০৪:১৮ পি.এম
এশিয়ান গেমস ক্রিকেটে ব্যর্থতার পর এবার শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়ছেন বাংলাদেশের তিন ক্রিকেটার। টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়াই এক শহর থেকে অন্য শহরে ভ্রমণ করায় সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনকে আর্থিক জরিমানা করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
বাংলাদেশ দল এশিয়ান গেমসে ক্রিকেটে প্রত্যাশা পূরণে ব্যর্থ হয়েছে। মাঠের ব্যর্থতার পাশাপাশি এবার দলের অভ্যন্তরীণ শৃঙ্খলার বিষয়টিও আলোচনায় এসেছে। বিসিবির একটি বিশ্বস্ত সূত্রের মাধ্যমে দেশের একটি গণমাধ্যমে জানানো হয়েছে, অনুমতি ছাড়া অন্য শহরে ভ্রমণের ঘটনায় তিন ক্রিকেটারকে জরিমানা করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।
প্রতিবেদন অনুযায়ী, সাইফ হাসান, তাওহীদ হৃদয় ও রিশাদ হোসেনের প্রত্যেককে ১ লাখ থেকে ২ লাখ টাকা পর্যন্ত জরিমানা করা হতে পারে। ইতোমধ্যে বিষয়টি ক্রিকেটারদের জানানো হয়েছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: ওয়েস্ট ইন্ডিজ সিরিজেও চোটের কারণে অনিশ্চিত নাহিদ রানা
এদিকে, এশিয়ান গেমসে বাংলাদেশের পারফরম্যান্স ছিল হতাশাজনক। বৃষ্টির কারণে চীনের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের ম্যাচটি পরিত্যক্ত হলেও র্যাঙ্কিংয়ে এগিয়ে থাকায় সেমিফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। তবে পরের দুই ম্যাচে পাকিস্তান ও শ্রীলঙ্কার কাছে হেরে পদক জয়ের স্বপ্ন শেষ হয়ে যায় লিটন দাসের দলের।
বিশেষ করে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ব্যাটিং বিপর্যয় ছিল চোখে পড়ার মতো। শ্রীলঙ্কার তুলনামূলক দ্বিতীয় সারির দলের বিপক্ষে মাত্র ১০২ রানে অলআউট হয়ে ৬৩ রানের বড় ব্যবধানে হারে বাংলাদেশ।
মাঠের এমন ব্যর্থতার পর টিম ম্যানেজমেন্টের অনুমতি ছাড়া ভ্রমণের বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। তবে তিন ক্রিকেটারের বিরুদ্ধে আর্থিক জরিমানার বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া না পর্যন্ত শাস্তির চূড়ান্ত পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
আরও পড়ুন: ইনফান্তিনোর ক্ষমা চাওয়ার পরেও ইউরোপীয় কর্মকর্তাদের চাপমুক্তি নেই, নথি প্রকাশের দাবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন