০১:১৫ এম
সরকারি অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বকেয়া পেনশন ভাতা পরিশোধের প্রক্রিয়াকে সহজ ও দ্রুততর করার উদ্দেশ্যে নতুন নির্দেশনা জারি করেছে চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসারের কার্যালয় (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট)। এই নির্দেশনায় বকেয়া পেনশন পরিশোধের জন্য ‘Arrear Certification’ অপশন ব্যবহারের নিয়ম এবং সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়গুলোর করণীয় বিষয়গুলো নির্ধারণ করা হয়েছে।
১৫ নভেম্বর ডেপুটি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার মো. সাইফুল ইসলাম কর্তৃক স্বাক্ষরিত একটি আদেশ জারি করা হয়।
আদেশে উল্লেখ করা হয়েছে যে, বকেয়া পেনশন পরিশোধের জন্য আইবাস (iBAS++) সিস্টেমের প্রক্রিয়া উন্নত করার কাজ চলছে। এই কারণে ‘Arrear Certification’-এর মাধ্যমে বকেয়া পেনশন পরিশোধের অনলাইন অপশনটি আপাতত সীমিত রাখা হয়েছে। তবে পেনশনভোগীদের ভোগান্তি এড়াতে বিকল্প প্রশাসনিক পদ্ধতিতে এই সেবা চালু রাখার ব্যবস্থা নেওয়া হয়েছে।
আরও পড়ুন: মাদক ব্যবসায়ীরা দ্রুত জামিনে বেরিয়ে ফের আগের ব্যবসায়
নির্দেশনার আওতায়, উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা (ইউএও) ও জেলা হিসাবরক্ষণ ও অর্থ কর্মকর্তা (ডিএএফও) কার্যালয়গুলোকে সরাসরি পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট কার্যালয়ে চিঠি পাঠানোর অনুমতি নেই। তাদেরকে নিজ নিজ ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয়ের মাধ্যমে আবেদন পাঠাতে হবে।
অন্যদিকে, সব চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (সিএএফও) এবং ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস (ডিসিএ) কার্যালয় সরাসরি চিফ একাউন্টস অ্যান্ড ফিন্যান্স অফিসার (পেনশন ও ফান্ড ম্যানেজমেন্ট) কার্যালয়ে চিঠি পাঠাতে পারবেন।
এ নির্দেশনার অনুলিপি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দেশের সব সংশ্লিষ্ট হিসাবরক্ষণ কার্যালয়ে পাঠানো হয়েছে। পেনশনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য www.pension.gov.bd ওয়েবসাইট অথবা ০২-৪১০৩০৫৮২ নম্বরে যোগাযোগ করা যাবে।
আরও পড়ুন: প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিদ্ধান্তে নদীতীরের ১০০ মিটারের মধ্যে স্থাপনা নির্মাণ নিষিদ্ধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন