১০:২১ এম
পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদী, কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মা এবং নড়াইলে মধুমতী ও নবগঙ্গা নদীর ভাঙনে নিঃস্ব মানুষের সারি দীর্ঘ হচ্ছে। কৃষিজমিসহ বিভিন্ন প্রতিষ্ঠান বিলীন হয়ে যাচ্ছে। ভাঙন রোধে কার্যকর কোনো উদ্যোগ নেই।
নড়াইল থেকে খায়রুল আরেফিন রানা জানান, নড়াইলের লোহাগড়া উপজেলার আমডাঙ্গা ও শিকারপুর গ্রামজুড়ে মধুমতী নদীর ভাঙন ভয়াবহ আকার ধারণ করেছে। এখানে অন্তত তিন কিলোমিটারব্যাপী ভাঙনে মানুষের নিঃস্ব হওয়ার ঘটনা ঘটছে। নবগঙ্গার ভাঙনের কারণে কয়েকশ বছরের পুরোনো বড়দিয়া বাজারও হুমকির মুখে পড়েছে।
নদীভাঙনের শিকার কয়েকজন গ্রামবাসী জানান, বর্ষা এলেই মধুমতী নদী খরস্রোতা হয়ে ওঠে এবং ভাঙনের তীব্রতা বৃদ্ধি পায়। গত এক দশকে ক্রমাগত ভাঙনে শত শত একর কৃষিজমি, অসংখ্য বসতবাড়ি এবং স্থাপনা নদীগর্ভে বিলীন হয়ে গেছে। হতদরিদ্র এ জনপদের অধিকাংশ মানুষ নিঃস্ব হয়ে পড়েছে। বিগত প্রায় দুই মাস ধরে অব্যাহত ভাঙনে মানুষ সবকিছু হারিয়ে নিঃস্ব হচ্ছে। প্রতি বছর পানি উন্নয়ন বোর্ড ভাঙন রোধের চেষ্টা করে, কিন্তু ভাঙনের তীব্রতা বাড়লে তা কার্যকর হয় না।
আরও পড়ুন: দুর্গাপূজায় সনাতন ধর্মাবলম্বীদের নিরাপত্তা নিশ্চিত করেছে সরকার: প্রতিমন্ত্রী টুকু
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী অভিজিৎ কুমার সাহা বলেন, "সময়ের পরিক্রমায় নদীর ভাঙাগড়ার খেলায় মধুমতীর মূল ধারা বালুচরে রূপান্তরিত হয়ে আমডাঙ্গা শিকারপুর গ্রাম স্থানান্তরিত হয়ে বসতি গড়ে উঠেছে।" তিনি আরও জানান, নদী তার আদি গতি পথে ফেরায় এবং গত কয়েক বছর ধরে বর্ষা মৌসুমে নদীর পানির আধিক্যে ভাঙন তীব্র হয়েছে। নদীভাঙনের জন্য বালু উত্তোলনও অনেকাংশে দায়ী। আমডাঙ্গা এলাকায় ভাঙনরোধে ১ হাজার ৭০০ মিটার স্থায়ী তীররক্ষা প্রকল্প প্রণয়নে প্রস্তাবনা পাঠানো হয়েছে এবং বড়দিয়া বাজার রক্ষায় ১৫০ মিটার অস্থায়ী, ১৭০ মিটার স্থায়ী তীররক্ষা প্রকল্প গ্রহণে প্রস্তাবনা প্রেরণের প্রস্তুতি চলছে।
মির্জাগঞ্জ (পটুয়াখালী) থেকে শামসুল হক জানান, পটুয়াখালীর মির্জাগঞ্জে পায়রা নদীর তীব্র ভাঙনে উপজেলার মানচিত্র ছোট হয়ে আসছে। বিগত পাঁচ বছরে নদীতে বিলীন হয়ে গেছে শত শত ঘরবাড়ি। অন্তত ১০টি শিক্ষাপ্রতিষ্ঠান অন্যত্র সরিয়ে নিতে হচ্ছে। পাঁচটি গ্রামের অস্তিত্ব নেই বললেই চলে। কয়েকশ একর কৃষিজমি ভেঙে গেছে। গত কয়েক মাসে মাধবখালী ইউনিয়নের রামপুর ও মির্জাগঞ্জ ইউনিয়নের পিপঁড়াখালী গ্রামে শতাধিক বসতঘর ও দুটি জামে মসজিদসহ বেশ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান নদীতে বিলীন হয়েছে। ভাঙন ঠেকাতে না পারলে আরো ব্যাপক ক্ষয়ক্ষতির আশঙ্কা করছেন গ্রামবাসী।
মাধবখালী ইউনিয়নের রামপুর গ্রামের বাসিন্দা আব্দুর রাজ্জাক হাওলাদার আমার দেশকে বলেন, ‘পায়রা নদীর গ্রাসে আমার বাড়িঘর তিনবার ভাইঙা গেছে।’
পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. ইমরান হোসেন আমার দেশকে জানান, পায়রা নদী ভাঙন রোধে ২০২৭ সালে একটি সমীক্ষা প্রতিবেদন পাওয়া যাবে। এরপর উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) বাস্তবায়নের বাজেট বরাদ্দ পাওয়া গেলে সিসি ব্লকের ব্যবস্থা গ্রহণ করা যাবে।
আরও পড়ুন: থাইল্যান্ডে আশ্রয় নেওয়া তিন বাংলাদেশি আজ দেশে ফিরবেন
ভেড়ামারা (কুষ্টিয়া) থেকে তামজিদ হোসেন তামিম জানান, একসময় যে জমিতে সবুজ পানপাতায় ভরে থাকত বরজ, সেই জমি এখন পদ্মার পেটে। কারো কয়েক বিঘা জমি, কারো সাজানো পানবরজ সবই কেড়ে নিয়েছে নদী। নিঃস্ব হয়ে অনেকেরই দিন কাটাচ্ছেন অনিশ্চয়তায়, কেউবা জীবিকার তাগিদে ছেড়ে যাচ্ছেন ভিটামাটি। কুষ্টিয়ার ভেড়ামারায় পদ্মার ভয়াবহ ভাঙনে এভাবেই শত শত কৃষক সর্বস্ব হারাচ্ছেন। গত দুই মাসে নদীতে বিলীন হয়েছে প্রায় ২০০ একর ফসলি জমি। প্রায় পাঁচ কিলোমিটার এলাকাজুড়ে চলমান এ ভাঙনে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন পানচাষিরা। ঐতিহ্যবাহী কুচিয়ামোড়া পানবাজারও হুমকির মুখে পড়েছে। জমির পাশাপাশি পানবরজ হারিয়ে কয়েকশ কৃষক এখন দিশাহারা।
উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা কৃষিবিদ মাহমুদা সুলতানা জানান, ভাঙনে ক্ষতিগ্রস্ত দুই ইউনিয়নের প্রায় ৩২০ জন কৃষকের তালিকা তৈরি করে জেলায় পাঠানো হয়েছে। তাদের সহায়তার বিষয়ে ব্যবস্থা করা হচ্ছে।
পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. আসফাউদদৌলা বলেন, আমি ইতোমধ্যে এলাকায় সরেজমিনে দেখেছি। প্রায় পাঁচ কিলোমিটার জুড়ে ভাঙন হচ্ছে। এর মধ্যে তিন কিলোমিটার অত্যন্ত ঝুঁকিপূর্ণ। জরুরি ব্যবস্থা নিয়ে ভাঙন রোধ সম্ভব নয়।
আরও পড়ুন: পূজামণ্ডপে মুসলমানদের উপস্থিতি সম্প্রীতির উজ্জ্বল উদাহরণ: খাদ্যমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন