ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

স্মার্টফোনে নারী উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে এনইআইআর বাস্তবায়নের আহ্বান


স্মার্টফোনে নারী উদ্যোক্তাদের ভূমিকা নিয়ে এনইআইআর বাস্তবায়নের আহ্বান

বাংলাদেশে বহু নারী স্মার্টফোনের সাহায্যে নিজেদের আয়ের পথ তৈরি করেছেন। পরিবার ও সন্তানদের দেখাশোনার পাশাপাশি তাঁরা ঘরে বসেই পরিচালনা করছেন অনলাইন ব্যবসা। কিছু নারী ফেসবুক পেজের মাধ্যমে ব্যবসা করছেন, আবার কেউ স্মার্টফোন ব্যবহার করে ফ্রিল্যান্সিংয়ের কাজ করছেন। পণ্যের ছবি তোলা, ভিডিও তৈরি, ক্রেতাদের সঙ্গে যোগাযোগ, অর্ডার গ্রহণ, পেমেন্ট নিশ্চিত করা এবং ব্যবসার হিসাব রাখা—এসব কাজই তাঁরা একটি স্মার্টফোনের মাধ্যমে সম্পন্ন করছেন। ফলে স্মার্টফোন তাঁদের কাছে যোগাযোগের মাধ্যম নয়, বরং জীবিকা নির্বাহের অন্যতম অবলম্বন হয়ে উঠেছে।

বাংলাদেশে নারীদের উদ্যোক্তা হওয়ার সংখ্যা উল্লেখযোগ্য। সামাজিক ও পারিবারিক নানা সীমাবদ্ধতার কারণে অনেক নারীর জন্য নিয়মিত চাকরি করা কিংবা বাইরে গিয়ে ব্যবসা পরিচালনা করা সম্ভব হয় না। তাঁদের জন্য অনলাইন ব্যবসা ও ফ্রিল্যান্সিং আয়ের বিকল্প সুযোগ তৈরি করেছে। বিশেষ করে ফেসবুকভিত্তিক ব্যবসা বা এফ-কমার্স নারীদের স্বল্প পুঁজিতে উদ্যোক্তা হওয়ার সুযোগ করে দিয়েছে। ঘরে তৈরি খাবার, পোশাক, গয়না, প্রসাধনী ও হস্তশিল্প বিক্রির মাধ্যমে অনেক নারী নিজেদের পরিচিতি তৈরি করছেন। পাশাপাশি কেউ কেউ গ্রাফিক ডিজাইন, কনটেন্ট রাইটিং ও ডিজিটাল মার্কেটিংয়ের মতো সেবা দিয়েও আয় করছেন।

অনলাইন ব্যবসায় নারীদের অংশগ্রহণের চিত্রও উল্লেখযোগ্য। ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ই-ক্যাব) ২০২৪ সালের তথ্য অনুযায়ী, দেশে নিয়মিত পণ্য বিক্রি হয় এমন ফেসবুক পেজের প্রায় ৫৫ শতাংশ পরিচালনা করেন নারী উদ্যোক্তারা। ই-ক্যাবের হিসাব অনুযায়ী, দেশে এ ধরনের পেজের মোট সংখ্যা প্রায় পাঁচ লাখ। ই-কমার্স খাতে নারীদের অংশগ্রহণ প্রায় ২৫ শতাংশ। অন্যদিকে, প্রায় ৪০ হাজার কোটি টাকার এই বাজারের মধ্যে আট হাজার কোটি টাকার মতো নিয়ন্ত্রণ করছেন নারী উদ্যোক্তারা।

আরও পড়ুন: শ্রমিক অসন্তোষে বাংলাদেশের পোশাকশিল্প ক্ষতিগ্রস্ত, ভারত পাচ্ছে সুবিধা

এই পরিসংখ্যান প্রমাণ করে যে, অনলাইন ব্যবসায় নারীদের অংশগ্রহণ শুধুমাত্র ব্যক্তিগত স্বনির্ভরতার মধ্যে সীমাবদ্ধ নয়; বরং দেশের অর্থনীতিতেও তাঁরা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছেন।

এসব ব্যবসার বড় একটি অংশ পরিচালিত হয় স্মার্টফোনের মাধ্যমে। অনেক ক্ষুদ্র উদ্যোক্তার পক্ষে শুরুতেই ল্যাপটপ কেনা, অফিস ভাড়া নেওয়া কিংবা আলাদা কর্মী নিয়োগ করা সম্ভব হয় না। একটি ভালো স্মার্টফোন দিয়েই তাঁরা পণ্যের ছবি ও ভিডিও তৈরি, সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার, ক্রেতাদের প্রশ্নের উত্তর, অর্ডার গ্রহণ এবং লেনদেনসহ প্রয়োজনীয় সব কাজ সম্পন্ন করেন। ফলে স্মার্টফোনের সক্ষমতা সরাসরি তাঁদের ব্যবসার মান ও আয়ের সুযোগকে প্রভাবিত করে।

স্মার্টফোনের ক্যামেরা ভালো না হলে পণ্যের আকর্ষণীয় ছবি তোলা কঠিন হয়ে পড়ে। পর্যাপ্ত মেমোরি ও দ্রুতগতির প্রসেসর না থাকলে ছবি, ভিডিও সংরক্ষণ এবং একাধিক অ্যাপ ব্যবহারে সমস্যা দেখা দেয়। ফোনের গতি কম হলে ক্রেতাদের উত্তর দিতে দেরি হয়, এমনকি অর্ডার হারানোর আশঙ্কাও তৈরি হয়। অন্যদিকে, ফোন নষ্ট হয়ে গেলে পুরো ব্যবসাই থমকে যেতে পারে। তাই একজন নারী উদ্যোক্তার কাছে ভালো স্মার্টফোন মানে শুধু উন্নত প্রযুক্তি নয়; এটি ব্যবসার ধারাবাহিকতা, ক্রেতার আস্থা ও আয়ের নিশ্চয়তার সঙ্গেও জড়িত।

তবে এই বাস্তবতার বিপরীতে রয়েছে স্মার্টফোনের উচ্চমূল্য। বর্তমান অর্থনৈতিক চাপের মধ্যে নিত্যপ্রয়োজনীয় পণ্যের খরচ সামলে নতুন স্মার্টফোন কেনা অনেক ক্ষুদ্র উদ্যোক্তার জন্য কঠিন হয়ে পড়েছে। আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস অনুযায়ী, চলতি অর্থবছরে দেশের গড় মূল্যস্ফীতি ১০.৯ শতাংশে পৌঁছাতে পারে। এমন পরিস্থিতিতে স্মার্টফোনের দাম বাড়লে সবচেয়ে বেশি চাপে পড়বেন সীমিত আয়ের মানুষ ও ক্ষুদ্র নারী উদ্যোক্তারা। কারণ তাঁদের কাছে স্মার্টফোন কেনা নিছক ব্যক্তিগত পছন্দের বিষয় নয়, বরং ব্যবসা সচল রাখার প্রয়োজনীয় উপকরণ।

আরও পড়ুন: কাস্টমস ও এনবিআর নিয়ে ‘নেতিবাচক’ কথা শুনতে হয়: অর্থমন্ত্রী

এমন বাস্তবতায় ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) বাস্তবায়নের বিষয়টি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। অবৈধভাবে আমদানি করা ও অনিবন্ধিত মোবাইল ফোনের ব্যবহার কমানো, বাজারে স্বচ্ছতা নিশ্চিত করা এবং সরকারের রাজস্ব সুরক্ষায় এনইআইআর একটি জরুরি উদ্যোগ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) পরিকল্পনা অনুযায়ী, ২০২৭ সালের ১ জানুয়ারি থেকে এই ব্যবস্থা চালু হওয়ার কথা রয়েছে। তবে এই উদ্যোগের সুফল নিশ্চিত করতে হলে বৈধ স্মার্টফোন সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখাও সমান গুরুত্বপূর্ণ।

শুধু অবৈধ ফোনের ব্যবহার নিয়ন্ত্রণ করলেই বৈধ বাজার শক্তিশালী হবে না। বর্তমানে আমদানি করা স্মার্টফোনের ওপর মোট করের বোঝা প্রায় ৬৪.২৫ শতাংশ। এর মধ্যে রয়েছে ২৫ শতাংশ কাস্টমস ডিউটি, ৫ শতাংশ রেগুলেটরি ডিউটি, ১৫ শতাংশ ভ্যাট, ৭.৫ শতাংশ অগ্রিম কর এবং ৫ শতাংশ অগ্রিম আয়কর। এই করের চাপের কারণে বৈধ বাজারে স্মার্টফোনের দাম প্রতিবেশী দেশগুলোর তুলনায় উল্লেখযোগ্যভাবে বেশি।

অফিশিয়াল স্মার্টফোনের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলে অনেকেই নতুন ফোন কেনা পিছিয়ে দিতে পারেন, পুরোনো ফোন ব্যবহারে আগ্রহী হতে পারেন কিংবা অনানুষ্ঠানিক পথে ফোন সংগ্রহের চেষ্টা করতে পারেন। এতে এনইআইআরের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন কঠিন হয়ে উঠতে পারে।

স্মার্টফোনের অতিরিক্ত মূল্যবৃদ্ধি দেশের ডিজিটাল বৈষম্যও আরও বাড়িয়ে দিতে পারে। বিশেষ করে যেসব নারী স্মার্টফোনকে কাজে লাগিয়ে নিজেদের আয়ের পথ তৈরি করেছেন, তাঁদের ব্যবসা ও কর্মসংস্থানের সুযোগ সংকুচিত হওয়ার আশঙ্কা রয়েছে। তাই এনইআইআর বাস্তবায়নের ক্ষেত্রে শুধু মোবাইল ফোনের বাজারে শৃঙ্খলা প্রতিষ্ঠার বিষয়টি বিবেচনা করলেই চলবে না, ক্ষুদ্র উদ্যোক্তাদের আর্থিক সক্ষমতার দিকটিও গুরুত্ব দিতে হবে।

আরও পড়ুন: ঋণপত্রের তথ্য দ্রুত আদান-প্রদানে ‘বার্তা’ চালু, সাশ্রয় হবে ৭ মিলিয়ন ডলার

এ ক্ষেত্রে আমদানি শুল্ক যৌক্তিক পর্যায়ে নামিয়ে এনে স্মার্টফোনের দাম সহজলভ্য করার বিকল্প নেই। বৈধ ও মানসম্মত স্মার্টফোন যেন ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকে, তা নিশ্চিত করা রাষ্ট্রের অর্থনৈতিক স্বার্থের সঙ্গেও সংগতিপূর্ণ। কারণ যেসব নারী উদ্যোক্তার ব্যবসা ও আয়ের বড় অংশ একটি স্মার্টফোনের ওপর নির্ভরশীল, তাঁদের জন্য ফোনের দাম বেড়ে যাওয়া মানে শুধু নতুন ফোন কেনার খরচ বৃদ্ধি নয়; বরং জীবিকা ও ব্যবসা সচল রাখার পথে নতুন বাধা তৈরি হওয়া।

সুতরাং, এনইআইআর বাস্তবায়নের উদ্যোগ নেওয়ার পাশাপাশি নারী উদ্যোক্তাসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য স্মার্টফোন সহজলভ্য রাখার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, হামাস প্রধানের ছেলে প্রাণে বেঁচে গেলেন

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:০৭ পি.এম


গাজায় ইসরায়েলি হামলায় নিহত ৪, হামাস প্রধানের ছেলে প্রাণে বেঁচে গেলেন

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় নতুন করে চারজন নিহত হয়েছেন। হামাসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, একই সময়ে চালানো একটি বিমান হামলায় হামাস প্রধান খলিল আল-হাইয়ার ছেলে ইজ্জেলদিন আল-হাইয়া ও তাঁর পরিবারের সদস্যরা প্রাণে বেঁচে গেছেন।

শুক্রবার ভোরে গাজা সিটির পশ্চিমাংশের রিমাল এলাকার একটি আবাসিক অ্যাপার্টমেন্টে ইসরায়েলি হামলা চালানো হয়। হামাসের জ্যেষ্ঠ নেতা বাসেম নাইম এই হামলার বিষয়ে জানান, ইজ্জেলদিন আল-হাইয়া ও তাঁর পরিবার বেঁচে গেলেও আল-হাইয়ার এক পুত্রবধূসহ বেশ কয়েকজন আহত হয়েছেন। একই সঙ্গে নিহত ভাই আজ্জামের পরিবারের সদস্যরাও এই হামলা থেকে রক্ষা পেয়েছেন।

বাসেম নাইম উল্লেখ করেছেন যে, ইজ্জেলদিন হলেন খলিল আল-হাইয়ার জীবিত থাকা একমাত্র ছেলে। এর আগে ইসরায়েলি বাহিনীর বিভিন্ন হামলায় খলিল আল-হাইয়ার চার ছেলে নিহত হন—২০০৮ সালে হামজা, ২০১৪ সালে ওসামা, ২০২৫ সালের সেপ্টেম্বরে কাতারের দোহায় এক হামলায় হুমাম এবং চলতি বছরের মে মাসে আজ্জাম। গত বছরের সেপ্টেম্বরে কাতারের হামলায় খলিল আল-হাইয়া অল্পের জন্য বেঁচে গিয়েছিলেন এবং পরবর্তীতে জুলাই মাসে তাঁকে হামাসের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়।

হামাস শুক্রবারের এই হামলাকে ‘কাপুরুষোচিত’ ও ‘হত্যার চেষ্টা’ হিসেবে আখ্যা দিয়ে তীব্র নিন্দা জানিয়েছে। সংগঠনটির অভিযোগ, ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাটজের সাম্প্রতিক হুমকির ধারাবাহিকতায় এই হামলা চালানো হয়েছে এবং এর মাধ্যমে যুদ্ধবিরতি চুক্তিকে দুর্বল করার চেষ্টা চলছে। অন্যদিকে, গাজার অন্যান্য এলাকায়ও শুক্রবার ইসরায়েলি হামলায় প্রাণহানির ঘটনা ঘটে।

উত্তর গাজার জাবালিয়া শরণার্থী শিবিরের পশ্চিমে বির আল-নাজা এলাকায় একটি গাড়িতে ড্রোন হামলায় খালেদ আসসাফ নামের এক ফিলিস্তিনি নিহত ও বেশ কয়েকজন আহত হন বলে জানিয়েছেন ফিলিস্তিনি বার্তা সংস্থা ওয়াফা। সূত্র: আল জাজিরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষামন্ত্রী: বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৬ পি.এম


শিক্ষামন্ত্রী: বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন মন্তব্য করেছেন যে, বিগত ১৭ বছরে শিক্ষাব্যবস্থাকে পিছিয়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, জাতিকে ধ্বংসের মুখে ঠেলে দেওয়া হয়েছিল এবং শিক্ষাঙ্গণে সর্বত্রই নৈরাজ্য বিরাজ করছিল।

মন্ত্রী আরও উল্লেখ করেন, ‘বর্তমান সরকার এখন আর কেবল অবকাঠামোগত উন্নয়নের মধ্যে সীমাবদ্ধ না থেকে শিক্ষার গুণগত মানোন্নয়ন ও কর্মমুখী শিক্ষাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছে।’

আজ শনিবার রাজধানীর মিরপুরে শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদানকালে তিনি এসব কথা বলেন।

এ সম্মেলনের আয়োজন করা হয় বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলোর শিক্ষা কার্যক্রমের মানোন্নয়ন, প্রশাসনিক দক্ষতা বৃদ্ধি ও উচ্চশিক্ষার ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে।

প্রধানমন্ত্রী তারেক রহমান সম্মিলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বক্তব্যে প্রধানমন্ত্রী সরকারের বিভিন্ন পদক্ষেপ তুলে ধরেন এবং কলেজগুলোর অধ্যক্ষদের উদ্দেশে নানা দিকনির্দেশনা প্রদান করেন।

জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. এ এস এম আমানুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা উপদেষ্টা মাহদী আমিন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক এবং শিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অধ্যক্ষ সেলিম ভূঁইয়া।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বিগত ১৭ বছরে যত্রতত্র শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তোলা হলেও শিক্ষার মানোন্নয়নে কোনো সুষম বণ্টন ছিল না। অনেক কলেজে অনার্স কোর্স খোলা হলেও সেখানে পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষার্থী নেই। বর্তমানে সরকারের লক্ষ্য হচ্ছে— আমাদের বিশাল জনসংখ্যাকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করা।’

প্রধানমন্ত্রী তারেক রহমানের শিক্ষা ভাবনার কথা উল্লেখ করে ড. মিলন বলেন, ‘প্রধানমন্ত্রী দীর্ঘ সময় প্রবাসে অবস্থানকালেও দেশের শিক্ষাব্যবস্থা ও কারিকুলাম আধুনিকায়ন নিয়ে ভেবেছেন। তাঁর নির্দেশনায় প্রাথমিক শিক্ষার্থীদের জন্য স্কুল ড্রেস ও মিড-ডে মিলের ব্যবস্থা জোরদার করা হচ্ছে। পাশাপাশি চতুর্থ শ্রেণিতে নতুন বই, সাংস্কৃতিক ও ক্রীড়া শিক্ষা এবং ষষ্ঠ শ্রেণি থেকে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা অন্তর্ভুক্ত করে শিক্ষাকে আনন্দময় ও যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হয়েছে।’

মন্ত্রী গত ১৯ নভেম্বর লালমনিরহাটে অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয় পরিদর্শনের প্রসঙ্গ টেনে বলেন, ‘বিশ্বজুড়ে দক্ষ পাইলট ও এভিয়েশন খাতের জনবলের ব্যাপক চাহিদা রয়েছে। আমাদের দেশেও বিমানবহর সম্প্রসারিত হচ্ছে। প্রধানমন্ত্রী ওই বিশ্ববিদ্যালয়ের কোর্স ও কারিকুলাম দ্রুত আধুনিকায়ন করে দক্ষ পাইলট ও জনবল তৈরির নির্দেশ দিয়েছেন।’

পরীক্ষার খাতা মূল্যায়নে শিক্ষকদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘সম্প্রতি এসএসসি পরীক্ষায় পুনঃনিরীক্ষণের ফলে ৪৫ হাজার এবং এইচএসসিতে ২৩ হাজার শিক্ষার্থীর গ্রেড পরিবর্তন হয়েছে। এটি আমাদের জন্য উদ্বেগজনক। শিক্ষকদের খাতা মূল্যায়নে আরও যত্নশীল হতে হবে।’

শিক্ষার্থীদের ঝরে পড়া রোধ ও সেশনজট নিরসনে সরকারের পদক্ষেপ তুলে ধরে তিনি জানান, ‘উচ্চশিক্ষায় ১৫ লাখ আসনের বিপরীতে এবার মাত্র ৬ লাখের বেশি শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। এক বা দুই বিষয়ে অকৃতকার্য শিক্ষার্থীরা যাতে হতাশ হয়ে বিপথে না যায় বা বছর নষ্ট না করে, সে জন্য আগামী ৩ ডিসেম্বর প্রায় ২ লাখ ৯০ হাজার পরীক্ষার্থীর জন্য সম্পূরক পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে।’

