন পেয়েছেন ২০টি মামলার আসামিরা, মাত্র দুটি মামলায় আসামিরা এখনও জামিন পাননি এবং বাকি একটি মামলার আসামি মারা গেছেন। এই ৫০ মামলার মধ্যে ২০টি মামলা অন্য আদালতে বিচারের জন্য বদলি হয়েছে, যার মধ্যে ১৯টি মামলা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে এবং অন্য একটি মামলা জজ কোর্টে বিচারাধীন রয়েছে।

৫০ মাদক মামলার মধ্যে আসামিরা দেড় মাসের কম সময়ে জামিন পেয়েছেন ৩২টিতে, ১৫টি মামলায় জামিন হয়েছে তিন থেকে সাড়ে তিন মাসের মধ্যে, বাকি তিনটি মামলার দুটির আসামি এখনও কারাগারে, অন্য মামলার আসামির মৃত্যু হওয়ায় সেটা বাতিল হয়েছে।

আরও পড়ুন: বকেয়া পেনশন পরিশোধে নতুন নির্দেশনা, মানতে হবে নির্ধারিত নিয়ম

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ লুৎফুর রহমান গত অক্টোবরে রাজশাহীর একটি মাদক মামলায় সাক্ষী দিয়ে এসেছেন। ২০১৬ সালে ৬৮ কেজি গাঁজাসহ এক আসামি গ্রেপ্তার হলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর মামলা করে। এই মামলার সাক্ষ্য দিয়ে এসে উপপরিচালক লুৎফুর রহমান সমকালকে জানান, ১০ বছর আগের মামলার এখনও সাক্ষ্য গ্রহণ চলছে। তাঁকে আদালতে জেরা করা হচ্ছে। ১০ বছর আগে অভিযান চালানোর সময় কী ঘটনা ঘটেছিল, তা পুঙ্খানুপুঙ্খভাবে মনে রাখা সম্ভব না হওয়ায় সাক্ষ্য দিতে গিয়ে তাঁকে বিব্রতকর অবস্থায় পড়তে হয়। আবার এই মামলার বিচারকার্য শেষ হয়ে রায় হতে আরও বেশ কয়েক বছর সময় লাগতে পারে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর ময়মনসিংহ জেলা শাখার তথ্য বলছে, গত সেপ্টেম্বরে তারা ১৪৯টি অভিযান চালিয়েছে। এসব অভিযানে ৯ হাজার ৬৬৬টি ইয়াবা, ৭৪ কেজি গাঁজা, ৫১ বোতল বিদেশি মদসহ বেশ কয়েক ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়। এসব ঘটনায় ৪৭টি মামলা হয়। অক্টোবরে অভিযান হয়েছে ১৩৮টি। অভিযানে পাঁচ হাজার ৫৯৪টি ইয়াবা, ৪৬ কেজি গাঁজা, প্রায় দেড় হাজার লিটার মদসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়। মামলা হয়েছে ৩৯টি।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা বলছেন, অভিযান ও মাদক উদ্ধারের পর থানায় নিয়মিত মামলা করে তাদের কারাগারে পাঠানো হলেও অদৃশ্য শক্তির বলে তারা মাত্র এক থেকে দুই মাসের মধ্যে মুক্তি পেয়ে ফের মাদক ব্যবসায় জড়াচ্ছেন।

ময়মনসিংহ জজ কোর্টের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন সমকালকে বলেন, তদন্ত কর্মকর্তাদের দুর্বল অভিযোগপত্র, জব্দ তালিকায় ত্রুটি এবং সাক্ষীদের যথাসময়ে আদালতে হাজির করতে না পারার সুযোগ নিয়েই আসামিরা দ্রুত জামিন পেয়ে যাচ্ছেন। এই পরিস্থিতি থেকে উত্তরণে মাদক মামলাগুলোর তদন্ত নিখুঁত করার পাশাপাশি নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষ্য গ্রহণ ও বিচার শেষ করতে হবে। এ ছাড়া চিহ্নিত ও পেশাদার মাদক ব্যবসায়ীদের জামিন ঠেকাতে রাষ্ট্রপক্ষের কৌঁসুলিদের আদালতে আরও কঠোর ভূমিকা পালন করা জরুরি।

আরও পড়ুন: সুপ্রিম কোর্টে প্রবেশে পরিচয়পত্র বাধ্যতামূলক, নিরাপত্তা তল্লাশি বাড়ছে

ময়মনসিংহের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আবদুল্লাহ আল মামুন বলেন, শুধু পুলিশ দিয়ে মাদক নির্মূল সম্ভব নয়। এ জন্য সবার সামাজিক দায়বদ্ধতা প্রয়োজন। মাদক ব্যবসায়ীরা যেন সহজে জামিন না পান, সে জন্য আইনজীবীদের তাদের পক্ষে কাজ না করার আহ্বান জানান তিনি। পাশাপাশি বিচারকার্যে দীর্ঘসূত্রতা এবং সীমান্ত দিয়ে মাদক প্রবেশ রোধে সীমান্তরক্ষী বাহিনীর কঠোর নজরদারির ওপরও তিনি জোর দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ নিহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৮ এম


গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কে বাস-মোটরসাইকেল সংঘর্ষে ২ নিহত

গোপালগঞ্জ, ২১ নভেম্বর, ২০২৬ : জেলায় সংঘটিত একটি দুর্ঘটনায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ফলে দুই মোটরসাইকেল আরোহী প্রাণ হারিয়েছেন।

শনিবার সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ সদর উপজেলার সোনাশুর এলাকায় এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে একজন হলেন খুলনার শিরোমণি এলাকার মো. কাউসারের ছেলে মো. তৌহিদুল ইসলাম (৩০) এবং অন্যজন একই জেলার পাইকগাছা উপজেলার মোহাম্মদ টুটুল সরদারের ছেলে রিফাত সরদার (২৫)।

ভাটিয়াপাড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনতাসির মাহমুদ এ বিষয়ে বাসস’কে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঢাকা থেকে খুলনার উদ্দেশ্যে ছেড়ে আসা বলেশ্বর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সংঘর্ষ ঘটে। সংঘর্ষের ফলে মোটরসাইকেলটি বাসের চাকার নিচে চলে যায়। ঘটনাস্থলেই মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন।

গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. মালেক আলী সরকার বলেন, খবর পাওয়ার পর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। তারা নিহত দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন হওয়ার পর নিহতদের মরদেহ তাদের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। ঢাকা-খুলনা মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুজনের প্রাণহানি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

১২:৫৯ এম


যুক্তরাষ্ট্রে বৃষ্টির পানির স্রোতে দুজনের প্রাণহানি

যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ঝড়ের পর ভারি বৃষ্টির ফলে সৃষ্ট পানির স্রোতে দুজনের মৃত্যু ঘটেছে। বৃহস্পতিবার (২০ নভেম্বর) সান বার্নারডিনো কাউন্টির চিনো ক্রিক থেকে তাদের মৃতদেহ উদ্ধার করে শেরিফ বিভাগের ডুবুরিদল। নিহতদের মধ্যে একজন নারী এবং অপরজন পুরুষ। কর্তৃপক্ষের ধারণা, উভয়েই গৃহহীন ছিলেন।

সান বার্নারডিনো কাউন্টি শেরিফ বিভাগের মুখপাত্র গ্লোরিয়া ওরেজেল জানিয়েছেন, বৃহস্পতিবার সকাল ১১টার আগে জরুরি সেবা নম্বর ৯১১-এ ফোন করে জানানো হয়, চিনো হিলসের চিনো এভিনিউ ও হাইওয়ে ৭১-এর কাছে একটি খালে দুজন মানুষ পানির স্রোতে ভেসে যাচ্ছেন।

পরে স্রোতে ভেসে যাওয়া ওই দুজন প্রায় তিন মাইল দূরে সেন্ট্রাল এভিনিউয়ের কাছে ঘন ঝোপঝাড় ও গাছের মধ্যে আটকে পড়েন। উদ্ধারকারীরা দড়ির সাহায্যে একজনকে নিরাপদে টেনে তুলতে সক্ষম হন। তবে নারীকে উদ্ধার করা সম্ভব হয়নি। তার চিৎকার শুনতে পেলেও তীব্র স্রোতের কারণে উদ্ধারকারীরা তার কাছে পৌঁছাতে পারেননি।

পরে ঘটনাস্থল থেকে তিন মাইলেরও বেশি দূরে তার মরদেহ উদ্ধার করা হয়। এরপর ওই নারীর মরদেহ উদ্ধারের স্থান থেকে প্রায় ১০০ গজ দূরে আরেকজন পুরুষের মরদেহ পাওয়া যায়। তবে তাকে উদ্ধার করার আগে নিখোঁজ ব্যক্তিদের তালিকায় মৃত দুজনের নাম ছিল না বলে জানান ওরেজেল। তিনি আরও বলেন, নতুন করে আর কেউ নিখোঁজ রয়েছেন কি না, তা জানতে ঘটনাস্থলে অনুসন্ধান চালিয়ে যাবেন উদ্ধারকারীরা।

এদিকে বৃহস্পতিবার বিকেলে সান বার্নারডিনো শহরে গৃহহীনদের একটি অস্থায়ী শিবির থেকে আরো দুইজনকে উদ্ধার করেছে কাউন্টি ফায়ার বিভাগ। এ সময় তাদের সঙ্গে থাকা দুটি কুকুর ও একটি বিড়ালকেও নিরাপদে সরিয়ে নেওয়া হয়।

শেরিফ বিভাগের মুখপাত্র ওরেজেল জানান, নদী ও খালের আশপাশে অস্থায়ী শিবিরে বসবাসকারীদের সঙ্গে যোগাযোগের জন্য তাদের বিশেষ দল রয়েছে। বড় ধরনের ঝড়ের আগে শেরিফের হেলিকপ্টার থেকে মাইকে সতর্কবার্তাও প্রচার করা হয়।

তিনি বলেন, ঝড়ের সময় বিপজ্জনক এলাকা থেকে সরে যাওয়ার জন্য উদ্ধারকারীদের নির্দেশের অপেক্ষা করা উচিত নয়। বরং আগেই নিরাপদ স্থানে চলে যেতে হবে। কারণ, এ ধরনের পরিস্থিতিতে প্রাণহানির ঝুঁকি অনেক বেশি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০০ এম


ঝিনাইদহে বিএনপির কার্যালয়ে অগ্নিসংযোগ, ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারোবাজার ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাসিলবাগ গ্রামে বিএনপির স্থানীয় কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। শুক্রবার (২০ নভেম্বর) রাত আড়াইটার দিকে দুর্বৃত্তরা কার্যালয়টিতে আগুন ধরিয়ে দেয়।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, রাত আড়াইটার সময় কয়েকজন দুর্বৃত্ত বিএনপির ওয়ার্ড কার্যালয়ে আগুন লাগিয়ে দেয়। আগুন দেওয়ার পর তারা কিছু সময় সেখানে অবস্থান করে চলে যায়। পরে কার্যালয়ের আসবাবপত্র পুড়ে যাওয়ার খবর জানাজানি হলে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।

এ ঘটনায় স্থানীয় বিএনপি নেতারা ওই ওয়ার্ডের ছাত্রলীগের নেতাকর্মীদের দায়ী করছেন। তাদের অভিযোগ, আওয়ামী লীগ নেতা ও সাবেক এক জনপ্রতিনিধির উসকানিতে ছাত্রলীগের নেতাকর্মীরা রাতের অন্ধকারে এ ঘটনা ঘটিয়েছে।

কালীগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বারোবাজার ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ বলেন, "দিনের বেলায় কিছু করার সাহস না পেয়ে রাতের অন্ধকারে চোরের মতো ওয়ার্ড বিএনপির কার্যালয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। আমরা ঐক্যবদ্ধ বিএনপি, তাদের প্রতিহত করব। আওয়ামী লীগ নেতা ও সাবেক এক চেয়ারম্যানের উসকানিতে ছাত্রলীগের সন্ত্রাসীরা এ অগ্নিসংযোগের ঘটনা ঘটিয়েছে বলে আমরা মনে করছি। বিষয়টি আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়েছি। তারা তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেবেন।"

হাসিলবাগ গ্রামের যুবদল নেতা ও ইউপি সদস্য পদপ্রার্থী তুহিন খান বলেন, "রাতে কে বা কারা বিএনপির পার্টি অফিসে আগুন দিয়েছে। এতে চেয়ার, টেবিল, ফ্যানসহ অফিসের সবকিছু পুড়ে গেছে।"

এ বিষয়ে বক্তব্য জানতে বারোবাজার পুলিশ ক্যাম্পের ইনচার্জ (আইসি) এসআই দীপঙ্কর মণ্ডলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি মোবাইল রিসিভ করেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু, মায়ের পর মারা গেল মাহাদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০১:০১ এম


কাঁঠালবাগানে গ্যাস বিস্ফোরণে শিশুর মৃত্যু, মায়ের পর মারা গেল মাহাদ

রাজধানীর কাঁঠালবাগানে গ্যাস লিকেজের কারণে ঘটে যাওয়া বিস্ফোরণে দগ্ধ মায়ের মৃত্যুর পর ছোট্ট শিশু আরিস রহমান মাহাদও মারা গেছে।

শিশুটি শনিবার (২১ নভেম্বর) ভোরে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে মৃত্যুবরণ করে। ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. সুলতান মাহমুদ শিকদার শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

ডা. শিকদার জানান, মাহাদের শরীরের ৫৭ শতাংশ পুড়ে গিয়েছিল। এর আগে শুক্রবার বিকেলে মাহাদের মা, দগ্ধ ইফতি সাবা (২৫), মারা যান। এই ঘটনায় মাহাদের বাবা আব্দুর রহমান মানিক ৬ শতাংশ, প্রতিবেশী সানজিদা ৩৭ শতাংশ এবং তার মা সামসুন্নাহার ৪০ শতাংশ দগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কাঁঠালবাগানে কাঞ্চন টাওয়ারের চতুর্থ তলায় এই দুর্ঘটনাটি ঘটে। এতে মোট পাঁচজন দগ্ধ হয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%