কলেজ অধ্যক্ষদের উদ্দেশে ড. মিলন বলেন, ‘শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত করে দাবি আদায়ের জন্য শিক্ষকদের আর রাজপথে নামতে হবে না। প্রধানমন্ত্রী শিক্ষকদের মর্যাদা ও ন্যায্য দাবির বিষয়ে অত্যন্ত আন্তরিক। আপনারা নিজ নিজ প্রতিষ্ঠানে ফিরে গিয়ে নিয়মিত ক্লাস নিশ্চিত করুন। জবাবদিহিতার সঙ্গে দায়িত্ব পালন করুন।’

বক্তব্যের শুরুতে শিক্ষামন্ত্রী ১৯৯২ সালে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন ও জাতীয় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার মাধ্যমে উচ্চশিক্ষার দ্বার উন্মোচনে সাবেক প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ঐতিহাসিক অবদানের কথা শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন।

সম্মিলনে আরও বক্তব্য দেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আলী জিন্নাহ, ট্রেজারার প্রফেসর ড. মো. নাজমুল হোসেন, বগুড়া সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. মাহফুজুল ইসলাম এবং লালমাটিয়া সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ সুলতানা মাহমুদা ইয়াসমীন।

এছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং দেশের ২ হাজার ৩১৮টি কলেজের অধ্যক্ষরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে সুখবর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১৭ পি.এম


এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন পে-স্কেল নিয়ে সুখবর

মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সিনিয়র সচিব আবদুল খালেক জানিয়েছেন, নতুন পে-স্কেলে বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

তিনি দাবি করেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের গত নয় মাসের প্রচেষ্টায় এই কাজটি সম্পন্ন হয়েছে। তবে সচিব উল্লেখ করেছেন যে, পে-স্কেল বাস্তবায়নের প্রক্রিয়া এখনও সম্পন্ন হয়নি।

শনিবার (২৮ নভেম্বর) রাজধানীর মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে জাতীয় বিশ্ববিদ্যালয় আয়োজিত ‘অধ্যক্ষ সম্মিলন ২০২৬’-এর অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

এমপিওভুক্ত শিক্ষকদের পে-স্কেল ও বদলি জাতীয়করণের দাবির প্রেক্ষিতে আবদুল খালেক বলেন, "৯ মাসে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে আমরা বেসরকারি শিক্ষকদের নতুন পে-স্কেলে অন্তর্ভুক্ত করেছি। এটি একটি কঠিন কাজ ছিল। তবে এই পে-স্কেল দেওয়া এখনও শেষ হয়নি। অথচ আপনারা জাতীয়করণের দাবিতে রাস্তায় নেমে পড়েছেন।"

তিনি শিক্ষকদের বদলি নীতিমালা প্রণয়নের উদ্যোগের কথাও উল্লেখ করেন। তার ভাষায়, "বদলি নীতিমালা করতে যাচ্ছি আমরা। তারপরও আপনারা রাস্তায় নেমেছেন? আমরা সততা ও দক্ষতার সঙ্গে আপ্রাণ চেষ্টা করছি। ইতোমধ্যে আমরা ৯ মাস কাজ করেছি। আমাদের আন্তরিকতার কোনো অভাব নেই।"

তিনি আরও বলেন, "যখন প্রয়োজন হবে তখন সরকার জাতীয়করণ করবে। এটি করতে গেলে সরকারের অর্থের প্রয়োজন এবং সরকারের নীতি নির্ধারণের প্রয়োজন রয়েছে। শিক্ষা মন্ত্রণালয় থেকে, আপনাদের ইতোমধ্যে আমরা সর্বোচ্চ সুযোগ-সুবিধা প্রদান করেছি। কম্পিউটার, ল্যাব এবং নতুন বই দেওয়া হয়েছে।"

সরকারের আর্থিক সহযোগিতার বিষয়টি তুলে ধরে তিনি বলেন, "প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে এই সরকার প্রথম দিন থেকেই বেসরকারি শিক্ষকদের পেনশন দিয়েছে সাড়ে চার হাজার কোটি টাকা।"

এ সময় শিক্ষা সচিব আবদুল খালেক শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের রাজনীতিতে অংশগ্রহণ না করার কথাও জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%